
নব্বইয়ের দশকে সোভিয়েত ইউনিয়ন তথা গোটা পূর্ব ইউরোপীয় ব্লকের পতনের আগ অবধি বাংলাদেশে মতাদর্শিকভাবে খানিকটা বাম-ঘেঁষা পরিবারের শিশু-কিশোর হিসেবে আমরা যারাই বড় হয়েছি, তারা 'প্রগতি' বা 'রাদুগা' প্রকাশনী থেকে বাংলায় অনূদিত ঝকঝকে ছাপায় রুশ শিশুসাহিত্য-কবিতা-গল্প-উপন্যাস পড়ার পাশাপাশি ওপার বাংলার কবি সুভাষ মুখোপাধ্যায়ের মে দিবস নিয়ে রচিত সেই বিখ্যাত চার পঙ্ক্তি মুখে মুখে শুনে আর মুখস্থ করেই কি বেড়ে উঠিনি: 'প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য/ ধ্বংসের মুখোমুখি আমরা/ চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য/ কাঠফাটা রোদ সেঁকে চামড়া।' আচ্ছা, সুভাষ মুখোপাধ্যায় কেন 'ফুল খেলবার দিন' নয় বলে শুরুতেই ঘোষণা দিচ্ছেন?
হ্যাঁ, ১৮৮৬ সালের ৪ মে মার্কিন যুক্তরাষ্ট্রের হে মার্কেটে আট ঘণ্টা কাজের দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের ওপর পুলিশের গুলিবর্ষণে চারজন শ্রমিক নিহত হওয়ার প্রেক্ষিতে বিশ্বজুড়ে প্রতিবছর ১ মে শ্রমিকদের অধিকার রক্ষায় 'মে দিবস' পালিত হয়ে আসছে। তবে ১৮৮৬ সালের আগে পশ্চিমে মে দিবসের ছিল ভিন্ন তাৎপর্য। মে দিবসের সূচনা কিন্তু পশ্চিমে গ্রীষ্মের আগমনের সময় প্রাচীন পৌত্তলিক উৎসব বা প্যাগান ফেস্টিভ্যালে। এ কারণে উত্তর গোলার্ধে এটিকে প্রধানত মৌসুম পরিবর্তনের উৎসব হিসেবে উদ্যাপন করা হয়। প্রাচীন কেল্ট বা পৌত্তলিক ধর্মের অনুসারী ইন্দো-ইউরোপীয় অধিবাসীরা এ উৎসবকে 'বেল্টাইনি' বলত, যা আজও অনুষ্ঠিত হয়। শত বছরের ধারায় উৎসবটি বিবর্তিত হয়েছে। অ্যাড্রিয়েন রিভেরা তাঁর প্রবন্ধ 'ওয়ার্কার্স ইনফ্লুয়েন্স: দ্য লিটারেচার অব মে ডে'-তে উল্লেখ করছেন যে শ্রমিক অধিকার দিবস হিসেবে বিবেচিত হওয়ার আগে 'মে দিবস' বলতেই মাথায় ফুলের মুকুট পরে ম্যাপল গাছের পাশে নর-নারীর সমবেত নৃত্যের মাধ্যমে গ্রীষ্মকে বরণ করা বোঝাত (১মে ২০১৭)। শেক্সপিয়ারের 'আ মিডসামার নাইটস ড্রিম'-এর বেশ কিছু অংশের ঘটনাই মে দিবসে ঘটে থাকে। কিন্তু ১৮৮৬ সালের ঘটনাই প্রকৃতি বন্দনার দিন থেকে এই দিবসকে শ্রমিকের অধিকার রক্ষার দিবসে পরিবর্তিত করে। বাংলার কবি সুভাষ মুখোপাধ্যায়কেও তাই ঘোষণা দিতে হয় যে 'ফুল খেলবার দিন নয় অদ্য।'
২.
