মড়কের সাহিত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঙ্গনিরোধ, শিল্পী: রানুয়েল নগুমা
সঙ্গনিরোধ, শিল্পী: রানুয়েল নগুমা

(শেষ পর্ব)

রেনেসাঁ বা আলোকায়নের স্বপ্ন যতই অগ্রসর হয়েছে, ততই মড়কের ভয়ও কমে এসেছে। তবে মার্কিন সাহিত্যে মারীর ধ্বংস একটি গণতান্ত্রিক মোচড় নিয়ে দেখা দেয়: যেনবা সংক্রামক রোগই শেষ সমতাসাধক। ১৮৪২ সালে রচিত এডগার অ্যালান পোর আখ্যান ‘লোহিত মৃত্যুর মুখোশ (দ্য মাস্ক অফ দ্য রেড ডেথ)’ মধ্যযুগের পৃথিবীর প্রেক্ষাপটে লেখা, যেখানে একটি সংক্রামক ব্যাধি মুহূর্তেই অসংখ্য মানুষকে হত্যা করছে। ‘এই রোগের সংক্রমণে দেখা দিত তীব্র যন্ত্রণা, সহসা মাথা ঘোরা এবং তারপর দেহের ছিদ্রগুলো থেকে প্রচুর রক্তপাত,’ পো লিখেছেন।  ‘রোগীর দেহে ও বিশেষত মুখমণ্ডলে লাল টকটকে দাগই তাকে কোনো সাহায্য পাওয়া বা সমাজের অন্য মানুষদের সহানুভূতি থেকে বঞ্চিত করত।’ বিশেষত ধনাঢ্যদের একেবারেই কোনো সহানুভূতি ছিল না দরিদ্রদের জন্য। যেমন খোদ পোর বিপিতাই পোর সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি এবং পোকে একরকম কপর্দকশূন্য করা হয়, যখন কিনা পোর স্ত্রী মারা যাচ্ছিলেন। এক উদ্ধত রাজপুত্র ও সব ধনাঢ্য নর-নারী ‘রাজপুত্রের বিশাল প্রাসাদের নির্জনতায় বিশ্রাম নিতে যায়’, যেখানে তারা বিলাস-ব্যাসনেই সময় কাটাতে থাকে, যতক্ষণ না এক রাতে একটি মুখোশ পরা বল নাচের অনুষ্ঠানে একটি দেহ এমন এক মুখোশ পরে আসে যে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা-নিরীক্ষার পরও এই প্রতারককে শনাক্ত করা সম্ভবপর হয় না। মুখোশ পরা এই নাচিয়ে আর কেউ ছিল না। সে ছিল লালরঙা মৃত্যু নিজেই। সেই রাতে প্রাসাদের সবাই মারা যায়। এভাবেই মড়কে দরিদ্র মানুষের মতো অভিজাতরাও মৃত্যুর নিষ্ঠুর নিয়তি এড়াতে পারে না।

প্লেগ প্রতিরোধে রোগীদের সাবান বিতরণ করা হচ্ছে।
প্লেগ প্রতিরোধে রোগীদের সাবান বিতরণ করা হচ্ছে।

