এক্সুপেরির ভাষায়, ভালোবাসা কারে কয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আতোয়ান দ্য সঁ এক্সুপেরিকে সবাই চেনেন ‘দ্য লিটল প্রিন্স’-এর লেখক হিসেবে। তাঁর এই অসাধারণ বই হরণ করেছে বিশ্বের কোটি মানুষের হৃদয়। সম্প্রতি ‘ভালোবাসা নিয়ে আতোয়ান দ্য সঁ এক্সুপেরির একটা উদ্ধৃতি’ শিরোনামে একটি লেখা জনপ্রিয় হয়েছে রাশিয়ায়। লেখাটি প্রকাশের পর খুব অল্প সময়ের মধ্যেই তাঁর পাঠকসংখ্যা সাড়ে চার হাজার অতিক্রম করে। এরপর প্রতিনিয়ত বাড়তে থাকে। কিন্তু এমন কী ছিল আতোয়ান এক্সুপেরির ওই ভালোবাসার উদ্ধৃতির মধ্যে, যার জন্য আজকের পাঠকেরাও বারবার চোখ বোলালেন ওই উদ্ধৃতিতে? সেই কথায় জানা যাবে এই লেখায়।

আতোয়ান দ্য সঁ এক্সুপেরিকে আমরা চিনি ‘দ্য লিটল প্রিন্স’-এর রচয়িতা হিসেবে। বিশ্বসাহিত্যে এই বইটি অমূল্য। বারবার পড়া যায়। ছোটদের উপন্যাস হিসেবে পড়তে বসে হঠাৎ মনে হয়, জীবনের এত বড় দার্শনিক ব্যাখ্যা খুব কমই পাওয়া যায় অন্যত্র। বহু মানুষের প্রিয় বইয়ের তালিকায় রয়েছে ‘লিটল প্রিন্স’।

গত ৩ জুন রুশ সার্চ ইঞ্জিন ইনদেস্ক রুর সাহিত্য বিভাগে একটি ছোট লেখা প্রকাশ করা হয়। খুবই সাদামাটা এক শিরোনাম দিয়ে। শিরোনামটা ছিল ‘ভালোবাসা নিয়ে আতোয়ান দ্য সঁ এক্সুপেরির একটা উদ্ধৃতি’। লেখাটি মুহূর্তের মধ্যেই সাহিত্যরসিক কিংবা ভালোবাসায় আকণ্ঠ ডুবে থাকা মানুষদের আকৃষ্ট করে। খুব অল্প সময়ের মধ্যেই তাঁর পাঠকসংখ্যা সাড়ে চার হাজার অতিক্রম করে। এরপর প্রতিনিয়ত বাড়তে থাকে।

কী আছে সেই ছোট্ট একটি উদ্ধৃতিতে, যার জন্য মানুষ এতটা আগ্রহ নিয়ে লেখাটি পড়েছে?

এ কথা স্বীকার করে নেওয়া ভালো, পৃথিবীর প্রত্যেক পুরুষ এবং প্রত্যেক নারী ভালোবাসতে চান, হতে চান অন্যের কাছে ভালোবাসার মানুষ। ভালোবাসা আসলে কী? কীভাবে আপনার প্রতি আকৃষ্ট মানুষটি আপনাকে পুরোপুরি চিনে নেবে? এই প্রশ্নগুলো সারা বিশ্বের প্রেমিক-প্রেমিকার আদি জিজ্ঞাসা। পৃথিবী সৃষ্টি হওয়ার পর মানুষ যখন মানুষ হিসেবে নিজেকে চিনতে শিখল, প্রেমে জড়াল, তখন থেকেই মানুষ প্রেম নিয়ে এই আদি প্রশ্ন করে আসছে।

আতোয়ান দ্য সঁ এক্সুপেরি
আতোয়ান দ্য সঁ এক্সুপেরি

ভালোবাসা নিয়ে আতোয়ান এক্সুপেরির এই উদ্ধৃতি সম্ভবত অনেকের কাছে প্রেমের নিগূঢ় তত্ত্বটি নতুন করে ফাঁস করে দেবে। ভালোবাসা সম্পর্কে যে ধারণাটা ছিল এত দিন মনের গভীর কোণে লুকিয়ে, সে ধারণাটাই আমূল বদলে যেতে পারে এটা শোনার পর। সে কথা বলার আগে ‘দ্য লিটল প্রিন্স’ বা ‘ছোট্ট রাজপুত্তুর’-এর লেখকের জীবনের কিছু কাহিনি এখানে বলে নেওয়ার সুযোগ নিচ্ছি।

ফ্রান্সের এক অভিজাত পরিবারে জন্মেছিলেন আতোয়ান। ১৯০০ সালের ২৯ জুলাই। টনি নামে ডাকা হতো তাঁকে। বড় পরিবার ছিল তাঁদের। পাঁচ সন্তানের মধ্যে তৃতীয় ছিলেন এক্সুপেরি। মাত্র ছয় বছর বয়সে নিজের প্রথম লেখাটি লিখেছিলেন এই লেখক।

বাঁ হাতি ছিলেন তিনি। প্লেন বানানো আর উড়াল দেওয়া ছিল তাঁর শখ। তিনি বড় হয়ে বৈমানিকই হয়েছিলেন। বিমান চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়েছেন পনেরোবার।

স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে। আকাশেই বরণ করে নিয়েছেন মৃত্যু। ১৯৪৪ সালের ৩১ জুলাই জার্মান বিমান থেকে ছোড়া মারণাস্ত্রের আঘাতে মৃত্যু হয় তাঁর। সেই বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল ২০০০ সালে এসে। কিন্তু বৈমানিক, মানে এক্সুপেরির কোনো নিশানা ছিল না তাতে। কিন্তু তত দিনে ‘ছোট্ট রাজপুত্তুর’ বা ‘দ্য লিটল প্রিন্স’ বইটি দখল করে নিয়েছে কোটি মানুষের হৃদয়।

এক্সুপেরির বিখ্যাত বই ‘দ্য লিটল প্রিন্স’-এর প্রচ্ছদ
এক্সুপেরির বিখ্যাত বই ‘দ্য লিটল প্রিন্স’-এর প্রচ্ছদ

বলে রাখা ভালো, ২০০০ সালে ফরাসি পত্রিকা ‘লা মঁদ’-এর জরিপে সর্বকালের সেরা ১০০টি বইয়ের তালিকায় চতুর্থ স্থান অধিকার করেছিল আতোয়ান এক্সুপেরির ‘ছোট্ট রাজপুত্তুর’। পৃথিবীর ২৫০টি ভাষা ও আঞ্চলিক ভাষায় অনূদিত হয়েছে বইটি।

জানি, অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন ভালোবাসা নিয়ে আতোয়ান এক্সুপেরির উদ্ধৃতিটি শোনার জন্য। নিজের মনের কোণে লুকিয়ে থাকা ভালোবাসার সংজ্ঞার সঙ্গে মিলিয়ে নেওয়ার জন্য। এবার শুনুন তাহলে।

ভালোবাসা নিয়ে এক্সুপেরি বলছেন, ‘ভালোবাসার মানে একে-অন্যের দিকে তাকিয়ে থাকা নয়, একসঙ্গে একদিকে তাকিয়ে থাকা।’

আপনি কী মনে করেন? ভালোবাসার মানে একে-অন্যের দিকে তাকিয়ে থাকা, নাকি দুজন একসঙ্গে একদিকে তাকানো? নিজেকেই প্রশ্ন করে দেখুন তো, উত্তরটা কী আসে!

ভালোবাসা নিয়ে আতোয়ান এক্সুপেরির এই উদ্ধৃতি সম্ভবত অনেকের কাছে প্রেমের নিগূঢ় তত্ত্বটি নতুন করে ফাঁস করে দেবে। ভালোবাসা সম্পর্কে যে ধারণাটা ছিল এত দিন মনের গভীর কোণে লুকিয়ে, সে ধারণাটাই আমূল বদলে যেতে পারে এটা শোনার পর।

ভালোবাসার সংজ্ঞা জানা হলো, এবার আরও কিছু উদ্ধৃতি দেওয়া যাক ‘ছোট্ট রাজপুত্তুর’ থেকে। দেখবেন, আপনার ভাবনার জগতে কেমন যেন একটা গাঢ় পরিবর্তন আসছে।

ক. আমি বড়দের মতো হতে ভয় পাই, সংখ্যা ছাড়া কোনো কিছুতেই তারা রোমাঞ্চিত হয় না।
খ. দৃষ্টি আছে শুধু হৃদয়ের। সবচেয়ে জরুরি ব্যাপারটা চোখ দিয়ে দেখতে পাবে না।
গ. ‘মানুষ কোথায়?’ শেষ পর্যন্ত ছোট্ট রাজপুত্তুর জিজ্ঞেস করতে বাধ্য হলো, ‘মরুভূমিতে একাকী লাগে।’ ‘মানুষের মধ্যে থাকলেও একাকী লাগে।’ বলল সাপটা।
ঘ. প্রত্যেক মানুষের জন্য রয়েছে আলাদা তারা।
ঙ. অন্যের চেয়ে নিজের বিচার করা কঠিন। যদি তুমি ঠিকভাবে নিজের বিচার করতে পারো, তাহলে বলতেই হবে তুমি জ্ঞানী ব্যক্তি।
চ. ‘তোমরা সুন্দরী, কিন্তু তোমাদের ভেতরটা ফাঁপা…তোমাদের জন্য জীবন দিতে ইচ্ছে করে না।’
ছ. ভাষা একে অন্যকে বুঝতে বাধা দেয়।
জ. করে খাওয়ার যোগ্য হয়ে ওঠা মানুষেরা তোষামোদ ছাড়া আর সবকিছুর ব্যাপারে বধির।

ছোট্ট রাজপুত্তুর ভালোবাসত ওর গ্রহে থাকা ছোট্ট গোলাপটিকে। যখন পৃথিবীতে এসে বিশাল গোলাপবাগান দেখল, তখন ওর মনে যে প্রশ্নটি এসেছিল, তা হলো, এই এত এত গোলাপ, কিন্তু কেউ তার পরিচিত নয়। কারও সঙ্গে কোনো সম্পর্ক হয়নি। তাই ভালোবাসার প্রশ্ন আসে না। এ জন্যই সুন্দরী গোলাপদের ওর মনে হতে থাকে ফাঁপা।

তার মানে, ভালোবাসার জন্য চাই কাছের কাউকে। হ্যাঁ, ভালোবাসার জন্য ভালোবাসার মানুষের দিকে তাকাতে হবে। কিন্তু তারপর একে অন্যের দিকে নয়, একসঙ্গে একদিকে তাকাতে হবে। সেটাই পূর্ণ করবে ভালোবাসাকে।

আমাদের জানা নেই, আতোয়ান এক্সুপেরি তাঁর ছোট্ট রাজপুত্তুরকে পৃথিবী ছেড়ে আবার যেদিকে পাঠালেন, সাপের এক ছোবলের পর যেদিকে রওনা দিল ছোট্ট রাজপুত্র, সেদিকে ওর জন্য সত্যিকার ভালোবাসা অপেক্ষা করছিল কি না।

অন্য আলো অনলাইনে লেখা পাঠানোর ঠিকানা: [email protected]