আশ্চর্য মিল-অমিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবারের সঙ্গে জীবনানন্দ দাশ
পরিবারের সঙ্গে জীবনানন্দ দাশ

১৯৫১ সাল। খড়্গপুরের কলেজের চাকরিটা ছেড়ে দিয়েছেন জীবনানন্দ দাশ।  আবার কর্মহীন হয়ে একটা ব্যবসা করবেন বলে যখন এক ভদ্রলোকের সঙ্গে পরিকল্পনা করছেন, ঠিক সেই সময়টিতেই কলকাতা থেকে বহুউউউ দূরে কিউবার রাজধানী হাভানার শহরতলী সানফ্রান্সিসকো দ্য পৌলার শোবার ঘরে আর্নেস্ট হেমিংওয়ে লিখছেন তাঁর জীবনের শেষ উপন্যাস ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’।

এই মুহূর্তে অবশ্য তাঁর ভেতরে একটু অস্থিরতা কাজ করছে। লোকে বলাবলি করছে, হেমিংওয়ে শেষ হয়ে গেছেন। কী সব ছাইপাশ লিখছেন এসব আজকাল। এই যে কিছুদিন আগে উপন্যাস বেরোল একটা, এটা কোনো উপন্যাস হলো! টোটাল ফ্লপ! হেমিংওয়ে ভাবছেন, মানুষগুলো এমন কেন! লেখকের যে একটুখানি বিশ্রাম দরকার, আর সবার মতো লেখকেরও যে একটা সময় অবসরে যেতে হয়, লোকে এটা বুঝতে চায় না কেন?

এবার নতুন এক পরিকল্পনা নিয়ে এগোবেন, ‘রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স’ হবে তার উপন্যাসের বিষয়। গল্পটা তাঁর মাথায় আইসবার্গের মতো জমাট বেঁধে আছে। এক বুড়োর গল্প। পেশায় জেলে। বছরখানেক আগেই মাছ ধরতে গিয়ে লোকটার সঙ্গে কথা হয়েছে তাঁর। জাতে স্প্যানিশ। ২২ বছর আগে কিউবায় এসেছে। এখন এখানেই থিতু হয়েছে। এমন প্লট আর আর পাওয়া যাবে না! সবকিছু ঠিকঠাক করে সাজাতে পারলে দারুন একটা জিনিস দাঁড়াবে, তার মনে হচ্ছে। আর তা ছাড়া মাছ ধরতে হেমিংওয়ে নিজেও ভালোবাসেন। সেসব অভিজ্ঞতা এবার ভালোভাবে কাজে লাগানো যাবে। সমুদ্র যেন জেলেদের মা। মা যেমন তার সন্তানের লালনপালন করেন, তেমনি সমুদ্রও তো জেলেদের রোজকার অন্ন জোগায়।

আর্নেস্ট হেমিংওয়ে লেখার টেবিলে
আর্নেস্ট হেমিংওয়ে লেখার টেবিলে

এমন একটা থিম নিয়েই আপাতত এগিয়ে যাচ্ছেন তিনি। কত মাছ সমুদ্রে। বড় বড় মার্লিন মাছ ধরেছিলেন তিনি বন্ধুদের সঙ্গে সাগরে ভেসে ভেসে। একবার তো বিশাল এক মার্লিন ধরে নিয়ে আসার সময় হাঙরের দল এর অর্ধেকটাই...

হঠাৎ হাঙরের কথা মনে পড়ায় ভুরু কোঁচকালেন হেমিংওয়ে। অতীতের সেই বিভীষিকাময় স্মৃতি মনে পড়ায় তিনি বোধহয় কিছুটা ব্যথিত। পরক্ষণেই তাঁর ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির আভাস দেখা গেল। সেই ভোরবেলা থেকে টানা লিখে যাচ্ছেন। পাইপটা ধরিয়ে টাইপরাইটারের বাঁ পাশে রাখা গত রাতের লেখাগুলো দেখতে লাগলেন। লেখা যখন দ্রুত এগোতে থাকে, তখন তিনি টাইপরাইটারের সাহায্য নেন। দৈনিক কতটুকু লিখেছেন, সেটারও হিসাব রাখছেন দেয়ালে ঝোলা হরিণের মাথার নিচে টাঙানো একটি বোর্ডে। আজ কতগুলো শব্দ লিখেছেন, গুনে দেখলেন। বোর্ডে গিয়ে লিখলেন ৫১২।

