মনে পড়ে তপন রায়চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তপন রায়চৌধুরী (জন্ম: ৮ মে, বরিশাল ১৯২৬ - মৃত্যু: ২৬ নভেম্বর, অক্সফোর্ড, ইংল্যান্ড ২০১৪]
তপন রায়চৌধুরী (জন্ম: ৮ মে, বরিশাল ১৯২৬ - মৃত্যু: ২৬ নভেম্বর, অক্সফোর্ড, ইংল্যান্ড ২০১৪]

[যেহেতু করোনাভাইরাসের কোনো প্রতিষেধক এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি, তাই সময়টা এমনভাবে খরচ করতে হবে, যাতে শরীর এবং মনে সব সময় প্রফুল্ল ভাবটা বজায় থাকে। সন্দেহ নেই মন এবং শরীরকে চাঙা রাখতে অন্যতম উপাদান হল বই পড়া। আর সেই বই যদি হয় তপন রায়চৌধুরীর 'রোমন্থন অথবা ভীমরতিপ্রাপ্তর পরচরিতচর্চা' অথবা 'বাঙালনামা', তাহলে তো কথাই নেই! এই লেখকের সঙ্গে আমার দেখা হয়েছিল ২০১১ সালে নিউইয়র্কে মুক্তধারা বইমেলায়। ৮ মে তাঁর জন্মদিন। জন্মদিন স্মরণ করে তাঁর সঙ্গে স্বাক্ষাতের সেই স্মৃতিটি তুলে ধরছি।]

তপন রায়চৌধুরী মানেই তাঁর হাস্যরসে টইটুম্বর গ্রন্থ 'রোমন্থন অথবা ভীমরতিপ্রাপ্তর পরচরিতচর্চা'। তাঁর পাণ্ডিত্যের খবরের পাশাপাশি এই জনপ্রিয় গ্রন্থটিও সম্ভবত সব বইখেকোদের মুখে মুখে ঘুরে বেড়ায়। পূর্ব বাংলার বরিশাল অঞ্চলের সংস্কৃতি, ইগো এবং তাঁর দেখা তৎকালীন সময়ে বরিশালের সামাজিক চিত্র এই গ্রন্থটিতে অসাধারণ তীর্যক হাস্যরস আর কৌতুক মিশিয়ে তুলে ধরা হয়েছে। গ্রন্থটিতে উঠে এসেছে লেখকের রাঙিয়ে দেওয়া শৈশবের নানা দুষ্প্রাপ্য স্মৃতি, বরিশাল এর আঞ্চলিক ভাষার উচ্চারণ আর বিশেষ ঢংয়ে বলা বিচিত্র কৌতুক, গালগল্প, ঘটনা, ছড়া, গান, চরিত্রসহ নানা রকম পরিবেশনা। এই গালগল্পের ছলেই তাঁর গ্রন্থে উঠে এসেছে দুর্ভিক্ষ, দেশভাগ, সা¤প্রদায়িক দাঙ্গা থেকে শুরু করে গভীর মানবিকতাবোধে জারিত এক বাঙাল জনপদের বীরগাথা।

তপন রায়চৌধুরী সম্পর্কে যাঁরা জানেন, তাঁরা একবাক্যে কবুল করবেন যে 'হিউমার' শব্দটি সম্ভবত তাঁর জীবনের পরতে পরতে জড়িয়ে আছে। যেমন তাঁর লেখায়, তেমন তাঁর ব্যক্তি জীবনেও। প্রচণ্ড রসবোধ উপচে পড়া এই বিশাল মাপের ব্যক্তিটির সঙ্গে আমার দেখা হয়েছিল ২০১১ সালে নিউইয়র্ক, জ্যাকসন হাইটস, মুক্তধারা বইমেলায়। খুব স্বাভাবিকভাবেই এমন একজন লেখককে সশরীরে দেখতে পাব, সে কথা ভাবতেই আনন্দে গা দুলে উঠছিল। মুক্তধারার বইমেলার প্রাঙ্গণে যাওয়ার উদ্দেশে সকাল সকাল বের হয়ে পড়ি। তাঁর দুটো গ্রন্থ 'বাঙালনামা' এবং 'রোমন্থন অথবা ভীমরতিপ্রাপ্তর পরচরিতচর্চা' সঙ্গে নিতে ভুললাম না। উদ্দেশ্য বই দুটোতে তাঁর স্বাক্ষর নেওয়া এবং সময়-সুযোগ অনুযায়ী তাঁর সঙ্গে একটা ব্যক্তিগত আড্ডা দেওয়া। তপন রায়চৌধুরীর সঙ্গে যখন দেখা হলো, তখন নিউইয়র্কের মধ্যগগনের সূর্য কিছুটা হেলে পরেছে। প্রথম দেখাতেই একধরনের ভালোবাসা আর শ্রদ্ধায় প্রাণটা ভরে গেল। আমার হাতে তাঁর গ্রন্থ দেখেই ঘন পাকানো ভ্রু উঁচিয়ে হাসতে হাসতে বললেন, 'বুজজি বুজজি।' সত্যি বলতে এত বড় একজন পণ্ডিত মুহূর্তেই আমার মতো এক পাঠক-ভক্তকে খুব সহজে বুকে তুলে নেবেন, তা ভাবতেও পারিনি। তাঁর গ্রন্থ 'রোমন্থন অথবা ভীমরতিপ্রাপ্তর পরচরিতচর্চা' থেকে পাঠ দিয়েই শুরু হয় আমাদের আলাপচারিতা।

