চিরশিশু এক শিল্পী - আসগরী বেগম

পৃথিবীর প্রায় সব শিল্পীই সম্ভবত একটু আপনভোলা, এলোমেলো, দৈনন্দিন বৈষয়িক ব্যাপারে উদাসীন হয়ে থাকে। কেউ হয়তো পল গঁগার মতো সংসার ছেড়ে সুদূর কোথাও প্রকৃতিমাঝে নিজেকে বাসনাপূর্ণ করেছেন। অনেকেই সে জন্য হয়তোবা সংসারজীবনে প্রবেশই করেননি। পুরুষ শিল্পীরা মূলত ওভাবেই জীবন যাপন করেছেন, শিল্প নির্মাণে আকণ্ঠ নিমজ্জিত থেকেছেন, অপূর্ব সব শিল্পকর্ম সৃষ্টি করেছেন, বিখ্যাত হয়েছেন। যাঁরা বৈবাহিক জীবন যাপন করেছেন, অধিকাংশ ক্ষেত্রেই তাঁদের জীবনসঙ্গিনীরা সংসার-সন্তান সামলেছেন, স্টুডিও-ভরা ছড়িয়ে-ছিটিয়ে থাকা মূল্যবান শিল্পকর্মগুলো গুছিয়ে রেখেছেন। একজন মহিলাও তো মননে, আচরণে, চর্চায় শিল্পী হতে পারেন। কিন্তু তাঁর পক্ষে তো আর সব কিছু ছেড়েছুড়ে, সংসার পিছু ফেলে, সুদূরের ডাকে সাড়া দেওয়া সম্ভব নয়। তাঁর শিল্পী মনের আকুতি তাই অনেকখানি অপূর্ণই থেকে যায়।
আমার মা আসগরী বেগমও আপাদমস্তক একজন শিল্পী ছিলেন। শৈশব থেকেই ছবি আঁকা, গানবাজনা এসব কিছুর প্রতি তাঁর আকর্ষণ ছিল প্রবল। আরও অন্য মেয়েদের মত সুগৃহিণী, সাবধানী অভিভাবক ছিলেন না হয়তো। কিন্তু শিশুমনা, অল্পতে সন্তুষ্ট আমার মাকে আমার আব্বা খুবই সহমর্মিতার সঙ্গে তাঁর প্রায় প্রতিটা শিল্প প্রচেষ্টায় উৎসাহ জুগিয়ে গেছেন।
যাহোক, আমার মায়ের পরিবারের প্রতিটি সদস্য খুব সংস্কৃতিমনা ছিলেন। মায়ের তিন ভাই-ই গান বাজনা, ছবি আঁকা, ছবি তোলা, এবং লেখালেখির দিকে কমবেশি আকৃষ্ট ছিলেন। ছোটবেলা থেকেই নাকি আম্মাকে দেখা যেত রংতুলি হাতে বারান্দার এক কোণে বসে ছবি আঁকায় নিমগ্ন থাকতে। ছোট ভাই মাহমুদও কম উৎসাহী ছিল না। মেজ ভাই হাবিব রহমান ( যিনি নিজে অত্যন্ত প্রতিভাবান এক ফটোগ্রাফার এবং পরে ভারতের একজন স্বনামধন্য স্থপতি হিসাবে খ্যাতি অর্জন করেন) আম্মাকে ছবি আঁকায় প্রচুর উৎসাহ জোগাতেন এবং বিষয়বস্তু, কৌশল, ভঙ্গি ইত্যাদির ধারণা দিয়ে সাহায্য করতেন। আম্মা গান খুব ভালবাসতেন বলে আম্মার বিয়েতে সংগীতপ্রেমী বড় ভাই ওবায়েদ, নামকরা গায়ক কৃষ্ণ চন্দ্র দেকে (মান্না দের চাচা) দিয়ে সারা রাত গান গাওয়ানোর ব্যবস্থা করেছিলেন তাঁদের কলকাতার বাসায়। আর মেজ ভাই হাবিব উপহার দিয়েছিলেন দামি এক হারমোনিয়াম, যেটা আম্মা আজীবন সযত্নে রেখে দিয়েছিলেন। মাঝেমধ্যে সেটা বাজিয়ে অচর্চিত বসা গলায় আব্বা বা কোনো আত্মীয়ের অনুরোধে গাইত ‘ওলো শেফালি, ওলো শেফালি...’ বা ‘আকাশে পাখি কহিছে গাহি, মরণ নাহি...’, ‘জীবনে মরণ, মরণে জীবন’, আরও কত গান। কবি শামসুর রাহমান লিখেছিলেন ‘কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি।’ আর আমার আম্মা বলতে গেলে কাজের ফাঁকে সারাটা দিনই কত না গানের কলি গুনগুন করতেন। কখনো সায়গলের ‘পানছি ই-ই তু আ’, বা রবি ঠাকুরের ‘পাগলা হাওয়ার বাদল দিনে’, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’—নানা গান কাজের ফাঁকে অবিরাম গেয়ে চলতেন। বাড়ির কাজের মেয়েরা বেশ মজাই পেত এসব দেখে। ছোট্ট নাতি-নাতনিদের কোলে নিয়ে ‘নিন্নি বাবু নিন্নি, মাক্খন রোটি চিন্নি’ গেয়ে ঘুম পাড়ানোটা ছিল আম্মার খুবই প্রিয় একটা কাজ। ওরা আরেকটু বড় হলে ওদের নাচতে বলে তালে তালে গাইতেন, ‘আমরা দুটি ভাই, শিবের গাজন গাই/ একটি-দুটি পয়সা পেলে বাড়ি চলে যাই।’ আরও যে কত গান!

স্বশিক্ষিত শিল্পী আম্মার আঁকা কিছু ছবি সে সময়কার বিখ্যাত পত্রিকা মাসিক ‘সওগাত’-এ প্রকাশিত হয়েছিল। একটির নাম ছিল ‘সন্তানের স্বপ্ন’ (এক সন্তানহীনা রমণী গাছের নিচে খরগোশ কোলে নিয়ে আদর করছে), আরেকটা ‘মায়ার মোহ’ (এক রমণী পোষা পাখি হাতে বারান্দায় দাঁড়িয়ে)। তাঁর আঁকা ছবির সংগ্রহ ছিল বিশাল। দুর্ভাগ্যবশত বেশ কয়েকটা সময়ের বিবর্তনে নষ্ট হয়ে যায়, কিছু দেশ বিভাগের পর কলকাতা থেকে তদানীন্তন পূর্ব পাকিস্তানে চলে আসবার সময় হারিয়ে যায়। এর আগে আবার কিছু ছবি কলকাতার এক নার্সিং হোম থেকে রহস্যজনকভাবে উধাও হয়। আম্মার কাছে শুনতাম, ওখানে আরোগ্য লাভের সময় আম্মা আঁকা কিছু ছবিতে তুলির শেষ টান দিচ্ছিলেন। একসময় দায়িত্বরত কেউ একজন এসে তাঁকে খবর দিল যে তাঁর মা (আমার নানি) একজনকে দিয়ে তাঁর কয়েকটা ছবি চেয়ে পাঠিয়েছেন বাড়ির দেয়ালে টাঙিয়ে রাখার জন্য। সরল বিশ্বাসে বেছে বেছে আম্মা সবচেয়ে সুন্দর কয়টা ছবি বেছে তার হাতে তুলে দেন। সুস্থ হয়ে বাড়িতে ফিরে যখন তিনি জানতে পারলেন যে আসলে কাউকে ছবি নিতে পাঠানো হয়নি, তখন ভীষণ ভেঙে পড়েন আম্মা, বুঝতে পারেন প্রতারিত হয়ে তাঁর ছবিগুলো চিরতরে হারিয়ে গেছে। ব্যাপারটা নিয়ে পরে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না সেটা আর জানা যায়নি। তবে খোয়া যাওয়া ছবিগুলোর জন্য প্রায়ই আক্ষেপ করতেন আম্মা। এর মধ্যে ছিল আম্মার মতে তাঁর আঁকা শ্রেষ্ঠতম ছবি, বর্ণনা করতেন, সাতটি বোন প্রত্যেকে রামধনুর সাতটি রঙের শাড়ি পরে গলা জড়াজড়ি করে বৃষ্টিভেজা আকাশে রংধনুর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। ছবিটি তাই বাকিটা জীবন কেবল তাঁর স্মৃতিতে আর আমাদের কল্পনাতেই রয়ে গেল।

আম্মার অনেক ছবি ছোটবেলায় দেয়ালে টাঙানো দেখেছি। রাজশাহীতে প্রশস্ত বারান্দায় মাদুর পেতে উপুড় হয়ে আম্মার একাগ্রচিত্তে ছবি আঁকার কথা এখনো মনে পড়ে। পড়াশুনোর ফাঁকে আমার বড় বোনও তাঁর পাশে ছবি আঁকা নিয়ে ব্যস্ত থাকত। আর আমিও তাদের দেখাদেখি ছড়ানো-ছিটানো কাগজে আঁকিঝুঁকিতে মেতে থাকতাম।
সবকিছুতেই আম্মা তাঁর ভাষায় ‘আর্টিস্টিক’ কিছু খুঁজে বেড়াতেন। রাজশাহীতে পদ্মা নদীর বাঁধের ওপার থেকে রাজমণি নামের এক সুন্দরী গোয়ালিনী পেতলের কলসিতে করে টাটকা গরুর দুধ দিতে আসত। লাল পাড়ের শাড়ি পরা, আলতা রাঙানো পা, তার ছন্দময় ভঙ্গি দেখে আম্মা বলতেন, ‘দেখ, দেখ, কী আর্টিস্টিক! মনে হয় সে পেইন্টিং থেকে উঠে এসেছে যেন।’ আম্মাও নিজের অপূর্ব মুখশ্রীকে কপালে টিপ দিয়ে আরও উজ্জ্বল করে রাখতে পছন্দ করতেন। আমাদের মাঝে মাঝে একটু বিব্রতই লাগত, কই, আর কারও মা তো অমন টিপ দিয়ে সব জায়গায় যায় না। অন্যদের মায়েদের দেখতাম টিপ্ টপ্ হয়ে কুঁচি দেওয়া শাড়িতে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমার আম্মা বাসায় সব সময় এক প্যাঁচে শাড়িই পরতেন, এবং তাতেই অবশ্য তাঁকে মানাত বেশি। এ প্রসঙ্গে বলি, মাঝবয়সী আম্মাকে কে জানি কোথাও দেখতে পেয়ে দৌড়ে এসে বলল, ‘আপনি আল্লি খালা না?’ আম্মা যখন অবাক হয়ে বললেন, ‘আরে, তুমি আমাকে এত দিন পর চিনলে কী ভাবে?’ তার উত্তর, ‘কেন, আপনার কপালের টিপ দেখে?’