মে দিবসের সংক্ষিপ্ত ইতিহাস কমবেশি আমরা সবাই জানি। ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিল্পপ্রতিষ্ঠানের শত শত শ্রমিক দিনে ৮ ঘণ্টা কাজ করার দাবি নিয়ে একটি জাতীয় আন্দোলন শুরু করেন। যেহেতু সে সময় শ্রমিকদের দিনে ১০ থেকে ১৬ ঘণ্টা কাজ করতে হতো। শিকাগোর এ প্রতিবাদ কিছুদিন চলমান ছিল এবং ৩ মে শিকাগো নদীর উত্তর তীরে অবস্থিত 'ম্যাককরমিক রিপার ওয়ার্কসে'র শ্রমিকদের ধর্মঘট পুলিশের সঙ্গে সংঘর্ষে রূপ নেয়। এ সংঘর্ষে কিছু শ্রমিক আহত হন, কিছু শ্রমিক নিহত হন।

পরের রাতে এ সহিংসতা আরও বেড়ে যায়। শিকাগোর হে মার্কেট চত্বরে সমবেত হওয়া বিক্ষোভকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ এলে পুলিশের দিকে একটি বোমা নিক্ষেপ করা হয়। এতে ক্ষুব্ধ পুলিশ জনতার ওপর গুলিবর্ষণ করলে চারজন শ্রমিক নিহত হন ও ২০০ শ্রমিক আহত হন। পরদিন এর জের ছড়িয়ে পড়েছিল যুক্তরাষ্ট্রের উইসকিনসনেও, যেখানে রাষ্ট্রীয় মিলিশিয়া বাহিনী গুলি ছুড়লে দুজন নিরীহ পথচারীসহ মোট সাতজন নিহত হয়। মূলত এমন মর্মবিদারি সব ঘটনাপঞ্জির স্মরণেই 'ইন্টারন্যাশনাল সোশালিস্ট কনফারেন্স' প্যারিসে ১৮৮৯ সালের মে মাসের ১ তারিখকে শ্রমিকদের জন্য আন্তর্জাতিক ছুটি হিসেবে ঘোষণা করেছে, যা আজও আমরা পালন করি। বিশ্বের প্রথম মে দিবস পালিত হয় অবশ্য আর্জেন্টিনায়। প্রায় ১২৮ বছর আগে।
৩.
স্কট ফিটজেরাল্ড যদিও মূলত তাঁর 'দ্য গ্রেট গ্যাটসবি' উপন্যাসের জন্যই সর্বাধিক পরিচিত, তাঁর ছোটগল্প 'মে দিবস' আঙ্গিক ও বিষয়বস্তু উভয় কারণেই বিখ্যাত। শ্রেণি ও সমাজের দ্বন্দ্বগুলো এই গল্পে উঠে এসেছে। 'স্মার্ট সেট' নামের একটি সাহিত্য কাগজে ১৯১৯ সালে মুদ্রিত গল্পটিতে সে বছর ক্লিভল্যান্ডে মে দিবসের ছুটির সময় শ্রমিকদের ওপর গুলিবর্ষণে বেশ কিছু শ্রমিক আহত ও দুজন নিহত হওয়ার কথাই লেখা হয়েছে।
লোলা রিডজের 'হিস্ট্রিওনিকস'

১৮৭৩ সালে আয়ারল্যান্ডে রোজ এমিলি রিডজ নামের এই নারী লেখকের জন্ম। মতাদর্শগতভাবে নৈরাজ্যবাদী এই লেখক মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসী হন ১৯০৭ সালে এবং ১৯১৮ সালে তাঁর প্রথম কবিতা সংকলন প্রকাশিত হয়। দ্রুত শিল্পায়ন ঘটতে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে শ্রমিকশ্রেণির রূঢ় বাস্তবতা তাঁর সাহিত্যে বারবার বিধৃত হয়েছে। যদিও শিকাগোর হে মার্কেট ঘটনার সময় তাঁর বয়স মাত্র ১৩ এবং তখন তিনি নিউজিল্যান্ডে বসবাস করছিলেন, তবু তাঁর কবিতা 'হিস্ট্রিওনিকস' ১৯২৬ সালে 'নিউ ম্যাসেস (নবজনতা)' পত্রিকায় প্রকাশিত হয়, যেখানে পুলিশের দিকে বোমা ছুড়ে মারার দায়ে অভিযুক্ত আলবার্ট পার্সনসের ফাঁসি নিয়ে কবি শোক করেছেন। এই 'নিউ ম্যাসেস' পত্রিকাতেই আলফ্রেড হায়েসের কবিতা 'ইনটু দ্য স্ট্রিটস মে ফার্স্ট' প্রকাশিত হয়। এই কবিতায় ১৯৩৪ সালে সংঘটিত সাম্যবাদী শ্রমিকদের বিদ্রোহের কথাই মূল উপজীব্য।
