নির্মলেন্দু গুণের কাছে বাঙালির ঋণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>আজ কবি নির্মলেন্দু গ‌ুণের ৭৫তম জন্মবার্ষিকী

কবি নির্মলেন্দু গ‌ুণের প্রথম কাব্যগ্রন্থ ‘প্রেমাংশুর রক্ত চাই’। প্রকাশিত হয় ১৯৭০ সালে। ছাপা বই নিয়ে গেলেন নেত্রকোনায় নিজ গ্রামে। বাবা পড়ছেন তাঁর কবিতার বই। পরিবারের সবাই তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। এমন সময় হঠাৎ চাচাতো ভাই এসে পায়ে পড়লেন। বললেন, ‘দাদা, আমি কী অপরাধ করলাম! আমার ওপর খেপেছ কেন? আমাকে মাফ করে দাও, যদি অজান্তে কোনো অপরাধ করে থাকি।’ গ‌ুণ বললেন, ‘তুমি কেন অপরাধ করবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি মাফ চাইছ কেন?’ তখন কবির সেই চাচাতো ভাই বললেন, ‘তুমি নাকি আমাকে নিয়ে বই লিখেছ একটা! তুমি নাকি আমার রক্ত চাও। দাদা, আমাকে মাফ করে দাও।’ কবির ওই ভাইয়ের নাম ছিল প্রেমাংশু।

আপাতদৃষ্টিতে বিষয়টি বেশ মজার সন্দেহ নেই। কিন্তু মজা দিয়ে তো এই নামকরণের বিষয়টির সুরাহা করা যায় না। এই রকম একটা রক্তাক্ত নামকরণের জন্য আবশ্যিকভাবে আমাদের যেতে হয় গত শতকের ষাটের দশকের উত্তাল সময়ে। সময়টি এক যুবকের রক্তকে উত্তপ্ত করে তুলেছিল। প্রেমের মোহন কবিতার বদলে তাঁর কলম দিয়ে বের করে নিচ্ছিল আণবিক সব কবিতা! ২৩ থেকে ২৪ বছরের একজন তরুণের হৃদয়কে করেছিল ‘মারাত্মক আগ্নেয়াস্ত্র’। এ কি শুধু সময়ের কৃতিত্ব! সময় কি সবাইকে দোলায় একই দোলনায়! নাকি ওই তরুণ-যুবকের রক্তে দোলা দিয়েছিল তাঁর স্বদেশ ও স্বজাতির নতুন মানচিত্র ও ভবিষ্যৎ!

নির্মলেন্দু গ‌ুণ বাংলাদেশের কবিতার ইতিহাসে ষাটের দশকের কবি হিসেবেই চিহ্নিত হয়ে থাকেন। কারণ, ষাটের দশকেই তিনি কবি হিসেবে আত্মপ্রকাশ করেন এবং খ্যাতিমান হয়ে ওঠেন। বইও প্রকাশিত হয় ষাটের উপান্তে। এই দশকে তিনি একা নন, আত্মপ্রকাশ করেছিলেন একঝাঁক নতুন তরুণ কবি। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হায়াৎ মামুদ, আবদুল্লাহ আবু সায়ীদ, রফিক আজাদ, সিকদার আমিনুল হক, আবদুল মান্নান সৈয়দ, মোহাম্মদ রফিক, আসাদ চৌধুরী, আবুল হাসান, হুমায়ুন আজাদ, সাযযাদ কাদির, মুহম্মদ নূরুল হুদাসহ আরও অনেকে। তাঁদের অধিকাংশের কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে মুক্তিযুদ্ধের পরে। মুক্তিযুদ্ধের আগে যাঁদের কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, তাঁরা হলেন হায়াৎ মামুদ, মোহাম্মদ রফিক, সাযযাদ কাদির আর নির্মলেন্দু গ‌ুণ। তাঁদের মধ্যে নির্মলেন্দু গ‌ুণ ছিলেন সম্ভবত সবচেয়ে কম বয়সী। ষাটের দশকের কবিদের মধ্যে সবচেয়ে কম বয়সে নির্মলেন্দু গ‌ুণের বই প্রকাশিত হয়েছিল—এটি তাঁর বিশেষত্বের জায়গা নয়। গ‌ুণ অন্য কারণে তাঁর সময়ের কবিদের থেকে আলাদা। তিনি আলাদা রক্তে দোলা দেওয়া ওই স্বদেশ-স্বজাতির মানচিত্র ও ভবিষ্যতের স্বপ্নাকাঙ্ক্ষার দিক থেকেই।

