>‘পারস্পরিক’ প্রসঙ্গে
সম্প্রতি প্রয়াত হয়েছেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। ২০০৫ সালে তাঁর ৭০তম জন্মদিনে একটি দীর্ঘ লেখা লিখেছিলেন তাঁর দীর্ঘজীবনের সুহৃদ কবি-লেখক ও ভাষাসংগ্রামী তোফাজ্জল হোসেন। পরে ২০১৫ সালে তোফাজ্জল হোসেনের মৃত্যুর পর তাঁকে নিয়েও একটি ছোট্ট স্মৃতিচারণা করেন কামাল লোহানী। এই দুই লেখা মিলিয়েই আমাদের আয়োজন ‘পারস্পরিক’। এই দুই স্মৃতিকথার মধ্য দিয়ে মূলত মূর্ত হয়েছে জাতি হিসেবে আমাদের গড়ে ওঠার উত্তাল সময়গুলো। বিশেষত, কামাল লোহানীকে নিয়ে তোফাজ্জল হোসেনের স্মৃতিচারণায় পাওয়া যায় ৫০, ৬০ ও ৭০ দশকের সেই সব হিরণ্ময় সময়ের ছবি, যা মূলত এক সোনালি অতীতকেই সামনে নিয়ে এসেছে।

কামাল লোহানী: স্বকীয় বৈশিষ্ট্যে উজ্জ্বল এক নাম
তোফাজ্জল হোসেন
প্রবীণ ও প্রথিতযশা সাংবাদিক, সংস্কৃতিসেবী, সাংস্কৃতিক সংগঠক ও সমন্বয়সাধক কামাল লোহানীর সত্তরে পদার্পণ উপলক্ষে একটি স্মারকগ্রন্থ হচ্ছে, তাতে আমাকে কিছু লিখতে হবে, স্বয়ং তার পুত্র সাগর লোহানীর এই অকপট প্রস্তাবের সঙ্গে সঙ্গে যে গানের কলিটি আমার মনে গুনগুন করে উঠল, তা হচ্ছে, ‘কে কার অলংকার’। আমার বাড়িতে সাগরের সঙ্গে টুকিটাকি কথাবার্তা হচ্ছিল। জীবন থেকে নেওয়া দু-একটি ঘটনায় উঁকিঝুঁকি মারা বাকি থাকেনি। তবে তা সমুদ্রে বারিবিন্দুবৎ। অর্ধশত বছরের বেশি দিন ধরে যার সঙ্গে থেকে থেকে ওঠাবসা, কর্মব্যাপদেশে অথবা সংস্কৃতি বা সংগঠনচর্চায় একাত্ম হওয়া, জীবনের কোনো আশা-আকাঙ্ক্ষা পূরণে সহায়ক হওয়া, এমনকি পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, সাংগঠনিক এবং স্বকীয় সত্তা বজায় রাখার নিরবচ্ছিন্ন উদ্যোগ প্রচেষ্টায় সম্পূরক বা পরিপূরক হিসেবে কাজ করার আলেখ্য বিদ্যমান, তা তো এত স্বল্প পরিসরে বা অল্প কথায় শেষ হওয়ার নয়। বিশেষ করে আমরা গত শতকের পঞ্চাশের দশকের গোড়া থেকে গত অর্ধশত বছরের বেশি দিন ধরে আমাদের জন্মভূমি, তথা উপমহাদেশের ভাঙাগড়ার যে পালা দেখেছি, তার অনেক কিছুতে, বিশেষত সাংবাদিকতা, সাহিত্য-সংস্কৃতিচর্চা, প্রগতিশীল ছাত্র যুব সংগঠন—এসবের সাংস্কৃতিক তৎপরতায় আমাদের একটি বলিষ্ঠ অংশীদারত্ব তো অবশ্যি রয়েছে। বাংলার সাংস্কৃতিক আন্দোলন ও নানা দৃষ্টিভঙ্গিজনিত বিভ্রম এবং নিজের মনের মাধুরী মিশিয়ে বৃহত্তর মানবগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনের স্থলে, কাল ও সময়ের পটভূমি ও তার চাহিদাকে পাশ কাটিয়ে তাকে ধর্মীয়, সাম্প্রদায়িক ও সংকীর্ণ ভাবধারায় পরিচালিত করার প্রচেষ্টা চালানো হয়েছে। পুরো পাকিস্তানি আমলে ধর্মাশ্রিত রাজনৈতিক আবরণের অন্তরালে তা প্রবহমান ছিল। বলা বাহুল্য, তার প্রতিবাদী ধারাও এ দেশের মাটিতেই স্বয়ংক্রিয়ভাবে জন্ম নিয়েছে। ’৫২-র ভাষা আন্দোলন বলতে গেলে সেই ধূমায়িত অগ্নিরই বহিঃপ্রকাশ, যা পর্যায়ক্রমে গণমানুষের