ভাইরাস-ভারাক্রান্ত জার্নাল
>এই করোনাকালে যুক্তরাষ্ট্রে বৃদ্ধদের নানাভাবে সেবা দিয়ে স্বেচ্ছাসেবীর ভূমিকায় অবর্তীণ হয়েছেন লেখক মঈনুস সুলতান। এর আগে ইবোলা মহামারির সময় তিনি কাজ করেছিলেন সিয়েরা লিয়নে। পড়ুন যুক্তরাষ্ট্রে তাঁর কাজ করার অভিজ্ঞতা।
চাকাওয়ালা ড্যাফোল ব্যাগটি টেনে ড্রাইভওয়ের প্রান্তিকে এসে রাজসড়ক ঘেঁষে দাঁড়াই। ব্যাগটি পরিপূর্ণ শিমের শুকনা বীজ, নানা রকমের টিনজাত খাবার ও কুকিং অয়েলের বোতলে। আমেরিকার সাভানা শহরে সম্প্রতি রিসেটেল্ড হয়েছে পৃথিবীর হরেক দেশ তথা সিরিয়া, সুদান, আফগানিস্তান, লাইবেরিয়া, কঙ্গো প্রভৃতি থেকে আগত শরণার্থীদের বিপন্ন পরিবার। এক জামানায় রিসেটেল্ড হওয়া মানুষজন বেশ কয়েক মাস অব্দি ভাতা পেতেন, ফুডস্ট্যাম্পের মাধ্যমে ফ্রি গ্রোসারি পেতেন। ট্রাম্প প্রশাসন এসব বাতিল করেছে। এদের কেউ কেউ অসুস্থ এবং এ মুহূর্তে গৃহবন্দী। সুস্থ যাঁরা, বাণিজ্যিক স্থাপনাগুলো করোনা-সংক্রমণজনিত কারণে বন্ধ হয়ে গেলে, গেল সপ্তা দুই ধরে তাঁরাও চাকুরিচ্যুত হয়েছেন। পয়সা দিয়ে খাদ্যদ্রব্য কেনার তৌফিক এদের নেই। ড্যাফোল ব্যাগে রাখা খাবার আমি সংগ্রহ করেছি পাড়া-প্রতিবেশীদের কাছ থেকে। এক প্রতিবেশী আটটি পাউরুটি বেক করে দিয়েছেন। তা থেকে ছড়াচ্ছে মুখরোচক গন্ধ। স্বেচ্ছাসেবক হিসেবে আমার দ্বায়িত্ব তা রিফিউজিদের অ্যাপার্টমেন্টে পৌঁছে দেওয়া।
আমি দৃষ্টিস্বল্পতার কারণে বেশ কিছুদিন হলো ড্রাইভ করছি না। গেল তিন-চার দিন উবার চড়ে সীমিত মাত্রায় ঘোরাফেরা করেছি। উবার নানাজনে ব্যবহার করছে, তাই ক্লোরক্স-সিক্ত ডিসইনফেকশন রুমাল দিয়ে সিট মুছে বসেছি, আজ ক্লোরক্সের সাপ্লাই শেষ হয়েছে। তাই উবারের বিকল্প হিসেবে লিফট নিয়ে শরণার্থীদের অ্যাপার্টমেন্টে পৌঁছানোর চেষ্টা করছি। আমাকে আজ লিফট দিচ্ছে প্রতিবেশীর গ্যারির কন্যা এমা। বিশ্ববিদ্যালয় থেকে ড্রপআউট হয়ে সে একটি জিমনেশিয়ামে পার্টটাইম ক্লিনিংয়ের কাজ করত। সন্ধ্যায় একটি বারে ব্যাঞ্জো বাজিয়ে গানও করত। সাভানায় জিমনেশিয়াম ও বার বন্ধ হয়ে গেলে এমা সম্পূর্ণ বেকার হয়ে পড়ে। বর্তমানে আমাদের পাড়ার প্রতিষ্ঠান ‘নেক্সডোর’-এর হয়ে ভলানটিয়ারি করছে মেয়েটি।
বাবা গ্যারির একটি বড়সড় এসইউভি চালিয়ে এসে ব্রেক কষে এমা। ঘরে বানানো বিরাট একটি মাস্কে তার মুখমণ্ডল ঢাকা। কানে ইয়ারপ্লাগ প্রভৃতির জন্য মেয়েটিকে দেখায় সায়েন্স ফিকশনের চরিত্রের মতো। গাড়ির পেছন সিটে রাখা খাবারদাবারের গ্রোসারিতে ভরা অনেকগুলো পলিথিনের ব্যাগ। আমাদের পাড়ায় বাস করছেন বেশ কতজন সিনিয়র সিটিজেন। এঁদের কারও বয়স আশি, কেউবা অতিক্রম করেছেন নব্বই। প্রায় সবাই নিঃসঙ্গ, সাথির