করোনায় কাটানো তাঁহাদের কাল
>সৃজনভুবনের বারো বিশিষ্ট মানুষ। করোনা আর সবের মতো প্রভাব ফেলেছে তাঁদের নৈমিত্তিক জীবনেও। কীভাবে কাটাচ্ছেন এই ঘরবন্দী বেলা—এখানে সেই টুকরো কথামালা।
সন্জীদা খাতুন

সন্জীদা খাতুন আর রমনার বটমূলে ছায়ানটের বাংলা বর্ষবরণ উৎসব—সমার্থক প্রায়। পাকিস্তানি সাংস্কৃতিক নিপীড়নের বিরুদ্ধে বাঙালির আত্মশক্তি জাগরণের সেই নববর্ষ উৎসব কেবল একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের বছর হতে পারেনি, আর এ বছর বাংলা ১৪২৭-এ হলো না করোনার কারণে। এটা গভীর দুঃখের হলেও জনস্বাস্থ্য-সুরক্ষায় এই সিদ্ধান্তের বিকল্প ছিল না কোনো। অবশ্য ছায়ানট তার সামর্থ্য নিয়ে করোনায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, সংস্কৃতির মূলে তো মানুষের প্রতি মানুষের এই সহমর্মিতা ও সহভাগিতা। আর বিটিভি থেকে সন্জীদা খাতুনের বক্তব্য গ্রহণ করে তা পয়লা বৈশাখের দিন রেডিও-টিভিতে প্রচার করেছে। প্রথম আলোতেও প্রকাশিত হয়েছে তাঁর নববর্ষ-ভাবনা।
১৪ এপ্রিল পয়লা বৈশাখের ১০ দিন আগে ৪ এপ্রিল ছিল তাঁর ৮৭তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে শোভাপ্রকাশ 'বড়ো বিস্ময় লাগে হেরি তোমারে' শিরোনামে একটি সম্মাননাগ্রন্থ প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠানের পরিকল্পনা করেছিল। করোনার জন্য এসবও স্থগিত হলো আপাতত। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেই বইটি বেরোবে। এবারের জন্মদিনে কোনো অনুষ্ঠান হতে না পারলেও দেশ-বিদেশ থেকে অসংখ্য স্বজন-শুভার্থী ফোন করেছেন তাঁকে। প্রিয়জনদের সঙ্গে কথা বলতে বলতে সময় পার হয়ে গেছে, বিষাদের মধ্যেও ভালো লেগেছে। এর মধ্যে নূহ-উল আলম লেনিনের একটি সংকলনগ্রন্থের জন্য বঙ্গবন্ধুকে নিয়ে একটি স্মৃতিচারণ লেখা হলো আর কথাপ্রকাশের আহ্বানে 'জীবনবৃত্ত' নামে একটি আত্মজীবনী গোছের ছোট বইয়ের পাণ্ডুলিপিও দাঁড়িয়ে গেছে সন্জীদা খাতুনের।
আহমদ রফিক

অনেক দিন ধরেই চক্ষুপীড়ায় ভুগছেন ভাষাসংগ্রামী, প্রাবন্ধিক আহমদ রফিক। করোনার কারণে নিয়মিত চিকিৎসা বাধাগ্রস্থ হচ্ছে, তবু নিজের স্বাস্থ্যের চেয়ে তিনি বেশি চিন্তিত সাধারণ মানুষের জন্য। কয়েকটি পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন, আপাতত সেগুলো বন্ধ রেখেছেন। বিভিন্ন পত্রিকার ঈদসংখ্যায় লেখার আহবান এসেছে, কিন্তু এ অবস্থায় কিছুই করতে পারছেন না। অপেক্ষায় আছেন এ অন্ধকারের আশু অবসানের আর আশার আলো ফোটার।
হাসান আজিজুল হক