অ্যালান পোর এই লাল মৃত্যুই জ্যাক লন্ডনের উপন্যাস ‘দ্য স্কারলেট প্লেগ’-এ দেখা দেয়। ব্যাধি তো সেই একই: ‘এক ঘণ্টার ভেতর রোগীর গোটা মুখ ও দেহ রক্তিম বর্ণ ধারণ করে।’ ২০১৩ সালে মড়ক দেখা দেয় এবং প্রায় সবাইকে সংহার করে, সমাজের উঁচু-নিচু, ক্ষমতাবান ও ক্ষমতাহীন জাতি-রাষ্ট্রগুলোসহ সবাইকে। পৃথিবীর সব প্রান্তেই এই মড়কের পর যারা টিকে গেল, তারা দুর্দশা ও রাষ্ট্রহীনতায় একই রকম বিপন্ন হয়ে পড়ল। তবে এই বিপন্ন মানুষদের ভেতরেই একজন বার্কলের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় ইংরেজি সাহিত্যের অধ্যাপক হলেন। যখন মড়ক ছড়িয়ে পড়ল, তখন এই অধ্যাপক লুকিয়ে পড়লেন রসায়ন বিভাগের ভবনে এবং মড়কের তীব্র সংক্রমণের মুখে অনাক্রম্য হয়ে উঠলেন। বহু বছর ধরে তিনি জোসেমাইটের একটি পুরোনো হোটেলে একা রইলেন, স্টোরের ক্যানের খাবার খেয়ে যতক্ষণ না পর্যন্ত ‘দ্য শোফার্স’ নামে একটি ছোট্ট বাহিনী তাকে উদ্ধার করে। এই বাহিনীর পরিচালক ছিল এক বর্বর ব্যক্তি, যে কিনা একদা ছিল এক গাড়িচালক এবং তার একটি বউও ছিল। উপন্যাসটি শুরু হয় ২০৭৩ সালে, যেখানে এই অধ্যাপক এক অত্যন্ত বুড়িয়ে যাওয়া মানুষ, এক মেষপালক, পশুচর্মে আচ্ছাদিত—‘তার বক্ষদেশ ও কাঁধে ছাগচর্মের একটি বিদঘুটে পোশাক ঝুলছিল’—এবং অধ্যাপক বেঁচে ছিলেন এক পশুর মতো। অধ্যাপক এক লোহিত বর্ণ মড়কের গল্প করতে থাকেন তাঁর নাতিদের কাছে। এমন সব বালকের কাছে, যারা কিনা ‘একস্বরা শব্দ ও ঝাঁকিপূর্ণ বাক্যে কথা বলছিল, যা যতটা না ছিল একটি ভাষা, তার চেয়ে অনেক বেশি কিছু অর্থহীন কথাবার্তা,’ তবে সেই বালকেরা তির-ধনুক চালাতে খুবই পটু। তাদের আদিম স্বভাব অধ্যাপককে হতাশ করে তুলছিল, যেহেতু তিনি স্মরণ করছিলেন যে অতীতে সানফ্রান্সিসকো কেমন ছিল: ‘যেখানে চল্লিশ লাখ মানুষ আগে নাগরিক সব বিনোদনই পেত, আজ সেখানে বুনো নেকড়েরা ঘুরছে এবং আমাদের ভালোবাসার উত্তরাধিকার সন্তানেরা আজ বন্য মানুষের মতো প্রাগৈতিহাসিক অস্ত্র নিয়ে তীক্ষ্ণ দন্ত বিনাশকারীদের সঙ্গে টিকে থাকার যুদ্ধরত। একবার ভাবো! আর এই গোটা পরিস্থিতিই তৈরি হয়েছে এই লোহিত মৃত্যুর কারণে।’

দি লাস্ট ম্যান
দি লাস্ট ম্যান

জ্যাক লন্ডন আসলে এডগার অ্যালান পোর কাছ থেকে রক্তবর্ণ মৃত্যুর ধারণা ও ‘দ্য লাস্ট ম্যান’ থেকে গল্পের কাঠামো চুরি করেছেন—যদিও মানব সভ্যতার পতন ও ক্ষয় সম্পর্কে তাঁর যুক্তি মেরি শেলির বক্তব্য থেকে অনেক কম সূক্ষ্ম।

