আলোর পথযাত্রী
ধানমন্ডির ৯ নম্বর সড়কে মাঠের পাশে দক্ষিণায়ন নামের দালানে আগে অনেক এসেছি। সরাসরি লিফট ধরে উঠে গিয়েছি পাঁচতলায়। কলিংবেল চাপতেই দরজা খুলে যায়। ভেতরে ঢুকে বাঁ দিকে বসার ঘর। ওখানে দুই মিনিট অপেক্ষা করতেই ভেতর থেকে বেরিয়ে আসেন জামিল স্যার। বুয়েট অ্যালামনাইয়ের জরুরি কোনো বিষয় হয়তো আলোচনায় আসে। সাধারণত সংক্ষিপ্তই থাকে এই সব আলাপ। কিছু দিক্নির্দেশনা নিয়ে চলে আসি। কখনো সঙ্গে থাকেন মুনির ভাই, মাহতাব ভাই বা সংগঠনের অন্য কেউ।
আজ তেমনটি হলো না। হবে না জেনেই ভোর পাঁচটায় আমি আর ইশরাত গেটের সামনে গাড়ি থেকে নামি। আশপাশে কেউ নেই। এই করোনাকালে কেউ থাকবে না, সেটাই স্বাভাবিক। গেটের সামনে থাকা গার্ডকে জিজ্ঞেস করে জানতে পারি, জামিল স্যারকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বেশ কিছুক্ষণ আগে। ইতিমধ্যেই অবশ্য লন্ডন থেকে স্যারের মেয়ে কারিশমার কাছ থেকে জানতে পেরেছি, তিনি আর আমাদের মাঝে নেই। ত্রস্ত ছুটে যাই স্কয়ার হাসপাতালে। ততক্ষণে সব শেষ। তাকে নিয়ে যাওয়া হয়েছে মোহাম্মদপুরের 'আল মারকাজুল'-এর ব্যবস্থাপনায় শেষ গোসলটি করাবার জন্য। অগত্যা ধানমন্ডিতে ফিরে এসে দক্ষিণায়নের নিচে অপেক্ষা করতে থাকি। মাত্র পনেরো ঘণ্টা আগেই আমরা মিটিং করেছি 'জুম'-এর বদৌলতে, সুদীর্ঘ আলোচনা হয়েছে প্রাণঘাতী করোনার সংক্রমণ দমনের যুদ্ধে বুয়েট অ্যালামনাইয়ের করণীয় বিষয় নিয়ে। সংগঠনের মহাসচিব ড. সাদিকুল ইসলাম ভুঁইয়া, সহসভাপতি প্রকৌশলী মুনিরুদ্দিন আহমেদ, ট্রাস্টি প্রকৌশলী শ্যামল সাহা, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তফা আলী এবং অধ্যাপক এ কে এম মাসুদ যুক্ত ছিলেন এই মিটিংয়ে। বলাবাহুল্য জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এই সংগঠনের অবিসংবাদিত সভাপতি।
অথচ কী অবাক, তাঁরই শবদেহের জন্য এখন আমার অপেক্ষা। এই সব জাগতিক টানাপোড়েন থেকে অসীমের পানে যাত্রা করেছেন তিনি। আমাদের জন্য রেখে গেছেন হিরন্ময় স্মৃতির পাহাড়। মানসপটে বিক্ষিপ্তভাবে কত কিছুই ভেসে আসছে।
১৯৮৮ সালের এক বিকেলের কথা মনে পড়ছে: স্থাপত্য বিভাগের সহপাঠী জেরিনের সঙ্গে চলে যাই জামিল স্যারের এলিফ্যান্ট রোডের দোতলা বাড়িতে। জেরিনের মেজমামা জামিল স্যার। সেই প্রথম তাঁকে কাছ থেকে দেখা। তখন তিনি বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক। আমাদের কাজ বুঝিয়ে দিলেন। একটি ক্রোড়পত্রের গ্রাফিকস ডিজাইন করে তা ছাপাতে হবে। 'ক্লাস অব সিক্সটি থ্রি' নামে তাঁদের বুয়েটকেন্দ্রিক সংগঠন আছে। এই সংগঠনের রজত জয়ন্তী উপলক্ষে এই প্রকাশনা।
এর প্রায় কুড়ি বছর পর ২০০৯ সালে বুয়েট অ্যালামনাইতে তিনি ডেকে নেন তাঁর সঙ্গে কাজ করবার জন্য। আমার ওপর দায়িত্ব পড়ে সংগঠনের প্রচার ও প্রকাশনার। আজ অবধি টানা বারো বছর তাঁরই একান্ত সান্নিধ্যে, স্নেহের উষ্ণতায় সেই দায়িত্ব পালন করে আসছি।
দেশের বিভিন্ন মেগা প্রজেক্টের দেখভাল করার গুরুদায়িত্ব যার কাঁধে, সেই বিশাল মাপের মানুষটিকে দেখেছি কতটা সংবেদনশীলতা আর নিষ্ঠার সঙ্গে ছোটবড় প্রতিটি কাজ পরিচালনা করেন।
