ভূতের রাজা দিল বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>করোনাকালে মড়ার উপর খাঁড়ার ঘা। জনে জনে আসতে লাগল ‘ভুতুড়ে’ বিল। কার বরে এল এই বিল?

সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন-বাঘা বাইন’ চলচ্চিত্র হিসেবে ক্ল্যাসিকের মর্যাদা পেয়েছে অনেক আগেই। শৈশবে এই ট্রিলজির ছবিগুলো দেখার সময় মনে হতো, ইশ্, ভূতের রাজা কী ভালো! কত উপকারী তিনি। মজার মজার সব বর দেন। যেখানে খুশি যাওয়া যায়, যা খুশি খাওয়া, গান-বাজনা করা যায়। এমন জীবন পেলে আর কী লাগে!

গুপী-বাঘারা অবশ্য সেই সব বর শিষ্টের পালন ও দুষ্টের দমনে কাজে লাগাত। যুদ্ধবাজ, অত্যাচারী রাজা বা বিপথে যাওয়া সাধক—কাউকেই ছেড়ে কথা বলত না এই মাণিকজোড়। কিন্তু বঙ্গের পশ্চিম থেকে পূর্ব দেশে ভূতেদের রাজত্ব আলাদা। বরের প্রকৃতিও বদলে গেছে।

এই যেমন, করোনার এই কয়েকটা মাস খুব ভয়ে ভয়ে কাটল। আশপাশে সবার দেখলাম, ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল এসেছে। অনেক সহকর্মীও জানালেন ভোগান্তির কথা। মার্ক জাকারবার্গের নীল দুনিয়ায় তো তোলপাড় শুরু হয়ে গেল। যার আসত শুধু হাজার, তার সেই হাজারের বিলের সামনে তিন, চার, পাঁচ বসতে থাকল। শুধু ভাবতাম, আমার এমন এলে কী করব? এই করোনাকালে বাড়তি কড়ি মিলবে কোথায়? নিজের কোনো বিদ্যুৎকেন্দ্রও তো নেই যে বিদ্যুৎ বানিয়ে বিলের টাকা শোধ করব!

শুরুতেই অনেকে বলছিলেন, ভুল হয়েছে। বিল হলো ‘ভুতুড়ে’। কিন্তু ভূত কারা, তা খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাজধানীতে জঙ্গলের মতো জায়গা তেমন চোখে পড়ে না। তেমন থাকলে ভূতের রাজার খোঁজে একটু ঘুরে আসা যেত। বুঝলাম, শহুরে ভূতের নাগাল পাওয়াও বেশ কঠিন।

সম্প্রতি ‘প্রথম আলো’তে ছাপা খবরে জানা গেছে, ভুল করে নয়, পূর্বপরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত নিয়েই বিদ্যুতের ভুতুড়ে বিল করেছিল ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। এর অন্যতম লক্ষ্য ছিল বাড়তি রাজস্ব দেখিয়ে কর্মকর্তা-কর্মচারীদের পারফরম্যান্স বোনাস নেওয়া। একই সঙ্গে প্রথাগত লোকসান (সিস্টেম লস) কমিয়ে দেখানোর জন্য ভুতুড়ে বিল করা হয়েছিল। জানা গেছে, ডিপিডিসি তাদের ৩৬টি কার্যালয়ে চিঠি দিয়ে বেশি বিল করার নির্দেশ দিয়েছিল। ওই নির্দেশে এলাকাভেদে ১০ থেকে ৬১ শতাংশ বেশি বিল করতে বলা হয়। আর কর্তাদের হুকুমে করা ভুতুড়ে বিলের শাস্তি কর্মীদের ওপর চাপানো হচ্ছে।

খবর পড়ে একটু স্বস্তি পাওয়া গেল। বোঝা গেল, ভুল অন্তত হয়নি। ভুতুড়ে কাণ্ড যা ঘটার, জেনে-বুঝে পরিকল্পনামাফিকই ঘটেছে। হুট করে ঘাড় মটকে দেয়নি। আধুনিক প্রযুক্তির যুগ বলে কথা। ভুতুড়ে কর্মকাণ্ডে একটু পরিবর্তন তো আসবেই!

এমনিতেই করোনাকাল। অভাবী বোধ করছেন অনেকেই। আশঙ্কাও আছে। অসুস্থ হওয়া, চাকরি থাকা না–থাকা, বেতন কমে যাওয়া—কত্ত আশঙ্কা। এর মধ্যেই মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এল এমন বিল। খাঁড়াতে ধার ছিল বেশ, তা স্বীকার করতেই হবে। হুট করেই আমাদের যেন ‘গৌরী সেন’ বানিয়ে দেওয়া হলো। ভূতেদের বরে কত কী যে হয়! ভাবলেই বুক ধড়ফড় করে। পকেটের কথা আর না-ই বা বলি। দুঃখের কথা আর কেইবা মুখ ফুটে বলতে চায়?

কিন্তু কর্তাব্যক্তিরা এমন ‘ভুতুড়ে’ হতে চাইলেন কেন? তাঁরা নিশ্চয়ই যা খুশি তাই করার বর পেয়েছেন। প্রশ্ন হলো, সেটা কি ভূতের রাজা দিয়েছেন? দিলে, কোন ঘন জঙ্গলে দিয়েছেন? এটি জানতে পারলে ভালো হতো। এই রাজধানীতেও ভূতেদের বাসস্থান হিসেবে দর্শনীয় সবুজ জঙ্গল আছে, তা-ই তো জানতাম না! তবে ভুতুড়ে কাণ্ড যখন ঘটছে, ভূত নিশ্চয়ই আছে। এখন শুধু জঙ্গলটা খুঁজে ফেলা প্রয়োজন!