হয় মৃত্যু হয়েছে স্বাভাবিকভাবে, অথবা বর্তমানে বৃদ্ধাশ্রমে বাস করছেন নার্সের নজরদারিতে। সিনিয়র সিটিজেনদের অনেকেই ড্রাইভ করে নিজেরা গ্রোসারি থেকে কিনে নিতেন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও ওষুধপত্র। করোনায় সংক্রমিত হলে এঁদের মৃত্যুর ঝুঁকি আছে। তাই অনেকেই ঘর থেকে বেরোচ্ছেন না। এমা তাঁদের জন্য জন্য গ্রোসারি ও ওষুধবিসুদ কিনে নিয়ে এসেছে। সে মুখোশ একটু সরিয়ে আমাকে আরও মিনিট পনেরো অপেক্ষা করতে বলে। গ্রোসারির ব্যাগগুলো সিনিয়র সিটিজেনদের দোরগোড়া রেখে ফিরে আসছে সে। আমি সংক্রমণ রোধে প্রায় সাড়ে আট ফুট দূরে দাঁড়িয়ে থেকে বলি,‘থ্যাংকস আ বা।’
দাঁড়িয়ে থেকে আমি প্রায় নির্জন সড়কটি নিরিখ করে দেখি। সাভানা এখনো পুরোপুরি লকডাউন হয়নি, একটি-দুটি গাড়ি চলছে। সেপ্টেম্বর ইলেভেনের পর যুক্তরাষ্ট্রের কোনো শহরে এত কম যানবাহন দেখিনি। আকাশও পয়ঃ পরিষ্কার, জেট প্লেনের বর্জ্য-ধোঁয়ার কোনো লিমলেশ নেই। ঝকঝকে নীলাকাশে কেবল একটি লোহিত বর্ণের নজরদারি হেলিকপ্টার অতিকায় গঙ্গাফড়িংয়ের কায়দায় ঘুরুন্টি দিচ্ছে। এমার বাবা গ্যারির কাছ থেকে টেক্সট আসে। যে শরণার্থীদের সঙ্গে আমরা কাজ করছি, তাঁদের ছেলেমেয়েদের স্কুল বন্ধ হয়ে অনলাইনে লেখাপড়া শুরু হয়েছে। তাঁদের অ্যাপার্টমেন্টে কম্পিউটার নেই, গ্যারি ডোনেশন হিসেবে কয়েকটি ব্যবহারে জীর্ণ আইপ্যাড জোগাড় করেছেন। তিনি জানতে চাইছেন, রিফিউজি অ্যাপার্টমেন্টে ওয়াইফাই আছে কি না? এ প্রশ্নের উত্তর আমার জানা নেই। জবাবে লিখি, খোঁজ নিয়ে জানাচ্ছি। গ্যারি ইবোলাক্রান্ত সিয়েরা লিয়নে আমার কাজের কোনো পজিটিভ অভিজ্ঞতা টেপ করার প্রস্তাব দেন। পরে কথা বলব লিখে আমি টার্নঅফ করে দিই সেলফোন।
গ্যারি বিশ্ববিদ্যালয় প্রশাসনে কাজ করেন। তরুণ বয়সে ছিলেন মিউজিশিয়ান। বার, হোটেল বা বিবাহবাসরে বাজাতেন স্যাক্সোফোন। বাজনার অভ্যাসটা তাঁর এখনো বহাল। প্রতি শনিবারে তিনি রোগগ্রস্ত সিনিয়র সিটিজেনদের বৃদ্ধাশ্রমে গিয়ে ফ্রি সোলো কনসার্ট করেন। আজকাল আমি বেকার হালতে দিনাতিপাত করছি। কিছুদিন হলো গ্যারির সঙ্গে আমিও যেতে শুরু করেছি বৃদ্ধাশ্রমে। ওখানে আমার কাজ হলো গ্যারির বাদনের পর গল্প বলা। আমার নানা দেশে ঘুরে বেড়ানোর গল্প শুনতে পছন্দ করেন বৃদ্ধরা। ৯ দিন আগে শেষবারের মতো বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম। এখানে করোনার সংক্রমণ তখন কেবল দানা বাঁধছে। তাই হুইলচেয়ারে বসা কিংবা অক্সিজেনের নল লাগানো বৃদ্ধরা ছয় থেকে আট ফুট দূরত্ব রেখে বসেছেন। আমি মাইক্রোফোনে তাঁদের সিয়েরা লিয়নের তিমনি গোত্রের বৃদ্ধ স্যান্ডি মৌলা মানসারাইয়ের গল্প বলি।