কথাশিল্পী হাসান আজিজুল হকের রাজশাহীর 'উজান' বাড়িতে সকাল-সন্ধ্যা কেউ না কেউ আসত রোজ আড্ডার রসদ জোগাতে কিন্তু হঠাৎ এমনই এক অভাবিত সময় এল যে বিরান চারপাশ, যেন চলছে কেবল স্তব্ধতার অনুবাদ। যতটুকু বাঁচার সুবাস—তা পাওয়া যায় ফোনে প্রিয়জনদের সঙ্গে আলাপনে৷ সর্বক্ষণ সবার জন্য উৎকণ্ঠা জাগে অন্তরে। নিজের পড়ালেখার বেশি কেবল প্রত্যাশা জেগে থাকে—সবাই যেন ভাল থাকে।
মনজুরে মওলা

এমনিতেও অসুস্থতার জন্য ঘরে বসে পড়া আর লেখায় সময় কাটত কবি, গবেষক মনজুরে মওলার; মাঝেমধ্যে কোথাও বেরুনো হতো হয়তো৷ এখন সার্বক্ষণিক ঘরেই কাটছে প্রহর, বইপত্রই যেন বয়ে আনে বাইরের খবর৷ কয়েকটি কবিতা লেখা হয়েছে ইতিউতি খাতার পাতায় আর টিএস এলিয়টকে নিয়ে নতুন গবেষণাগদ্যের ভ্রূণ গুনগুন করছে মনের মাঝারে৷ পাশাপাশি ইতিপূর্বে সম্পাদিত বাংলা কবিতার একটি সংকলন হালনাগাদ করার ভাবনাও অগ্রসরমাণ।
হাসনাত আবদুল হাই

গত কয়েক মাস যাবৎ করোনা ছাড়া আর কোনো খবর নেই বিবিসি, সিএনএনসহ আন্তর্জাতিক গণমাধ্যমে। এখন তো আমাদের গণমাধ্যমগুলোতেও তা-ই৷ প্রতিদিন, প্রতিরাত এসব শুনে বাড়ছে অস্থিরতা-উদ্বেগ-স্নায়ুচাপ। গোটা মানবজাতি যে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে, সে সম্পর্কে ভাবলে নিজস্ব পড়ালেখার কাজ স্থিরভাবে করা অসম্ভব হয়ে দাঁড়ায়—এমনটাই মনে করেন কথাশিল্পী হাসনাত আবদুল হাই। কয়েকটি পত্রিকার ঈদসংখ্যা থেকে লেখার জন্য বললেও কোনো দিকেই মন বসানো সম্ভব হচ্ছে না, যদিও কয়েকটি উপন্যাসের চিন্তা গুঞ্জরিত হচ্ছে ভেতরে ভেতরে৷ দেখা যাক, আদৌ লিখে ওঠা সম্ভব হয় কি না।
শামসুজ্জামান খান

করোনায় থমকে আছে সব। প্রত্যহ পত্রিকা আর টেলিভিশন খবরে, অনলাইনে পাওয়া মানবমৃত্যুর মিছিল মানসিক স্থৈর্য ও শান্তি ভঙ্গ করে। এরই মধ্যে দুই শ্রদ্ধেয় ও প্রিয়জন জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ ও অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের বিদায় ভীষণ ব্যথিত করেছে ফোকলোরবিদ, গবেষক, জাতীয় জাদুঘরের সভাপতি শামসুজ্জামান খানকে। তারপরও কিছু লেখালেখি হয়েছে৷ প্রথম আলোর বাংলা নববর্ষ সংখ্যাসহ কয়েকটি কাগজে সম্প্রতি লেখা প্রকাশিত হয়েছে তাঁর। গবেষণার প্রয়োজনে বঙ্গবন্ধুকে নিয়ে পড়ছেন নানা বইপত্র আর নিজের সমৃদ্ধ পারিবারিক ইতিহাস নিয়ে বিশদ লেখার প্রস্তুতি নিচ্ছেন।
আসাদ চৌধুরী

