একদিন আকাশে কিছু ফানুস ওড়াই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

হুমায়ূন আহমেদের উপন্যাস, নাটক এবং উপন্যাস ও নাটকের চরিত্ররা বারবার আমাদের নিয়ে যায় অন্য ভুবনে। সেই ভুবনটি কেমন, তীব্র অনুভবের মায়ায় সেই কথাই বলা হয়েছে এই লেখায়।

মেলবোর্নে দ্বিতীয় দফা লকডাউন শুরু হয়েছে। আবার আত্মীয়-বন্ধু-বান্ধবের আসা যাওয়া বন্ধ। আমি বেলা করে ঘুম থেকে উঠি। প্রায় ভোরের দিকে ঘুমাতে যাই। মাঝেমধ্যে বই পড়ি কিন্তু খুব বেশিক্ষণ মনোযোগ রাখতে পারি না। বেশি মন খারাপ লাগলে অনেকবার পড়া হুমায়ূন আহমেদের বইগুলো আবার পড়ি। আম্মা, আমি আর আব্বা তাঁর পুরোনো নাটকগুলো দেখি। কত রকম স্মৃতি ফিরে আসে।

যখন আমরা অস্ট্রেলিয়ায় চলে আসলাম, তখন বিটিভিতে ‘অয়োময়’ চলছে। সেই বয়সে দেশ ছাড়ার দুঃখ খুব বেশি বুঝিনি, শুধু বন্ধুদের সঙ্গে আর দেখা হবে না, এই নিয়ে হালকা একটু মন খারাপ ছিল, অবশ্য প্লেনে চড়ার আনন্দের কাছে সেই মন খারাপ টিকতে পারেনি। অথচ ‘অয়োময়’ শেষ হওয়ার আগেই দেশ ছাড়ার দুঃখ অনেক দিন ছিল, ভাবতাম কে জানে কোনো দিন শেষটা দেখা হবে কি না! তখন তো আর ইউটিউব ছিল না। বেশ কয়েক বছর পরে, বোধ হয় ১৯৯৪ সালে বাংলাদেশ থেকে নাটকের সম্পূর্ণ সেট আনা হয়েছিল। মেলবোর্নবাসী বহু বাংলাদেশির হাত ঘুরেছে এই ক্যাসেটগুলো।

সেদিন একজীবন পরে আম্মার সঙ্গে বসে ‘অয়োময়’–এর একটুখানি দেখলাম আমাদের পুরোনো ভিডিও প্লেয়ারে। এটাকেও জাদুঘরে দেওয়ার সময় চলে এসেছে। এত দিন ক্যাসেট না দেখতে দেখতে অবস্থা চরম খারাপ, ঝিরঝির আসে, আবছা আবছা মানুষ দেখা যায়। তারপরও খুব ভালো লাগছিল, ছোটবেলায় যে এই নাটকের কিছুই বুঝিনি, বোঝা গেল। আশি–নব্বই দশকের জনপ্রিয় নাটকের চরিত্ররা খুব লিনিয়ার ছিল। ভালো মানুষেরা শুধুই ভালো, খারাপেরা একদম খারাপ। একই মানুষের বিভিন্ন রকম স্তর খুব বেশি এক্সপ্লোর করা হতো না। ‘অয়োময়’ নাটকে সবচেয়ে বেশি ভালো লেগেছে চরিত্রদের পরস্পরবিরোধী স্বভাব, যুক্তির বাইরের আচরণ। যেমন ছোট মির্জার কর্মচারী বদরুল...কী সুন্দর গান গায়, আবার মাঝে গান থামিয়ে হানিফকে বলে, ‘ঘটনা তো একটা ঘটাইতে হবে’...পরের দিন ঘটে যাওয়া ঘটনার চিহ্ন হিসেবে পানিতে লাশ ভেসে ওঠে। বদরুলের ভেতরের দুজন মানুষই সত্যি—যে চান্নিপসর রাতে মৃত্যুর আকাঙ্ক্ষায় চোখের পানি ফেলে, সেই একই মানুষ খুনের ঘটনা ঘটায়। অথবা হানিফ...একজন খুনি, এলাচি বেগমের ইনোসেন্সের কাছে কেমন হেল্পলেস!

বাংলাদেশ টেলিভিশনে যখন হুমায়ূন আহমেদের লেখা ‘এইসব দিনরাত্রি’ দেখানো হচ্ছিল, আমি তখন ক্লাস ফোরে পড়তাম। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কোয়ার্টার্সে থাকতাম। একটা ভরপুর সময়জুড়ে আছে নাটকটা। এমনিতেও আমাদের বাড়িভর্তি থাকত আত্মীয়স্বজন। নাটকের রাতগুলোতে পাশের বাসার চাচিরাও চলে আসতেন। বসার ঘরে বড়রা সোফায়, ছোটরা কার্পেটে।