‘মানব প্রজাতি যেন প্রাগৈতিহাসিক রাতের তামস মুহূর্তে নিমজ্জিত হবার জন্যই দণ্ডাজ্ঞাপ্রাপ্ত এবং তারপর আবার সভ্যতার ঊর্ধ্বমুখে তার রক্তাক্ত আরোহণ,’ বলেন অধ্যাপক। জ্যাক লন্ডনের বিবেচনায় রেনেসাঁ বা আলোকায়নের নৈতিক অগ্রযাত্রার ইঞ্জিন নয়, বরং শৈল্পিক পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদই বর্বরতা থেকে সভ্যতা ও কৃচ্ছ্রতা থেকে প্রাচুর্যের দিকে মানব প্রজাতিকে অগ্রসর হতে সাহায্য করেছে। লন্ডনের দৃষ্টিতে মানবের পতন মূলত একটি ‘বিশেষ সময়ের সাম্রাজ্যের যুগের অন্ধকার হৃদয়ে পতন’। অধ্যাপকের পৌত্র-দৌহিত্রদের ত্বক ‘বাদামি’ বর্ণ। প্লেগ বা মড়ক আসার আগে পুঁজিপতি ও সাম্রাজ্যবাদীরা গোটা বিশ্ব থেকে বিস্ময়কর পরিমাণে সম্পদ জড়ো করেছেন। ‘টাকা কী?’ বালকেরা যখন তাদের অধ্যাপক পিতামহকে জিজ্ঞাসা করে, তিনি বালকদের খুঁজে পাওয়া ও ২০১২ সালে খোদাইকৃত একটি মুদ্রাকে ব্যাখ্যা করতে ‘টাকা’ শব্দটি ব্যবহার করেন। শ্বেতকায় বৃদ্ধ হাত দিয়ে মুদ্রাটি স্পর্শ করার সময় তাঁর চোখ অশ্রুসজল হয়ে ওঠে। সবকিছু—এই শ্বেত ত্বক, সম্পদ—সবই শেষ! অধ্যাপক সবচেয়ে বেশি মর্মাহত হন অতীতের এক অভিজাত ব্যক্তির স্ত্রীকে বর্তমানে এক বর্বরপ্রায় গাড়িচালকের বধূ হতে দেখে। বর্বর ব্যক্তিটি জোর খাটিয়েই এই বিয়ে করেছে: ‘হায় সেই ভেস্টা ভ্যান ওয়ার্ডেন, জন ভ্যান ওয়ার্ডেনের তরুণী বধূ, আজ কিনা ছিন্ন বস্ত্রে, কঠিন পরিশ্রমে ক্লান্ত, মলিন হাতে ক্যাম্পফায়ারের অগ্নিকুণ্ডলীর ওপর ঝুঁকে বাসনপত্র পরিষ্কার করার কাজ করছে—সে, ভেস্টা, যে কিনা গোটা পৃথিবীর সবচেয়ে সম্পদশালীদের অন্যতমা এক ব্যারোনেজ ছিল।’ একইভাবে অধ্যাপক খুবই কষ্ট পান, যখন তিনি দেখেন যে শ্বেতকায় মানুষেরা সব মহাদেশ জয় করেও অন্তিমে শুধু পশ্চিমকে হারায়নি, পূর্বকেও হারিয়েছে। অধ্যাপক তাঁর বর্বর পৌত্র-দৌহিত্রদের কাছে মার্কিন নগরীগুলোর পতনের গল্প করার প্রয়াস নেন। মহামারি শুরু হবার দিনগুলোতেও নগরীগুলোর অবস্থা তিনি জানতে পারছিলেন, যখন কিনা ক্যালিফোর্নিয়ায় দেশের অন্যান্য জায়গার খবর পৌঁছাত, যত দিন না শেষ টেলিগ্রাফ অপারেটর মারা যান।

‘নিউইয়র্ক ও শিকাগোতে ঝামেলা চলছিল...ইয়র্ক পুলিশের এক-তৃতীয়াংশ সদস্য মারা যায়। নগরপিতা বা মেয়রের মতো পুলিশ বিভাগের প্রধানও মারা যান। আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। সড়কে মৃতদেহগুলো সমাধিস্থ না হয়েই পড়ে আছে। যাবতীয় রেলপথ ও খাদ্য আর অন্যান্য পণ্যবাহী গাড়িগুলো চলাচল বন্ধ করে দিয়েছে, ক্ষুধার্ত দরিদ্র জনতা খাদ্যগুদাম ও মজুদখানাগুলো লুট করছে। সর্বত্র খুন, ডাকাতি ও নির্বিচার মদ্যপানের উন্মত্ততা। ইতিমধ্যেই শহরগুলো থেকে লাখ লাখ মানুষ পালিয়েছে—শুরুতে পালিয়েছে ধনীরা, ব্যক্তিগত মোটরগাড়ি ও যানবাহনে চেপে, এবং তার চেয়ে বিপুলসংখ্যক মানুষ পায়ে হেঁটেই চলছে, তারা সাথে নিয়ে যাচ্ছে মড়ক, নিজেরাও ক্ষুধার্ত এবং চলার পথে যাবতীয় গ্রাম ও শহরের কৃষক ও অন্যদের সব সহায়-সম্পদ লুট করছে।

সব নগরীই ভস্মীভূত। এমনকি ধনীদের যানবাহনগুলোও আগুনে পোড়ানো হয়েছে, গোটা পৃথিবী যেন এক হিন্ডেনবার্গ উড়োজাহাজ ভস্মীভূত হবার মতো অবস্থায়।’

