উহান ডায়েরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বেচ্ছাসেবকদের সঙ্গে হাসপাতালে পিপিই পৌঁছে দিতে যাচ্ছেন আই শাওমিং
স্বেচ্ছাসেবকদের সঙ্গে হাসপাতালে পিপিই পৌঁছে দিতে যাচ্ছেন আই শাওমিং
>[প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা, লেখক, অ্যাকটিভিস্ট আই শাওমিং ১৯৫৩ সালে উহানে জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন সাহিত্য ও জেন্ডার স্টাডিজে অধ্যাপনা করেছেন। তাঁর বানানো প্রামাণ্য চিত্র বর্তমানে সরকারি নির্দেশে মূল ভূখণ্ড চীনে নিষিদ্ধ। তিনি ২০১০ সালে নারী অধিকার বিষয়ে কাজের স্বীকৃতি হিসেবে ফ্রান্সের সিমোন দ্য বোভেয়ার পুরস্কার পান। এ বছরের জানুয়ারিতে আই শাওমিং উহানে ফিরে গিয়েছিলেন বর্ষীয়ান বাবার সঙ্গে চীনা নববর্ষের ছুটি কাটাতে। উহানে আটকে থেকে শাওমিং প্রত্যক্ষ করেন ভয়াবহ করোনা মহামারির বিস্তার এবং অসংখ্য মানুষের মৃত্যু। ওই সময়েই নিজের অভিজ্ঞতার কথা রোজনামচা আকারে লেখা শুরু করেন একটি ওয়েবসাইটে। প্রতিদিনের ঘটনাবলির সঙ্গে তিনি পাঠকের জন্য আরও সংযুক্ত করেন অডিও ক্লিপ, আলোকচিত্র, কবিতা, গদ্য, এমনকি ফোনের মেসেজ আকারে লেখা একটি সম্পূর্ণ নাটকের পাণ্ডুলিপি। উল্লিখিত রোজনামচার প্রথম কিস্তির অংশবিশেষ এখানে অনুদিত হলো।]

জানুয়ারির ১৬ তারিখে আমি গুয়াংজোউ থেকে উহানে ফিরি। তখন একটা ঠান্ডার ভাইরাস বা এ রকম কিছু একটার কথা কানে আসছিল, কিন্তু গা করিনি। কারণ, তখন শীতকাল, আর শীতে এমনিতেই ভাইরাসজনিত ঠান্ডার উপদ্রব হয়ই। ১৭ তারিখে আমার বাবাকে দেখাশোনা করার জন্য একজন নতুন লোক খোঁজার প্রয়োজন হয়ে পড়ল, কারণ আগেরজন ছুটিতে বাড়ি যাবেন, তাঁর বাড়ি উহানের বাইরে অন্য শহরে। ১৭ এবং ১৮ তারিখে নতুন লোকের খোঁজে আমি বেশ কয়েকবার হাসপাতালে গেলাম, কিন্তু অস্বাভাবিক কোনো কিছু চোখে পড়েনি। কিন্তু যদি বুঝতাম অবস্থা আসলে তখনই কতটা ভয়াবহ হয়ে গেছে, তাহলে আমার ওখানে যাওয়ার সাহস হতো বলে মনে হয় না।

জানুয়ারির ১৯ তারিখে আমার এক বন্ধু রাতের খাবার খেতে এসে জানাল, হাংকৌতে নিউমোনিয়া ছড়িয়ে পড়ার কথা শুনেছে সে। আমাকে কিছু ছবি দেখাল, জানাল সেখানে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে স্বাস্থ্যকর্মীরাও আছেন। আর বেশির ভাগ রোগীদের ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখতে গিয়ে দৈনিক খরচ বিরাট অঙ্কের টাকা ব্যয় হচ্ছে। আমি তখনো ব্যাপারটাকে তেমন গুরুত্ব দিলাম না। ঘটনার মোড় ঘুরে গেল জানুয়ারির ২০ তারিখে, করোনাভাইরাস ভয়াল রূপ নিয়ে যখন জাঁকিয়ে বসল। টালমাটাল তিনটি দিন শেষে সমগ্র উহান শহর চলে গেল লকডাউনে।