ফেসবুক মেসেঞ্জারে কথা হয় বর্তমানে কানাডাবাসী কবি আসাদ চৌধুরীর সঙ্গে। প্রায় পুরো পরিবার নিয়ে বেশ কিছুদিন ধরে কানাডায় ছিলেন তিনি। এর মাঝে সেখানে করোনার প্রকোপ শুরু হলে ঘরবন্দী প্রবাস-প্রহর কাটানো শুরু হয়৷ তার ওপর বাংলাদেশে প্রতিনিয়ত করোনা পরিস্থিতি অবনমনের খবর কষ্ট দিচ্ছে খুব। আশরাফ সিদ্দিকী, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের মতো অগ্রজ দুই কবির প্রয়াণও তাঁকে ব্যথিত করেছে বড়৷ কবি বা লেখক হয়তো সব পরিস্থিতিতেই লিখতে পারেন, তবে তাঁর কিছুই লেখা হচ্ছে না এই অবস্থায়। তবে সংগ্রহে থাকা বই আর মেয়ের ফেসবুকের কল্যাণে সাম্প্রতিক নানান লেখা পড়ে সময় কেটে যায় দিব্যি। এই তো সেদিনই পড়া হলো একটি অনলাইনে পুনঃপ্রকাশিত আহমদ ছফার ব্রাহ্মণবাড়িয়া স্মৃতিকথা।
গোলাম মুরশিদ

ঢাকা থেকে লন্ডনে যাওয়ার পরিকল্পনার মধ্যেই বাংলাদেশসহ গোটা বিশ্বে করোনার আগ্রাসন শুরু হলো। তখন পরিকল্পনা পরিবর্তন করে ঢাকাতেই রয়ে গেলেন গবেষক-প্রাবন্ধিক গোলাম মুরশিদ ও তাঁর স্ত্রী এলিজা মুরশিদ। শরীরটা আগে থেকেই ভালো যাচ্ছিল না গোলাম মুরশিদের। এখন তাই পূর্ণ বিশ্রামেই আছেন। ৮ এপ্রিল তাঁর জন্মদিনে, এমন বিপর্যয়ের মধ্যেও শুভাকাঙ্ক্ষী-স্বজন-বন্ধু-পাঠকপাঠিকা নানা মাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানিয়ে অভিষিক্ত করেছেন; এতে তিনি আনন্দিত আর আপ্লুত ভীষণ।
আনোয়ারা সৈয়দ হক

লেখালেখি, বারডেম হাসপাতাল আর সামাজিক নৈকট্যে নিরবধি সময় কাটাতেন কথাশিল্পী, মনোচিকিৎসক আনোয়ারা সৈয়দ হক। এখন করোনার জন্য নৈকট্যের বদলে থাকতে হচ্ছে দুঃখজনক কিন্তু অনিবার্য সামাজিক দূরত্বে৷ দীর্ঘদিনের সুহৃদ বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর চলে গেলেন। এই অবস্থায় তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে যেতে পারেননি—সে বেদনা কুরে কুরে খাচ্ছে তাঁকে। তবে ফোনে কথা বলে নিয়মিত খোঁজখবর পাচ্ছেন মুর্তজা বশীর, সিরাজুল ইসলাম চৌধুরী, আনিসুজ্জামান, হাসান আজিজুল হক, জাহিদুল হক বা টোকন ঠাকুরসহ অনেক পারিবারিক ও সাহিত্যসুহৃদের। এর মধ্যে তাঁর পড়া হলো আন্দালিব রাশদীর অনুবাদে মাতিলদে উরুটিয়ার 'নেরুদার সঙ্গে আমার জীবন' বইটি। প্রথমা থেকে প্রকাশিতব্য ল্যু সালোমের একটি জীবনীগ্রন্থের প্রয়োজনীয় পরিমার্জনা শেষ করলেন আর এখন লিখছেন বাবাকে নিয়ে একটি ছোট বই৷ ফোনে-অনলাইনে পেশাগত কাজও সারা হচ্ছে; করোনার কারণে ঘরে থেকেই মানসিক স্বাস্থ্য পরামর্শ দিচ্ছেন সীমিত পরিসরে ।
হাবীবুল্লাহ সিরাজী

