তোমার জন্মদিনে কমরেড

ফয়েজ আহমদ
প্রিয়বরেষু!
তোমার মনে আছে, আনুষ্ঠানিক স্কুলে ভর্তি করার আগে তুমি আমাকে একটি স্কুলে ভর্তি করেছিলে? ধরে নেওয়া যায় সেটা ছিল আমার প্রি-স্কুল। পুরান ঢাকার কায়েতটুলিতে তখন আমরা থাকতাম। আমাদের বাড়ির উল্টো দিকেই একটি ভাঙা ছোট্ট বাড়ি ছিল। সেটাই ছিল আমার জীবনের প্রথম স্কুল। তুমি ভর্তি করে দিলে।
আমার স্কুলের বন্ধুরা কারা ছিল, মনে আছে তোমার? বিভিন্ন বয়সের বন্ধু ছিল আমার৷ একটি ঘরেই একেক বেঞ্চিতে একেকটি ক্লাসের ছাত্র-ছাত্রীরা বসতাম। শিক্ষক খুব সম্ভব একজন বা দুজন ছিলেন। আর সহপাঠী বন্ধুরা কেউ বিকেলবেলায় বাদাম বিক্রি করত, কারও বাবা রিকশা চালাতেন, কারো-বা বাবা কারখানার শ্রমিক ছিলেন, কারও মা হয়তো অনেকগুলো বাড়িতে কাজ করতেন। তাঁরাই আমার জীবনের প্রথম স্কুলের বন্ধু, প্রথম সহপাঠী।
আনুষ্ঠানিক স্কুলে ভর্তি করার আগে তুমি একটি বছর আমাকে ওই স্কুলে পড়িয়েছ। সব সহপাঠীর সঙ্গে সমানভাবে সুন্দর করে মিশতে শিখিয়েছ, খেলতে শিখিয়েছ। বুঝতে শিখিয়েছ ওরা আমারই মতো শিশু। আমি ওদের থেকে আলাদা কেউ নই। তাই আজ বলতে দ্বিধা নেই, তুমি আমার 'পৃথিবীর পাঠশালার শিক্ষক'।
তোমার শিশুসাহিত্যে তুমি বৈষম্যহীন সমাজের কথা বলতে। তুমি জানতে, বিশ্বাস করতে শিশু-কিশোরদের মনের মধ্যে যদি শ্রেণিহীন সমাজের ছবি এঁকে দেওয়া যায়, তাহলে সমাজতন্ত্রের যে মূলকথা—সব মানুষ সমান, মানুষের সেই সম-অধিকারের সমাজ, একদিন সেই শিশু-কিশোররাই প্রতিষ্ঠা করবে।
আমাকে তুমি রবীন্দ্রনাথ চিনিয়েছ। রবীন্দ্রনাথকে বুকে ধারণ করে বড় হয়ে উঠতে শিখিয়েছ। মনে আছে তুমি আমাকে বলতে, 'জীবনের প্রতিটি বাঁকে রবীন্দ্রনাথ তোমাকে প্রশান্তি দেবেন।' কথাটি সত্যি। রবীন্দ্রনাথ আমার বুকের মধ্যে আছেন বলেই তোমাকে হারিয়েও এখনো মনোবল হারাইনি৷ তুমি আমাকে পাবলো নেরুদার কবিতা পড়িয়েছ। নাজিম হিকমতের কবিতা পড়িয়েছ। 'সোমেন চন্দ রচনাবলি' তুমিই আমাকে পড়তে অনুপ্রাণিত করেছ। তুমিই প্রথম আমাকে 'শ্রেণিসংগ্রাম' শব্দটি শুনিয়েছ। 'বিপ্লবী'—এই শব্দটি তুমিই আমার কাছে প্রিয় করে তুলেছ, এই শব্দটি তুমি আমাকে ভালোবাসতে শিখিয়েছ। কারণ, তোমার কাছেই আমি তোমার সবচেয়ে প্রিয় নেতা চে গুয়েভারার গল্প শুনেছি এবং তোমার মতো করেই আমি সেই নিপীড়িত শোষিত মানুষের বন্ধু চে গুয়েভারাকে ভালোবাসতে শিখেছি। চারু মজুমদারের বিপ্লবের দর্শন তুমিই আমাকে জানিয়েছ। আমি ইলা মিত্রকে শ্রদ্ধার সঙ্গে ভালোবেসেছি, কারণ, তুমিই আমাকে তাঁর অসাধারণ বিপ্লব-গাথা শুনিয়েছ৷ তুমিই আমাকে সেই অসাধারণ নিঃস্বার্থ মানুষ মণি সিংহ সম্পর্কে পড়তে উৎসাহিত করেছ।