উহান রেলস্টেশনে সব ধরনের চলাচল থমকে গেল। শহরের মানুষ প্রতিদিন নতুন নতুন তথ্যের তোড়ে ভেসে যেতে লাগল। হঠাৎ করেই এই মহামারি সাংঘাতিক হয়ে উঠল, চারিদিকে আতঙ্ক আর বিভ্রান্তি। অন্য সবার মতো আমিও বাবার জন্য প্রাথমিক পরিচর্যা আর পরিচ্ছন্নতার সামগ্রী কিনতে ব্যস্ত হয়ে উঠলাম—তুলা, গ্লিসারিন অ্যানেমা, জীবাণুনাশক, রাবিং অ্যালকোহল ইত্যাদি। প্রেসক্রিপশন ওষুধ তখন পর্যন্ত শুধু হাসপাতালেই পাওয়া যাচ্ছিল। আমি মাত্র তিন বোতল জীবাণুনাশক যোগাড় করতে পারলাম, কিন্তু রাবিং অ্যালকোহল পাওয়া যাচ্ছিল কেবল ১০০ মিলির ছোট ছোট বোতলে, ৫০০ মিলির বড় বোতল নিঃশেষ। কিছু ফার্মেসিতে মাস্ক ফুরিয়ে গেল। আর যাদের কাছে ছিল, তারা দাম বাড়িয়ে ১২ থেকে ১৬ ইউয়ান করে দিল। এমনকি সাধারণ সুতির মাস্কের দামও হয়ে গেল ১৬ ইউয়ান। সার্জিকাল মাস্ক তো পুরোই গায়ের। আমি তখনই নতুন ধরনের N95 মাস্কের কথা প্রথম জানলাম যে এ রকম কোনো মাস্কও আছে।

সারা বাড়ি জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করলাম। নববর্ষের তখন আর মাত্র দুই দিন বাকি। হঠাৎ আমার বোধোদয় হলো যে এবার এ উৎসবে কোনো হইচই, দেখাসাক্ষাৎ বা খাওয়াদাওয়া হবে না। বাতাসে ভেসে আসা গুজবগুলো ক্রমেই ভীতিকর হয়ে উঠছিল। ২৩ তারিখের লকডাউন থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত এমন বিচিত্র একটা সময়ের মধ্য দিয়ে নতুন বছরটা শুরু হলো যে আমার খুব বেসামাল লাগছিল। আমি ভাবতে শুরু করলাম: মহামারি বিষয়ে কিছুই না জেনে একেবারেই অজ্ঞ অবস্থায় হাসপাতাল থেকে যে একজন লোক নিয়োগ করেছিলাম, সেটা কী পরিমাণ ঝুঁকিপূর্ণ ছিল! যদি সে আক্রান্ত ব্যক্তিদের একজন হতো, তাহলে কী ভয়াবহ বিপদ হতে পারত ভেবে শিউরে উঠলাম—খুবই তালগোল পাকানো একটা অবস্থা।

*

জানুয়ারির ২৯ তারিখে আমি একদল স্বেচ্ছাসেবীর সঙ্গে বের হলাম। পনেরোটা গাড়িতে করে আমরা ২১টা হাসপাতালে ৬ হাজার ৫০০ সেট পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) পৌঁছে দিলাম। সমন্বয়কারী দলে ছিল দশ থেকে বিশজন সদস্য, যারা সোশ্যাল মিডিয়ায় সর্বশেষ পরিস্থিতির ওপর নজর রাখছিল, সর্বক্ষণ, এমনকি খাওয়ার সময়ও তারা চোখ রাখছিল। এদের একজন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিল, তার হাতে ২ হাজারটা পিপিই এসেছে। সঙ্গে সঙ্গে ওগুলোর জন্য অর্ডার চলে এল। ৮০ হাজার ইউয়ান দাম শোধ করা হলো দানের টাকা থেকে। উহানে থাকা স্বেচ্ছাসেবীরা এই পিপিইগুলো হাতে পেয়ে হাসপাতালগুলোতে যোগাযোগ করার দায়িত্ব নিল। কোনো হাসপাতাল যদি পিপিই নিতে কাউকে পাঠাতে না পারে, স্বেচ্ছাসেবীরা নিজ উদ্যোগে সেগুলো পৌঁছে দেবে, সাব্যস্ত হলো।