কাউলাহুন প্রদেশের ইবোলাক্রান্ত গ্রাম করইতুরিতে আমি কাজ করি সম্ভবত ২০১৫ সালের শেষ দিকে। গ্রামের স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে জেনেছিলাম, ভিলেজ-চিফ বয়োবৃদ্ধ মানসারাই মরাণাপন্ন রোগীর কাছাকাছি গিয়ে তেলাওয়াত করছেন পবিত্র কালামে পাক। কেউ তাঁকে ঠেকাতে পারছে না। কারও কাছে যাওয়া আমাদের নিষেধ ছিল। তাই কোয়ারেন্টিন লাইনের পাশে দাঁড়িয়ে চিৎকার করে তাঁকে কাজটি না করার জন্য অনুরোধ করা হয়। জবাবে তিনি জানান, শৈশবে তাঁর পিতামহের মুখে শুনেছেন, তেত্রিশজন মরণাপন্ন মানুষের কানের কাছে কালামে পাক পাঠ করলে পরকালে নাজাতলাভ অবধারিত। আমরা কেউ তাঁকে নাজাত থেকে বিরত করতে চাইনি। তাই অনেক পরামর্শের পর ঠিক হয়, মোবাইলে তাঁর তেলাওয়াত রেকর্ড করা হবে। তারপর জীবাণুরোধক হেজমত-স্যুট পরা স্ব্যাস্থ্যকর্মী রোগীর কানের কাছে স্পিকারে তা শোনার বন্দোবস্ত করে দেবেন। বৃদ্ধরা এ ধরনের গল্প শুনতে চাচ্ছেন, কিন্তু আপাতত বৃদ্ধাশ্রমে যাওয়া নিষিদ্ধ হয়ে গেছে। তাই গ্যারি পরিকল্পনা করছেন, তাঁর বাদনের রেকর্ডের সঙ্গে আমার আরেকটি গল্প ওখানে পাঠাবেন।
গ্রোসারি ডেলিভারি দিয়ে এমা ফিরে আসে। আমি তার পাশের সিটে না বসে পেছন দিকের একটি সিটে সিঁটিয়ে বসি। সে গাড়ি স্টার্ট দেয়। সঙ্গে সঙ্গে খেয়াল হয়, আমি যেখানে বসেছি, একটু আগে ওখানে রাখা ছিল গ্রোসারির পলিথিনের ব্যাগগুলো। শোনা যাচ্ছে, পলিথিনের সারফেসে ভাইরাসরা বেঁচে থাকে ঘণ্টাকয়েক। আতঙ্কে উৎকণ্ঠিত হই, যদি একটি ক্ষুদ্রাতিক্ষুদ্র কীট ঢুকে পড়ে শরীরের কোনো রন্ধ্র দিয়ে, তাহলে খোদার খামোকা বীরত্ব করে বেড়ানোর যে ফালতু স্বভাব আমার আছে, তার অবসান হবে নিমেষে। উৎকণ্ঠায় উসখুস করে মাফলার দিয়ে গাড়োয়ানের মতো মুখমাথা প্যাচাই। দিন তিনেক আগে উবারে চড়ার সময় আমার সর্বশেষ মাস্কটি বেখেয়ালে খোয়া যায়। এ বস্তু ফের কিনতে পারার সম্ভাবনা ক্ষীণ।
এমা ড্রাইভ করতে করতে আমাদের আরেক প্রতিবেশী মাইকেল জনসন সম্পর্কে আপডেট করে। পেশায় মেকানিক মাইকেল ডিভোর্সের পর বাড়িতে একাকী বাস করতেন। হাসিখুশি মানুষটি দিন পনেরো আগে তাঁর আঙিনায় ক্যাম্পফায়ারের আগুনে বার্বিকিউয়ের আয়োজন করেছিলেন। করোনায় আক্রান্ত হয়ে সাত দিন আগে তিনি হাসপাতালে যান। তাঁকে আইসোলেটেড করে একটি নির্জন পার্কের ফ্যাসিলিটিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিবেশীরা ‘নেক্সডোরের তরফ থেকে এমাকে তাঁর খোঁজ নিতে বলেছিলেন। এমা তাঁর সঙ্গে স্কাইপে কথা বলে কনভারসেশনটি স্মার্ট-ডিভাইসে রেকর্ড করে রেখেছে। আমাকে তা দেখার জন্য সে ভিভাইসটি বাড়িয়ে দেয়।