গেভিন ম্যাকক্রিয়ার মিসেস এঙ্গেলস
'দ্য কন্ডিশন অব দ্য ওয়ার্কিং ক্লাস ইন ইংল্যান্ড'-এর রচয়িতা ও 'দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো'র সহলেখক ফ্রেডরিখ এঙ্গেলসের স্ত্রী লিজি বার্নসের জীবন নিয়ে এই উপন্যাসটি অনুপ্রাণিত। কার্ল মার্ক্স ও এঙ্গেলসের জীবদ্দশায় তাঁদের জীবনের নেপথ্য ঘটনাবলির এক কল্পনানির্ভর আলেখ্য এই উপন্যাসে রচনা করেছেন লেখক। তুলে ধরেছেন এই দুই মনীষীর জীবনের সবচেয়ে কর্ম ও সৃজনমুখর সময়ের কথা। যদিও এই উপন্যাসের ঘটনাবলি হে মার্কেটের সেই বিষাদ-দিনের আগেই ঘটেছে, তবু উপন্যাসে বিধৃত দুই মনীষীর জীবন ও কর্ম হে মার্কেটের লড়াকু শ্রমিকদের নিশ্চিত অনেকটা প্রেরণাই জুগিয়েছিল।
জন সমারফিল্ডের 'মে ডে'

১৯৩৬ সালে প্রকাশিত এই উপন্যাস কমিউনিস্টদের দ্বারা সংঘটিত এক বিদ্রোহ ও লন্ডন শহর তাদের হাতে দখল হওয়ার কল্পনায় আচ্ছন্ন। ব্রিটিশ কমিউনিস্ট পার্টির প্রকাশনা সংস্থা থেকে এই উপন্যাস প্রকাশিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি অংশ নেওয়া সৈনিক জন সমারফিল্ড নিজেই ছিলেন একজন কমিউনিস্ট এবং 'কমিউনিস্ট পার্টি রাইটার্স গ্রুপ'-এর সদস্য। 'মে ডে' বা 'মে দিবস' তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনা বলে মনে করা হয়। সমারফিল্ড 'গণনিরীক্ষা প্রকল্পে'র সাথেও জড়িত ছিলেন, যা কিনা গোটা ব্রিটেনের মানুষের দৈনিক জীবনপ্রণালীর একধরনের নৃ-তাত্ত্বিক বয়ান গ্রথিত করার বিতর্কিত প্রচেষ্টা হিসেবে বর্তমানে বিবেচিত।

বিশ্বসাহিত্য ছেড়ে এবার বাংলা সাহিত্যে চোখ ফেরানো যাক। ভারতীয় উপমহাদেশে প্রথম শ্রমিক দিবস পালন করা হয় ১৯২৩ সালে। 'তিরিশ শতকের পঞ্চকবি' নামে খ্যাতদের মধ্যে একমাত্র বিষ্ণু দে ছাড়া বাকিরা (বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী) কেউই মে দিবসের প্রেরণায় উদ্বুদ্ধ হননি। কবি বিষ্ণু দেই বাংলা ভাষায় প্রথম মে দিবস নিয়ে কবিতা লিখেছেন। 