ফেসবুকে নকল পুশকিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল ছিল রুশ কবি আলেক্সান্দর পুশকিনের জন্মদিন। এই করোনাকালে তাঁর জন্মদিনে তেমন হইচই ছিল না এবার। তবে বেশ কিছুদিন ধরে পুশকিনবিষয়ক দারুণ একটা ব্যাপার নিয়ে ব্যস্ত ছিল রাশিয়া। হঠাৎ ফেসবুকে দেখা দিলেন পুশকিন! পাওয়া গেল তাঁর একটি অপ্রকাশিত কবিতা। পরে জানা গেল, কবিতাটি আসলে নকল। রহস্যকাহিনির মতো করে প্রকৃত সত্য উদ্‌ঘাটন করলেন এক সাংবাদিক। পড়ুন সেই কাহিনি।
নাতালিয়া গনচারোভার সঙ্গে পুশকিন
নাতালিয়া গনচারোভার সঙ্গে পুশকিন

গতকাল ৬ জুন ছিল আধুনিক রুশ সাহিত্যের জনক আলেক্সান্দর পুশকিনের জন্মদিন, কিন্তু এবার তাঁর জন্মদিন নিয়ে প্রতিবারের মতো বড় কোনো হইচই হচ্ছে না রাশিয়াজুড়ে। করোনাকাল বলে কথা। রাশিয়ার কয়েকটি পত্রিকায় ঢুঁ মেরেও সে রকম কিছু পাওয়া গেল না। একটা ভাস্কর্য উন্মোচিত হচ্ছে, হচ্ছে একটা প্রতিযোগিতা—এ রকম কাজেই সীমাবদ্ধ রুশ আধুনিক কবিতার জনকের জন্মদিন।

তবে বেশ কিছুদিন ধরে পুশকিনবিষয়ক দারুণ একটা ব্যাপার নিয়ে ব্যস্ত ছিল রাশিয়া। করোনা যখন ধীরে ধীরে তার থাবা উন্মোচিত করছে, সে সময়েই হঠাৎ ফেসবুকে দেখা দিলেন পুশকিন!
জন্মদিনের বেশ কিছুদিন আগে থেকেই অন্তর্জালে পুশকিনের একটি কবিতা ভেসে বেড়াচ্ছিল। আনকোরা। আগে কেউ কখনো দেখেনি সে কবিতা! আমরা যাকে ভাইরাল বলি, ঠিক তা–ই ঘটল অন্তর্জালে। ভালোবাসার মানুষ পুশকিন, তাঁর অপ্রকাশিত কবিতা, তা–ও আবার মহামারির সময় এই মহামারি থেকে উদ্ধার পাওয়া নিয়ে লেখা! তাই মানুষ তো হামলে পড়বেই ওই কবিতার ওপর। কাব্যপ্রেমিকেরা সে কবিতা শেয়ার করে মোটামুটি হইচই ফেলে দিয়েছে। এ বছর মার্চ মাসের চতুর্থ সপ্তাহ থেকে চলছিল এই উন্মাদনা।

সত্য উদ্‌ঘাটনকারী কমসোমলস্কায়া প্রাভদা পত্রিকার সাংবাদিক ইভগেনি চোরনিখ
সত্য উদ্‌ঘাটনকারী কমসোমলস্কায়া প্রাভদা পত্রিকার সাংবাদিক ইভগেনি চোরনিখ

হ্যাঁ, ভাইরাল হওয়া কবিতাটিতে পুশকিনের লেখার অবয়ব আছে বটে, কিন্তু মনে একধরনের খচখচ নিয়েই বারবার কবিতাটি পড়েন মস্কো থেকে প্রকাশিত কমসোমলস্কায়া প্রাভদা পত্রিকার সাংবাদিক ইভগেনি চোরনিখ। তারপর হঠাৎ তাঁর চোখ আটকে যায় কবিতাটির রচনাকালের দিকে। সেখানে লেখা ১৮২৭। ব্যাস, তিনি হাতে পেয়ে গেলেন প্রথম ক্লু। রুশ সাহিত্যের সঙ্গে সম্পর্ক আছে, এমন সবাই জানে কলেরা মহামারির সময় পুশকিনের জীবনযাপনের কথা। সেই যে বলদিনোয় আটকে গেলেন তিনি, তিন মাসের জন্য সেখানেই থাকতে হলো নিভৃতে, সেটা তো ১৮২৭ সাল নয়। বলদিনোয় পুশকিন ছিলেন ১৮৩০ সালে। সে বছরের শেষ দিকটায় কলেরা এসে রাশিয়ার ওপর রেখেছিল তার ভয়ংকর হাত। সেখান থেকেই হবু স্ত্রী নাতালিয়া আর পিতেরবুর্গ, মস্কোর বন্ধুদের কাছে চিঠি লিখেছেন তিনি, তাতে মহামারির বর্ণনাও রয়েছে, রয়েছে মস্কো আর পিতেরবুর্গের বন্ধুদের জন্য উদ্বেগ। এগুলো তো সবই ১৮৩০ সালের কথা, ১৮২৭ এল কোত্থেকে? তাহলে এই সালের চিঠির রহস্য কী? ৬ জুন পুশকিনের জন্মদিন—এ কারণেই কি জন্মদিনের আগের সময়টা বেছে নেওয়া হলো?

