বাতাস আমাদের সাথে নিয়ে যাবে…

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দি লাভার্স, ১৯২৮, রেনে ম্যাগ্ৰিট
দি লাভার্স, ১৯২৮, রেনে ম্যাগ্ৰিট

রান্নাঘরের জানালা থেকে কমলাগাছের চারাটা চোখে পড়ে। হালকা বাদামি মসৃণ ডাল দৃঢ় উঠে যায় তরতরিয়ে। কচি সবুজ পাতার ওপরে শেষ বিকেলের তেরছা রোদ পড়ে স্বচ্ছ দেখায়। যেন পাতাদের নিজস্ব আলো। আগের দিন বৃষ্টি থাকায় বাগানটাকে মনে হচ্ছিল গোসল শেষে রোদে গা শুকাচ্ছে। ফেব্রুয়ারির শেষদিকে আমি জ্বর নিয়ে একা একা বাসায় ছিলাম, চায়ের কাপে আমার চামচ নাড়ার অনুরণন সারা বাড়িতে একাকীত্ব ছড়াচ্ছিল, বসার ঘরের সামনে দাঁড়িয়ে দেখছিলাম দেয়ালজোড়া জানালার অন্য পাশে সবুজের ছড়াছড়ি, বেড়ার গা ঘেঁষে লতিয়ে ওঠা শিম গাছ, তাতে ছোট ছোট বেগুনি ফুল, অনেক ওপরে হাতের নাগালের বাইরে চলমান সাদা মেঘের নিচে শিমের থোকা, অ্যাপ্রিকট আর পাম গাছের বাড়িয়ে দেওয়া ডাল সামনের ডেকটুকুকেও জড়াতে চাইছে। আর এদিকের জানালায় সেই বহু বছর আগের ফিজোয়াগাছে লাল ফুল, এই বাড়ির আগের মালিকের লাগানো, তাঁরা আর কোথাও নেই, অথচ ওদের রোপণ করা গাছে এখনো ফুল আসে, ফল হয়।

সেই রোদ ঝলমল করা সুন্দর সতেজ দিনে দেখছিলাম গাছের পাতারা ঝিরঝির নড়ে উঠছে বাতাসে, পাখিরা ডানার হালকা ঝাপটায় ছোট ছোট চঞ্চল উড়ালে সামনের বাড়ির ছাদ থেকে গাছের ডালে জায়গা বদল করছে, ঠিক তখন ঘাড়ের কাছে কারও উষ্ণ নিশ্বাসের মতন টের পাচ্ছিলাম মৃত্যুকে। যেন ‘গড অব স্মল থিংস’-এর পাতা থেকে অরুন্ধতী রায়ের নায়িকা বলে উঠছে, ‘ভায়াবল ডায়াবল এজ...’
তখনো মেলবোর্নে লকডাউন শুরু হয়নি। রাস্তায় লোক চলাচল অব্যাহত। স্কুল-কলেজ, বাজার, অফিস সব খোলা। তখনো মানুষ ছুটিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে, বিয়ে অথবা জন্মদিনের অনুষ্ঠানের জন্য হল ভাড়া করে। শুধু দূরে বাজতে থাকা করুণ সুরের মতন করোনাভাইরাসের খবর পত্রিকার পাতায় অথবা টিভির পর্দায় ভেসে ওঠে, সে আমাদের দৈনন্দিন আলাপচারিতার দখল নেয়। অমোঘ এবং সর্বগ্রাসী নিয়তির মতন তার এগিয়ে আসতে থাকা টের পাই। আল মাহমুদ বাজতে থাকেন মনের ভেতরে :

‘কিছুই থাকে না দেখো, পত্র পুষ্প গ্রামের বৃদ্ধেরা
নদীর নাচের ভঙ্গি, পিতলের ঘড়া আর হুঁকোর আগুন
উঠতি মেয়ের ঝাঁক একে একে কমে আসে ইলিশের মৌসুমের মতো
হাওয়ায় হলুদ পাতা বৃষ্টিহীন মাটিতে প্রান্তরে
শব্দ করে ঝরে যায়। ভিনদেশি হাঁসেরাও যায়
তাদের শরীর যেন অর্বুদ বুদ্বুদ
আকাশের নীল কটোরায়।
কিছুই থাকে না কেন? করোগেট, ছন কিংবা মাটির দেয়াল
গাঁয়ের অক্ষয় বট উপড়ে যায় চাট্গাঁর দারুণ তুফানে
চিড় খায় পলেস্তারা, বিশ্বাসের মতন বিশাল
হুড়মুড় শব্দে অবশেষে
ধসে পড়ে আমাদের পাড়ার মসজিদ...’