দ্বিতীয় মহাযুদ্ধের ঠিক আগেই রচিত ‘দ্য স্কারলেট প্লেগ’ মহাযুদ্ধের সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে এক সতর্কবার্তাও বহন করে বৈকি। এমনকি পৃথিবীতে বেঁচে থাকলেও যুদ্ধের ক্ষয়ক্ষতি তো বড় কম নয়।

‘বহু বহু দিন আগে, যখন পৃথিবীতে অল্প কিছু মানুষ মাত্র ছিল, রোগের সংখ্যা ছিল হাতে গোনা,’ অধ্যাপক ব্যখ্যা করেন। ‘কিন্তু যেই না মানুষের সংখ্যা বাড়ল এবং তারা বড় বড় শহরে ও সভ্যতায় ঘনিষ্ঠভাবে বসবাস করা শুরু করল, ততই নতুন নতুন রোগ দেখা দিল, নতুন ধরনের নানা বীজাণু তাদের দেহে প্রবেশ করল।  এভাবেই লাখে লাখে ও কোটিতে কোটিতে মানুষ মারা গেল। যত ঘনবদ্ধভাবে মানুষ একসঙ্গে বাস করত, তত দ্রুত এই অসুখগুলোর সংক্রমণ দেখা দিত।’ অধ্যাপকের এই বক্তব্য অবশ্য তার নাতিরা বোঝে না। ‘২০১০ সালের আদমশুমারিতে সারা পৃথিবীর মানুষ ছিল আট বিলিয়ন,’ অধ্যাপক তাদের বললেও এই বালকেরা তাঁকে বিশ্বাস করতে পারে না। তাদের কোনো ধারণাও নেই যে ‘বিলিয়ন’ কী  বা জনগণনা অথবা আদমশুমারি কী আর পৃথিবীই-বা কী।

দি স্ট্র্যান্ড
দি স্ট্র্যান্ড

‘দশ হাজার বছরের সংস্কৃতি ও সভ্যতা চোখের পলক না ফেলতেই ধ্বংস হয়ে গেল,’ অধ্যাপক বলেন। তিনি তাঁর গোটা জীবনের আরাধ্য ও আরব্ধ কাজ হিসেবে এক গ্রন্থাগারিক হতে চেয়েছেন, চেয়েছেন মানব সভ্যতার দশ হাজার বছরের সংস্কৃতি ও সভ্যতার দলিল সংরক্ষণ করতে। তাই টেলিগ্রাফ হিলের এক গুহায় তিনি তার জীবনে খুঁজে পাওয়া সব বই একত্র করেন, যদিও মহা ধ্বংস পরবর্তী পৃথিবীতে একমাত্র তিনিই পড়তে পারেন। ‘এই বইগুলোতে আছে অমূল্য প্রজ্ঞা,’ অধ্যাপক তাঁর নাতিদের বলেন উপন্যাসের অন্তিম অধ্যায়ে। একই সঙ্গে ব্যখ্যা করেন যে বর্ণ পরিচয়ের জন্য তিনি একটি সাংকেতিক চাবিকাঠি রেখে দিয়েছেন। ‘মানুষ কোনো একদিন আবার পড়বে,’ বালকদের তিনি প্রতিশ্রুতি দেন। বালকেরা যদিও বোঝে না যে তিনি ঠিক কী বিষয়ে কথা বলছেন, তবে পাঠকেরা বোঝে।


আধুনিক প্লেগ বা মড়কবিষয়ক উপন্যাসের কাঠামো, যা কিনা স্টিফেন কিংয়ের ‘দ্য স্ট্যান্ড’ থেকে শুরু করে ‘আ জার্নাল অব দ্য প্লেগ ইয়ার’ (কোয়ারেন্টিনে চার দেয়ালে আবদ্ধ গল্প) এবং ‘দ্য লাস্ট ম্যান’ (মহাধ্বংসেও বেঁচে যাওয়া একদল ছিন্নবস্ত্র মানুষের মাঝে গড়ে ওঠা গল্প) কিন্তু বহুধা বিচিত্র। এই উভয়বিধ কাঠামোর ভেতর গল্প বয়ানের পরিসরটি কিন্তু সত্যিই বিস্তৃত থেকে যায়। আর তাই একইভাবে বিস্তৃত থেকে যায় নৈতিকতা, ঐতিহাসিক যুক্তি ও দার্শনিক প্রতিক্রিয়ার পরিসরও। মড়কসংক্রান্ত প্রতিটি উপন্যাসই তাই যেন এক রূপক কাহিনি।