কবিতার শুরুর কয়েকটি পঙ্‌ক্তি অনুবাদ করে ফেলি:

দেশবাসী জানাচ্ছি অভিনন্দন
হৃদয়ে আর্তনাদ ভরা এ সময়ে

কারাবাস থেকে আমি যাই কথা কয়ে

এবারের বসন্তে পূর্ণ হোক মন।

সবকিছু ঠিক হবে, সব চলে যাবে

বেদনা–বিষণ্নতা কেটে যাবে সব

মসৃণ এই পথে হবে কলরব

বাগানে ফুলের ঘ্রাণে হৃদয় হারাবে।

এ রকমভাবেই এগিয়েছে কবিতাটি। ঘরে ঘরে শান্তি ফিরে আসবে, মেধা আর ভালোবাসা দিয়ে জয় করা হবে সবকিছু—এমন আশার বাণী দিয়ে শেষ হচ্ছে কবিতা এবং তার নিচে লেখা, আ. সে. পুশকিন। মানে আলেক্সান্দর সের্গিয়েভিচ পুশকিন এবং তারপরই লেখা, ১৮২৭।

শুধু কি ফেসবুকে?
ভাইরাল তো হলো, কিন্তু তাতেই থেমে থাকল না। এবার দেখা গেল করোনার মধ্যেই মার্চ মাসের শেষ সপ্তাহে রেডিও আর টেলিভিশনেও উঠে এসেছে কবিতাটি। সংবাদপাঠক কিংবা অনুষ্ঠানের উপস্থাপকেরাও আওড়াচ্ছেন সে কবিতা। এমনকি ইভগেনি চোরনিখের পত্রিকার সাংবাদিকেরাও মুখস্থ বলে যাচ্ছেন কবিতাটি! তখন ইভগেনির মনে হলো, এ নিয়ে তদন্ত করতে হবে। এটা যে নকল, তা তো রচনার তারিখ দেখেই বোঝা যাচ্ছে। তাহলে কীভাবে প্রমাণ করা যাবে, এটা পুশকিনের রচনা নয়?
কঠিন পথ পাড়ি দিতে হবে, সন্দেহ নেই। কিন্তু আসলে এটা যে পুশকিনের লেখা নয়, সেটা বের করতে হলে আগে বের করতে হবে, এটা কার কবিতা? কবিকে খুঁজে পেলেই এই রহস্যের সমাধান হবে।

চোরনিখ ওদিকে খুঁজে চলেছেন আসল কবিকে। যদি কবি কখনো ইন্টারনেটের কোনো জায়গায় এটা পোস্ট করে থাকেন, তাহলে খুঁজে পাওয়া যাবেই। একসময় তিনি পেয়ে গেলেন সত্যের ঠিকানা। দেখা গেল, কাজাখস্তানের কবি, যিনি উরি গ্রিম ছদ্মনামে লিখে থাকেন, তাঁর কবিতা এটি।


কাজাখস্তানের কবি উরি গ্রিম, যিনি আসলে লিখেছিলেন পুশকিনের নামে ভাইরাল হওয়া কবিতাটি। উরি গ্রিমের মাস্ক পরা ছবিটি কমসোমলস্কায়া প্রাভদা পত্রিকা থেকে নেওয়া
কাজাখস্তানের কবি উরি গ্রিম, যিনি আসলে লিখেছিলেন পুশকিনের নামে ভাইরাল হওয়া কবিতাটি। উরি গ্রিমের মাস্ক পরা ছবিটি কমসোমলস্কায়া প্রাভদা পত্রিকা থেকে নেওয়া