আমার শিক্ষক তুমি জানো না, তুমি আমাকে জীবনের প্রকৃত অর্থ খুঁজে দিয়েছ, জীবনকে ভালোবাসতে শিখিয়েছ। জীবনকে যাপন করতে জানিয়েছ।
আমার এতখানি জীবনে আমি তোমাকে যেমন দেখেছি—তুমি সাহসী। তুমি অকপটে সত্য কথা বলার মানুষ। তুমি আপসহীন, সৎ, নির্লোভ। তুমি মানুষকে ভালোবাসো। তোমার বুকে অগাধ স্নেহ। মানুষের কল্যাণের জন্যই তোমার সকল কর্ম।
তোমার কথাই তোমাকে ফিরিয়ে বলছি। মনে আছে, তুমি সব সময় আমাকে বলতে, 'সব কাজেরই একটা বক্তব্য থাকা দরকার'। আমি জানি, বক্তব্য বলতে তুমি কী বোঝাতে—ভালো কাজ, মানুষের জন্যে কাজ, মানবকল্যাণ। যা তুমি তোমার জীবনের শেষদিনে শেষ কাজের মধ্য দিয়েও করে গিয়েছ। আমার অভিনয় তুমি পছন্দ করতে।
টেলিভিশনে আমার অভিনীত নাটক হয়তো আমার দেখা হতো না কিন্তু তুমি মন দিয়ে দেখতে। তুমি সবচেয়ে খুশি হয়েছিলে যেদিন আমি প্রথম মঞ্চে অভিনয় করলাম। তোমার শরীর ভালো ছিল না, তবু তুমি আমার মঞ্চনাটক দেখতে গিয়েছিলে। মনে আছে তোমার—আতাউর রহমানের নির্দেশনায় রবীন্দ্রনাথের তিনটি কবিতা নিয়ে 'নাট্যত্রয়ী'? আমি অভিনয় করেছিলাম 'কুন্তী' চরিত্রে, তুমি খুব খুশি হয়েছিলে বললে কম বলা হবে। খুশিরও ওপরে কিছু হয়েছিলে; যা তুমি প্রকাশ করতে পারছিলে না কিন্তু আমি অনুভব করতে পারছিলাম। আমি যে তোমারই কন্যা! তুমি চলে যাবার পর মন্দিরা আন্টির (মন্দিরা নন্দী) সাথে আমার প্রায় প্রতিদিনই ফোনে কথা হচ্ছে৷ তোমার অসমাপ্ত কাজগুলো কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, সে পরামর্শ, সিদ্ধান্ত মন্দিরা আন্টি আমাকে দিচ্ছেন। আমি তাঁর সিদ্ধান্তেই কাজ করে যাচ্ছি। আমার পথচলাটা এখন বড় একা তবু মন্দিরা আন্টির সাথে কথা বলছি, মনে সাহস পাচ্ছি। ঠিক যেমন তোমার সাথে কথা বলার সাহস পেতাম। মন্দিরা আন্টি জানতে চেয়েছিলেন, তোমাকে অর্থাৎ তাঁর প্রিয় 'ফয়েজদা'কে আমরা শেষ বিদায় কেমন করে জানিয়েছি। তাঁকে বলেছি, পুরো দেশ তোমাকে হৃদয়ের সবটুকু শ্রদ্ধা, ভালোবাসা, আদর উজাড় করে ঢেলে দিয়ে শেষ বিদায় জানিয়েছে। তোমার কমরেডরা তোমার কফিন সবার আগে তোমার প্রিয় সমাজতন্ত্রের লাল পতাকা দিয়ে ঢেকে দিয়েছেন এবং তাঁদের নিজস্ব পদ্ধতিতে তাঁদের প্রিয় কমরেডকে শ্রদ্ধা জানিয়ে স্যালুট করেছেন।
তোমার মনে আছে, তুমি তোমার বিছানার মাথার কাছে সব সময় রবি ঠাকুরের 'সঞ্চয়িতা' ও 'কমিউনিস্ট ম্যানিফেস্টো' রাখতে আর মাঝেমধ্যেই পড়তে। চলে যাওয়ার বছর দেড়েক আগে তুমি আমার হাতে 'কমিউনিস্ট ম্যানিফেস্টো' দিয়ে বললে, 'এখন থেকে এটা তুই তোর কাছে রাখবি৷' সেদিন আমার মনে হয়েছিল, তুমি 'কমিউনিস্ট ম্যানিফেস্টো' আমার হাতে তুলে দিচ্ছ না, তুমি