আলবেয়ার কাম্যু একবার উপন্যাসকে সেই এলাকা হিসেবে সংজ্ঞায়িত করেছেন, যেখানে কিছু মানুষকে অপর মানুষের কাছে পরিত্যাগ করা হয়। তাঁর ‘দ্য প্লেগ’ সেই উপন্যাস, যেখানে সব মানুষ অন্য সব মানুষকে পরিত্যাগ করছে। আর সব প্রকৃতির রহস্য-উন্মোচক উপন্যাসের মতো এখানে শত্রু কোনো রাসায়নিক দ্রব্য বা আগ্নেয়গিরি কি ভূমিকম্প বা অন্য গ্রহের আগন্তুকেরা নয়, এখানে শত্রু হলো অন্য মানুষ: অন্য মানুষের স্পর্শ, নিশ্বাস এবং অনেক ক্ষেত্রেই—কমে আসা সম্পদের ভেতর অন্য মানুষের অস্তিত্ব।

কাম্যু তাঁর ১৯৪৭ সালে রচিত উপন্যাস ‘দ্য প্লেগ’-এ কোয়ারেন্টিনে অবরুদ্ধ ফরাসি-আলজেরিয় এক শহরের চার দেয়ালের ভেতর ঘটা আখ্যান আমাদের শোনান। এটা দ্বিতীয় মহাযুদ্ধের সময়ের কাহিনি (উপন্যাসে সালটি ১৯৪৪০ হিসেবে উল্লিখিত)। তবে যাবতীয় অশুভ পূর্বলক্ষণ, ভবিষ্যদ্বাণী এবং বলির পাঁঠাসহই, এই ফরাসী-আলজেরীয় শহরটি ১৬৬৫ সালের লন্ডনও হতে পারে। ড. বার্নার্ড হিয়্যো, অন্য সবার সঙ্গেই, প্রথমে আসন্ন অশুভের লক্ষণ পাঠে ব্যর্থ হন (উপন্যাসটি অনেকটা যেন ড. হিয়্যোর নোটবুক বা মড়ক বছরের জার্নালের ঢঙে লেখা)। তিনি একটি ইঁদুরকে তাঁর ঘরের দরজায় মরে পড়তে দেখেন:

‘এটা অনিশ্চিতভাবে নড়ছিল এবং এর লোমগুলো ভিজে চপচপ করছিল। প্রাণীটি থমকে গেল এবং যেনবা সে তার ভারসাম্য ফিরে পাবার চেষ্টা করছিল, একবার এটি ডাক্তারের দিকে এগিয়ে গেল, থামল, তারপর যেন নিজেই নিজের দেহের ওপর তল্লাশি চালানোর মতো পাক খেয়ে এক দিকে কাত হয়ে পড়ে গেল। এর মুখ ছিল খানিকটা খোলা এবং মুখ থেকে রক্ত বের হয়ে আসছিল। ইঁদুরটির দিকে একঝলক তাকিয়ে থেকে ডাক্তার সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেলেন।

দি স্কারলেট প্লেগ
দি স্কারলেট প্লেগ

‘ইঁদুররা বের হয়ে আসছে ভূগর্ভস্থ ভান্ডার থেকে আর মরতে থাকে রাস্তায়, স্তূপাকারে। তবু না ডাক্তার, না কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে, যতক্ষণ না প্রথম একজন মানুষ মারা গেল, একজন প্রহরী। এরপর দেখা দেয় অনুশোচনা: পরবর্তী ঘটনাবলির আলোয় মড়কের প্রথম পর্ব বিশ্লেষণ করে শহরের অধিবাসীরা বুঝল যে আগে তারা কল্পনাও করেনি, এই ছোট্ট শহরে এমন ভয়াবহ ঘটনা ঘটতে পারে—প্রকাশ্য দিনের আলোতে যখন সার সার ইঁদুর মরল বা একজন প্রহরী এক অদ্ভুত বহিরাগত রোগে মারা গেল।’

দ্রুতই আমরা জেনে যাই ‘গোটা শহরজুড়ে তাপ প্রবাহ চলছে।’