এক দাবানল, এক অঘটন ঘটনপটিয়সী জনযুদ্ধের রূপ নিয়েছে। সে সময়কার দেয়ালের লিখনগুলো সে সময়কার দেশীয় ও ভিনদেশী শাসকবর্গ—যারা অতীত সম্পর্কে ভালোভাবে ওয়াকিবহাল না থাকলেও রাষ্ট্রব্যবস্থায় মান্ধাতার আমলের চিন্তাচেতনাকে স্থান দিতে চেয়েছে। আর সময়ের দাবির কাছে একে একে মার খেয়ে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে কোণঠাসা হতে হতে সব শক্তি ও দাপট কোষে বদ্ধ করে বাংলাদেশের অভ্যুদয়ের জন্য পথ করে দিতে বাধ্য হয়েছে। দুর্ভাগ্য, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পরও সেই প্রতিক্রিয়াশীল শক্তি বহাল তবিয়তে শুধু অস্তিত্ব বজায় রাখারই সুযোগ পায়নি, বরং নতুন বোতলে পুরোনো মদের স্থান করে নিয়েছে। এই অপশক্তির টানাপোড়েন বাংলাদেশের রাজনীতির চেহারা-চরিত্রে রয়ে গেছে। এর ভবিষ্যৎ নিয়ে আলোকপাত করা থেকে এই লেখায় বিরত থাকছি। উপরন্তু এটুকুর উল্লেখ করা প্রাসঙ্গিক বিবেচনা করছি যে চলতি বছরের অক্টোবরে আমিও সত্তরে পদার্পণ করছি। সাল-তারিখের হিসাবে কামাল লোহানী আমার কয়েক মাসের সিনিয়র। তবে মুরুব্বিয়ানাটা আমারই ছিল এবং নড়বড়ে অবস্থায় এখনো রয়েছে বলে আমার ধারণা। এর কারণ অবশ্য অত্যন্ত স্পষ্ট। সেই মাত্র ইন্টারমিডিয়েট পর্যায়ের ছাত্রাবস্থায়ই আমি সাংবাদিকতার সঙ্গে যুক্ত হই। ফলে সেই যথাসময়ে পরিচিতি ও ঘনিষ্ঠতার সূত্র ধরে ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’ বা প্রথম দর্শনে প্রেমের সূত্র ধরে কামাল এবং আরও অনেকের সংবাদপত্রে প্রবেশের পথ সহজ হয়েছিল।

দুই.
ভাষা আন্দোলন পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার খুব বেশি দিন পরের ঘটনা ছিল না। ১৯৪৭ থেকে ’৫২, মাত্র পাঁচটি বছরের বা বাস্তবে চারটি বছরের ব্যবধান। কিন্তু ভাষা আন্দোলনের সূচনার সূত্র ধরে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক—এসব কিছুর নবপর্যায়ে পোলারাইজেশন বা মেরুকরণ শুরু হয়ে গিয়েছিল। যতদূর মনে পড়ে, ১৯৫৪ সালে নবাবপুর রেলওয়ে ক্রসিংয়ের একটু দক্ষিণে হাতের ডান দিকে একটি দোতলা ‘মেস’ বা পান্থশালা ছিল। মেসটি ছিল প্রগতিশীল ছাত্র–যুবকর্মীদের আস্তানা। সেখানে অনিবার্য কারণে আমাদের অনেকের যাতায়াত ছিল। আমি পূর্ব পাশের একটি কক্ষে আরও দু-একজনের সঙ্গে কামালকে একটি বালিশ কোলে নিয়ে দেয়ালে হেলান দিয়ে বসে থাকতে দেখতে পাই। এখানে একটি কথা বলে রাখা প্রাসঙ্গিক মনে করছি, বিয়ের পর কামাল তার নববধূকে এখানেই তুলেছিল। সেখানেই আমি তার অন্য ধর্মাবলম্বী প্রেয়সীকে বিয়ে করার কাহিনি শুনতে পেয়েছিলাম। তা অবশ্য আমার জন্য কোনো ব্যাপার ছিল না। তবে তাদের প্রতি সহানুভূতি এবং খানিকটা সহমর্মিতা প্রকাশের জন্য আমি আমার এলাকাবাসী, তখনকার কমলাপুরের বাসিন্দা লোহানীর এক বড় বোনের রোষানলে পতিত হই। তিনি আমাকে বড়ই ‘মধুর’ ভাষায় আক্রমণ করেছিলেন।