প্রিয় বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক ঠিক কতটা সুন্দর, সেটা বিশ্লেষণ করার মতো পর্যাপ্ত শব্দ হয়তো আমার শব্দভান্ডারেই নেই। আমি কেবল আমার বাবাকে নিয়ে দু-কথা লিখতে পারব। কেবল এই একজন মানুষকে নিয়েই লিখতে গেলে আমার শব্দ কখনো ফুরিয়ে যাবে না।

প্রিয় বাবা, আমি যখন এই গল্প লিখতে বসেছি, তখন তুমি ঘুমিয়ে...আমি লিখছি তোমাকে নিয়ে আর তোমার নিশ্বাসের শব্দ পাশের ঘর থেকে আমার কান অবধি বাজছে। তোমায় নিয়ে আমার লেখার মতো কত কত বিষয় আছে, সেটা হয়তো তুমি নিজেও জানো না। কারণ, তোমার আর আমার মধ্যে একটা অদৃশ্য দূরত্ব রয়েছে। সেই দূরত্বের দেয়াল আমার বড় হওয়ার সঙ্গে সঙ্গে একটু একটু করে বেড়েছে প্রতিনিয়ত। তবু তোমায় নিয়ে লেখার মতো অনেক স্মৃতিই আমি জমিয়েছি। সেসবের মধ্যে খুব প্রিয় একটা স্মৃতি বলছি।

অনেক ছোট তখন আমি। বয়স কতই বা হবে! তিন বা সাড়ে তিন! সে সময় খুব অসুখ ছিল তোমার। রাত নয়টা বাজতেই খেয়ে শুয়ে পড়তে। আমি শুধু তোমার খাটের আশপাশে ঘুরতাম। অন্ধকার ঘরে তোমার খাটটাকে মশারি আরও অন্ধকার করে রাখত। সে রকম এক সময়ে তুমি বলে উঠলে, ‘বাবা! এদিকে আসো, বাবার মাথায় একটু হাত বুলিয়ে দাও।’ আমি রীতিমতো ছটফট করে উঠলাম আনন্দে। তোমাকে মাথায় হাত বুলিয়ে দিলাম অনেকক্ষণ। এটা আমার সারা জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি।

আমার জীবনে আজকে পর্যন্ত সবচেয়ে কঠিন, সবচেয়ে নিকৃষ্টতম মুহূর্তগুলোতে একমাত্র তোমাকেই আমি ঈশ্বরের মতো পাশে পেয়েছি! অবাক হচ্ছো? কীভাবে আমার পাশে ছিলে এটা ভেবে? বলছি একটু পরে।

তো যেখানে ছিলাম, আমার বয়সের সঙ্গে সঙ্গে তোমার-আমার দূরত্বের দেয়ালটা বেড়েই চলেছিল ক্রমাগত। সেখানে যুক্ত হলো শাসন, বকাবকি! তোমাকে ভয় কখনো পাইনি এটা ঠিক, কিন্তু তুমি রেগে যাবে—এই শঙ্কায় এখনো পর্যন্ত কোনো অন্যায় করতে আমার হাত কাঁপে। তোমার সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়নি। আমার বন্ধুত্ব মায়ের সঙ্গে। মায়ের কাছে আমি একটা খোলা বইয়ের মতো। হাত নেড়ে বন্ধুর মতো গল্প করি তার সঙ্গে আর তুমি মাকে বলো, ‘এভাবেই ওকে প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলতে থাকো।’কিন্তু বাবা, তুমি জানোই না আমাকে সবচেয়ে বেশি প্রশ্রয় তুমিই দাও। মা কখনো বকলে বা মারলে তুমিই তো অভিমান ভাঙাও বাবা, তুমিই তো আদর করে ভাত খেতে ডাকো। এটাই তো সত্যিকারের প্রশ্রয়,তাই না?

>আমাদের এই বাসার সবচেয়ে সরব মানুষটা হচ্ছো তুমি। সারাক্ষণই চেঁচামেচি করে চলেছ। কিছুক্ষণ আমায় বকছ তো কিছুক্ষণ বোনকে! বকেই চলেছ। হঠাৎ যদি কোনো কাজে তুমি চট্টগ্রামের বাইরে যাও, আমরা যেন হাঁফ ছেড়ে বাঁচি! যাক, কেউ আর চেঁচাবে না! কিন্তু পরক্ষণেই মনে হয়, আমাকে যদি বাবা না বকে, তাহলে আমি তো ভাত খেয়েও শান্তি পাব না! তোমার বকাগুলো আমার অক্সিজেন, এটা কি তুমি জানো?