'খেতে বর্ষা নেমেছে, হাঁটু অবধি জল, বৃষ্টিতে ভিজে ভিজে দুই চাষি ধানের চারার রক্ষণাবেক্ষণ করছে। প্রথমের প্রশ্ন, “ক দেহি, মহারানি ভিক্টোরিয়া এহন কী করতে আছে?” উত্তর, “হে কি আর আমাগো মতো? পানি নাবতেই পান্তাভাত খাইয়া কাঁথামুড়ি দিয়া উব্বুত।”'

আমার পাঠ শেষ হতেই তপন রায়চৌধুরীর ঘন পাকা ভ্রু-যুগল আবার আনন্দে লাফিয়ে উঠল। এবার মনে হলো তিনি যেন পুরোপুরি 'বরিশাইল্লা' হয়ে গেলেন এবং হঠাৎ বরিশালের কোনো গ্রামে চলে গেলেন। বরিশালের আঞ্চলিক উচ্চারণে একটা শব্দ ছুড়ছেন আর নিজেই শরীর কাঁপিয়ে হাসছেন। এদিকে একজন-দুজন করে বেশ অনেকেই আমাদের আড্ডায় যোগ দিয়েছেন। তপন রায়চৌধুরীকে ঘিরে আমাদের বাঙালদের এই বাঙালিপনা শুরু হলো সময়কে বুড়ো আঙুল দেখিয়ে।

তপন রায়চৌধুরীর আরেকটি অনন্য গ্রন্থ 'বাঙালনামা'। বলা যায় এই গ্রন্থটির জন্য তিনি পূর্ব বাংলার মানুষের অন্তরে একটু বেশি পরিমাণেই যেন আদৃত। আমাদের আড্ডার ফাঁকেই দূর থেকে কে যেন বলে উঠলেন, 'দেখতে অইব না...আমাগো বরিশাইল্যা তপন রায় না?' বুঝলাম বরিশালের মানুষের অন্তরে তপন রায়চৌধুরীর জায়গা আরও গভীরে! কিন্তু তপনবাবু এই বিষয়টাকে কীভাবে ভাবছেন? প্রশ্ন শুনে তিনি হঠাৎ চুপ হয়ে গেলেন। বেশ বুঝতে পারলাম, স্মৃতির অতলে তিনি ডুব দিয়েছেন। তারপর ধীরে ধীরে মাথাটা সোজা করলেন আর চশমাটা বারকয়েক মুছে এবার মুখোমুখি হলেন, 'আমি বরিশালের একজন মানুষ হিসেবে গর্বিত। বরিশালের সেই ছেলেবেলার স্মৃতিগুলো আমার জন্য শুধুই কোনো নস্টালজিক বিষয় নয়। এই স্মৃতিগুলো আমার প্রতিদিনের জীবনের নিত্য খোরাক জোগায়। আমি এই স্মৃতির মাঝেই প্রতিদিন বেঁচে আছি, বেঁচে থাকি। বরিশালের আলো-হাওয়া আমার শরীরের শিরা-উপশিরায়। আমার সেই ছেলেবেলা জীবনের খুনসুঁটি, ইগো, যা-ই বলেন না কেন সবকিছু ধারণ করেই আমার এই জীবন। আমার ছেলেবেলা কেটেছে বরিশালে। আমার শৈশবস্মৃতি আমার জীবনের এক অমূল্য সম্পদ। তবে এ কথা ঠিক যে বরিশালের মানুষ নিয়ে কথা বললে এর শেষ করা যাবে না। শেরেবাংলার কথাই ধরা যাক। এক বিশাল মাপের মানুষ ছিলেন তিনি। তবে আমার মনে হয় অনেক বরিশালিরাই হয়তো এই বিশাল মাপের মানুষকে সঠিকভাবে চিনতে পারেননি। আগে বুঝতাম না, এখন বুঝি যে শেরেবাংলা কত দুরদর্শী ছিলেন। তাঁর রাজনৈতিক দুরদর্শিতা বর্তমানে যেকোনো রাজনৈতিক নেতাদের মাঝে বিরল।'