আম্মা অনিদ্রায় ভুগতেন। মাঝরাতে ঘুম ভাঙলে অনেক সময় দেখতাম জানালার ধারে ঈশ্বরদী থেকে আনানো মাটির ছোট্ট সোরাহিতে পানি খাচ্ছেন, বলতেন, এটা ‘ন্যাচারাল’ জিনিস, এতে পানি ঠান্ডা থাকে, স্বাস্থের জন্যও উপকারী। মাঝবয়সে নানা কারণে আম্মা ছবি আঁকা ক্রমশ ছেড়ে দেন। তাঁর শেষ অসমাপ্ত ছবিটার কথা এখনো আমার মনে আছে। গ্রামের এক বধূ বিরাট এক বটগাছের নিচে রাখা পালকির জানালা দিয়ে উঁকি দিচ্ছে। পাশেই তার ছোট ভাই বসে বাঁশি বাজাচ্ছে, বেহারারা দুপুরের খাবার সেরে ফিরে আসার অপেক্ষায়। মনে হতো অসমাপ্ত ওই ছবি যেন তাঁরই অসম্পূর্ণ শিল্পীজীবনেরই করুণ প্রতিচ্ছবি।
এ ছাড়াও অনেক ছবির কথা মনে পড়ে। সাদা-কালোতে আঁকা এক নিঃসঙ্গ মুসাফির অসহায়ভাবে নদীর ধারে পুঁটলি হাতে নৌকার আশায় বসে আছে। আকাশে কালো মেঘের বিপুল ঘনঘটা। আরও ছিল—দুজোড়া সাঁওতাল দম্পতি তাদের পরিচিত পোষাকে ঢোল বাজিয়ে নৃত্যরত। আরেকটা ছবি ছিল, নাম ‘দুপুরের বাতায়ন’—হলুদ শাড়ি পরা এক মেয়ে জানালার ধারে বসে বাইরের দৃশ্য দেখছে। ছবিটা আর নেই, কিন্তু সেটা দেখে আমি প্রায় বারো বছর বয়সে যেটা এঁকেছিলাম, সেটা রয়ে গেছে।
ছবি আঁকা ছেড়ে দিলেও মনে-প্রাণে পুরোদস্তর একজন শিল্পীই রয়ে গেছিলেন আম্মা। আমি আর বড় বোন যখন ছবি আঁকায় হাত দিলাম, তখন আম্মাই ছিলেন বলতে গেলে আমাদের দীক্ষাগুরু আর সবচেয়ে বড় সমঝদার। দেখিয়ে দিতেন কীভাবে গাছ, লতাপাতা আঁকার সময় সবুজের সঙ্গে একটু খয়েরি বা কালো রং মিশিয়ে একটু বাস্তবসম্মত করা যায়। কিংবা কাগজের ভেজা রঙের ওপর আঙুল বা ব্রাশ দিয়ে চাপ দিয়ে দিয়ে এলোমেলো চুল বা ঘন কালো মেঘের ছবি ফোটানো যায় সুন্দরভাবে ইত্যাদি। আম্মার একটা ছবি দেখে আমি এঁকেছিলাম দুটো মেয়ে হাত ধরে ‘আমপাতা জোড়া জোড়া’ খেলছে। আমারটা পত্রিকার ছোটদের বিভাগে ছাপা হয়েছিল, কিন্তু আম্মারটা হারিয়ে গেছে। শেষ বয়সে আবার যেকোনো রকমের শিল্পকর্মে হাত দিতে মন আনচান করতো হয়তো আম্মার। তাই বাসায় কাঠমিস্ত্রির কাছ থেকে কাঠের টুকরো, পুটিং ইত্যাদি চেয়ে নিয়ে তার ওপর ঝিনুক, প্লাস্টিকের ফুল-পাতা, তেঁতুল, সফেদার বিচি, পুঁতি যা কিছু পেতেন, তা-ই সেঁটে অভিনব শিল্পকর্ম বা নিজস্ব ‘কোলাজ’ তৈরি করার চেষ্টা করতেন।