আমি স্ক্রিনের ঝিরিঝিরি ইমেজে শুয়ে থাকা মাইকেলের চেহারা দেখি। ভদ্রলোক ক্রমাগত কাশছেন। তাঁর তুমুল শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু হাসপাতালে যথেষ্ট ভেন্টিলেটর নেই। তাঁর কামরায় কোনো নার্সও প্রয়োজন না পড়লে আসছে না। এদিকে হাসপাতালের খরচ বাবদ বিল দেওয়া নিয়ে মাইকেল বেজায় চিন্তিত। তাঁর হেল্থ ইনস্যুরেন্স আছে, তবে তারা শুধু তাদের নেটওয়ার্কের ডাক্তারদের দেওয়া চিকিৎসার খরচ কভার করছে। সাভানাতে এখনো করোনার টেস্টিং কিট এসে পৌঁছেনি। তাই মাইকেল নেটওয়ার্কের বাইরে একটি প্রাইভেট ক্লিনিকের দারস্থ হয়েছিলেন। তাঁর চিকিৎসা খরচ বিশ হাজার ডলার ছাড়িয়েছে। এদিকে মার্কেট ক্রাইসিসে তাঁর অনেক বছরের সঞ্চয় স্টকগুলোর মূল্যমান জিরোতে নেমে এসেছে। তিনি কথা বলতে বলতে কাশতে কাশতে দমবন্ধ হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন।
রিফিউজিদের লো-ইনকাম অ্যাপার্টমেন্টে পৌঁছার আগে আমরা ক্রোগার গ্রোসারির পার্কিং লটে থামি। ওখানে মারিও ফ্যালাচি বাজার করনেওয়ালা নাগরিকদের কাছ থেকে ডোনেশন হিসেবে খাদ্যদ্রব্য সংগ্রহ করছেন। ইতালিয়ান-আমেরিকান এ মানুষটির সঙ্গে আমার পরিচয় হয় মাইকেল জনশনের বারবিকিউতে। কার ডিলারশিপের সঙ্গে সংযুক্ত কোনো ব্যবসা করেন ইনি। নিজেকে পরিচয় দেন ‘নেভার ট্রাম্পার’ অভিধায়। অভিবাসী এ ভদ্রসন্তান ভাটি বয়সে টুইটার, ইনস্টাগ্রাম প্রভৃতি উত্তরাধুনিক টেকনোলজিতে সুদক্ষ হয়ে কোথাও ট্রাম্পবিরোধী কিছু মুদ্রিত হলে হামেশা শেয়ার করে থাকেন। খুবই গোছানো প্রকৃতির ব্যক্তি মারিও কার্ডবোর্ডের আটটি বাক্সে টুনা ফিশের ক্যান, টমেটো সস, চাল, পাস্তা প্রভৃতির প্যাকেট গুছিয়ে রেখেছেন। এমা হাত লাগিয়ে আমার ড্যাফোল ব্যাগের খাবার ভাগ করে রাখে প্রতিটি বাক্সে। মারিও গাড়িতে বাক্স তুলতে তুলতে জানতে চান, ‘ট্রাম্প করোনা নিয়ে দিনে কতবার মিথ্যাচার করছেন, তা জানতে চাও কি?’ আমি আগ্রহ দেখাই না। সিয়েরা লিয়ন থেকে আমার যুক্তরাষ্ট্রে ফেরার পরপরই তাঁর সঙ্গে মাইকেলের ক্যাম্পফায়ারে পরিচয় হয়েছিল। তখন জানতে পেরেছিলাম, ট্রাম্প নাকি দিনে ২২ বার প্রেসের কাছে মিথ্যাচার করেন। তাবৎ বছরে তাঁর মিথ্যাচারের পরিসংখ্যান হচ্ছে ১৫,৪১৩। আমার অধৈর্য লাগে। মারিওর সঙ্গে কোনো আলাপে জড়াতে চাই না। নানা জায়গায় ঘোরাফেরার কারণে আমার দেহ হয়তো জীবাণুর ক্যারিয়ার গড়ে উঠেছে। এ পরিস্থিতিতিতে জনবহুল গ্রোসারির সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তাতে অন্য কোনো ইনোসেন্ট মানুষের আক্রান্ত হওয়ার সম্ভাবনা। তাই গুড বাই বলে গাড়িতে উঠি। মারিও কাছে এসে হাসিমুখে বলেন, ‘ইতিহাসে কোনো কোনো শাসক মহামতি হিসেবে পরিচিত। ট্রাম্প অবস্থান করছেন তাদের বিপরীত মেরুতে। তিনি মহামিথ্যাবাজ হিসেবে স্মরিত হওয়ার প্রতিজ্ঞা করেছেন।’ আমি ‘সোলং’ বলে এমাকে গাড়ি স্টার্ট দেওয়ার ইশারা দেই।