এমনি করে রোজ একটু একটু লিখতে লিখতে আট সপ্তাহ পর শেষ করলেন তাঁর উপন্যাস। ১ সেপ্টেম্বর ১৯৫২, বই আকারে বের হলো ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’। প্রথম প্রকাশের সময় ছাপা হয়েছিল পঞ্চাশ হাজার কপি। ‘লাইফ’ ম্যাগাজিন এই বইটি নিয়ে একটি ফিচার করে। দুই দিনে প্রায় পাঁচ মিলিয়ন কপি বিক্রি হয় পত্রিকাটির! পশ্চিমে লেখকেরা হন সেলিব্রেটি। এই বইটি তাঁকে ‘ইন্টারন্যাশনাল সেলিব্রেটি’ করে তুলল। হেমিংওয়ে বলেছিলেন, ‘এটি আমার লেখার সাধ্যের মধ্যে জীবনের সেরা বই’।

স্ত্রীর সঙ্গে হেমিংওয়ে
স্ত্রীর সঙ্গে হেমিংওয়ে

এদিকে পূর্ববঙ্গে, ১৯৫২ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানি সেনাবাহিনী গুলি চালিয়েছে ভাষার দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর। আর কলকাতার সিগনেট প্রেস থেকে প্রকাশিত হয়েছে জীবনানন্দের ‘বনলতা সেন’ কাব্যগ্রন্থের বর্ধিত সংস্করণ। বইটি কেনার জন্য কোনো দোকানে উপচে পড়া ভিড় দেখা যায়নি। কোনো পত্রিকার গরম খবরও হয়নি বইটি। বরং চরম অর্থাভাব জীবনানন্দের জীবনে নেমে এসেছে। পঞ্চাশ রুপির একটা চেক পেয়ে বয়সে ২৩ বছরের ছোট সৈয়দ ওয়ালীউল্লাহকে ‘স্যার’ সম্বোধন করে চিঠি লিখে কৃতজ্ঞতা জানাচ্ছেন।

এর পরের বছর, ১৯৫৩ সালে হেমিংওয়ে ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’ বইয়ের জন্য পুলিৎজার পুরস্কার পেলেন, সঙ্গে ছিল বিপুল নগদ মার্কিন ডলার। জীবনানন্দও একটা পুরস্কার পেলেন—রবীন্দ্রস্মৃতি পুরস্কার। সঙ্গে নগদ এক শ টাকা, একটা ছোট ক্রেস্ট,  একটা তসরের চাদর, কিছু ফলমূল আর মিষ্টান্ন। জীবদ্দশায় পাওয়া ওই একটিমাত্র পুরস্কার এনে চুপিচুপি রাখছিলেন খাটের নিচে রাখা ট্রাঙ্কের ভেতর। মেয়ে মঞ্জুশ্রী দেখে জিজ্ঞেস করলেন, কী এসব? জীবনানন্দ বললেন, ‘ওই...!’

পরের বছর ১৯৫৪ সালে আর্নেস্ট মিলার হেমিংওয়ে ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’ উপন্যাসের জন্য পেলেন সাহিত্যের সবচে বড় পুরস্কার—নোবেল। মাসটা অক্টোবর। আর জীবনানন্দ দাশগুপ্তও এই একই বছর পেলেন তাঁর জীবনের সবচে বড় পুরস্কার—মুক্তি। চলন্ত ট্রামের ধাক্কায় টানা ৮ দিন শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে তিনি চলে গেলেন। চলে গেলেন যেমন মরালী উড়ে যায় দূর দূর মালবার পাহাড়ের কোলে। সময়ের প্রশান্তির ফুঁয়ে নিভে গেল তাঁর জীবনের প্যারাফিন-লন্ঠন। তাঁর হৃদয়পৃথিবী ছিঁড়ে উড়ে গেল একটা দুরন্ত শকুনের মতো!

কাকতালীয় হোক বা যা-ই হোক, মাসটা ছিল অক্টোবর!