২০০১ সাল থেকে তিনি আর বুয়েটে নেই। তখন থেকে ২০১১ পর্যন্ত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাজ করেছেন। এরপর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত উপাচার্য ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে। তবে সব সময়ই দেখেছি তার মনে, মননে আর চেতনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। আজীবন শিক্ষা আর গবেষণাকাজে নিয়োজিত থেকেছেন আর কীভাবে প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক র্যা ঙ্কিংয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটা ভেবেছেন। প্রায় পঁয়ত্রিশজন স্বনামধন্য বুয়েট গ্র্যাজুয়েটের দিকনির্দেশনামূলক সাক্ষাৎকার নিয়ে স্থপতি শাকুর মজিদ নির্মাণ করেন ডকুমেন্টারি 'আমাদের বুয়েট আগামীর বুয়েট', যা দেশে এবং দেশের বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রে ও কানাডায় বুয়েটের প্রাক্তন ছাত্রদের মধ্যে প্রদর্শিত ও সমাদৃত হয়। এই প্রকল্পের সমন্বয়কের দায়িত্ব পালনকালে আমি স্যারকে গভীর মনোযোগের সঙ্গে সাক্ষাৎকারের জন্য সঠিক ব্যক্তি নির্বাচন করতে দেখেছি। তিনি প্রত্যেকের বক্তব্যকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করে পর্যালোচনা করেছেন। চূড়ান্ত সম্পাদনাকালে শত ব্যস্ততার মাঝেও পর্যাপ্ত সময় দিয়েছেন। তাঁরই অনুপ্রেরণায় তথ্যবহুল ডকুমেন্টারিটি নির্মিত হয়, যা ভবিষ্যতে বুয়েটের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কার্যকরী হবে বলে আমার বিশ্বাস।
২০১৭ সালে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী একুশে পদকে ভূষিত হলেন। যেদিন সন্ধ্যায় আনুষ্ঠানিক ঘোষণাটি আসে, আমার মনে আছে, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটে তাঁর সভাপতিত্বে তখন মিটিং চলছে, কোনো একটা স্থাপত্য নকশা প্রতিযোগিতার বিষয়ে। এমন একটা আনন্দের খবরে আমরা তো বিহ্বল। নিজেকে সৌভাগ্যবান মনে করেছি ওই মুহূর্তে তাঁর পাশে থাকতে পেরে। এর কদিন পর একদিন ভোরে অনেকটা তড়িঘড়ি করেই একটা সংবর্ধনার আয়োজন করা হয় ধানমন্ডি লেকের পাড়ে। অনাড়ম্বর সেই অনুষ্ঠানে শিল্পী রোকাইয়া আনিস গাইলেন 'আমার মুক্তি আলোয় আলোয়...'। ভোরের আলো-আঁধারিতে আবেগাপ্লুত হতে দেখেছি স্যারকে। 'আকাশ জুড়ে শুনিনু' শিরোনামে কদিন পর আরও একটু প্রস্তুতি নিয়ে বুয়েট অ্যালামনাই আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করে স্যারের অমতে। রবীন্দ্রসংগীত পছন্দ করতেন তিনি, যদিও তা তেমন কেউ জানত না। তাঁর প্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা একনাগাড়ে অনেকগুলো গান গাইলেন সেই আসরে।
অবিশ্বাস্য স্মৃতিধর ছিলেন জামিল স্যার। দীর্ঘদিনের পুরোনো ছাত্রের নামসহ অপরাপর তথ্যাদি অবলীলায় বলে দিতে পারতেন। ঢাকা শহরের পঞ্চাশ বা ষাটের দশকের অনেক ঘটনার প্রাঞ্জল বর্ণনা শুনেছি তাঁর কাছে। সেই সঙ্গে গাণিতিক মেধার উৎকর্ষে ছিলেন অতুলনীয়। ঢাকার নিত্যনৈমিত্তিক ট্র্যাফিক জ্যামে বসে সামনের গাড়ির নম্বরপ্লেটের সংখ্যার বর্গমূল বের করা তাঁর কাছে ছিল এক মজার খেলা।
