খুঁতখুঁতে দস্তয়েভস্কি
দস্তয়েভস্কি আমাদের দেশে বিখ্যাত তাঁর ‘ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট’ উপন্যাসটি দিয়ে। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘ইডিয়ট’ নামের নাটকটিও অনেককে পরিচয় করিয়ে দিয়েছে রুশ প্রতিভাবান এই লেখকের সঙ্গে। তবে উৎসুক পাঠক নানা উৎস থেকে দস্তয়েভস্কির নাড়ি-নক্ষত্র জানার চেষ্টা করেন, সে কথাও বিলক্ষণ আমাদের জানা আছে। এরই মধ্যে লেখকের অনেক বই বাংলায় অনুবাদ হয়েছে। রুশ সাহিত্যের স্বর্ণযুগের শক্তিমান প্রতিনিধি তিনি।
আমরা অবশ্য এখানে দস্তয়েভস্কির সাহিত্যবিষয়ক আলোচনা করছি না। হালকা চালে তাঁর জীবনের কিছু গভীর কথাই বলে যাব। এই লেখার পুরোটাই দস্তয়েভস্কিময়।
যাঁরা লেখকের ছবি দেখেছেন, তাঁরা সবাই জানেন, দাড়ির প্রতি ভালোবাসা ছিল দস্তয়েভস্কির। আমি অন্তত দস্কয়েভস্কির দাড়িবিহীন একটা ছবিও দেখিনি। তাঁর সমসাময়িক লেখকেরা ফিসফাস করতেন এই দাড়ি নিয়ে। বলতেন, দস্তয়েভস্কি তাঁর দাড়িকে আরও ঘন করার জন্য ফ্রান্স থেকে স্পেশাল ক্রিম আনাতেন।
দস্তয়েভস্কির প্রিয় গান ছিল ‘না জারে তি ইয়ো নি বুদি’—‘ভোরে তুমি তার ঘুম ভাঙিয়ো না’।
দস্তয়েভস্কি কথা বলতে পছন্দ করতেন, কিন্তু খুব ভালো বক্তা ছিলেন না। বেশির ভাগ সময়ই তোতলাতেন। কথা জড়িয়ে যেত। খুব কাছের মানুষেরাই শুধু তাঁর সব কথা ঠিকভাবে বুঝতে পারত।
মৃগী রোগ ছিল বলে অনেক সময়ই তাঁর অবস্থা হতো ভয়াবহ। সে সময় তাঁকে উন্মাদ বলে মনে হতো।
জ্যামিতিক আঁকাআঁকি একেবারেই পছন্দ করতেন না তিনি। পিতেরবুর্গের সমর প্রকৌশল স্কুলে পড়ার সময় একবার জার নিকোলাই প্রথম এসেছেন স্কুলে। তাঁর চোখে পড়ল একটা ড্রয়িং। সেটা হাতে তুলে নিয়ে অবাক হয়ে বললেন, ‘কোন গাধা এঁকেছে এটা?’
এ কথার পর দস্তয়েভস্কি খুব দ্রুত এই স্কুল ছেড়েছিলেন।
নিজের ভুলগুলো স্বীকার করে নিতে জানতেন দস্তয়েভস্কি। সবাই জানে, জারবিরোধী বিপ্লবী চক্রের সঙ্গে যুক্ত থাকার কারণে দস্তয়েভস্কিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পরে শেষ সময়ে সে আদেশ বদলে চার বছরের কারাদণ্ড জুটেছিল লেখকের ভাগ্যে। পরে বিপ্লব সম্পর্কে লেখক তাঁর মত বদলেছিলেন। মনে করতেন, বিপ্লবীরা রাশিয়ার বন্ধু নয়।
নিজের প্রতি খুব একটা সহনশীল ছিলেন না তিনি। নিজেকে দুষতেন, গাল দিতেন। এমনকি নিজের সব পোশাক আঁটসাঁট হয়ে আছে বলে নিজেকে ক্ষমা করতেন না। অন্যের সামনে অনর্গল নিজেকে দোষারোপ করতেন তিনি।
লেখকের আবেগের জায়গাটা ছিল অদ্ভুত। কথা বলতেন যখন, তখন এই হয়তো ফিসফিস করছেন, পরক্ষণেই করছেন চিৎকার। ভালোবাসা প্রসঙ্গে কোনো মেয়ে যদি তাঁর কথায় সায় না দিত, তাহলে তাৎক্ষণিকভাবে তিনি উত্তেজিত হয়ে পড়তেন, কখনো অজ্ঞান হয়ে যেতেন।
