ভবিষ্যতের ভয়, বর্তমানের ভাইরাস ও আমাদের অতীতমুখী শিল্প-সাহিত্য
>করোনা-আক্রান্ত পৃথিবীতে মানুষের অভ্যাস যেমন বদলে যাচ্ছে, তেমনি বদলে যাচ্ছে চিন্তার ধরণও। আমাদের শিল্পসাহিত্যেও কি পরিবর্তন আসবে করোনা-পরবর্তী দিনগুলোতে? বাংলাদেশের কথাসাহিত্যের সমসাময়িক পরিপ্রেক্ষিতের আলোকে এই লেখাটি নতুন কিছু প্রশ্নকে সামনে এনেছে।
ভবিষ্যতের ভয় বা ভয়ের ভবিষ্যৎ থেকে আমাদের এই গ্রহে দারুণ সব সাহিত্য আর শিল্পকর্মের সৃষ্টি হয়েছে। যতই দিন গড়াচ্ছে, সেসব সৃষ্টি লেখা, পড়া আর দেখার প্রবণতাও বাড়ছে। কানাডিয়ান লেখক মার্গারেট অ্যাটউডের উপন্যাস 'দ্য হ্যান্ডমেইড'স টেইল' (১৯৮৫) লেখার অন্তত তিরিশ বছর পর এসে ইদানীং প্রায় সারা বিশ্বে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে। এই উপন্যাসের ওপর ভিত্তি করে বানানো টিভি সিরিজও দেখছে প্রচুর মানুষ। অ্যাটউড একটা অপ্রত্যাশিত, ভীতিকর ভবিষ্যতের ছবি এঁকেছেন বইটাতে। সেই ভবিষ্যতে, আমেরিকা অতিমাত্রায় পুরুষতান্ত্রিক, উগ্র মৌলবাদ দ্বারা পরিচালিত একটা দেশে পরিণত হয়। নারীদের প্রশাসন, অধ্যাপনা, চিকিৎসা ইত্যাদি জায়গা থেকে সরিয়ে দিয়ে কেবল সংসার সামলানো, সন্তান উৎপাদন এই জাতীয় হাতে গোনা কয়েকটা কাজে নিয়োজিত করা হয়। শুরু হয় তাদের ঘরবন্দী, পুরুষশোষিত জীবন।
আবার ২০১৬ সালের অক্টোবরে প্রচার হওয়া 'নোজডাইভ' নামের একটা ব্রিটিশ টিভি ফিকশন দেখিয়েছে ভবিষ্যতের আর্থসামাজিক ব্যবস্থা কতটা ভঙ্গুর আর অযৌক্তিক হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমের রেটিং দ্বারা সবকিছু পরিচালিত হবে সেই সময়। এমনকি কে কোন যানবাহনে চড়তে পারবে, কে কোন হাসপাতালে ভর্তি হবে, কে কার জন্মদিন বা বিয়েতে দাওয়াত পাবে—সবকিছুই নির্ধারিত হবে অনলাইন রেটিংয়ের ভিত্তিতে।

জর্জ অরওয়েলের ক্লাসিক উপন্যাস 'নাইনটিন এইটি ফোর' (১৯৪৯) থেকে শুরু করে পি ডি জেমসের 'চিলড্রেন অব মেন' (১৯৯২) অথবা অ্যাটউডের ডিস্টোপিয়ান ট্রিলজির বইগুলো আজকাল নতুন করে ব্যাপক আকারে পাঠক সমাদৃত হচ্ছে। টিভি, ওয়েব সিরিজে তো ডিস্টোপিয়ান ফিকশনের আরও জয় জয়কার। বিশেষ করে ডিস্টোপিয়ান বিজ্ঞান কল্পকাহিনি। যে দ্রুতগতিতে প্রযুক্তির প্রসার আর পরিবর্তন হচ্ছে, আমাদের পক্ষে বিশ-তিরিশ বছর পরের দুনিয়ার শব্দ-ছবি কল্পনা করা মোটেও সহজ না। এই কঠিন কাজ করেছেন ফিলিপ কে ডিক, অ্যালেক্স গারল্যান্ড, মাইকেল ক্রাইটন ও চার্লি ব্রুকারের মতো লেখকেরা। তৈরি হয়েছে 'ব্লেইড রানার' (১৯৮২ ও ২০১৯), 'টোয়েন্টি এইট ডেজ লেটর' (২০০২) ইত্যাদি দর্শক-সমালোচক-প্রিয় চলচ্চিত্র। 'ব্ল্যাক মিরর' (২০১১-) আর 'ওয়েস্টওয়ার্ল্ড' (২০১৬)—এই ধরনের সিরিজের নতুন সিজন বের হলে হুমড়ি খেয়ে পড়ে মানুষ। অর্থাৎ বর্তমান পৃথিবীর একটা উল্লেখযোগ্যসংখ্যক মানুষ ভবিষ্যৎ নিয়ে প্রতিনিয়ত ভাবে। কতদূর ভয়াবহ হয়ে ঘটতে পারে ভবিষ্যতের ঘটনাগুলো, তা নিয়ে দুশ্চিন্তা করে।