এই স্বেচ্ছাসেবী দলের একজন ফুদান বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র, উহানে বসবাসকারী চার শতাধিক ফুদান প্রাক্তন ছাত্রদের একটা চ্যাট গ্রুপের সদস্য সে। নববর্ষের আগে এ মহামারির খবর পেয়ে এরা সবাই পীড়িতদের জন্য বা এ সংকট মোকাবিলায় কিছু করার ব্যাপারে মনস্থির করে, এবং ৬ লক্ষাধিক ইউয়ান অর্থ তারা সাহায্য সংগ্রহ করতে সক্ষম হয়। অনেক হাসপতালও তখন সাধারণ মানুষের কাছে সাহায্য চাইতে শুরু করেছিল। ফুদানের এ প্রাক্তন ছাত্ররা মহামারি মোকাবিলায় জরুরি সরঞ্জাম সরবরাহের খোঁজে তাদের জানাশোনা নেটওয়ার্কের মধ্যে তৎপরতা শুরু করল। কেউ হয়তো শুনল যে কোথাও পিপিই স্টকে আছে। সঙ্গে সঙ্গে তাদের কিছু সদস্য দ্রুত সেখানে পৌঁছে নগদ টাকায় পিপিই কিনে উহানে নিয়ে এল। আর অন্য কিছু সদস্য সংগৃহীত এ পিপিই নির্দেশানুযায়ী দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নিল।

তবে এই তরুণ স্বেচ্ছাসেবীরা আদৌ আমাকে তাদের সঙ্গে নিতে চায়নি। তারপরও আমি ওদের সঙ্গে গিয়েছি, কারণ, আমি প্রকৃত অবস্থাটা বুঝতে চাইছিলাম এবং উপলব্ধি করছিলাম যে মহামারি মোকাবিলায় আমারও কিছু একটা করা উচিত। কিন্তু তরুণেরা সবাই আমাকে 'অনুগ্রহ করবেন, দাদিমা' বলে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। আমি বুঝলাম, ওদের কাছে গুরুত্ব পেতে হলে আমাকেও একটা সাদা গাউন চাপাতে হবে গায়ে।

ক্যামেরা হাতে শাওমিং
ক্যামেরা হাতে শাওমিং

 *

এ রকম পরিস্থিতিতে ভিডিও বা সাক্ষাত্কার নেওয়া কঠিন, কারণ, আমার পরিবার ও সমাজের প্রতিও আমার দায়িত্ব আছে। আমি আমাদের কম্পাউন্ডের বাইরে গিয়ে পিপিই গায়ে দিই এবং ঢোকার আগে খুলে ফেলি। প্রতিবেশীদের আতঙ্কগ্রস্ত করার কোনো মানে হয় না। তারা যদি টের পায় যে কেউ হাসপাতালে গিয়েছিল, সংগত কারণেই তারা ধরে নেবে, সে ভাইরাস সঙ্গে নিয়ে ফিরেছে, তারা ভয় পাবেই। কিন্তু হাসপাতালগুললোও সাহায্য চাইছে, এ অবস্থায় কেউই যদি এগিয়ে না আসে, তাহলে কীভাবে চলবে? এরকম মুহূর্তে সেবামূলক কাজ করাও সহজ নয়, কারণ সরকার সবাইকে কঠোরভাবে বাড়িতে অবস্থান করতে বলছে। বেশির ভাগ স্বেচ্ছাসেবী বয়সে তরুণ, তারপরও শঙ্কা আছে, অভিভাবকদের উদ্বেগের কারণে তাদের উৎসাহে ভাটা পড়ে যেতে পারে। তবে ছোট ছোট এ স্বেচ্ছাসেবীদের দল জরুরি সাহায্য পৌঁছে দেওয়ার কাজে বড় একটা ভূমিকা রাখছে।

গতকাল শুনলাম কিছু কিছু হাসপাতালে প্রতিরক্ষামূলক সরঞ্জামের অভাবে ওয়ার্ডে আর রোগী রাখা সম্ভব হচ্ছে না। আজ আমরা হাসপাতালগুলোয় ৫০০ পিপিই পৌঁছালাম। এক স্বেচ্ছাসেবীর নিজেরই কোনো সুরক্ষা সরঞ্জাম ছিল না বলে তাকেও পিপিই দেওয়া হল। একটা কমিউনিটি সেন্টারেও আমরা দুই বাক্স দিয়ে দিলাম। সেখানকার অভ্যর্থনাকারী অল্পবয়সী মেয়েটা জানাল, নববর্ষের আগের দিন থেকে তারা টানা কাজ করছে। সেন্টারের ত্রিশ জনের বেশি কর্মীর কেউ কোনো ছুটি নিতে পারেনি। সুরক্ষার জন্য সে নিজেও পরে আছে কেবল একটা মাস্ক। সে জানাল, পিপিই শুধু ডাক্তার ও নার্সদের জন্য সংরক্ষিত। ওদিকে ক্রমেই পিপিইর সংখ্যা কমে আসছে বলে অতিবেগুনি রশ্মি দিয়ে জীবানুনাশ করে তা পুনর্ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব শুনে ভেতরে ভেতরে খুবই দমে গেলাম।