আমাদের এই বাসার সবচেয়ে সরব মানুষটা হচ্ছো তুমি। সারাক্ষণই চেঁচামেচি করে চলেছ। কিছুক্ষণ আমায় বকছ তো কিছুক্ষণ বোনকে! বকেই চলেছ। হঠাৎ যদি কোনো কাজে তুমি চট্টগ্রামের বাইরে যাও, আমরা যেন হাঁফ ছেড়ে বাঁচি! যাক, কেউ আর চেঁচাবে না! কিন্তু পরক্ষণেই মনে হয়, আমাকে যদি বাবা না বকে, তাহলে আমি তো ভাত খেয়েও শান্তি পাব না! তোমার বকাগুলো আমার অক্সিজেন, এটা কি তুমি জানো?

তোমার যখন অসুখ হয়, তুমি খুব দুর্বল হয়ে পড়ো, ভালো করে কথাই বলতে পারো না, চেঁচাবে কীভাবে! আর এদিকে আমি সারা রাত ধরে ভাবতে থাকি কবে তুমি সুস্থ হবে! কবে আবার আমাকে বকবে! তোমার এই বকাগুলো আমার এত প্রিয় কেন বাবা?

আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার পরবর্তী সময়গুলো। সেই সময়গুলোতে আমি কাউকে পাশে পাইনি জানো? না বন্ধুবান্ধব, না আত্মীয়স্বজন! একমাত্র তুমি আমার পাশে ছিলে, আমার জন্য ছিলে শেষ পর্যন্ত!

মাঝেমধ্যে আমার সারাটা রাত কেটে যায় শুধু তোমার কথা ভেবে! পাশের ঘরে তুমি ঘুমাও আর আমি ভাবি এই মানুষটার এত এত ঋণ কী করে শোধ করে দেব? কখনো কি পারব এই মানুষটার পাশে থেকে এই মানুষটাকে শাসন করতে? কখনো কি ‘বাবা, তুমি আবার ওষুধ খেতে ভুলে গেছ’—এ রকম ধমক দিয়ে কথা বলার যোগ্যতা আমার হবে?

তোমার ভালোবাসা প্রকাশ করার ধরনটা খুবই অসাধারণ। কখনো যদি সারা দিন খুব গরম পড়ে, তখন রাতে আর মশারি খাটিয়ে ঘুমুতে ইচ্ছে করে না। আমি অ্যাডজাস্ট ফ্যানের দিকে মাথায় দিই আর মাথা বরাবর মশারি তুলে দিই। এবং ভোরে তুমি ঘুম থেকে উঠে যখন দেখতে পাও আমার দিকে মশারিটা গুঁজে দেওয়া নেই, বকা দিতে দিতেই এসে মশারিটা গুঁজে দাও। আমি আধো ঘুম আধো জাগরণে শুনতে পাই তুমি আমায় বকতে বকতে মশারি গুঁজে দিচ্ছ। অদ্ভুত একটা শান্তি লাগে।

তোমার দিনই শুরু হয় আমার নামে! আমায় বকা দাও আর যাই করো, আমাকে দিয়েই যে তোমার দিন শুরু হয়—এটাই আমার জন্য সবচেয়ে বেশি অসাধারণ। তোমার সঙ্গে আমার রিকশায় কবার চড়া হয়েছে, বলো তো দেখি? উহু! আমারও মনে নেই। কিন্তু তোমার সঙ্গে রিকশায় উঠলে সবচেয়ে মজার একটা জিনিস হয়। তুমি গল্প বলো। আমাকে রাস্তা চেনাতে চেনাতে কত কত কথা বলে যেতে থাকো! আমিও খুব আগ্রহ করে শুনি আর ভাবি আমার সবচেয়ে প্রিয় মানুষটা আমাকে বলার জন্য এত এত কথা জমিয়ে রেখেছে। আহ! কী আনন্দ!

স্কুল-কলেজে স্যার-ম্যাডামরা যখন জানতে চান ‘তোমার বাবা কী করেন?’ আমি বলি, আমার বাবা নাজিরহাট কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। দর্শন বিভাগ। এইটুকু কথা বলতে আমার কী পরিমাণ আনন্দ অনুভূত হয়, তা কি তুমি জানো?

প্রিয় বাবা, তোমাকে কখনোই বলা হয়নি তোমাকে আমি ভালোবাসি বা তেমন কিছু। কিন্তু এটুকু কথা সারা বাংলাদেশ জানুক, তোমার অর্থি তোমাকে যে পরিমাণ ভালোবাসে, সেই পরিমাণ ভালোবাসা তোমাকে কেউ কখনো দিতে পারবে না। এই ভালোবাসা তোমার আর আমার মাঝখানের দূরত্বকে এক তুড়িতে প্রতিনিয়ত অদৃশ্য করে চলেছে। আর এভাবেই তুমি আমার মধ্যে সারা জীবন থাকবে। হারাতে তোমায় কখনো দেব না, কথা দিলাম।
তোমার অর্থি।

অন্য আলো অনলাইনে লেখা পাঠানোর ঠিকানা: [email protected]