ইউরোপে নিখুঁত ঝড়ের মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্লাভোয় জিজেক
স্লাভোয় জিজেক

যখন বিসদৃশ পরিস্থিতির বিরল সন্নিবেশের কারণে চরম অনিষ্ট ঘটে, তখনই নিখুঁত ঝড় ঘনিয়ে ওঠে: এমন অবস্থায় ঐক্যবদ্ধ শক্তি নিজেদের আলাদা আলাদা শক্তির যোগফলের চেয়েও বৃহৎ শক্তি প্রকাশ করে। ১৯৯৭ সাল থেকে কথাটি জনপ্রিয় হয়, সেবাস্তিয়ান ইয়ুঙ্গারের (Sebastian Junger) একটি মননশীল সর্বাধিক বিক্রিত বইয়ের দ্বারা, সেখানে বলা হয় ১৯৯১ সালের এক ঘটনার কথা। এক শ বছরে একবার মাত্র হয়, এমন এক ঝোড়ো বাতাস আঘাত হানে আটলান্টিকের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের উপকূলে: বৃহৎ হ্রদগুলো(জ) থেকে এক উচ্চমাত্রার চাপ ব্যবস্থার দরুন নোভা স্কটিয়ার উপকূলের স্যাবল দ্বীপের ওপর জন্ম নেওয়া ঝোড়ো হাওয়াটি ধাক্কা খায় ক্যারিবীয় অঞ্চল থেকে আসা ঘূর্ণিঝড় গ্রেইসের সঙ্গে। ইয়ুঙ্গারের প্রতিবেদনটি জোর দিয়েছিল মাছ ধরার জলযান আন্দ্রেয়া জেইলের নাবিকদের ওপর, যানটি দৈত্যাকৃতির ঢেউয়ে আঘাতে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল।  

বৈশ্বিক চরিত্রের কারণে, করোনাভাইরাস মহামারি আমাদের বলতে বাধ্য করছে যে আমরা এখন সবাই এক নৌকায়। কিন্তু কিছু লক্ষণ দেখে বলা যায়, অন্য নৌকার তুলনায় ইউরোপ নামের নৌকাটির ভাগ্য ‘আন্দ্রেয়া গেইলে’র কাছাকাছি অবস্থান করছে। ইউরোপের ওপর তিনটি ঝড় জড়ো হয়ে শক্তি সঞ্চয় করছে। তবে প্রথম দুটি নির্দিষ্ট করে ইউরোপের ওপর নয়, ঝড় দুটি হলো: করোনাভাইরাস মহামারির কারণে সরাসরি ভৌত সংঘাত (সঙ্গনিরোধ, দুর্ভোগ ও মৃত্যু) এবং এর অর্থনৈতিক প্রভাব, যা অন্য জায়গার চেয়ে ইউরোপে ভয়াবহ হতে যাচ্ছে, যেহেতু মহাদেশটি এরই মধ্যে স্থবির হয়ে আছে, এবং অন্য অঞ্চলের চেয়ে অনেক বেশি আমদানি-রপ্তানির ওপর নির্ভরশীল (যেমন গাড়িশিল্প হলো জার্মান অর্থনীতির মেরুদণ্ড, আর চীনে বিলাসী গাড়ির রপ্তানি এখন নিশ্চল অবস্থায় আছে)। এই দুই ঝড়ের সঙ্গে আমাদের এখন যোগ করতে হবে তৃতীয় ঝড়, যাকে আমরা পুতোয়ান (Putogan)(ঝ) ভাইরাস নামে ডাকতে পারি: তুরস্ক ও আসাদ সরকারের মধ্যে সহিংসতার নতুন বিস্ফোরণ ঘটছে সিরিয়ায় (সরাসরি রাশিয়া-সমর্থিত)। লাখ লাখ বাস্তুচ্যুত মানুষকে দুর্ভোগের মধ্যে ঠেলে দিয়ে, দুই পক্ষই নিজেদের রাজনৈতিক ফায়দা লুটছে।