তোমার জীবনের আদর্শ আমার কাছে হস্তান্তর করছ। আমি যথাযথ যত্নে তা গ্রহণ করেছি। তোমার কমরেডরা যখন লাল পতাকা দিয়ে তোমাকে ঢেকে দিয়েছে, তখন তোমার দেওয়া সেই জীবনদর্শন 'কমিউনিস্ট ম্যানিফেস্টো' আমি তোমার কফিনের ওপরে, বুকের ওপর রেখে দিয়েছি, কারণ, আমার কাছে মনে হয়েছে সমাজতন্ত্রের পতাকা এবং 'কমিউনিস্ট ম্যানিফেস্টো'—এই দুইয়ের সমন্বয়েই তোমাকে বোঝা সম্ভব।
সিপিবির অফিসেই রাষ্ট্রীয় মর্যাদায় তোমার 'গার্ড অব অনার' হলো এবং সবশেষে তোমার সব কমরেড সহযোদ্ধা তোমার প্রিয় 'ইন্টারন্যাশনাল' সংগীত গেয়ে তোমার শেষযাত্রায় আমার পাশে এসে দাঁড়ালেন৷ মন্দিরা আন্টি সব কথা মন দিয়ে শুনে আমাকে শুধু একটা কথাই বললেন 'সব সুন্দরভাবে, একদম ঠিকঠাক হয়েছে।'
তোমার দৃষ্টি দিয়ে এখন দুজন ঝকঝকে তরুণ যুবক পৃথিবীর আলো দেখছেন। তাঁদের একজন কম্পিউটার প্রকৌশলী, একজন চিকিৎসক। আমি জানি, তুমি খুশি হয়েছ, আনন্দিত হয়েছ। কারণ, তুমি বিশ্বাস করতে মানুষের পৃথিবীতে মানুষের কল্যাণে মানুষকেই এগিয়ে আসতে হবে। মানুষের পৃথিবী মানুষই গড়ে তোলে৷ মানুষ ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু পরাজিত হয় না৷ 'সংকীর্ণত' শব্দটি তোমার মধ্যে কখনোই ছিল না৷ মনকে উদার করতে শিখিয়েছ আমাকে। 'মনটাকে বড় রেখো', 'সবকিছু গ্রহণ করতে শেখো'—তোমার বলা এই সব কথা এখনো আমার কানে বাজে। তুমি সব সময় বলেছ, 'সামনে এগিয়ে যাও।' শঙ্কা নিয়ে বলেছি 'সামনে যে কী আছে, তা তো জানি না আমি!' 'পুরো পৃথিবীটাই তো তোমার সামনে আছে, এগিয়ে যাও'—তোমার সহজ ভাষায় তুমি বলতে৷ তুমি জানো না, আমি সেই ছোট্টবেলা থেকে সব সময় তোমাকে মুগ্ধ হয়ে দেখতাম, অবাক বিস্ময়ে দেখতাম। একজন সম্পাদক, প্রাচুর্যহীন, বৈভবহীন সাধারণ মানুষ অন্তরে কী বিশাল সম্পদশালী, প্রাচুর্যের অধিকারী!

২০১২ সালে প্রিয় একুশের এক দিন আগে তুমি চলে গেলে! তোমার মতো তো কেউ আমাকে বুঝতে পারে না৷ কখন আমার অভিমান হয়, কখন আমার রাগ হয়, কোন কথায় আমার কষ্ট হয়—তুমি ছাড়া তো কেউ এসব বুঝতে পারেনি—পারে না৷ আমি যে এখন একদম একা হয়ে গেছি!
তুমি চলে গেলে! আমার জীবনের মধ্যাহ্নে আমাকে ছেড়ে গেলে। এই খররৌদ্রে তোমাকে ছাড়া আমার পথ চলতে হচ্ছে। খুবই কঠিন সত্যি। কিন্তু আমি পথ চলতে পারব, কারণ, তোমার শিক্ষা, তোমার আদর্শ আমি আমার বুকে ধারণ করে আছি৷ তুমি ভালো থেকো। অন্য বাসে তুমি সুখময় এবং আনন্দময় আছ নিশ্চয়ই।
আজ তোমার বিরানব্বইতম জন্মদিনে তোমাকে জানাই রক্তিম অভিবাদন।
শুভ জন্মদিন কমরেড ফয়েজ আহমদ।
ইতি
তোমার স্নেহধন্য কন্যা
ফারহানা মিঠু
লেখক: ফয়েজ আহমদের ভ্রাতুষ্পুত্রী, অভিনয়শিল্পী।