মৃতের সংখ্যা বাড়ে, এবং তারপর লাফিয়ে লাফিয়ে বাড়ে। আটচল্লিশ ঘণ্টায় এগারোটি মৃত্যু এবং তারপর আরও। সরকারের স্বাস্থ্য কমিটি ‘প্লেগ’ শব্দটি এড়িয়ে চলতে চায়। কিন্তু যতক্ষণ না ‘প্লেগ’ শব্দটি ব্যবহার করা হয়, ততক্ষণ বিশেষ ব্যবস্থা নেওয়া হয় না। নোটিশ বা বিজ্ঞপ্তি টাঙানো হয়। তবে শুধু অস্পষ্ট নানা জায়গায় এবং খুবই ছোট ছোট অক্ষরে সেই বিজ্ঞপ্তিগুলো লেখা হয়। ডাক্তার খেয়াল করেন, ‘এই বিজ্ঞপ্তিগুলোয় এটা ঠাহর করা কষ্ট যে কর্তৃপক্ষ বিদ্যমান অবস্থাকে সত্যিই গুরুত্বের সঙ্গে নিয়েছেন।’ শেষমেশ সরকার ‘ইঁদুর নিধনে’র এক কর্মসূচি হাতে নেয়, যে কর্মসূচিতে ত্রিশজন ব্যক্তি এক দিনে মারা যায় ও শহর বন্ধ হয়ে যায়।

কাম্যুর এই উপন্যাসে প্লেগ বা মড়ক কিন্তু ফ্যাসিবাদের বীজাণুও বটে। শহরে কেউই ইঁদুরের বিষয়টাতে গুরুত্ব দেয় না; আর যতক্ষণে দেয়, ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে—যদিও এই মড়ক ‘সব ভবিষ্যৎ দূরে ঠেলে দিয়েছে, ভ্রমণগুলো বাতিল করা হয়েছে, মতবিনিময়ের প্রক্রিয়া স্তব্ধ হয়ে গেছে’—এবং খুব অল্প কিছু মানুষই ইঁদুরের বিষয়টিতে যথাযোগ্য দৃষ্টিপাত করে, যদিও ততক্ষণে খুব দেরি হয়ে গেছে।

এটাই তাদের মূর্খতা: ‘তারা কল্পনা করেছিল যে তারা মুক্ত; কিন্তু কেউই মুক্ত হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত মড়ক থাকে।’

‘দ্য প্লেগ’ মড়কের কোনো ধারাবিবরণী শোনায় না, যেহেতু এই মড়ক কখনোই শহরটাকে ছেড়ে যায় না এবং তারপরও কাম্যুর মড়ক যেন এক অনিঃশেষ মড়ক। তবে হিয়্যো ইতিহাস পড়ে এটা শেখে যে গোটা মানব ইতিহাস জুড়ে একটাই মড়ক রয়েছে, যা সময় থেকে সময়ে, স্থান হতে স্থানান্তরে যাত্রা করে, ‘যন্ত্রণায় নিশ্চুপ হতভাগ্য মানুষভরা চৈনিক নগরী’ থেকে ‘কনস্ট্যান্টিনোপলে কুষ্ঠরোগীদের জন্য মাটির মেঝেতে স্যাঁতসেঁতে খড়ের বিছানা, যেখানে রোগীদের তাদের বিছানা থেকে লোহার আংটায় করে তোলা হতো’ থেকে ‘লন্ডনের ভুতুড়ে অন্ধকারে শবদেহ বহনকারী গাড়ির ক্যাঁচোর ক্যাঁচোর শব্দ—দিন ও রাতগুলো যেন সর্বত্র, সবখানে, মানবযন্ত্রণার চির আর্তনাদে ভরপুর।’ তারপর তালিকায় কী আছে? আউশউইৎচ, দাচাউ, বুখেনভাল্ড। মানুষই তো মড়ক। এই বোধে আসার পরপরই ডাক্তার হিয়্যোকে একটি অনাকাঙ্ক্ষিত নির্জনাবাসে তালাবদ্ধ থাকতে হয়। তাঁকে ভুগতে হয় তীব্র নির্জনতা ও আধুনিকতার বিচ্ছিন্নতা ও নিষ্ঠুরতায়:

‘মাঝেমধ্যে মধ্যরাতে, নিদ্রামগ্ন শহরের গভীর নৈঃশব্দ্যে, ডাক্তার কয়েক ঘণ্টার জন্য ঘুমাতে যাবার আগে তাঁর রেডিও খোলেন। এবং পৃথিবীর দূরস্থিত নানা প্রান্ত থেকে, হাজার হাজার মাইল ভূমি ও সমুদ্রের পার থেকে, সুবক্তাদের সহমর্মী কণ্ঠস্বর শোনা যায়, তবে একই সঙ্গে সেই সব কণ্ঠস্বর যেন বিদ্যমান যন্ত্রণাদায়ক পরিস্থিতি পুরোপুরিভাবে বোঝার ক্ষেত্রে তাদের পুরো অক্ষমতাকেও প্রকাশ করে, যা কোনো মানুষ দেখতে পায় না।’