অর্থ-বিত্ত ও খ্যাতির দিক দিয়ে পৃথিবীর দুই প্রান্তের দুই সাহিত্যিকের মধ্যে এত অমিল সত্ত্বেও বেশ কিছু মিলও অবশ্য লক্ষণীয়। যেমন দুজনের জন্মের কথাই ধরা যাক—একই বছর ১৮৯৯ সালে দুজন জন্মেছিলেন। অবশ্য এই বছরটি বাংলা সাহিত্যের জন্য তো গুরুত্বপূর্ণ বটেই, বিশ্বসাহিত্যের জন্যও কম গুরুত্বপূর্ণ নয়। এ বছরই জন্ম নেন কাজী নজরুল ইসলাম, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল), হোর্হে লুইস বোর্হেসের মতো বেশ কয়েকজন কালজয়ী সাহিত্যিক।

জীবনানন্দ ও হেমিংওয়ে দুজনই চমৎকার পেনসিল কাটতে পারতেন। হেমিংওয়ে এক সাক্ষাৎকারে বলেছিলেন, প্রতিদিন লেখার আগে তিনি বিশটি পেন্সিল কেটে নেন। অবশ্য পরবর্তীকালে জর্জ প্লিম্পটনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছেন, ‘একসময় বিশটি পেনসিলের মালিক ছিলাম, এমন তো মনে হয় না। দিনে দুটি সাত নম্বর পেনসিলই যথেষ্ট মনে করি।’ অন্যদিকে লাবণ্য দাশ তাঁর স্মৃতিকথায় লিখেছেন, নিজের ছেলেমেয়েদের জন্য জীবনানন্দ চমৎকার পেনসিল কেটে রাখতেন। এত নিঁখুতভাবে আর কাউকে তিনি পেনসিল কাটতে দেখেননি।

জেলে পল্লীতে মাছ শিকার শেষে
জেলে পল্লীতে মাছ শিকার শেষে

জীবনানন্দ দাশের মৃত্যুর পর খাটের নিচে রাখা ট্রাঙ্কের ভেতর থেকে আবিষ্কৃত হয় তাঁর অপ্রকাশিত কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ আর দিনলিপির পাণ্ডুলিপি। জীবনানন্দ তাঁর জীবদ্দশায় যা লিখেছিলেন, তার মধ্যে অল্প কিছুমাত্র প্রকাশিত হয়েছিল। অপ্রকাশিত লেখাগুলো ট্রাঙ্কে ভরে রেখে গিয়েছিলেন জীবনানন্দ। এর মধ্যে কিছু পাণ্ডুলিপি ছিল তাঁর ভাই অশোকানন্দ দাশ ও বোন সুচরিতা দাশের কাছে, কিছু ছিল জীবনানন্দের স্ত্রী লাবণ্য দাশের কাছে। ভূমেন্দ্র গুহ লিখেছিলেন এসব পাণ্ডুলিপির ট্রাঙ্কের ব্যাপারে লাবণ্য দাশ ও তাঁর মেয়ে মঞ্জুশ্রী দাশের কোনো উদ্বিগ্নতা ছিল না এবং মঞ্জুশ্রী তাঁর বাবার বেশ কিছু লেখা ভরা ট্রাঙ্ক হারিয়ে ফেলেন। ফয়জুল লতিফ চৌধুরীকে দেওয়া এক সাক্ষাৎকারে ভূমেন্দ্র গুহ বলছেন--

‘...১৯৩০ আর ’৩৩-এর কোনো খাতা পাওয়া যায়নি, হারিয়ে গেছে। মঞ্জুশ্রী অন্তত দু-দুবার চিরতরে হারিয়ে ফেলেছে জীবনানন্দের লেখার খাতা—বেশ কিছু খাতা। ওর নিজেরই থাকার সুব্যবস্থা ছিল না, কোথায় রাখবে ও বাবার পাণ্ডুলিপির খাতা?’ (প্রথম আলো, ২৩ অক্টোবর ২০১৫)

পৃথিবীতে পাণ্ডুলিপি হারিয়েছেন, এমন গুটি কয়েক লেখকের ক্লাবে আর্নেস্ট হেমিংওয়েও আছেন। সময়টা ১৯২২। হেমিংওয়ে তখন তরুণ সাংবাদিক। বেশ কিছু অপ্রকাশিত লেখা বন্দী করে রেখেছিলেন একটা স্যুটকেসের ভেতর (বঙ্গদেশে বলে জীবনানন্দের ট্রাঙ্ক আর বিদেশি হেমিংওয়ের স্যুটকেস)। তাঁর স্ত্রী সেগুলো নিয়ে যাচ্ছেন সুইজারল্যান্ডে, কারণ, একটা আন্তর্জাতিক সম্মেলনে হেমিংওয়ের যোগ দেওয়ার কথা রয়েছে। কিন্তু সুইজারল্যান্ড পৌঁছানোর আগেই ট্রেনের মধ্যে তাঁর স্ত্রী সেই পাণ্ডুলিপির স্যুটকেসটি হারিয়ে ফেলেন। পরে অনেক খুঁজেও সেগুলো আর পাওয়া যায়নি।