জীবাণুনাশক অ্যালকোহল আর মাস্কের সরবরাহ দ্রুতই ফুরিয়ে আসছে। আমি প্রতিদিন আমার পিপিই ধুয়ে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে শুকিয়ে নিচ্ছি। পুনরায় পরার আগে অ্যালকোহল স্প্রে করছি। ফার্মেসিতে গেলে এখন একবারে দুই বোতলের বেশি অ্যালকোহল কেনা যায় না। অবস্থা এমন দাঁড়িয়েছে, আমরা আর কোনো অবস্থাতেই নতুন পিপিই চাইতে পারব না, কারণ, হাসপাতালে পিপিইর প্রয়োজন এখন সবচেয়ে বেশি। ভাইরাসনিরোধী N95 মাস্কই শুধু নয়, ধুলার জন্য ব্যবহার করার মাস্কও এখন আর পাওয়া যাচ্ছে না। কোনো ফার্মেসি যৎসামান্য আনতে পারলেও তা নিমেষেই ফুরিয়ে যায়। আমরা বাইরে গেলে এখন N95-এর ওপর একটা ডিসপোজেবল মাস্ক পরে নেই। আর রোজ আমার N95 মাস্ক কেতলির পানিতে সেদ্ধ করে নিচ্ছি। এ মাস্কের একেকটার দাম এখন ২৫ ইউয়ানে এসে ঠেকেছে! ডিসপোজেবল মাস্ক পানিতে সেদ্ধ করে বারবার ব্যবহার করা কতটা হাস্যকর, আমি জানি, কিন্তু আর তো কোনো উপায় নেই।

আচ্ছা, ভেবে বিস্ময় কাটাতে পারছি না, এই অবস্থা কীভাবে হলো যে সরকারি হাসপাতালকে জনসাধারণের কাছে সাহায্য চাইতে হচ্ছে? দেশের সামাজিক ব্যবস্থাপনা যে ভেতর থেকে ফাঁপা হয়ে পড়েছে, তারই উদাহরণ এটা, আমরা তাঁরই সাক্ষী। আমাদের রাষ্ট্রীয় বাজেট এত বড় আর বৈশ্বিক সাপ্লাই চেইনগুলো এত সমৃদ্ধ, তারপরও আমাদের হাসপাতালে পিপিই ফুরিয়ে যায়! তাদের সাহায্যের জন্য হাত পাততে হয়! যদি বুঝতাম যে ভেন্টিলেটর, ল্যাব বা ভাইরাসের প্রতিষেধক যথেষ্ট নেই, তা-ও হতো। কিন্তু একটা হাসপাতালে কীভাবে মহামারির মোকাবেলা করার যথেষ্ট মাস্ক বা জীবাণুনাশক না থাকে?

আমাদের স্বাস্থ্যব্যবস্থা যে এত নাজুক আর ভঙ্গুর, তা অবিশ্বাস্য! আমাদের সম্পদ যে এত অপ্রতুল, তা কল্পনাতীত! এ রকম অবস্থায় মানুষের জীবন বা নিরাপত্তার নিশ্চয়তা কীভাবে থাকবে?
লকডাউন যদি চলতে থাকে, অন্য বহু সমস্যা সামনে দেখা দেবে। দৈনন্দিন জীবন ব্যাহত হবে, বৃদ্ধদের ওষুধের সংকট পড়বে। মাস্ক বা অন্যান্য সামগ্রীর সরবরাহ যদি বন্ধ হয়ে যায়, সামনে যে জীবন আসছে, তা কল্পনা করা দুরূহ।
আমাদের বিড়ালের খাবার শেষ। অনলাইন অর্ডারও পৌঁছায়নি। আপাতত আমাদের কোনোমতে সামলে নিতে হবে!