নির্জনাবাসে যারা থাকে, তাদের জন্য যেন অন্য কোনো ভুবন নেই: ‘মড়ক গ্রাস করেছে সবকিছু এবং সবাইকে।’ শেষ মুহূর্তে অবশ্য শহরের অধিবাসীরা মড়কের একটি প্রতিষেধক আবিষ্কৃত হওয়ায় বেঁচে যায় এবং আনন্দ উদ্‌যাপনে ব্যস্ত হয়ে পড়ে। উপন্যাসের শেষ কথায় বলা হচ্ছে যে ডাক্তার পড়ার কথা ভাবছেন: ‘তিনি জানতেন, যা এই আনন্দে উদ্বেল জনতা জানে না, তবে বই পড়লে জানতে পেত: মড়কের বীজাণু আসলে কখনো মরে না বা চিরতরে নিঃশেষ হয় না...এবং সম্ভবত একদিন সেই সময় আসবে, যখন মানুষের অশুভ বোধে আসার জন্য এই বীজাণু আবার ইঁদুরগুলোকে জাগিয়ে তুলবে এবং তাদের একটি সুখী নগরীতে মরতে পাঠাবে।’ মানুষ আবার ইঁদুর হবে।

ইঁদুরের রূপকল্পে কাম্যুর এই মড়ক ভাবনা বা সামগ্রিক জীবন নির্বেদ কি ব্যোদলেয়ারের ‘অশুভ পুষ্পায়ণ’ জাত ভাবনা, যার সদৃশ ভাবনা পাওয়া যায় এডগার অ্যালান পোর যত কালো আখ্যানে এবং এমনকি বাংলা সাহিত্যেও সোমেন চন্দের ‘ইঁদুর’ গল্পে বা জীবনানন্দ দাশের অসংখ্য কবিতায় ইঁদুর, থ্যাঁতলানো ইঁদুরের চিত্রকল্পে? ব্যক্তিগতভাবে ২০০৯ সালে পাবর্ত্য চট্টগ্রামের কিছু গ্রামে ‘ইঁদুর বন্যা’ হবার সময় আমাকে একটি কাজে যেতে হয়েছিল এবং তখন মিজোরাম সীমান্তে কিছু মিজো-বম-লুসাই-ত্রিপুরা গ্রাম থেকে জানতে পাই যে পাহাড়ি এই এলাকাগুলোয় প্রতি পঞ্চাশ বছরে একবার ইঁদুর বন্যা হয়, যখন অসংখ্য ইঁদুর মানুষের ধান-গম, শাক-সবজি, কাপড়চোপড় বা বাঁশ ও বেতের তৈজস—সব খেয়ে ফেলে। তখন পাহাড়ের গায়ে গায়ে বাঁশফুল ফোটে ও ঘোর আকালের পদধ্বনি শুনতে পাওয়া যায়। এমনই এক বৃদ্ধ মিজো দম্পতি তাঁদের শৈশবে পাহাড়ে বাঁশফুল ফোটা ও ইঁদুর বন্যার সময়ে আকাল নামলে পায়ে হেঁটে ভাতের খোঁজে সীমান্ত পার হয়ে ভারতের মিজোরামে গেছিলেন—অবশ্য তখনো ব্রিটিশ রাজত্ব চলছে। কাজেই ভারত-বাংলাদেশ সীমান্ত বলতে কিছু ছিল না।

