জর্জ ফ্লয়েড: করোনাকালের হাঁটুঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্জ ফ্লয়েড এখন আর কালো মানুষের নাম নয়, নির্যাতিত মানুষের প্রতীক। হয়তো থিতিয়ে যাবে সব প্রতিবাদ, কিন্তু জর্জ ফ্লয়েড থেকে যাবেন প্রতিবাদের নাম হয়ে। যেমন থেকে গেছে আমেরিকার রেড ইন্ডিয়ানরা।
জর্জ ফ্লয়েড এখন আর কালো মানুষের নাম নয়, নির্যাতিত মানুষের প্রতীক। ছবি: এএফপি
জর্জ ফ্লয়েড এখন আর কালো মানুষের নাম নয়, নির্যাতিত মানুষের প্রতীক। ছবি: এএফপি

করোনাকালের ব্যাপক আলস্য এক ঝটকায় ঝড় বানিয়ে দিলেন জর্জ ফ্লয়েড। পৃথিবী যেন একটু আড়মোড়া ভেঙে উঠে বসল। কালো-সাদা-গেরুয়া-হলদে-তামাটে সব রং যেন একটু জেগেই উঠল করোনা উপেক্ষা করে। এই জেগে ওঠার কালে আর একটি শব্দও শোনা গেল—বাঙ্কার। এই বাঙ্কারের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ঝংকার জড়িত বলে সে পথ আমাদের না মাড়ানোই ভালো। এই যে সবাই জেগে উঠল, ওঠার সময় চাপটা কিন্তু পড়ল সেই হাঁটুতেই।

ফলে সবকিছু ছাপিয়ে এই করোনাকালে হিরো হয়ে গেল হাঁটু। ইংরেজিতে যাকে বলে নি। হাঁটু কিংবা নি যা–ই বলি না কেন, সেটা মানুষের জন্য খুবই জরুরি। শরীরের অংশ বলে তো বটেই, ভাষার অংশ হিসেবেও। বাংলা ভাষা শিখতে গিয়ে ছোটবেলায় দ বর্ণটি শিখতে হয়েছে। সেটাকে মুখস্থ করার জন্য বাপ-দাদাদের সহজ পথ ছিল তাকে ভাঙা হাঁটুর সঙ্গে তুলনা করা। বলা হতো ‘হাঁটু ভাঙা দ’। আমরা স্কুল মাঠে গোল হয়ে দাঁড়িয়ে সুর করে চিৎকার করতে করতে পড়তাম, ‘তেলি পাকি ত, থলের মতো থ, হাঁটু ভাঙা দ।’ এখনো কানে বাজে সেই অদ্ভুত বেসুরো সুর। সেই থেকে হাঁটু ব্যাপারটির সঙ্গে ভাঙা ব্যাপারটি জড়িয়ে স্মৃতিতে কেমন একটা জট পাকিয়ে গেছে। তারপর একটু বড় হলেই শুনেছি ‘বেশি তেড়িবেড়ি করলে হাঁটু ভেঙে দেব।’ ভয়াবহ ব্যাপারই বটে।

আমি যে গলিতে থাকি সেই গলিতে একটা বাড়ির নাম ‘হাটু ভিলা’, চন্দ্রবিন্দু ছাড়া। কেন এমন নাম সেটা জানার জন্য একাধিকবার চেষ্টা করেছি। কিন্তু প্রতিবারই বিফল হয়েছি বাড়ির মালিকের রাশভারি চেহারার জন্য। একবার ভাড়াও নিতে গিয়েছিলাম, কিন্তু আমার পেশার কথা শুনে মালিকটি মরা মাছের চোখের মতো সাদা সাদা চোখে আমার দিকে যেভাবে তাকিয়েছিলেন, তাতে আমার ফুসফুসের সব বাতাস বেরিয়ে গিয়েছিল রেচক বায়ু হয়ে। আমি ভাড়া নিইনি। গলিতেই যেহেতু দেখা হয় মাঝেমধ্যেই। আমি মাথা নিচু করে পাশ কাটি। এরপর থেকে আমার ধারণা বদ্ধমূল হয়েছে যে হাঁটু যেমন গুরুত্বপূর্ণ, হাটু ভিলার মালিকেরাও তেমনি ভয়াবহ।