*

মহামারির চাইতেও বেশি সংকট আর সমস্যার জন্ম দিচ্ছে আতঙ্ক, কারণ, পরস্পর বিচ্ছিন্ন মানুষের মধ্যে স্বার্থপরতা প্রকট আকার ধারণ করছে। মানুষের মধ্যে আমরা দেখছি নীচতা, যেকোনো মূল্যে আত্মরক্ষার চেষ্টা আর প্রতিবেশিকে শত্রু বিবেচনা করার প্রবণতা। এই বর্বর আচরণ যে মানবিক বিপর্যয়ের সৃষ্টি করছে, তা আসল ভাইরাসের চাইতেও বিপজ্জনক। শুরুর দিকে শক্তভাবে তথ্য চাপা দেওয়ার কারণে ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকানো যায়নি। পরেও যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তা-ও জনগণের কোনো মতামত না নিয়েই। এবং আকস্মিকভাবেই চাপিয়ে দেওয়া হলো এই সিদ্ধান্ত যে সব বন্ধ করতে হবে। সরকার মানুষকে মহামারির খবর জানিয়েই একলাফে পুরো শহর অবরুদ্ধ করে দেওয়ার নীতিতে চলে গেল। হঠাৎ করে মানুষের চলাফেরার ওপর নিষেধাজ্ঞা জারি হলো, জনপরিবহন বন্ধ করে দেওয়া হলো, আর এর সঙ্গে অপতথ্যের ছড়াছড়ি মিলিয়ে একটা তীব্র আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হলো।

এই তীব্র আতঙ্ক চরম সব সামাজিক প্রতিক্রিয়া সৃষ্টি করল। এর একটা হলো মানুষে মানুষে, দেশের বিভিন্ন এলাকার মধ্যে এবং গ্রাম থেকে গ্রামের বিচ্ছিন্নতা সৃষ্টি। 'গ্রামে ঢোকা মানেই গ্রামবাসীকে খুন করা'-জাতীয় স্লোগানে ফুটে উঠেছে এই ভ্রান্ত ধারণা যে, এই রোগ মানেই নিশ্চিত মৃত্যু আর বিছিন্নতা মানেই বেঁচে যাওয়া।

গতকাল আমরা খবর পেলাম, এক বাবাকে আইসোলেশনে পাঠানোতে সেরিব্রাল পালসিতে ভোগা তার বড় ছেলেটাকে বাড়িতে একা ফেলে যাওয়া হয়েছে। আর সুস্থ-স্বাভাবিক ছোট ভাইকে বাবার সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে, অথচ সে ভাইরাস আক্রান্ত না। ১৭ বছর বয়সী অসহায় কিশোরটি একলা ঘরে কয়েক দিনের মধ্যেই মারা গেল। কীভাবে পারলাম আমরা একটা অসহায় কিশোরকে এভাবে পরিত্যাগ করতে? এই মৃত্যুটি আমাদের সবার বিপন্নতার প্রতীক। তাই যদি উহানের সব মানুষকে এভাবে অন্তরীণে রাখা হয়, আমাদের যে কারও অবস্থাই এমন হতে পারে—পরিত্যক্ত, চরম হতাশায় নিমজ্জিত, পালাবার কোনো পথ নেই, কেউ নেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার! তাত্ত্বিকভাবে আমরা জানি, এমন চরম অবস্থা না-ও হতে পারে, কিন্তু তারপরও এই কিশোরের মৃত্যু আমাদের জন্য একটি সাবধানবাণী।

মানুষকে পরিত্যাগ করা, ঘৃণা উসকে দেওয়া—এই সব আচরণের মূলে কী রয়েছে, নিজেদের কাছে প্রশ্ন রাখতে হবে আমাদের। আমরা কী করে এতটা নিষ্ঠুর, এতটা অমানবিক আর বর্বর হয়ে উঠলাম? দেখা যাচ্ছে এই মহামারির সামনে পড়ে গিয়ে আমাদের যৌক্তিক বিশ্লেষণ ও চিন্তা করার ক্ষমতা লোপ পেয়েছে, আমরা ফিরে গেছি আদিম, অসভ্য, অমানবিক সব আচরণে। আমরা কী করে এই পর্যায়ে নামলাম? করোনাভাইরাস আমাদের সামাজিক মনস্তত্ত্বের ভঙ্গুরতা, সামাজিক ব্যবস্থাপনার ত্রুটি, সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতারহিত রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর দুরবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এই অবস্থায় কখনোই জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। করোনাভাইরাস আমাদের সামগ্রিক ব্যবস্থার সমস্যাগুলো অনাবৃত করে দিয়েছে, এর সমাধান করাই এখন আমাদের করণীয়।

