দারিদ্র্য নিয়ে মানিকের নির্মম রসিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিক বন্দ্যোপাধ্যায়
ছবি: সংগৃহীত

সাহিত্যের জন্য দারিদ্র্যকে সার্বক্ষণিক সঙ্গী করে নিয়েছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়। অভাব, অচিকিৎসা আর রাষ্ট্রীয় রোষানলের মধ্যেও নিবিড়ভাবে লিখে গেছেন, থামেননি। তবে নিজের দারিদ্র্য নিয়ে নির্মম রসিকতা করতেন মানিক। চরম দুঃখের সময়ও নিজের মনকে হালকা করতে বন্ধু ও নিকটজনের সঙ্গে করতেন রসিকতা। নিজে যেমন রোগে-শোকে ভুগেছেন, তাঁর স্ত্রী কমলা দেবীও রেহাই পাননি সেসব থেকে।

একবার মানিকের স্ত্রী কমলা দেবী অসুস্থ হলে চিকিৎসক বললেন এক্স-রে করার কথা। তবে যখনকার কথা বলছি, সে সময় এক্স–রে করা ছিল খুব ব্যয়বহুল ব্যাপার, যা মানিকের পক্ষে ছিল প্রায় অসাধ্য। কথাসাহিত্যিক বিভূতিভূষণ মুখোপাধ্যায়কে লেখা এক চিঠিতে তাই ঠাট্টাচ্ছলে মানিক লেখেন, ‘ডাক্তারের হুকুম হয়েছে, হার্টের একটি ছবি তুলতে হবে। তার হার্টে যে কেবল আমার ছবি মুদ্রিত আছে, এ কথা ডাক্তারকে বলে কোনো লাভ হবে না জেনে ছবি তোলার ব্যাপারে কটা দিন বড়ই বিব্রত ছিলাম।’

‘ডাক্তারের হুকুম হয়েছে, হার্টের একটি ছবি তুলতে হবে। তার হার্টে যে কেবল আমার ছবি মুদ্রিত আছে, এ কথা ডাক্তারকে বলে কোনো লাভ হবে না।’

এ কথাতেই বোঝা যায়, নিজের অভাব নিয়ে কতটা পরিহাস করতে পারতেন এ লেখক।

এ অভাব যে কতটা প্রকট ছিল, তা জানা যায় মানিকের ডায়েরির একটি পৃষ্ঠা থেকে। স্ত্রী কমলা—যাঁর ডাকনাম ছিল ডলি—এক মৃত সন্তান প্রসব করেছেন, আর মানিক ডায়েরিতে লিখছেন, ‘বাচ্চা মরে যাওয়ায় ডলি অখুশি নয়। অনেক হাঙ্গামা থেকে বেঁচেছে। বলল, “বাঁচা গেছে বাবা, আমি হিসেব করেছি বাড়ি ফিরে মাসখানেক বিশ্রাম করে রাঁধুনি বিদায় দেব। অনেক খরচ বাঁচবে।”’

কী রকম কঠিন পরিস্থিতিতে পড়লে এমন নির্মম রসিকতা করা যায়! দারিদ্র্য নিয়ে মানিক যেমন ঠাট্টা করেছেন, দারিদ্র্যও তাকে নিয়ে কম উপহাস করেনি। খুব অনটনে পড়ে বড় ভাইকে একবার চিঠি লিখলেন মানিক। উত্তরে তাঁর বড় ভাই লিখলেন, ‘আত্মীয় হোক বা অনাত্মীয়, আমি কাউকে টাকা ধার দিই না।’

ভাইয়ের সঙ্গে পাবলিশিং হাউসের ব্যবসাও শুরু করেছিলেন একবার। তবে অভিজ্ঞতার অভাবে সেই ব্যবসা মুখ থুবড়ে পড়ে। চাকরিতে ঢুকেও নিজের আপসহীন স্বভাবের কারণে বেশি দিন চাকরি টেকাতে পারেননি। তিনি যে বন্ধুবান্ধবদের কাছ থেকে আর্থিক সাহায্য নিতে চাইতেন, এমনও নয়। তরুণদের সাহিত্য আড্ডায় নিজ খরচেই যেতেন। এমনকি তরুণদের পত্রিকায় লেখার জন্য সম্মানীও নিতেন না। চমকপ্রদ তথ্য হলো, একসময় বাড়ি বিক্রি করে পার্টির জন্য চাঁদা দিয়েছিলেন মানিক।

মৃত্যু পর্যন্ত থেকেছেন ভাড়া বাড়িতেই। ভাড়া বকেয়া পড়ায় তাঁর বিরুদ্ধে মামলাও ঠুকেছিলেন বাড়িওয়ালা। এত কিছুর পরও নিজের আদর্শ থেকে একচুলও সরেননি। শেষবার বিছানায় পড়ার আগে হঠাৎ রাস্তায় অধ্যাপক দেবীপদ ভট্টাচার্যের সঙ্গে তাঁর দেখা হয়। যুগান্তর পত্রিকার পূজা সংখ্যায় গল্প দিতে যাচ্ছিলেন তিনি।

তাঁকে দেখে খুবই অবাক হলেন দেবীপদ। বিধ্বস্ত শরীর, ক্লান্ত চেহারা ও মলিন বেশভূষা দেখে খুব আফসোস হয়েছিল দেবীপদর। অনেকটা জোর করেই বাড়িতে নিয়ে গেলেন মানিককে। খেতে বসে হঠাৎ দেবীপদর উদ্দেশে মানিক বললেন, ‘দেখো, দুটি ডাল-ভাতের সংস্থান না রেখে বাংলা দেশে কেউ যেন সাহিত্য করতে না যায়।’

মৃত্যুর আগে জটিল সব রোগে শয্যাশায়ী ছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখতে এসে কবি সুভাষ মুখোপাধ্যায় লেখকপত্নী কমলা দেবীর কাছে অনুযোগ করেছিলেন, ‘বৌদি এমন অবস্থা, আগে টেলিফোন করেননি কেন?’ এ প্রশ্নে ম্লান হেসে কমলার উত্তর ছিল, ‘তাতে যে পাঁচ আনা পয়সা লাগে ভাই।’

গ্রন্থনা: বাশিরুল আমিন

সূত্র: উত্তরাধিকার মানিক বন্দ্যোপাধ্যায় জন্মশতবর্ষ সংখ্যা ও বিনোদ ঘোষালের দিবারাত্রির মানিক