'সন্দীপের চর' অন্তর্ভুক্ত 'মে দিন' কবিতায় তিনি বলেছেন, 'বিশ্বমাতার এ উজ্জীবনে/ বৃষ্টিতে বাজে রুদ্রগগনে/ লক্ষ ঘোড়ার খুর।' সুভাষ মুখোপাধ্যায় অবশ্য তাঁর বিখ্যাত 'মে দিবস'-এর কবিতায় শেষ পঙ্ক্তিতে পুনরায় বলছেন, 'প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য/ এসে গেছে ধ্বংসের বার্তা/ দুর্যোগে পথ হয় হোক দুর্বোধ্য/ চিনে নেবে যৌবন-আত্মা।' ১৯০৬ সালে ম্যাক্সিম গোর্কির 'মা' উপন্যাস প্রকাশিত হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে সাম্যবাদী সাহিত্যের যে জোয়ার তৈরি হয়, খানিকটা যেন তার ধারাবাহিকতাতেই মানিক বন্দ্যোপাধ্যায়ের 'পদ্মা নদীর মাঝি'তে অন্ত্যজ জেলেজীবন, সতীনাথ ভাদুড়ির 'ঢোঁড়াই চরিত মানস'-সহ বাংলা সাহিত্যে শ্রমজীবী মানুষের জীবন অনেকের রচনাতেই উপজীব্য হয়ে ওঠে। এমনকি ধ্রুপদি মেজাজের কবি রবীন্দ্রনাথও 'অপমানিত' কবিতায় স্বীকার করেছেন, 'হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান,/ অপমানে হতে হবে তাহাদের সবার সমান!/ মানুষের অধিকারে/ বঞ্চিত করেছ যারে,/ সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান,/ অপমানে হতে হবে তাহাদের সবার সমান।' আর কাজী নজরুল ইসলাম তো তাঁর গোটা জীবনই বঞ্চিত ও শোষিত মানুষের পক্ষে লিখে গেছেন। নজরুল-সাহিত্য এতটাই শ্রমজীবী মানুষের কথা বলে বা বলেছে যে আলাদাভাবে তাকে উদ্ধৃত করতে গেলে পরিসরে কুলাবে না। 'মানুষ' কবিতায় তিনি বলেছেন, 'চাষা বলে করো ঘৃণা!/ দেখো চাষারূপে লুকায়ে জনক বলরাম/ এলো কি না!/ যত নবী ছিল মেষের রাখাল, তারাও ধরিল হাল/ তারাই আনিল অমর বাণী—/ যা আছে র'বে চিরকাল।' সুকান্ত ভট্টাচার্য বা সোমেন চন্দের মতো কবি বা কথাসাহিত্যিকেরা স্বঘোষিত মার্ক্সবাদীই ছিলেন বটে। মানিক বন্দ্যোপাধ্যায় থেকে মহাশ্বেতা দেবীসহ অনেকেই। এপার বাংলাতেও আখতারুজ্জামান ইলিয়াস বা হাসান আজিজুল হকেরা তাঁদের কথাসাহিত্যে সাম্যবাদী আদর্শকে ধারণ করেছেন।
আজ কোভিড-১৯-এর এই মহামারির সময়ে যখন আমাদের পোশাকশ্রমিকেরা কখনো চৈত্রের তীব্র দাবদাহে আবার কখনো মধ্যবৈশাখের বজ্র-বৃষ্টির ভেতর মাইলের পর মাইল পায়ে হেঁটে কারখানা বা ইপিজেড অঞ্চলগুলোয় এসে কাজে যোগ দিতে বাধ্য হচ্ছেন সমাজের সুবিধাভোগী শ্রেণিগুলোর জন্য লকডাউন পর্ব অতিবাহিত হবার আগেই, তখন তৃতীয় বিশ্বের কবি বা লেখকদের কাছে মে দিবস তার নতুন অঙ্গীকার ও কৃত্যের আলোকে অবশ্যই নতুনতরভাবে প্রতিভাত হয়।
কৃতজ্ঞতা
অ্যাড্রিয়েন রিভেরা: 'ওয়ার্কার্স ইনফ্লুয়েন্স: দ্য লিটারেচার অব মে ডে' (১লা মে ২০১৭)।
স্বপ্নীল মাহফুজ: মে দিবস আসলে কী (রাইজিং বিডি, ১ মে ২০১৯ সংখ্যা)।
মিজান ফারুক: বাংলা কবিতায় শ্রমজীবী মানুষ (নিউজ লাইন বিডি, ১ মে ২০১৮ সংখ্যা)।