*

আমি উহানেই জন্মেছি এবং এই শহরের প্রতি আমার ভীষণ টান। কিন্তু কিছু কিছু সময় আমি মনে মনে ভেবেছি, 'যারা উহানকে অভিশাপ দিয়েছে, যারা উহানবাসীকে ঘরে ফিরতে বাধা দিয়েছে, যারা আমাদেরকে পীড়া দিয়েছে, মহামারি শেষে তারা যেন আমাদের চেরি ফুলের শোভা দেখতে না আসে। তাদের আর কেউ কোনো দিন গরম গরম মজাদার শুকনো নুডলস খাওয়াবে না।' এ নিতান্তই রসিকতা অবশ্য!

নয়টি প্রদেশের সড়কপথ হিসেবে খ্যাত উহান নগরের রয়েছে সুদীর্ঘ ইতিহাস। ১৯১১ সালের বিপ্লবের সময়ে উহানে প্রথম গণ-অভ্যুত্থান হয়। চীন-জাপান যুদ্ধের সময়ে এই শহর একটি মুখ্য ভূমিকা পালন করে। নানজিং পতনের পর জাতীয় সরকার উহানে স্থানান্তরিত হয় এবং সেখান থেকে একটি বড় বিমান হামলা পরিচালনা করে। যুদ্ধকালীন সময়ে বিপুলসংখ্যক বুদ্ধিজীবী এখানে ছিলেন। অপরূপ ইয়াংজি নদীর তীরবর্তী এই শহরের নৈসর্গিক সৌন্দর্য চোখ জুড়ানো।

স্বেচ্ছাসেবীদের সবারই হৃদয়জুড়ে উহানের জন্য মমতা। আমরা এখানেই থাকি, জীবনের অজস্র অভিজ্ঞতায় জড়িয়ে আছে এই শহর। মহামারির প্রকোপে এই শহরের ধসে পড়া আমাদের কাছে দুঃসহ। তার চাইতেও অসহনীয় উহানের নাম ধরে আমাদের দিকে ছুড়ে দেয়া অপমান: 'উহানকে মাশুল দিতে হবে', 'উহানের লোকদের বেরিয়ে এসে অন্যদের ক্ষতি করা ঠিক নয়'। কিছু কিছু রিপোর্ট শুনলে মনে হবে যেন উহানে গেলেই বা উহানের কাউকে দেখলেই 'উহান নিউমোনিয়া' হয়ে যাবে! আর উহানের মানুষকে ধাওয়া করা, আটকে রাখা—এসব তো আছেই। এই ভাইরাসকে উহানিজ বলে দাবি করা এই শহরের ওপর কালিমা লেপন এবং এর মানুষের মর্যাদাহানিরই সমতুল্য।

কিছুদিন আগেই উহান বিরাট অঙ্কের টাকা খরচ করে মিলিটারি গেমসের আয়োজন করেছিল। পরিকাঠামোগত অনেক উন্নয়নই শহরে হয়েছে। এমন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করার সামর্থ্য যে শহরের আছে, সে শহরের হাসপাতালে জরুরি সরঞ্জাম দেওয়ার সামর্থ্য নেই, এ অবিশ্বাস্য। বড় বেশি দৃষ্টিকটু এই বৈপরীত্য।

তবে আশার কথা, উহানের তরুণ স্বেচ্ছাসেবীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা আমার মনে দারুণ দাগ কেটেছে। এরা সবাই সাধারণ নাগরিক, যারা বিপন্ন শহরকে রক্ষা করতে এগিয়ে এসেছে স্বতঃস্ফূর্তভাবে। নিজেদের বিপদের মুখে ঠেলে দিয়ে তারা বৃহত্তর স্বার্থে এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে নিজেদের মধ্যেও একটি সংযোগ তৈরি করেছে তারা। আমি মনে করি, এভাবেই বিকশিত হবে আগামী দিনের নতুন সামাজিক শক্তি।

উহান, ফেব্রুয়ারি ১, ২০২০

সূত্র: নিউলেফ্টরিভিউ