এ কথা সবাই জানেন, জুয়ার নেশা তাঁকে অবশ করে রেখেছিল। বিশাল পরিমাণে অর্থহানি ঘটল যখন জুয়ার আসরে, তখন বাধ্য হয়েই প্রকাশকদের অপমানকর শর্ত মেনে লিখতে হয়েছে তাঁকে। চুক্তিগুলো লেখকের জন্য একেবারেই সম্মানজনক ছিল না।
‘ইগরোক’ বা ‘জুয়াড়ি’ নামের উপন্যাসটি দস্তয়েভস্কি লিখেছিলেন মাত্র ২৬ দিনে। যদি এই সময়ের মধ্যে না লিখতে পারতেন, তাহলে প্রকাশকের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী পরবর্তী আট বছর যা লিখতেন, তার সবকিছুই প্রকাশককে দিতে হতো সম্মানীবিহীন—বিনে পয়সায়। অনেকেই জানেন, ডেডলাইন যেন ধরে রাখা যায়, সে জন্য আন্না স্নিৎকিন নামে এক স্টেনোগ্রাফারকে কাজে নেন দস্তয়েভস্কি। এই নারীকেই পরে বিয়ে করেন তিনি। দস্তয়েভস্কির জীবনে আন্নার অবদান বিশাল। দেনার প্রচণ্ড বড় গর্ত থেকে স্বামীকে উঠিয়ে আনার দায় পালন করেছেন তিনি। তাঁর কারণেই দস্তয়েভস্কি রুলেট নামক জুয়া থেকে নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নিতে পেরেছিলেন।
দস্তয়েভস্কির ঈর্ষা ছিল প্রচণ্ড। নিজের স্ত্রীর জীবনের চলার পথকে তিনি করেছিলেন শর্তাবদ্ধ। ঠোঁটে লিপস্টিক দেওয়া, অন্য পুরুষের সামনে হাসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিলেন তিনি।
পরিচ্ছন্নতা ভালোবাসতেন পাগলের মতো। পোশাকে কোনো ধরনের দাগ বা ময়লা একেবারেই সহ্য করতে পারতেন না। এক জায়গায় মিলবেন বলে অপেক্ষা করেছেন। কিন্তু যখনই এসেছে মেয়েটা, তখনই ফ্রক আর হ্যাটে দাগ দেখে সেই হবু স্ত্রীকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন পোশাক বদলে আসার জন্য। এতটাই খুঁতখুঁতে ছিলেন পরিচ্ছন্নতার ব্যাপারে। আর হ্যাঁ, সময়বিষয়ক কথার খেলাপ করতেন না। দেখা করার জন্য যে সময় দিতেন, তার এক মিনিট পরে কোনো দিন উপস্থিত হননি। কেউ যদি সময় ঠিক রাখতে না পারত, তাহলে তিনি তাঁর সঙ্গে দেখা করতেন না। চলে যেতেন। খুব কঠোরভাবে সময়ানুবর্তিতা মেনে চলতেন।
চা খেতে পছন্দ করতেন। প্রচুর চা পান করতেন। এ ব্যাপারে তিনি নিজেই তো বলেছেন, ‘যদি এমন হয়, পৃথিবী ধ্বংস হবে অথবা আমাকে চা খাওয়া বন্ধ করতে হবে। আমি পৃথিবীর ধ্বংসই বেছে নেব, কিন্তু চা খাওয়া থেকে আমাকে সরিয়ে রাখা যাবে না।’
দস্তয়েভস্কির প্রিয় খাবার ছিল সেদ্ধ করা মুরগির মাংস আর পনিরের স্যান্ডউইচ। তিনি কাজ করতেন রাত জেগে।
এবার অ্যালকোহলের প্রসঙ্গ। রুশ মানুষদের নিয়ে একটি কথা প্রচলিত আছে যে ওরা খুব মদ খেতে ভালোবাসে। ভোদকা যেন দিনরাত চব্বিশ ঘণ্টার পানীয় তাদের কাছে। দস্তয়েভস্কি তাহলে সে অর্থে একেবারেই রুশ নন। তিনি মদ প্রায় খেতেনই না। তিনি মনে করতেন, মদ মানুষকে পশু বানিয়ে ফেলে। তার ভেতরটাকে কোমল না করে শক্ত করে ফেলে। ভালো, প্রয়োজনীয় ভাবনা থেকে দূরে সরিয়ে মদ মানুষকে গর্দভে পরিণত করে।