যাঁরা জানেন না, তাঁদের বলছি, এটাই পুশকিনের কবিতা বলে অন্যের কবিতা চালিয়ে দেওয়ার প্রথম ঘটনা নয়। ইভগেনি আগরোনোভিচের ১৯৬২ সালে লেখা কবিতার দুটি লাইনও হঠাৎ করে পুশকিনের নামে চালু হয়ে গিয়েছিল। কে, কেন সে কাণ্ড ঘটিয়েছিল, তা কেউ জানে না।
তারপর যা হলো
ফিরে আসি ‘দেশবাসী জানাচ্ছি অভিনন্দন’–এর কাছে। কবিতাটা এমনভাবেই গেঁথে গিয়েছিল মানুষের মনে যে, এটাকে পুশকিন ছাড়া আর কারও কবিতা বলেই মনে করছিল না কেউ। এমনকি সাহিত্যিক আলফ্রেদ কোখ, যিনি নব্বইয়ের দশকে ডেপুটি স্পিকার ছিলেন রুশ সংসদে, তিনিও বিশ্বাস করলেন এটা পুশকিনের কবিতা। নিজের ফেসবুকে পুশকিনের কবিতা হিসেবেই পোস্ট করলেন তিনি।
চোরনিখ ওদিকে খুঁজে চলেছেন আসল কবিকে। যদি কবি কখনো ইন্টারনেটের কোনো জায়গায় এটা পোস্ট করে থাকেন, তাহলে খুঁজে পাওয়া যাবেই। একসময় তিনি পেয়ে গেলেন সত্যের ঠিকানা। দেখা গেল কাজাখস্তানের কবি, যিনি উরি গ্রিম ছদ্মনামে লিখে থাকেন, তাঁর কবিতা এটা। তিনি এই ২১ মার্চ তাঁর ফেসবুকে প্রথম প্রকাশ করেন নিজের কবিতাটি। বলা বাহুল্য, তিনি তাঁর কবিতার শেষে আ. সে. পুশকিন লেখেননি। ১৮২৭ সালটিও তাঁর দেওয়া নয়। কেউ একজন কোনো এক চতুর খেয়ালে উরি গ্রিমের কবিতাটি পুশকিনের নামে চালিয়ে দিয়েছে এবং কবিতার নিচে ওই সালও তারই দেওয়া।
এর কয়েক দিনের মধ্যেই দারুণ জনপ্রিয় হয়ে উঠল কবিতাটি পুশকিনের মহামারিকালের কবিতা হিসেবে। কেন এত জনপ্রিয় হলো, সে কথা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হতে হয় না। এমনিতেই মহামারির আতঙ্ক, মানুষের অর্থনৈতিক অবস্থা ত্রাহি মধুসূদন, সে সময়ের ওপার থেকে পুশকিনের অভয়বাণী যদি শোনা যায়, তাহলে তো তাঁকে এ সময়ের সেরা হার্দিক চিকিৎসক হিসেবে অভিহিত করতেই হবে, যা সেবন করে শুশ্রূষা পাবে গোটা মানব সম্প্রদায়। ফলে কবিতাটি পুশকিনের লেখা হিসেবে যথেষ্ট পরিমাণে আনন্দ দিল রুশদেরকে।
এই ঘটনায় বিরক্ত হয়ে কাজাখ কবি উরি গ্রিম একটা বিদ্রূপাত্মক কবিতা লিখেছেন। তবে সে আলোচনা এখানে নয়।

মহামারির সময় পুশকিন

পুশকিনের নামে ভাইরাল হওয়া সেই নকল কবিতা
পুশকিনের নামে ভাইরাল হওয়া সেই নকল কবিতা

‘সংকট খুলে দেয় সম্ভাবনার জানালা, এই কথা এখন বিশ্বের সব মোটিভেশনাল স্পিকার বলে বেড়ান। আর রাশিয়ায় এখন বলা হয়, ‘সব কোয়ারেন্টিনই বলদিনোর শরৎকালের কাছে নিয়ে যায়।’ হ্যাঁ, ভুল শোনেননি। বলদিনোতেই তো ১৮৩০ সালের ৫ সেপ্টেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত আইসোলেশনে ছিলেন কবি। রাশিয়ায় কলেরার মহামারির প্রথম ঘটনা সেটা।
এই বন্দীজীবনে পুশকিন তাঁর সাহিত্যজীবনের সবচেয়ে ফলদায়ক সময়টি কাটিয়েছিলেন। তিনি এখানে এসে ‘ইভগেনি আনেগিন’ কাব্যোপন্যাসটি শেষ করেছিলেন, ‘ছোট ছোট ট্র্যাজেডি’ লিখেছিলেন, ‘বেলকিনের কাহিনি’ লিখেছিলেন। ১০টির বেশি কবিতা লিখেছিলেন। আর হ্যাঁ, ১৮টি চিঠি লিখেছিলেন অষ্টাদশী নাতালিয়া গনচারোভাকে। এই মেয়েই পরে বউ হয়েছিলেন পুশকিনের।

অন্য আলো অনলাইনে লেখা পাঠানোর ঠিকানা: [email protected]