২৭ ফেব্রুয়ারি ‘নিউইয়র্কার’ পত্রিকায় কেনেথ রোজেনের লেখা পড়লাম, ‘আন্ডার লকডাউন ইন ইটালি’জ করোনাভাইরাস কোয়ারেন্টিন জোন।’ দেখলাম উত্তর ইতালির ফেল্টার শহরের ছবি, গাছপালা আর পাহাড়ঘেরা, শান্ত, নিরিবিলি। কোথাও অসুখের চিহ্ন নেই। কেনেথ লিখেছেন :

‘যদি গৃহবন্দীদের জন্য কোনো শহর পরিকল্পিত হতো, তবে তা হতো ফেল্টার, এখানে আমার পরিবারসহ আছি ছয় মাস ধরে। ডলোমাইট পর্বতশ্রেণির নিচে অবস্থিত এ শহরে আমার স্ত্রীর জন্ম। প্রায় বিশ হাজার মানুষের শহরটা পর্যটকদের তেমন না টানলেও শিল্পী ও নিভৃতচারীদের প্রিয়। কেউ যদি সারা পৃথিবী থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলতে চায়, তার জন্য আদর্শ জায়গা ফেল্টার।

জিওভানি বোকাসিও
জিওভানি বোকাসিও

‘গত কয়েক দিনে করোনাভাইরাস ইতালিজুড়ে দ্রুত ছড়াচ্ছে। এ দেশের সবচেয়ে জনবহুল শহর লম্বার্ডি ও ভেনেতোসহ উত্তরের প্রদেশগুলোকে বলা হয়েছে যতটা সম্ভব বিচ্ছিন্নতা বজায় রাখতে। বুধবারে, ইতালির দ্বিতীয় বৃহত্তম সংবাদপত্র ‘লা রিপাবলিকা’কে প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্টে জানিয়েছেন, “এবার স্বর নামানোর সময় এসেছে। এই আতঙ্ক থামাতে হবে।” সে রাতে করোনা-আক্রান্তের সংখ্যা ২৪ ঘণ্টার মধ্যে ২৫ শতাংশ বেড়ে হয়েছে ৪০০। লা রিপাবলিকার প্রতিবেদনে জানিয়েছে, “আমাদের দেশ স্নায়ুবৈকল্যের প্রান্তে দাঁড়িয়ে আছে।”’
কেনেথ করোনায় গৃহবন্দী অবস্থায় তাঁদের প্রাত্যহিকতার কথা লিখতে লিখতে তাঁর প্রায় সত্তর বছর বয়সী শ্বশুরের কথা বলেছেন, ‘স্থানীয় ডাক্তার পরামর্শ দিয়েছেন, “রোগসংক্রমণ থেকে বাঁচতে হলে হাসপাতালে না যাওয়া ভালো। কারণ, সেখানে দূষণের সম্ভাবনা বেশি। লোকের ছোঁয়াচ বাঁচিয়ে চলবেন, যেহেতু ভাইরাস সম্পর্কে খুব বেশি কিছু আমরা জানি না।” ডাক্তারের হুকুম মানা বাড়ির কারও কারও পক্ষে কষ্টকর মনে হচ্ছে। সম্প্রতি এক সকালে, ঘুম ভেঙে সেদিনের রোগীর হিসাব দেখার পর শোবার ঘরের জানালায় দাঁড়ালাম। সেখান থেকে কাছের পায়ে হাঁটা পথ দেখা যায়। সেই ভোরের কুয়াশায় আছাড় খেতে খেতে চলেছেন আমার শ্বশুর, যাঁকে আমরা “পাপি” ডাকি, তিনি কয়েক যুগ ধরে সকালে উঠেই বাড়ির আশপাশে একচক্কর ঘুরতে বের হন। কিছুক্ষণ পরপর জোরে জোরে কাশছিলেন আর সশব্দে থুথু ফেলছিলেন, প্রাতঃভ্রমণের আরেকটা জরুরি কর্মকাণ্ড...তাঁর বয়স সত্তরের কাছাকাছি, অর্থাৎ যে চৌদ্দজন সম্প্রতি এই রোগে মারা গেছেন, তাঁদের সমবয়সী এবং হাত ধোয়া তাঁর কাছে বিলাসিতা, প্রতিদিন একটাই ঊলের সোয়েটার পরে ঘোরাফেরা করেন, সেটাও হাতের মতনই কালেভদ্রে ধোওয়া হয়...।’
কেনেথের বর্ণনাভঙ্গিতে হাস্যরস থাকলেও রোগ প্রতিরোধের নিয়ম না মানার ফলাফল কত ভয়াবহ হতে পারে, আমরা পরবর্তী দুই-তিন সপ্তাহেই দেখেছি। ঢাকার রাস্তার ভিড়ের কথা ভাবলে দিশেহারা লাগে। যে নতুন শব্দগুলো এখন সবার মুখে মুখে ‘সোশ্যাল ডিসট্যান্সিং’ ও ‘সেলফ আইসোলেটিং’—এর কোনোটাই ঢাকায় কীভাবে সম্ভব? রাস্তায় থুতু ফেলা, সর্বজনীন টয়লেটের অভাবে রাস্তাতেই বাথরুম সারা ইত্যাদি তো দৈনন্দিন ঘটনা, হঠাৎ করে সব সামাল দেওয়ার উপায় কী? পৃথিবীর উন্নত দেশগুলোই যেখানে নাস্তানাবুদ।