আজীবন শিক্ষকতা আর শিক্ষাঙ্গনের উন্নতির জন্য কাজ করেছেন, কাজ করেছেন দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য। যমুনা সেতু, পদ্মা সেতুর মতো আরও অগণিত মেগাপ্রজেক্টে স্যারের অবদানের কথা আমরা সবাই জানি। কিন্তু অনেকেই হয়ত জানি না, তিনি কতগুলো সমাজকল্যাণ, স্বাস্থ্যবিষয়ক অথবা নারী ও শিশুকল্যাণ কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। গুনে শেষ করা যাবে না।
রাজধানী ঢাকা মহানগরের বিভিন্ন সমস্যা নিয়ে তাঁকে উদ্বিগ্ন হতে দেখেছি। নগরের যেকোনো সমস্যার সমাধান খোঁজার জন্য যথাযথ ব্যক্তিবর্গকে সংগঠিত করতে দেখেছি। ঢাকার চারপাশের নদী ও জলাভূমি রক্ষা করার জন্য সেমিনার আয়োজনে উৎসাহ দিয়েছেন। ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতা নির্ণয় এবং তার থেকে উত্তরণের উপায় খোঁজার জন্য সংশ্লিষ্ট বিজ্ঞজনদের একসঙ্গে করার উদ্যোগ নিয়েছেন। পুরাতন বিমানবন্দরকে ঢাকাবাসীর জন্য নাগরিক উদ্যানে রূপান্তরিত করার স্বপ্ন দেখেছেন।
এক জীবনে এত কিছু তাঁর অর্জন, এত বিভিন্নমুখী বিষয়ে তাঁর আগ্রহ, নিষ্ঠা আর মনোযোগ। সর্বোচ্চমানের মেধা তাকে এই জায়গায় নিয়ে এসেছে। এর সঙ্গে ধৈর্য আর নিয়মানুবর্তিতা তো ছিলই। নির্ধারিত কোনো অনুষ্ঠানে কখনোই দেরি করে আসতে দেখিনি। ই-মেইল বা ফোন করলে দ্রুততম সময়ে জবাব দিয়েছেন ছোট-বড়নির্বিশেষে। চারপাশে সবাইকে স্নেহ বিলিয়েছেন অকাতরে। মনে পড়ে না কোনো দিন তাঁকে কটু কথা বলতে শুনেছি। কারও সঙ্গে উঁচু স্বরে কথা বলেছেন, এমনটাও দেখিনি কখনো। কিন্তু প্রয়োজনে বক্তব্য দিতেন সুস্পষ্ট ও সুদৃঢ়। সেই দৃঢ়তা আরও একবার দেখেছি গত অক্টোবরে যখন বুয়েটে ইতিহাসের নিকৃষ্টতম ঘটনাটি ঘটে যায়। আবরার ফাহাদের নির্মম হত্যাকাণ্ড জাতীয় শিরোনাম হয়ে যায় ৭ অক্টোবর। অনতিবিলম্বে জামিল স্যারের নেতৃত্বে বুয়েট অ্যালামনাই শক্ত অবস্থান নেয়। সুস্পস্ট বক্তব্য ও দাবিগুলো প্রকাশের মাধ্যমে সব অনাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। আপাতদৃষ্টিতে নম্র, বিনয়ী ও মিষ্টভাষী অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে তখন ন্যায় ও ন্যায্যতার পক্ষে কঠিন ভূমিকায় অবতীর্ণ হতে দেখেছি। সে তাঁর অন্য এক রূপ। একাধারে স্নেহময় পিতা, শ্রদ্ধাভাজন শিক্ষক, দায়িত্ববান অভিভাবক আর দৃঢ়চিত্ত ন্যায়পাল যেন তিনি। আসলেই, আমাদের দেশের জন্য, সমাজের জন্য জামিল স্যার তো তা-ই।
তিনি কোনো দলের নন, গোষ্ঠী-গোত্র বা বর্ণের নন, বড় বা ছোটর নন। তিনি আমার-আপনার সবার। তিনি সত্যের, সুন্দরের, ন্যায়ের আর নিষ্ঠার পক্ষে অবিচল। আঁধারের কালে তিনি আমাদের বাতিঘর।
আজকের পর থেকে তাঁকে আর ছুঁতে পারব না কেউ। সময়ে-অসময়ে দৌড়ে যেতে পারব না দক্ষিণায়নের বসার ঘরটায়।
এই বিক্ষিপ্ত লেখাটা যখন প্রায় শেষ হয়ে আসছে, স্যার, অঝোর বৃষ্টিধারার মাঝে এই বিষণ্ণ গোধূলিতে তখন আপনার অপার-অনন্ত যাত্রা শুরু, যত দূরেই যান, আপনার জ্ঞানরশ্মি আমাদের আলোকিত করে যাবে অবিরল।
আপনার কাছে আজ অবনত সমগ্র ভুবন।
আপনিই তো আমার-আমাদের, 'আলোর পথযাত্রী'।
লেখক: স্থপতি, ট্রাস্টি । বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন
ঢাকা। ২৮ এপ্রিল, ২০২০