খোলামেলা জায়গা ভীষণ পছন্দ করতেন আম্মা। সত্যি বলতে কি, আমাদের নতুন বাড়ি বানানোর সময়েই আম্মার আবদার ছিল, চারদিকেই যেন বারান্দা বা ব্যালকনি থাকে। আব্বা আপত্তি করায় বলতেন, ‘আমার খোলামেলা জায়গাই পছন্দ। রবি ঠাকুরের মতো আমিও প্রকৃতির কাছাকাছিই থাকতে চাই । ঘর হবে শুধু আশ্রয়ের জন্য।’ আসলেই তাই। শীতের দিনে বারান্দায় বসে তরকারি কোটা, দুপুরে বারান্দায় মাদুর পেতে খাওয়া-দাওয়া করার জন্য সবাইকে ডাকাডাকি এসব তো চলতই। চাঁদনি রাত আর ফুরফুরে বাতাস হলে তো কথাই নেই। বারান্দায় দল বেঁধে, আমরা এবং বাসার সব ছোটরা, এমনকি কাজের মেয়েরা পর্যন্ত বারান্দায় শুয়ে বসে থাকতাম, আর চলত আম্মার মজা করে নানান গল্প বলার পালা। এ ছাড়া প্রতি বিকেলে মাগরিবের আজান না দেওয়া পর্যন্ত বারান্দার পূর্ব-দক্ষিণ কোনায় আম্মা বসেই থাকতেন। তখন চারদিকে এত দালানকোঠা ওঠেনি, চারদিকে সবুজ গাছের সমারোহ আর তাতে পাখির কিচিরমিচির শব্দে মুখর হয়ে থাকত। আম্মা সবাইকে ডেকে বলতেন, ‘আসো, বসো, “গ্রীন” দেখো, চোখ ভালো থাকবে।’ আম্মাই আমাদের বাড়ির সলিম আলির মতো পক্ষিবিশারদ ছিলেন যেন। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন পাখির আনাগোনার খোঁজ রাখতেন। কোকিলের প্রথম ডাকেই আম্মা ছোট শিশুদের মতো উৎফুল্ল হয়ে ডাকাডাকি করতেন, ‘এই যে, কই সবাই, বসন্ত এসে গেছে!’ ঝলমলে রোদ দেখলেই আম্মার মন নেচে উঠত। বর্ষাকালের স্যাঁতসেঁতে, গুমোট আবহাওয়া একটুও ভাল লাগত না তাঁর। আলমারি, বাক্স খুলে রেখে সুদূর পানে দৃষ্টি রেখে উদাস স্বরে বলতেন, ‘জানো,মানুষের মনও “ড্যাম্প” হয়ে যায়, মাঝে মাঝে বাতাস লাগাতে হয় একটু।’
বাসায় পিকনিক বা চড়ুইভাতি হলে আম্মার জন্য কলাপাতায় খাবার পরিবেশন করলে খুবই খুশি হতেন। পোষা প্রাণীদের খুব আদর করতেন আম্মা। বিকেলে ইজিচেয়ারে বসে কোলের ওপর শুয়ে থাকা বিড়ালটার সঙ্গে আম্মা কত কথাই না বলতেন। শেষ বয়সে কেন জানি কোনো প্রাণীই, তা তেলাপোকা হোক বা ইঁদুরই হোক, মেরে ফেলা সহ্য করতে পারতেন না। বলতেন, প্রতিটি প্রাণীরই বেঁচে থাকার অধিকার আছে। ওরা যাতে ঘরে না আসে, সে ব্যবস্থা করলেই হয়। ইংরেজি সাহিত্যের ছাত্রী হিসেবে আমার মনে হতো—আম্মার চিন্তাধারায় বুঝি শেক্সপিয়রের ‘মেজার ফর মেজার’-এর সেই সংলাপ প্রতিধ্বনিত হতো, ‘ক্ষুদ্র গুবরে পোকাকে পদতলে পিষ্ট করে আমরা যে দৈহিক কষ্ট দিই, তা এক বিশাল দৈত্যের মৃত্যুযন্ত্রণার চেয়ে কম নয়।’