মার্চের ১১ তারিখে বিশ্ব স্বাস্থ্য কেন্দ্র করোনা বা কোভিড-১৯ সংক্রমণকে বিশ্বব্যাপী মহামারি বলে সাব্যস্ত করেছে। পরিচালক ড. গেব্রেয়াসুস জানালেন, ‘গত দুই সপ্তাহে চীনের বাইরে করোনার সংক্রমণ বেড়েছে ১৩ গুণ আর আক্রান্ত দেশের সংখ্যা ৩ গুণ। এখন (এই লেখা লেখার সময়) ১১৪টা দেশে করোনার রোগীর সংখ্যা ১,১৮,০০০। এর মধ্যে ৪,২৯১ জন প্রাণ হারিয়েছেন। আমরা রাতদিনব্যাপী বিভিন্ন পর্যবেক্ষণ আর পরিমাপের পর দুইটি বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি, প্রথমত, ভয়ংকর দ্রুততা ও তীব্রতার সঙ্গে এই জীবাণু ছড়াচ্ছে, আর দ্বিতীয়ত, এ সম্পর্কে নিদারুণ নিষ্ক্রিয়তা।’
আজকে মার্চের শেষ দিন আমি এই লেখাটা যখন লিখছি, তখন বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৭,৮৯,২৫১ আর মৃতের সংখ্যা ৩৮,০৯২। প্রতিটা সংখ্যা মানে একজন মানুষ, আমাদের যে কারও মতো, আক্রান্ত হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত হয়তো তিনি ভেবেছেন, এই মহামারি তাঁকে স্পর্শ করবে না। এর মধ্যে বাংলাদেশে আক্রান্ত হয়েছেন ৪৯ জন, পাঁচজনের মৃত্যুর খবর জানা গেছে। অস্ট্রেলিয়ায় জরুরি অবস্থা কঠোর থেকে কঠোরতর হচ্ছে। হাজার হাজার ব্যাবসা বন্ধ হয়ে গেছে, লাখ লাখ মানুষ চাকরি হারিয়েছেন। ভোর চারটা থেকে মানুষ লাইনে দাঁড়াচ্ছে বেকারদের জন্য সরকারি অনুদানের খাতায় নিজের নাম লেখানোর জন্য। বলা হচ্ছে, ১৯৩০ সালের মহামন্দার পর এই অবস্থা এই প্রথম। শুধু প্রয়োজনীয় কিছু অফিস, বাজার ইত্যাদি ছাড়া সবই প্রায় বন্ধ।
ফেসবুকে হামিদ দাবাশির পেজে দেখলাম ‘ওয়াল স্ট্রিট’-এর চার্জিং বুলের ছবি। লিখেছেন :
‘সর্বগ্রাসী পুঁজিবাদের প্রতীক দ্য চার্জিং বুল অব ওয়াল স্ট্রিট আজ নির্জন, একা। এই নিউইয়র্ক শহর, যা এখন এই বিশ্বব্যাপী মহামারির উপকেন্দ্র, যেখানে জাতীয় রক্ষীদের বিদায় দেওয়া হয়েছে আর আমরা গৃহবন্দী এবং যে শহরে আর কয়েক ঘণ্টা পর আমি আমার সন্তানদের ঘুম থেকে তুলে ভার্চ্যুয়াল স্কুলিংয়ের জন্য তৈরি করব, সেখানকার ভোরবেলায় জানাচ্ছি অভিবাদন ও সংহতি।
‘ঘুম ভাঙল ছোটবেলায় দেখা মার্কিন ছায়াছবি “প্যানিক ইন দ্য ইয়ার জিরো”র (১৯৬২) স্মৃতি নিয়ে, একটা সাদা-কালো বৈজ্ঞানিক কল্পকাহিনি...
‘আমাদের বাস্তব জীবন ঢুকে গেছে একটা অযত্নে লেখা কল্পকাহিনির ভেতর। ভাবছি আমাদের পৃথিবীতে যা ঘটে যাচ্ছে, তা অনুধাবন করার মতন নৈতিক ধারণক্ষমতা, কল্পনাশক্তি আর সাহস আমাদের অবশিষ্ট আছে কি না।
‘এরপরও কি টিকে থাকব আমরা? এই সময়টা সয়ে নিতে নিতে আমরা আরেকটু সরল, প্রাজ্ঞ ও অভিষ্টমুখী জীবনযাপনের সম্ভাবনার কথা কল্পনা করে নিতে পারব? আবার কি আগের জীবনেই ফিরে যাব? নাকি নতুন কিছু শিখে গ্রাউন্ড জিরো থেকে শুরু করব? অথবা যে গতানুগতিক শঠতাপূর্ণ ব্যস্ত দিন আর আত্মবিধ্বংসের যে নির্দয় তাড়ন বর্তমান দুনিয়াকে শাসন করছে, আবার সেখানেই আত্মসমর্পণ করব?
‘এটা কি নতুন পৃথিবীর শূন্য বছর?