ফোর্ট রবিনসনে রেড ইন্ডিয়ান সিউ গোষ্ঠীর গোত্রপ্রধান ক্রেজি হর্সকে খুন করার দৃশ্য। ছবি: ‘আমারে কবর দিও হাঁটুভাঙ্গার বাঁকে’ থেকে।
ফোর্ট রবিনসনে রেড ইন্ডিয়ান সিউ গোষ্ঠীর গোত্রপ্রধান ক্রেজি হর্সকে খুন করার দৃশ্য। ছবি: ‘আমারে কবর দিও হাঁটুভাঙ্গার বাঁকে’ থেকে।

হাঁটু কতটা গুরুত্বপূর্ণ সেটা দেখিয়েছেন দ্য ক্যাপ্টেন, প্রিয় কাপ্তেন ম্যাশ। হাঁটুতে দশটার মতো অপারেশনের ক্ষত নিয়েও বাংলাদেশকে যিনি গর্জন করতে শিখিয়েছেন কলার উঁচিয়ে। চোখে চোখ রেখে লড়াই করতে শিখিয়েছেন মাঠে। কৃষকদের যিনি ‘হিরো’ বলতে শিখিয়েছেন। অপারেশনে অপারেশনে জর্জরিত হয়ে তিনি যদি হাঁটু গেড়ে বসে পড়তেন, হয়তো আর দশজন খেলোয়াড়ের মতো তাঁকেও আমরা মনে রাখতাম দেশের একজন খেলোয়াড় হিসেবেই। হিরো হিসেবে নয়।

হাঁটু গেড়ে বসে পড়া, মনে রাখুন কথাটা। হাঁটু গেড়ে বসে পড়লেন মানেই আপনি পরাজয় মেনে নিলেন। মাশরাফির মতো হাঁটু গেড়ে বসে না পড়া কিছু মানুষ পৃথিবীতে সব কালেই ছিলেন, আছেন এবং থাকবেন। তাঁদের কাউকে আমরা চিনি, কাউকে চিনি না। কাউকে চিনব অথবা চিনব না। কাজেই হাঁটুকে সম্মান করুন, হাঁটুর যত্ন নিন।

হাঁটুর এই অকালবোধনের কালে মনে পড়ল ডি ব্রাউনের কথা। মনে পড়ল তাঁর কালজয়ী সৃষ্টির কথা—বেরি মাই হার্ট অ্যাট উ্যনডেড নি। দাউদ হোসেন যার সরল বাংলা করেছিলেন ‘আমারে কবর দিও হাঁটুভাঙ্গার বাঁকে’। হাঁটুভাঙ্গার বাঁক! ইতিহাস বলে, ব্ল্যাক হিলস, ক্যালিফোর্নিয়ার সোনার খনি, বনাঞ্চল, চাষের জমি একে একে সব দখল করে নিচ্ছিল পঙ্গপালের মতো উড়ে আসা সাদা ইউরোপিয়ানরা। একের পর এক জনপদ ধ্বংস হচ্ছিল তাদের হাতে। রাইফেল আর তলোয়ারের আঘাতে শিকড় থেকে উপড়ে ফেলা হচ্ছিল আমেরিকার ভূমিপুত্র রেড ইন্ডিয়ানদের বিভিন্ন গোত্র। পুরুষ-নারী-শিশু-বয়োজ্যেষ্ঠ কেউ ক্ষমা পায়নি কলোনি বসাতে আসা সাদাদের হাত থেকে, বেঘোরে প্রাণ হারিয়েছে।

এই বিপন্ন বিপর্যস্ততায়ও রেড ইন্ডিয়ানরা বিশ্বাস করতে চেয়েছিল সাদা সৈন্যদের। ভেবেছিল, তাদের নিজেদের কথা প্রাণ খুলে বলতে পারবে। বোঝাতে পারবে, মৃত্যু কিংবা সংঘাত নয়, সাদাদের সঙ্গে তারা সহবাস চায়। ভেবেছিল, ঘোড়ায় চড়ে আসা সৈন্যরা তাদের কথা বুঝবে, তাদের বুঝবে। কিন্তু ঘটেছিল উল্টো ঘটনা।

‘আমারে কবর দিও হাঁটুভাঙ্গার বাঁকে’ বইয়ের প্রচ্ছদ।
‘আমারে কবর দিও হাঁটুভাঙ্গার বাঁকে’ বইয়ের প্রচ্ছদ।