সিনেমার ভক্ত ছিলেন খুব। ‘লরেল অ্যান্ড হার্ডি’, ‘চার্লি চ্যাপলিন’, ‘টারজান’—এসব ছবি খুব আগ্রহ নিয়ে দেখতেন। ভারতীয় বংশোদ্ভূত অভিনেতা সাবুর ‘থিফ অব বাগদাদ’-এর বর্ণনা মজা করে বলতেন আম্মা। প্রিয় নায়িকা ডরোথি লেমুরের লম্বা সোনালি চুলের কথাও বলতেন। বলাকা সিনেমার দুপুর দেড়টার রিডিউসড রেটের শোতে হাসির ছবি বা অ্যাডভেঞ্চার বা রূপকথার ছবি দেখতে আম্মাকে নিয়ে যেতাম কখনো কখনো। আগের কালের যমুনা দেবী, সুচিত্রা-উত্তমের ছবিও আম্মা ভালবাসতেন।
শেষের দিকে আম্মা তাঁর কিছু ছবি অবহেলায় ফেলে রাখতেন এদিক-সেদিক। বলতেন, ‘কী হবে ওগুলো দিয়ে, নষ্ট হয়ে যাচ্ছে, কোথাও তো আর ছাপতে দেব না!’ হায় ,এখন অনুশোচনা করি, কেন ওগুলো একটু যত্ন করে উঠিয়ে রাখলাম না? অল্প বয়স ছিল, তখন কি জানতাম, ইন্টারনেট, কম্পিউটার বলে একটা জিনিস আসবে—আমরা তাতে স্ক্যান করা ছবি, ফটো রক্ষা করে প্রদর্শনী ছাড়াই অন্যদের দেখাতে পারব! যাক, যে ছিল শিল্পী, সে তো জীবদ্দশায় নিজের মনের ক্ষুধা, আকুতি মিটিয়ে গেছে! আমরা তাঁর ছবি রক্ষা করে এত যুগ পরে তা জগৎকে দেখাতে পারি বা না-পারি, শিল্পীর তাতে কিছু যায় আসে না। আজ তাঁকে যেটকু শ্রদ্ধা ও স্বীকৃতি দিতে পেরেছি, সেটাই আমাদের সান্ত্বনা। তাতেই আমরা ধন্য।

শেষ জীবনে আম্মা দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে ফেলেন। বিদেশ থেকে আমার ভাই ডেভিড আটেনবরোর অরণ্য ও পশুপাখিনির্ভর নানান ভিডিও নিয়ে এলেও দেখা হয়ে ওঠেনি তাঁর। সুচিত্রা-উত্তম জুটির ছবি দেখালে চেয়ার টেনে টিভির খুব কাছে গিয়ে তাদের ঝাপসা ছবি, গান ও সংলাপ নিয়েই খুশি থাকতেন। ব্যথায় বুক ফেটে যেত আমাদের, যখন দেখতাম যে অপরূপ দৃশ্যাবলি আম্মা তাঁর সুন্দর চোখ দুটি দিয়ে পরম মমতায় ফুটিয়ে তুলতেন, তা ক্রমশই তাঁর থেকে দূরে সরে যাচ্ছে।

আমার স্নেহময়ী অনিন্দ্যসুন্দরী মায়ের নাম ছিল আসগরী, যদিও আপনজনদের কাছে ডাকনাম আল্লি বলেই পরিচিত ছিল। ছোটবেলায় যখন আধো আধো বুলিতে নিজেকে আসগরীর বদলে আল্লি বলত, তখন থেকেই ওটি তার ডাক নাম হয়ে যায়। আরবিতে আসগরী শব্দটির অর্থ ‘ছোট্ট মেয়ে’। প্রকৃত অর্থেই আম্মা ছিলেন একজন শিশুর মতোই সরল, নিষ্পাপ, কোমলহৃদয়া এক মানুষ। মনের দিক দিয়ে আজীবন সেই বেড়ে-না-ওঠা ছোট মেয়েটাই রয়ে যাওয়া আমার মা, চিরসবুজ মনের এক শিল্পী আসগরী বেগম।