সেলফআইসোলশনের এ সময়ে কার্ল স্তিতসোয়েগ তার জনটাগসস্পাজিয়ারগাঙ (১৮৪১) ছবিটি আঁকলে কেমন হত!
সেলফআইসোলশনের এ সময়ে কার্ল স্তিতসোয়েগ তার জনটাগসস্পাজিয়ারগাঙ (১৮৪১) ছবিটি আঁকলে কেমন হত!

আপাতত, সর্বগ্রাসী পুঁজিবাদের প্রতীক ওয়াল স্ট্রিটের তেঁড়েফুঁড়ে আসা ষাঁড়টাকে এমন হাস্যকরভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মজা লাগছে।’
দাবাশি নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যের অধ্যাপক এবং একজন লেখক ও চিন্তাবিদ। তাঁর জন্ম ১৯৫১ সালে, ইরানে। ২৭ মার্চ আল-জাজিরায় ‘ফ্রম সা’দি টু বোকাসিও: দ্য লিটারারি লিগাসি অব প্যান্ডেমিকস’ (সা’দি থেকে বোকাসিও : মহামারির সাহিত্যিক উত্তরাধিকার) নামে একটা লেখা প্রকাশিত হয়েছে।
সেখানে তিনি প্রথমেই পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেছেন সম্প্রতি ‘নিউ স্টেটসম্যান আমেরিকা’ পত্রিকায় প্রকাশিত অন্দ্রে স্পাইসারের লেখা একটা নিবন্ধের প্রতি। ইতালির রেনেসাঁ যুগের লেখক জিওভানি বোকাসিওর ‘দ্য ডি-ক্যামেরন’ লেখা হয়েছে ফ্লোরেন্সে ১৩৪৮ সালের মহামারির সময়। মহামারিতে সে শহরের চল্লিশ শতাংশ মানুষ প্রাণ হারিয়েছে। এই করোনাভাইরাসের কালে ‘দ্য ডি-ক্যামেরন’ কীভাবে আমাদের টিকে থাকার পথ দেখাবে, অন্দ্রে সে সম্পর্কে লিখেছেন। বোকাসিও বর্ণনা করেছিলেন কীভাবে ফ্লোরেন্সের মানুষ দিনে ও রাতে যেকোনো সময়ে মরে পড়ে থাকত খোলা রাস্তার ওপর, আর অন্য অনেকে মারা যেত নিজের বাড়িতে, সে ঘটনা তাদের প্রতিবেশির কাছে পৌঁছাত পচে যাওয়া মৃতদেহের কটুগন্ধ হয়ে।