১৮৯০ সালের ২৯ ডিসেম্বর, বড়দিনের আবহ তখন ইউরোপীয় সৈন্যদের চোখে–মুখে। কিন্তু উৎসব নয়, তাদের আসতে হয়েছিল যুদ্ধক্ষেত্রে—উনডেড নি নামের পাহাড়ি খাঁড়ির বাঁকে। প্রথমে নিরাপত্তার অজুহাতে ভুল–বোঝাবুঝি। তারপর রক্তাক্ত ইতিহাস।

ইতিহাস এটাও বলে, সেদিন শুধু রেড ইন্ডিয়ানরাই মরেনি। সাদা সৈন্যরাও মরেছিল। তবে রেড ইন্ডিয়ানদের দিতে হয়েছিল চরম মূল্য, শিশু থেকে নারী কেউই রেহাই পায়নি বুলেট থেকে।

এ ঘটনার প্রায় ১৩০ বছর পর ভূমিপুত্র রেড ইন্ডিয়ানদের রক্ত আর দীর্ঘশ্বাসে ভরা সেই আমেরিকাতেই জর্জ ফ্লয়েডকে গলায় হাঁটুচাপা দিয়ে নৃশংসভাবে হত্যা করেছে আমেরিকার সাদা পুলিশ। বিশেষ পরিস্থিতিতে পুলিশকে এভাবে অপরাধী ধরার প্রশিক্ষণ দেওয়া হয় পৃথিবীর প্রায় সব দেশে। কিন্তু হত্যা করার জন্য নয়। এই বীভৎস হত্যাকাণ্ড দেখে করোনার ভয়াল মৃত্যু ছোবল উপেক্ষা করে দেশে দেশে মানুষ যখন প্রতিবাদে মুখর হয়ে উঠেছে, আমি তখন ‘আমারে কবর দিও হাঁটুভাঙ্গার বাঁকে’ নামের অদ্ভুত বইখানা উল্টেপাল্টে দেখছিলাম।

এ ঘটনার প্রায় ১৩০ বছর পর ভূমিপুত্র রেড ইন্ডিয়ানদের রক্ত আর দীর্ঘশ্বাসে ভরা সেই আমেরিকাতেই জর্জ ফ্লয়েডকে গলায় হাঁটুচাপা দিয়ে নৃশংসভাবে হত্যা করেছে আমেরিকার সাদা পুলিশ। বিশেষ পরিস্থিতিতে পুলিশকে এভাবে অপরাধী ধরার প্রশিক্ষণ দেওয়া হয় পৃথিবীর প্রায় সব দেশে। কিন্তু হত্যা করার জন্য নয়। এই বীভৎস হত্যাকাণ্ড দেখে করোনার ভয়াল মৃত্যু ছোবল উপেক্ষা করে দেশে দেশে মানুষ যখন প্রতিবাদে মুখর হয়ে উঠেছে, আমি তখন ‘আমারে কবর দিও হাঁটুভাঙ্গার বাঁকে’ নামের অদ্ভুত বইখানা উল্টেপাল্টে দেখছিলাম। তত দিনে মিসিসিপিতে প্রচুর জল গড়িয়েছে। প্রেইরি সমতলভূমির ওপর দিয়ে রকি পর্বতমালার হিমশীতল বাতাসও বয়ে গেছে প্রচুর। বইয়ের পাতায় মুদ্রিত হওয়া ওভোকা, কিকিং বিয়ার, শর্ট বুল, জন গ্রাসের ছবিগুলোও বিবর্ণ হতে হতে ধূসর হয়ে গেছে। তাঁরা জানতেও পারছেন না, তাঁদের রক্ত আর দীর্ঘশ্বাস মিশে থাকা, অস্তিত্ব রক্ষার বিষণ্ন সংগ্রামের ভূমি খোদ আমেরিকায় প্রতিবাদ হচ্ছে। না, জর্জ ফ্লয়েড সেখানে কালো মানুষের নাম নয়। নির্যাতিতের প্রতীক মাত্র। ‘বেরি মাই হার্ট অ্যাট উ্যনডেড নি’ বা ‘আমারে কবর দিও হাঁটুভাঙ্গার বাঁকে’ বইখানির শুরুতে স্টিফেন ভিনসেন্ট বেনেটের একটি কবিতা আছে দাউদ হোসেনের অনুবাদে:
তথায় রব না চিরদিন
আবার আসিব ফিরে
আবারও যাব অনন্তে মিশে
তবুও
আমারে কবর দিও
হাঁটুভাঙ্গার বাঁকে।

অন্য আলো অনলাইনে লেখা পাঠানোর ঠিকানা: [email protected]