মড়ক বিষয়ে কাম্যুর পর্যবেক্ষণই যেন হোসে সারামাগোর ‘অন্ধত্ব (ব্লাইন্ডনেস, ১৯৯৫)’ উপন্যাসে মেধাবী ও ধ্বংসাত্মকভাবে পুনর্চিত্রায়িত হয়েছে। এই উপন্যাসে ডিফোর মতো একজন ডাক্তার হলেন মূলত চক্ষুবিশেষজ্ঞ এবং তিনি দেখছেন যে একটি রোগ ছড়িয়ে পড়ছে, যা মানুষের দেখার ক্ষমতা লুপ্ত করে তাকে প্রাণীর স্তরে নামিয়ে আনছে। ঐতিহাসিক রূপক কাহিনি হিসেবে ‘ব্লাইন্ডনেস’ কুড়ি শতকের কর্তৃত্ববাদী রাষ্ট্রকে ইঙ্গিত করে: অসহায়ের প্রাতিষ্ঠানিকীকরণ, সামরিক শাসকদের নির্দয়তা। এই রোগ যখন ছড়িয়ে পড়ে, সরকার তখন সব অন্ধদের পাকড়াও করে এবং তাদের মানসিক সংশোধনাগারে নিয়ে যায়, যেখানে অন্ধরা পরস্পরের বিরুদ্ধে লড়াই করে। তারা চুরি করে, ধর্ষণ করে। ‘অন্ধরা সব সময়ই যুদ্ধরত, সব সময়ই তারা যুদ্ধে লিপ্ত ছিল,’ সারামাগো লেখেন, উপন্যাসের কালোতম পর্যবেক্ষণ এটাই।

তবে ‘ব্লাইন্ডনেস’ ইতিহাসের যেকোনো শিক্ষার চেয়ে আরও অনেক কালো। সারামাগোর জন্য, অন্ধত্ব কোনো অসুস্থতা নয়, এটা একটি মানবীয় অবস্থা। গোটা উপন্যাসে একজন মানুষেরই শুধু দৃষ্টি অক্ষত থেকে যায়। সেই নারীটি অন্ধদের পড়ে শোনায়, যা তাদের সঙ্গে একই সাথে স্বর্গসুখ, আবার ক্রোধের কারণ: ‘আমরা তো আর কোনো কাজে লাগি না, শুধু শোনা ছাড়া—যখন কেউ আমাদের আগে এই মানব প্রজাতি কেমন ছিল, সেটা পড়ে শোনায়।’ এবং আধুনিক মড়কের উপন্যাসে এটাই পৃথিবী ধ্বংস করে দেওয়া শেষ আতঙ্কের গল্প, যখন জ্ঞানের হারিয়ে যাওয়ার ওষুধ হলো একমাত্র পাঠ। যেন বা এই উপলব্ধি থেকেই সারামাগোর চক্ষুবিশেষজ্ঞ, অসুখটি সবার কাছে বিদিত হবার আগেই, নিজের দৃষ্টিশক্তি হারান: যদিও তিনি বুঝেছিলেন জীবনের মহার্ঘতা, রূপ ও জ্ঞানের নশ্বরতা। দৃষ্টিশক্তি হারানোর আগেই চক্ষুবিশেষজ্ঞের কাছে যখন হুট করে এবং অস্বাভাবিকভাবে অন্ধ হয়ে যাওয়া এক রোগী তাঁর কাছে আসে, যে কিনা কোনো কিছু কালো নয় বরং সব কিছু দুধের মতো সাদা দেখতে পায়—রোগীর কাছ থেকে এমন অভিজ্ঞতা শুনে বিচলিত ডাক্তার বাড়ি ফিরে রাতের খাবারের পর পাঠাগারের বইয়ে এ বিষয়ে পড়তে যান। ‘সেই রাতে, যে বই তিনি পড়ছিলেন, তার পাশেই শুয়ে পড়ে তিনি তাঁর ক্লান্ত চোখ জোড়া ঘষলেন এবং চেয়ারে হেলান দিলেন,’ সারামাগো লেখেন। ডাক্তার অবশেষে বিছানায় যাবার সিদ্ধান্ত নেন। ‘এর এক মিনিট পরেই ঘটনাটা ঘটে, যখন তিনি বইগুলো শেলফে রাখতে যাচ্ছিলেন। প্রথমে তিনি লক্ষ করলেন যে নিজেই নিজের হাত জোড়া দেখতে পাচ্ছেন না এবং তারপর তিনি বুঝলেন যে তিনি অন্ধ হয়ে গেছেন।’

সব কিছু সাদা হয়ে গেছে। একটি শূন্য পৃষ্ঠার মতো সাদা।

তথ্যসূত্র ও কৃতজ্ঞতা: হোয়াট আওয়ার কন্ট্যাজিওন ফেবলস আর রিয়েলি অ্যাবাউট, জিল লোপের (দ্য নিউ ইয়র্কার, মার্চ ২৩, ২০২০)।