সামাজিক বন্ধন খসে পড়ছিল ‘এই মৃত্যুর ছোবলে মানুষের মনে প্রচণ্ড ভীতি শিকড় গেড়ে বসেছিল, ভাই পরিত্যাগ করছিল ভাইকে, চাচা তার ভাতিজাকে, এমনকি মা-বাবাও রোগাক্রান্ত সন্তানের দেখাশোনা করতে অস্বীকার করছিল...।’ কেউ থাকত গৃহবন্দী হয়ে আর কেউ কেউ দলবেঁধে শহরের রাস্তায় মদ খেত এবং টলতে টলতে পথ চলত। এ রকম অবস্থায় দশজন বন্ধুর ভ্রমণ নিয়ে লেখা ‘দ্য ডি-ক্যামেরন’। তারা মহামারির সময় ফ্লোরেন্স ছেড়ে দূরের গ্রামের একটা বাগানবাড়িতে আশ্রয় নিয়েছিল। এই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিশাল বাড়িতে তারা একজন আরেকজনকে মজার মজার গল্প শুনিয়ে দিন কাটাত।
অন্দ্রে লিখেছেন, ‘এখন আমরা বইটাকে বিছানার পাশে রাখি মজার মজার গল্পের সংকলন হিসেবে, কিন্তু সে সময় বইটা সামাজিক বিধান হিসেবে কাজ করেছিল। বোকাসিও ইঙ্গিত করেছিলেন যে গল্পের মাধ্যমে আমরা মহামারি থেকে রক্ষা পেতে পারি। তাঁর উপন্যাসের চরিত্রেরা প্রিয় মানুষদের সঙ্গে শহরের ভিড় থেকে সরে গিয়ে মনোরম প্রাকৃতিক পরিবেশে নিজেদের মন ভালো রাখার জন্য একে অপরকে গল্প শুনিয়েছে। এই সামাজিক বিচ্ছিন্নতা আর যতটা সম্ভব আনন্দময় কাজের কারণেই মহামারির কঠিন সময়েও টিকে থাকতে পেরেছে।’
অন্দ্রে স্পাইসারের এই নিবন্ধের সূত্র ধরে দাবাশি টেনেছেন ইতালীয় পরিচালক পিয়ের পাওলো পাসোলিনি পরিচালিত ‘ট্রিলোজি অব লাইফ’-এর কথা, যার প্রথম ছায়াছবি ছিল ‘দ্য-ডি ক্যামেরন’ এবং বাকি দুটি যথাক্রমে ‘দ্য ক্যান্টারবেরি টেলস’ ও ‘আরব্য রজনী’। ফ্যাসিজমের সময় মানবতার সংকট বিষয়ে তিনি আগ্রহী ছিলেন। ১৯৭৫ সালে নির্মিত সিনেমা ‘১২০ ডে’জ অব সডম’-এ পাসোলিনি আগের সেই ভয়কেই বহন করে এনেছেন আরও অবক্ষয়ের মাঝখানে—ফ্যাসিজমও মহামারি কিংবা ফ্যাসিজমই মহামারি। বর্তমান জেনোফোবিয়া, বর্ণবাদ ও সাম্প্রদায়িকতার যুগেও (যেমন ডোনাল্ড ট্রাম্প কোভিড-১৯-এর কথা বলতে গিয়ে বলেছেন ‘চাইনিজ ভাইরাস’) যা অর্থবহ।
এরও আগে আলবেয়ার কামুর ১৯৪৭-এর মাস্টারপিস ‘দ্য প্লেগ’-এ তাঁর অস্তিত্ববাদী চিন্তাভাবনা প্রকাশ করেছেন মানুষের আত্মার ওপরে মহামারির প্রভাব দেখানোর মাধ্যমে। দুটো অসম ঘটনাকে একসঙ্গে এনেছেন এখানে তিনি। ১৯৪৯ সালে আলজেরিয়ায় কলেরা মহামারি এবং ইউরোপে ফ্যাসিজমের উত্থান। সমষ্টিগত উন্মত্ততার সময় আমাদের যাপিত অভিজ্ঞতা কতটা ভঙ্গুর, তার প্রতিফলন এই উপন্যাস। এখানে রূপকার্থে গণকবরের কথা এসেছে নাৎসি জার্মানির কনসেনট্রেশন ক্যাম্পগুলোর উদাহরণ হিসেবে। বর্তমান সময়ের ডানপন্থী বিশ্ব রাজনীতির ক্ষেত্রেও মহামারির রূপক একই রকমভাবে শক্তিশালী।

এডফারড মুঙ্খের আফটেন পা কার্ল (১৮৯২), দেখুন মানুষ শূন্য শহর, এ করোনাকালে
এডফারড মুঙ্খের আফটেন পা কার্ল (১৮৯২), দেখুন মানুষ শূন্য শহর, এ করোনাকালে