ষাটের দশকের উল্লিখিত তরুণ কবিদের একাংশ ওই সময়ের উত্তাল রাজনীতির মধ্যে মগ্ন ছিলেন আধুনিক জীবনের ক্লেদ, নৈরাশ্য আর হতাশা নিয়ে। আর একদল ছিলেন রাজনীতিবিমুখ কলাকৈবল্যবাদী। শিল্পে তাঁদের যতটা আগ্রহ, রাজনৈতিকতায় ততটা ছিল না। ষাটের দশকের কিছু কবি রাজনীতিসচেতন কবিতা লিখেছেন। বাঙালি জাতীয়তাবাদের ধারক ও প্রচারক হয়েছেন, কিন্তু তা স্বাধীনতার পরে। এ প্রসঙ্গে অবশ্যই একটু নোকতা দিয়ে রাখতে হবে যে স্বাধীনতার পরে যাঁরা বাঙালি জাতীয়তাবাদী কবিতা রচনা করলেন, তাঁদের আবেগ অবশ্যই খাঁটি। কিন্তু মনে রাখা দরকার, এই আবেগ যখন দেশ ও জাতির জন্য খুব প্রয়োজন ছিল, যেকোনো কারণেই হোক তখন তাঁরা সেদিকে মনোযোগ দিতে পারেননি। ষাটের অধিকাংশ তরুণ কবির রাজনৈতিক অনীহার জায়গাটি অনেকাংশে পূরণ করেন পঞ্চাশের দশকের শামসুর রাহমান, আল মাহমুদ, হাসান হাফিজুর রহমানদের প্রজন্ম।

ষাটের দশকে রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম যাঁর কবিতাকে সমূল কাঁপিয়ে দিয়েছিল, তিনি নির্মলেন্দু গ‌ুণ। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘প্রেমাংশুর রক্ত চাই’কে বলা যায় ষাটের বাঙালি জাতীয়তাবাদী রাজনীতির ছায়ায় বেড়ে ওঠা পরিপূর্ণ কাব্য। এই কাব্যের প্রেমে-অপ্রেমে, বিষণ্নতায়-প্রসন্নতায়, দ্রোহে-প্রত্যয়ে—সর্বত্র জাতীয়তাবাদী আন্দোলন-সংগ্রামের ঝাঁজ। এই কাব্যের ‘হুলিয়া’, ‘সবুজ কাক’, ‘জনাকীর্ণ মাঠে জিন্দাবাদ’, ‘চুক্তি’, ‘ভালোবাসার টাকা’, ‘জলের সংসার’, ‘যানবাহন নেই’, ‘প্রেমাংশুর রক্ত চাই’, ‘জালনোট’, ‘উন্নত হাত’, ‘অসমাপ্ত কবিতা’, ‘ভালোবাসার পুরনো বর্গায়’, ‘নির্জন হীরা জ্বাললে, ‘স্বদেশের মুখ শেফালি পাতায়’ ‘কলম’, ‘হিমাংশুর স্ত্রীকে’, ‘লজ্জা’, ‘যুদ্ধ’, ‘পুনরুদ্ধার’—কবিতাগুলোর প্রতিটি কোনো না কোনোভাবে সমকালীন রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম দ্বারা প্রত্যক্ষভাবে প্রভাবিত। এসব কবিতায় পূর্ব বাংলার জাতীয়তাবাদী চেতনা, এর চাপ, তাপ রূপময় হয়ে উঠেছে। প্রথম কাব্যে জাতির সংকট-সম্ভাবনা, অহংকার, প্রতিরোধী চেতনা, আত্মত্যাগ এত প্রবলভাবে চিত্রিত হয়েছে যে নির্মলেন্দু গ‌ুণকে খুব সহজেই ষাটের দশকের জাতীয়তাবাদী চেতনার গর্ভজাত কবিসত্তা বললে অত্যুক্তি হয় না। আরও স্পষ্ট করে বললে বলা যায়, নির্মলেন্দু গ‌ুণ ষাটের দশকের একমাত্র কবি, যাঁর উত্থানই হয়েছে উনসত্তরের গণ–অভ্যুত্থানের গর্ভ থেকে। এ কারণেই বোধ করি তিনি বলতে পেরেছিলেন, কবিতা তাঁর ‘প্রতিশোধ গ্রহণের হিরণ্ময় হাতিয়ার’।

নির্মলেন্দু গ‌ুণের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘না প্রেমিক না বিপ্লবী’ প্রকাশিত হয় ১৯৭২ সালে। এই কাব্যগ্রন্থে কবি প্রেম, প্রকৃতি, নারী ও যৌনতার দিকে অনেকটা ঝুঁকেছেন। কিন্তু তবু এই কাব্যের ‘আগ্নেয়াস্ত্র’, ‘রবীন্দ্রনাথের বাঁশি’, ‘প্রথম অতিথি’, ‘কুশল সংবাদ’, ‘কথাবলাকলাকৌশল’, ‘বিশ্বাসের আগুন’, ‘মুখোমুখি’, ‘যে এলাকা আমার দখলে’, ‘শহীদ’, ‘অবরুদ্ধ বর্বরতা’, ‘নিক্সনের জাহাজ’, ‘যেহেতু যাইনি যুদ্ধে’, ‘স্বাধীনতা, উলঙ্গ কিশোর’ কবিতায় কোনো না কোনোভাবে রাজনীতি তার দীর্ঘ ছায়া ফেলে গিয়েছে। এসব কবিতাও ‘প্রেমাংশুর রক্ত চাই’-এর মতোই একই চেতনা থেকে জন্মলাভ করেছে।