করোনার কারণে বাংলা একাডেমিও অন্যান্য সরকারি অফিসের মতো বন্ধ আছে গত ২৬ মার্চ থেকে, তবু বাংলা একাডেমির নানা কাজের প্রয়োজনে এর মধ্যে ২-৩ দিন অফিস করেছেন একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী । অফিসের কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য-নিরাপত্তার পাশাপাশি গোটা দেশ ও বিশ্ববাসীর জন্যে চিন্তায় আকুল হয়ে আছে প্রাণ। করোনার মধ্যেই চলে গেল সুদীর্ঘদিনের সুহৃদ ছড়াশিল্পী নাসের মাহমুদ। তাঁকে দেখতে যেতে পারেননি এই অবস্থায়—গাঢ় বেদনা তাঁকে বিদ্ধ করেছে বিপুল। এমন পরিস্থিতিতে পড়ালেখায় মন বসে না মোটেও, তবে কবির কলম হয়তো থেমেও থাকে না কখনো।
'যাত্রাপুস্তক' নামে পরিকল্পিত একটি কবিতা-পাণ্ডুলিপি নিয়ে বসা হয় মাঝেমধ্যে। 'পরাজয় মানে না মানুষ' শীর্ষক এলোমেলো দিনপঞ্জি ধরনের গদ্য আঁকিবুকি হচ্ছে আর লেখা হলো কয়েকটি কবিতা; একটি প্রকাশ পেল প্রথম আলো অনলাইনেই।
আবুল আহসান চৌধুরী

কুষ্টিয়ার বাসায় বসে পড়ালেখায় আর প্রিয়জনদের সঙ্গে দূরালাপনে করোনাক্রান্ত কাল কাটাচ্ছেন গবেষক আবুল আহসান চৌধুরী। এ অবস্থায় নিজের কাজে প্রয়োজনীয় মনোসংযোগ অসম্ভবপ্রায়, তবু জীবন তো চলমান। এরই মাঝে পুনর্বার মুগ্ধ-পাঠ হলো বেলাল চৌধুরীর স্মৃতিগ্রন্থ 'আমার কলকাতা'র। পুরনো 'দেশ' পত্রিকার নিজস্ব সংগ্রহ গোছাতে গিয়ে একটি শারদসংখ্যায় মতি নন্দীর উপন্যাস আর হুমায়ূন আহমেদের 'ইস্টিশান' পড়ে প্রভূত আনন্দ পেয়েছেন। প্রকাশিতব্য দু-একটি বইয়ের পাণ্ডুলিপির পরিকল্পনার পাশাপাশি কয়েকটি ঈদসংখ্যার জন্য লেখার কাজও চলছে।
ভূঁইয়া ইকবাল

চট্টগ্রাম থেকে ঢাকায় বাসাবদলের প্রস্তুতি ছিল গবেষক ভূঁইয়া ইকবালের, কিন্তু আকস্মিক এই দুর্যোগে সব স্থগিত হয়ে গেছে আপাতত। আবাসন বদল করার ভাবনায় নিজের সব বইপত্র বাক্সবন্দী করে ফেলেছিলেন, আর অনেক মূল্যবান সংগ্রহ দিয়েও দিয়েছেন নানান গ্রন্থাগারে। এখন তাঁকে লেখা বিশিষ্টজনদের চিঠির ব্যক্তিগত সংগ্রহ উল্টেপাল্টে দেখছেন। মনে হচ্ছে এগুলোর একটি নির্বাচিত অংশ বই আকারে প্রকাশ পেলে মন্দ হবে না। বাড়িতে থাকা পুরোনো পত্রপত্রিকা ঘাঁটতে গিয়ে পাচ্ছেন অনেক দুষ্প্রাপ্য লেখা কিংবা সূত্র; পরিস্থিতি স্বাভাবিক হলে সেসব নিয়ে কাজ করা যাবে নিশ্চয়ই, তবে সবার আগে অধীর অপেক্ষা—করোনা কাটিয়ে পুরো পৃথিবীর সেরে ওঠা।