তুরস্ক যখন হাজার হাজার অভিবাসীকে অনুরোধ করে ইউরোপে চলে যেতে, এমনকি গ্রিক সীমান্তে বাহনও প্রস্তুত করে রাখে, এরদোয়ান আবার এই পদক্ষেপের পক্ষে দাঁড় করায় প্রায়োগিক বিবেচনাপ্রসূত মানবিক কারণগুলো: বাড়তে থাকা শরণার্থীর ভিড় আর সামলাতে পারবে না তুরস্ক, তখন এই অজুহাত বহন করে এক রুদ্ধশ্বাস নৈরাশ্ববাদের সাক্ষ্য। এটি উহ্য রাখে কীভাবে তুরস্ক নিজে সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে, একটি দলকে সমর্থন করছে আরেক দলের বিরুদ্ধে, আর তাই শরণার্থীদের ঢলের পেছনে তুরস্কেরও বিশাল দায় রয়েছে। এখন তুরস্ক চায় ইউরোপ যেন শরণার্থীদের বোঝা কিছুটা কাঁধে তুলে নেয়, সেটা কীভাবে, নিজেদের নির্মম রাজনীতির মূল্য পরিশোধের মাধ্যমে। সিরিয়ার কুর্দিদের জন্য তুরস্ক ও রাশিয়া দিচ্ছে ভুয়া ‘সমাধান’—শান্তি চাপিয়ে দেওয়ার মাধ্যমে, যাতে প্রত্যেকেই নিজ নিজ এলাকা নিয়ন্ত্রণ করতে পারে—কিন্তু সেই ‘সমাধান’ এখন ভেঙে পড়ছে। অথচ রাশিয়া ও তুরস্ক এখন পর্যন্ত ইউরোপের ওপর চাপ প্রয়োগের আদর্শিক জায়গা ধরে আছে। এই দুটি দেশ তেল সরবরাহ যেমন নিয়ন্ত্রণ করে, তেমনি নিয়ন্ত্রণ করে শরণার্থীদের ঢলও, আর তাই দুটোকেই তারা জিম্মি করার কাঁচামাল হিসেবে ব্যবহার করতে পারে।

এরদোয়ান ও পুতিনের ভেতর নারকীয় নৃত্য—বিরোধিতা থেকে ঐক্য, আবার বৈরিতা—এসব দিয়ে আমাদের প্রতারিত হলে চলবে না: এই দুই চরমপন্থী একই ভূ-রাজনৈতিক খেলা খেলছে, যার মূল্য দিচ্ছে সিরিয়ার জনগণ। কোনো পক্ষই জনগণের দুর্দশার পরোয়া করে না, বরং উল্টো সক্রিয়ভাবে ব্যবহার করে। যেটা আমাদের চোখে না পড়ে যায় না, তা হলো পুতিন ও এরদোয়ানের ভেতরকার মিল, তারা দুজনেই অভিন্ন রাজনৈতিক শাসনব্যবস্থার দুই ভিন্ন সংস্করণকে আঁকড়ে আছে অবিচল। এই শাসনব্যবস্থার নেতৃত্বে আছে একজনই, এক বিমিশ্র ব্যক্তি, তাকে আমরা ডাকতে পারি পুতোয়ান বলে।

এই সঙ্কটের জন্য কে বেশি দায়ী, এরদোয়ান না পুতিন, এই সওয়াল-জবাব খেলাটা ঠিক হবে না। এরা দুজনই খারাপ এবং সেই অনুযায়ীই তাদের শাস্তি প্রাপ্য: এই যুদ্ধাপরাধীরা লাখ লাখ মানুষের দুর্ভোগের সুবিধা নিচ্ছে আর নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য নির্দয়ভাবে একটি দেশকে ধ্বংস করে দিচ্ছে, এতে ক্ষতি হচ্ছে জোটবদ্ধ ইউরোপেরও। অধিকন্তু তারা এটা ঘটাচ্ছে বৈশ্বিক মহামারি পরিস্থিতির ভেতরে, ভয়কে কাজে লাগিয়ে; এতে তাদের সামরিক লক্ষ্য পূরণের কৌশল প্রণোদিত হচ্ছে, অথচ এখন যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ জরুরি ভিত্তিতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন। দুনিয়ায় যদি ন্যূনতম ন্যায়বিচার বোধ থাকে, তো তাদের স্থান রাষ্ট্রপতি-প্রাসাদে নয়, হওয়া উচিত হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে।  

প্যানডেমিক
প্যানডেমিক

এখন নিশ্চয় পরিষ্কার দেখা যাচ্ছে, কিভাবে তিনটি ঝড় মিলে নিখুঁত ঝড়ের সৃষ্টি করে: তুরস্কের দ্বারা সংঘটিত শরণার্থীদের নতুন ঢেউ এই করোনাভাইরাস মহামারির কালে বিপর্যয় ডেকে আনতে পারে। বৈশ্বিক সহযোগিতার মতো মৌলিক পদক্ষেপের প্রয়োজনীয়তা সম্পর্কে আমাদের প্রবলভাবে সচেতন করে দেওয়া ছাড়াও মহামারির কয়েকটি ভালো দিকের একটি হলো, এটি এখন পর্যন্ত অভিবাসী ও শরণার্থীদের ওপর চেপে বসেনি—নয়তো এই ঝুঁকির উৎস প্রাচ্যের অপরেরাই (Oriental Other), এমন ভাবনা ভাবার জন্য বর্ণবাদ উদ্‌গ্রীব হয়ে আছে। কিন্তু দুটি বিষয় যদি এক হয়, যদি মহামারি ছড়িয়ে পড়ার সঙ্গে যুক্ত করে শরণার্থীদের দেখা যায় (অবশ্য ঘনবসতিপূর্ণ শিবিরে শরণার্থীদের ভেতর করোনাভাইরাসের ব্যাপকভাবে ছড়িয়ে পড়ারই কথা), তাহলে লোকরঞ্জক বর্ণবাদীদের জন্য সেটি হবে স্বর্ণালি সময়: তখন তারা ভিনদেশিদের বহিষ্কারের পেছনে যে ‘বৈজ্ঞানিক’ চিকিৎসাশাস্ত্রসম্মত কারণগুলো তাদের রয়েছে, তার পক্ষে সাফাই গাইতে পারবেন।

