প্রিয় বিনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামাল লোহানী। ছবি: সংগৃহীত
কামাল লোহানী। ছবি: সংগৃহীত

কামাল লোহানী। ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, শব্দযোদ্ধা, সাংবাদিক, সংস্কৃতিজন—কত–কী। চলে গেলেন। দেহাবসান হলো। মহামারি নিয়ে গেল তাঁকে। পরিণত বয়স ছিল। প্রায় সাতাশি। তবু মন বলে বড় অসময়ে সময় হলো যাওয়ার। স্বজনেরা এমনই ভাবে। ভাবছি আমরা।

অবিভক্ত ভারতের কলকাতায় তাঁর সংগ্রামী জীবনের সূচনা। যখন কলকাতায় ‘বন্দেমাতরম’ আর ‘লারকে লেঙ্গে পাকিস্তান’ স্লোগানে হিন্দু-মুসলমান বিভাজিত এবং রক্তাক্ত, তখন কামাল লোহানী বলছেন, ‘ইয়ে আজাদি ঝুটা হায়’। এই ঝুটা আজাদির পাকিস্তানে এসে ফাঁকিস্তান পেলেন। তারপর থেকে ১৯৫২, ’৫৪, ’৫৮, ’৬২, ’৬৪, ’৬৫, ’৬৬, ’৬৯, ’৭০ এবং ’৭১-এর মুক্তিযুদ্ধ অবধি তাঁর প্রতিবাদী পথচলা। দ্রোহীর দ্রোহে সোচ্চার ছিল ভাষাসংগ্রাম, রবীন্দ্রশতবর্ষে রবীন্দ্রমুক্তির আন্দোলনে, গণ–অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ অবধি। ছিলেন স্বাধীন বাংলাদেশেও সোচ্চার। পথে–প্রান্তরে, গ্রামেগঞ্জে, নগরে–বন্দরে সর্বত্র ছুটে চলেছেন আমৃত্যু। গণতন্ত্র, স্বাধীনতা, সাম্য প্রতিষ্ঠার সংগ্রাম ছিল তাঁর ব্রত।

ছায়ানট, গণ শিল্পী সংস্থা একসময় ছিল তাঁর কর্মক্ষেত্র। তবে আমৃত্যু উদীচী ছিল স্থায়ী ঠিকানা। মার্ক্সবাদী কামাল লোহানী সাংবাদিকতা করেছেন। শিল্পকলা একাডেমির মহাপরিচালক ছিলেন। তবে চূড়ান্ত বিচারে একজন কমিউনিস্ট হিসেবে নিজেকে পরিচয় দিতে আনন্দ পেতেন, এমন সগর্ব স্বীকার বহুবার করেছেন।

>

আজ এই প্রয়াণক্ষণে লেখার ভাষা নেই। চিন্তা অগোছালো। চিত্ত অস্থির। আজ শুধু ব্যথিত বুকে স্বজন হারানোর নিঃশব্দ ক্রন্দন। প্রত্যয়দীপ্ত হওয়ার আকাঙ্ক্ষা। আমরা যেন চলতে পারি তাঁরই পথে, তাঁরই পাথেয় নিয়ে। 

কামাল লোহানী অসামান্য সংগঠক, অনন্য কর্মী ছিলেন। তার স্বাক্ষর গত সাত দশক। বাঙালির সব সংগ্রামের এই অসম যোদ্ধার অবদান জাতি সশ্রদ্ধ চিত্তে স্মরণ রাখবে।

আজ এই প্রয়াণক্ষণে লেখার ভাষা নেই। চিন্তা অগোছালো। চিত্ত অস্থির। আজ শুধু ব্যথিত বুকে স্বজন হারানোর নিঃশব্দ ক্রন্দন। প্রত্যয়দীপ্ত হওয়ার আকাঙ্ক্ষা। আমরা যেন চলতে পারি তাঁরই পথে, তাঁরই পাথেয় নিয়ে।

যে যা-ই বলুক, নির্জল সত্য হলো, তিনি আমাদের পথ দেখিয়ে পথ চলেছেন। সেই অবিভক্ত ভারত থেকে অদ্যাবধি।

আর তাই তাঁকে বিনায়ক বলে মেনে নিয়ে আমরাও চলব সাম্য ও সম্প্রীতির সংগ্রামে। বিনায়ক মানে তো গণনায়ক। গণনায়কের দেখানো পথেই সংস্কৃতির লড়াইটা আমরা জিইয়ে রাখব সামর্থ্যের সবটুকু দিয়ে। লাল সালাম, প্রিয় বিনায়ক, লাল সালাম।

অন্য আলো অনলাইনে লেখা পাঠানোর ঠিকানা: [email protected]