যেতে যেতে সেলফোনের নিউজফিডে দেখি, এ অব্দি (লেখাটি যখন লিখছিলাম) করোনাক্রান্ত হয়ে মৃতের পরিসংখ্যান হচ্ছে ২ হাজার ৪০০ জন মানুষ। খুব কি বেশি দিন আগের কথা, পয়লা মার্চে একজন মানুষের মৃত্যুর সংবাদ মিডিয়ার প্রচারিত হয়েছিল। তখনো টেস্ট কিটের অভাবে রোগাক্রান্তদের কোনো সঠিক পরিসংখ্যান ছিল না। বর্তমানে রোগগ্রস্তদের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ৪৮ জন। পূর্ণিমায় বেনোজলের মতো এ পরিসংখ্যান বাড়ছে প্রতি মুহূর্তে। লো-ইনকান অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের গাড়িবারান্দায় এমা বাক্সগুলো নামিয়ে দেয়। তারপর সেলফোন দেখিয়ে বলে, কী একটা জরুরি কাজে তাকে অন্য দিকে যেতে হচ্ছে এখনই, ‘ক্যান ইউ ম্যানেজ এলোন?’ আমি তাকে ‘থ্যাংক ইউ’ বলে কাজে হাত লাগাই। এখানে আটটি শরণার্থী পরিবারের বাস। বাক্স হাতে করে হেঁটে গিয়ে তাঁদের দোরগোড়ায় সেগুলো রাখি আমি। তবে নক করি না। আমার হাঁটু ও কবজিতে যুগল ইনজুরি, সিঁড়ি ভাঙতে অসুবিধা হয়। এমার ওপর বিরক্ত হই, আরও মিনিট পনেরো আমাকে সাহায্য করলে কী এমন সমস্যা হতো? নিজের ওপরও বিরক্ত লাগে। বয়স্ক হওয়াটা বিড়ম্বনা বোধ হয়, দৈহিক অক্ষমতায় মনেও পীড়া জাগে।
দোরগোড়ায় বাক্সগুলো রাখা শেষ করে আমি করিডর ধরে হাঁটতে হাঁটতে এক-এক করে রিফিউজিদের রিং করি। একটি অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আসে বিওসা। কঙ্গো থেকে আগত এ মহিলা-শরণার্থীর সংসারে চারটি সন্তান। আমি ইশারায় তাঁকে কাছে আসতে নিষেধ করি। সে থতমত খেয়ে শিশু কোলে দাঁড়িয়ে পড়ে বলে, বাক্সে কোনো বেবি ফুড নেই? আমি তাঁকে বিশেষ ভরসা দিতে পারি না। খিন্ন মনে অন্যান্য রিফিউজি পরিবারকে রিং করতে করতে বেরিয়ে আসি। যতটা জানি, ঘরে বিওসার স্বামী জ্বর ও কফ-কাশিতে শয্যাশায়ী। আমাদের ভলান্টিয়ার গ্রুপে পাবলিক হেল্থ অভিজ্ঞতা আছে, এ রকম একজন বিষয়টি নিয়ে গেল দুই দিন ধরে ডিল করছেন। কিন্তু হাসপাতালে নেওয়া দূরে থাক, টেস্টিংয়েরও কোনো সুরাহা করতে পারেননি।
রাজসড়কে আসতেই চোখে পড়ে স্টপে দাঁড়িয়ে থাকা বাস। এ পরিস্থিতিতে বাস চড়া হবে বীজাণুর সঙ্গে সহবতের সামিল। বিষণ্ন মনে পয়দলে আগ বাড়ি। টেলিফোন আসে গ্যারির স্ত্রী, এমার স্টেপমাদার লিনের কাছ থেকে। গির্জার সদস্যদের কাছ থেকে তিনি কিছু শিশুখাবার জোগাড় করেছেন। এমা আমার বাহনহীন পরিস্থিতিও তাঁকে জানিয়েছে। লিন আমাকে পিক করতে আসছেন জানিয়ে বাসস্টপের কাছাকাছি দাঁড়িয়ে থাকতে অনুরোধ করেন।