কিছুদিন আগে ‘টাইম’ পত্রিকায় ইউভাল নোহা হারারি বলেছিলেন, ‘এই সময়ে সবচেয়ে বড় যুদ্ধ মানবতার। এই মহামারি আমাদের অনৈক্যের প্রতীক, একে অপরের প্রতি অবিশ্বাসের প্রতীক, ভাইরাসের সবচেয়ে বড় জয় এখানেই, মানুষ ঝগড়া করলে ভাইরাস দ্বিগুণ হয়। এই ভাইরাসের কারণে যদি বিশ্বব্যাপী মানুষ একে অপরের দিকে সাহয্যের হাত বাড়ায়, তা হবে বর্তমান ও আগামীর ভাইরাসের বিরুদ্ধে মানবতার জয়।’
একটা জীবাণু, খালি চোখে যাকে দেখা যায় না, তার ভয়ে আমরা ঘর থেকে বের হতে পারছি না। প্রবল পরাক্রমশালী, অহংকারী মানুষ, যে শুধু নিজের প্রাপ্যটুকু নিয়েই শান্ত হয় না, অধিকার করতে চায় সবটুকু। দিনে দিনে কী প্রচণ্ড অসহিষ্ণু হয়ে উঠেছে আমাদের পৃথিবী, যেখানে বিরোধী মতকে নিশ্চিহ্ন না করে শান্তি পাই না। এর জন্যই যত যুদ্ধ, দাঙ্গা, ধ্বংস। অথচ কত তুচ্ছ আমরা! একটা সামান্য জীবাণু আমাদের এক কাতারে টেনে এনেছে। এবার কি অন্য রকম করে ভাবব? যে মানুষটা রাস্তায় ঘুমায়, তার নিরাপত্তা, তার সুস্বাস্থ্য এখন আমার নিজের তাগিদেই নিশ্চিন্ত করার চেষ্টা করতে হবে। পৃথিবীর যেকোনো প্রান্তে যে কেউ আক্রান্ত হলেই আমার আক্রান্ত হওয়ার সম্ভাবনা, তাই সংঘবদ্ধ হওয়াই একমাত্র উপায়।
বসার ঘরে আরেকটা রোদ ঝলমল দিনের শেষে বসে দেখছি কাচের দরজার ওই পাশে ডেকের ওপর মুখোমুখি দুটো খালি চেয়ার। মাটিতে গাছের ছায়া আর রোদের নকশা। আমার চার বছরের ভাগ্নি রোকেয়ার কথা মনে পড়ে। এ লকডাউনের সময় একই শহরে থেকেও আমাদের দেখা হয় না। আমার জ্বরের সময় একবার অভয় দেওয়ার জন্য সে বলেছিল, ‘তুমি আমার বাড়ি চলো, আমার বাড়ি ইটের আর আমাদের কোনো চিমনি নাই, সেখানে বিগ ব্যাড উলফ আসবে না!’ থ্রি লিটল পিগস-এর গল্পটা হয়তো একসময় আমিই তাকে শুনিয়েছিলাম, নতুন করে সে ফিরিয়ে দিল। আবারও বলল, ‘তুমি কি মনস্টার ভয় পাও? জানো না পৃথিবীতে কোনো মনস্টার নেই?’ হয়তো আমাদের আরোগ্যর জন্য এ সময় সবচেয়ে বেশি প্রয়োজন এ রকমই সরল, নির্ভীক ভালোবাসা।
বিকেল ফুরিয়ে আসছে। দীর্ঘ হচ্ছে গাছের ছায়া। ইরানি কবি ফারোহ ফাররোখজাদের কথা মনে পড়ছে। এই পৃথিবীর কোথাও তিনি আর না থাকলেও যেন তাঁর আদেশ মেনেই বাতাস বয়ে এনে দিল তাঁর কবিতার পঙ্ক্তি :
‘হে দিগন্তবিস্তৃত স্নিগ্ধ শ্যামল
জ্বলন্ত স্মৃতির মতন তোমার হাত
রাখো আমার ভালোবাসাভরা হাতে
আর তোমার ঠোঁট দাও আমার
প্রেমঘন ঠোঁটের নিবিড়তায়
অস্তিত্বের উষ্ণ অনুভবের মতো
বাতাস আমাদের সাথে নিয়ে যাবে...
বাতাস আমাদের সাথে নিয়ে যাবে...

কৃতজ্ঞতা: আশরাফুল আলম শাওন ও ইরফানুর রহমান রাফিন