সহানুভূতিশীল নীতি শরণার্থীর সংখ্যা বাড়তে দিচ্ছে, এতে করে হঠাৎ ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে। প্রধানমন্ত্রী হিসেবে ভিক্টর ওবান সাম্প্রতিক এক বক্তৃতায় বলেছেন, হাঙ্গেরি কার্যকরীভাবে দৃষ্টান্ত হয়ে উঠতে পারে, যাকে অনুসরণ করতে পারে গোটা ইউরোপ। 

এই বিপর্যয় আটকাতে, যে জিনিসটি সর্বাগ্রে করা দরকার, যদিও সেটি প্রায় অসম্ভব একটি কাজ: ইউরোপের সক্রিয় ঐক্যকে আরও জোরদার করা, বিশেষ করে ফ্রান্স ও জার্মানির ভেতরকার সমন্বয়কে। এই ঐক্যের ওপর ভর করেই শরণার্থীসংকট মোকাবিলায় সক্রিয় হতে পারবে ইউরোপ। সম্প্রতি এক টেলিভিশন বিতর্কে অভিবাসীবিরোধী মুখপাত্র আক্রমণাত্মক ভাষায় বলেন, তৃতীয় বিশ্বের দেশগুলোতে যে দারিদ্র্য, সেটার দায়িত্ব নিজের কাঁধে নেওয়া উচিত নয়। এই কথার ভালো জবাব দেন জার্মান বামপন্থী দল ‘ডি লিংকা’র গুরুত্বপূর্ণ নেতা গ্রেগর গিসি। অভিবাসীবিরোধী মুখপাত্র তর্ক করছিলেন যে ওসব দেশকে সহযোগিতার জন্য পয়সা খরচ না করে বরং আমাদের দেশের উচিত শুধু নিজেদের নাগরিকদের কল্যাণের দায়িত্ব নেওয়া। গিসির মোদ্দা জবাব ছিল, আমরা যদি ইউরোপে তৃতীয় বিশ্বের দরিদ্রদের জন্য দায়বোধ না করি এবং সেই অনুযায়ী কাজ না করি, তাহলে তাদের এখানে আসা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না, এটাকেই অভিবাসনবিরোধী মনোভাব সর্বশক্তি দিয়ে বিরোধিতা করে। যখন বাড়তে থাকা শরণার্থীদের জন্য সবারই সহনশীলতা ও সংহতি বাড়ানো প্রয়োজন, তখন বিমূর্ত মানবতাবাদের কাছে আবেদন, উদার হওয়ার আহ্বান এবং ইউরোপীয় বর্ণবাদ ও সাম্রাজ্যবাদই গরিব দেশগুলোতে অধিক দুর্ভোগের কারণ—এমন অনস্বীকার্য সত্যের চাপে অপরাধবোধে ভোগার চেয়ে শরণার্থী ঢলের জটিলতা নিয়ে এ ধরনের বিতর্ক মনে হয় বেশি কার্যকর। এ ধরনের বাহাস, মানুষের চেহারা নিয়ে বিদ্যমান ব্যবস্থাকে বহাল রাখতে, কোনো কিছু পরিবর্তন না করার মরিয়া পদক্ষেপ। আজকের দিনে এর চেয়ে বেশি কিছু দরকার।           

অনুবাদকের খত

জ. উত্তর আমেরিকায় পাশাপাশি অবস্থিত বিশালাকার পাঁচটি হ্রদ পরিচিত গ্রেট লেকস নামে। এই হ্রদগুলো গোটা পৃথিবীর স্বাদু পানির প্রায় ২১ শতাংশ ধারণ করে আছে।

ঝ. রাশিয়ার ভ্লাদিমির পুতিন ও তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ানকে আপাতদৃষ্টিতে পরস্পরের শত্রু মনে হলেও জিজেক মনে করেন, তাঁরা দুজনই একই রাজনৈতিক শাসনব্যবস্থার দুই সংস্করণ মাত্র। পুতিন ও এরদোয়ানকে মিলিয়ে তাই তিনি নাম দেন ‘পুতোয়ান’। এ বিষয়ে জিজেক ২০১৬ সালে একটি নিবন্ধ লেখেন ‘দ্য স্পেক্টর অব পুতোয়ান’ নামে। দেখতে পারেন এই ঠিকানায়: https://bit.ly/2x6xEia