তাঁদের মৃত্যুও রহস্যময়। দুজনের একজনেরও স্বাভাবিক মৃত্যু হয়নি।

জীবনানন্দ বাস্তব জীবনে ছিলেন একজন ব্যর্থ মানুষ। বেকারত্ব তাঁর জীবনকে তিল তিল করে শেষ করেছে। সেই সঙ্গে ছিল পারিবারিক কলহ। স্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক মোটেও ভালো ছিল না। নিদারুণ অর্থাভাব, কবিতা লিখে সমসাময়িক কবিদের আলোচনায় আসতে না পেরে, একের পর এক চাকরি হারিয়ে এবং একজন ব্যর্থ ও উপেক্ষিত স্বামী হিসেবে নিজেকে আবিষ্কারের পর

তিনি বেশ কয়েকবার আত্মহত্যার সিদ্ধান্ত নেন। ডায়েরিতে তিনি সেসব লিখেও গেছেন। যেমন স্ত্রীর সঙ্গে কলহের পর একদিন লিখছেন—

‘Our marriage is scrap, সারা দিন কাঁদে। আমায় ধুলোয় মিশিয়ে দেয়...উঠে পড়ি...কী করব? আত্মহত্যা? হার্টফেল? শীতের রাতে অন্ধকার পুকুরে ডুবে মরব?’

আরেক জায়গায় তিনি ভাবছেন স্ত্রী-পুত্র-কন্যাসমেত সাগরে ডুবে মরবেন। দেশভাগের পর কলকাতা না গেলে তিনি হয়তো সেটাই করতেন। বরিশাল অঞ্চলে ট্রেন নেই। তাই ট্রেনের নিচে আত্মাহুতি দেওয়ার কথা তিনি ভাবেননি। তবে কলকাতায় চলে যাওয়ার সাত বছরের মাথায় এক বিকেলে তিনি চলন্ত ট্রামের সঙ্গে ধাক্কা খেলেন। ট্রামচালক নাকি কয়েকবার ঘণ্টা বাজিয়েছিলেন, চিৎকার করেছিলেন। জীবনানন্দ শোনেননি।

জীবনানন্দের মৃত্যুতে স্পষ্ট বোঝা যায় যে তিনি তখন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। হেমিংওয়ের ক্ষেত্রেও তাই। মৃত্যুর আগে তাঁর পেছনে লেগেছিল মার্কিনি টিকটিকি—কেতাবি ভাষায় এফবিআইয়ের গোয়েন্দারা। উঠতে-বসতে তারা হেমিংওয়ের ওপর নজর রাখত। তাঁর ফোনে আড়ি পাতত, গোপনে চিঠি খুলে দেখত। মানসিকভাবে বিপর্যস্ত হেমিংওয়ে অবশেষে ছদ্মনামে ভর্তি হলেন হাসপাতালে। তাঁকে ১১ বার শক থেরাপি দেওয়া হয়েছিল। কিন্তু তাতে অবস্থার আরও অবনতি ঘটে। শেষে ১৯৬১ সালে নিজের মাথায় শটগান ঠেকিয়ে ট্রিগার চেপে দিলেন হেমিংওয়ে।

এমন গোয়েন্দা নজরদারি হেমিংওয়ের মৃত্যুর প্রধান কারণ বলে সবাই মেনে নিলেও অনেকে মনে করেন আরও কিছু কারণ এর সঙ্গে জট পাকিয়ে ছিল। অনেকে হেমিংওয়ের মৃত্যুর জন্য তাঁর স্ত্রীর সঙ্গে কলহকে দায়ী করেন। আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে, হেমিংওয়ের কলমে লেখা আসছিল না। তিনি ভাবছিলেন, হয়তো তাঁর সময় শেষ। তিনি হয়তো আর লিখতে পারবেন না। একজন লেখকের জন্য সেটা যে কত বিশাল এক যন্ত্রণার ব্যপার, তা কেবল লেখকই বুঝতে পারেন।

মিল-অমিল তাই থাকুক এ অছিলায় একজন মহান কবি এবং কথাসাহিত্যিককে স্মরণ করা, মহামারীর ভয়াবহ এ নিদানকালে আমি অন্তত আশ্রয় খুঁজে পাই।