শেরেবাংলাকে নিয়েও আপনার গ্রন্থে রয়েছে মজার এক গল্প! অনুমতি দেন তো পড়ি? আমি সুযোগ বুঝে প্রশ্ন করলাম। বলার সঙ্গেই সঙ্গে আবার বিপুল শক্তিতে মাথা ঝাঁকিয়ে হাসতে শুরু করলেন।

আমি তাঁর গ্রন্থ 'রোমন্থন অথবা ভীমরতিপ্রাপ্তর পরচরিতচর্চা' থেকে পড়তে শুরু করি।

বাঙালনামা
বাঙালনামা

'রাজনীতির খাতিরে উনি একাধিকবার দল বা জোট বদল করেছেন। যে ঘটনার কথা বলতে যাচ্ছি, সে ঘটনার সময় উনি মুসলিম লীগের পক্ষে। কৃষক-প্রজা দলের ছাত্ররা স্টিমারঘাটে কালো নিশান নিয়ে বিক্ষোভ দেখাবার জন্যে প্রস্তুত হয়েছে।...গণ-সমর্থকদরে শেখানো হয়েছে, হক সাহেব স্টিমারের সিঁড়ি বেয়ে নামলেই তারা নিশান আস্ফালন করে “Shame! Shame!” বলে ধিক্কার দেবে। কিন্তু ব্যাপারটা একটু গোলমাল হয়ে গেল। ওই বাঘের মতো মানুষটিকে সামনে দেখে নিশানাবাহীরা পালাবার পথ পায় না। ছাত্রনেতারা উসকাচ্ছেন, “চুপ করিয়া ক্যান? ক', চ্যাঁচাইয়া চ্যাঁচাইয়া ক'।” অতি সঙ্কোচে মুখ হাতে ঢেকে বিক্ষোভকারীরা শ্রীরাধিকার মতো নরম সুরে বলল, “শ্যাম! শ্যাম!” হক সাহেব মুচকি হেসে এগোলেন। পরবর্তী স্টপ আমাদের বাড়ি। সেখানে ওর বাল্যবন্ধু ইন্দুভূষণ গুপ্ত বসে আছেন সদলে: “আইজ আউক! ফজলুরে আইজ ধোয়ামু”—অর্থাৎ সস্নেহ গালিগালাজের তোড়ে শের-ই-বাংলাকে উনি ধৌত করে ছাড়বেন। হক সাহেব ধীরে সুস্থে পাপোষে পা মুছে বৈঠকখানা ঘরে ঢুকলেন। ঢোকামাত্র ইন্দুবাবুর আক্রমণ: “ফজলু, তর লাইগগা ভদ্দর সমাজে আর মুখ দ্যাহান যায় না।” হক সাহেব গভীর সহানুভূতির দৃষ্টিতে বাল্যবন্ধুকে দেখলেন একটুক্ষণ। তারপর বললেন, “হেইলে ত তর বড় মুশকিল! ভদ্দরসমাজে মুখ দ্যাহাইতে পারিস না? তয় হোগাটা দেহাইস।”'

পড়া শেষ হতে না-হতেই আরেক প্রস্থ হাস্যরসে আমরা গড়াগড়ি খাই। তপন রায়চৌধুরী তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে কথা বলতেই থাকেন, 'একথা ঠিক যে বরিশালের মানুষ সম্পর্কে জানতে হলে তাদের মন আর মানসিকতা সম্পর্কে স্পষ্ট একটা ধারণা থাকতে হবে। তা না হলে অনেক ক্ষেত্রেই ভুল-বোঝাবুঝির সম্ভাবনা থাকবে। যেমন একটা উদাহরণ দেই। আমার কাকা গেলেন কলকাতায়। সেখানে তিনি কাপড় কিনবেন। কলকাতার নিউমার্কেটে একটা দোকানে দোকানির সঙ্গে কথা বলতে গিয়ে তিনি আবিষ্কার করলেন, দোকানদার নিজেও একজন বরিশাইল্লা। আর যায় কোথায়? ওই কাপড়ের দোকানদারও বুঝে গেলেন যে আমার কাকাও বরিশাইল্লা। তাঁদের মাঝে দর-কষাকাষি শুরু হয়ে গেল। কাকা জিজ্ঞেষ করলেন, “দাম কত?” দোকানির উত্তর “এত।” কাকা বললেন, “দাম এত ক্যা? এই দামে তো লওয়া যাইবে না।” দোকানির উত্তর, “না নিলে না নিবেন, ঠেইকলাম কিসে?” এই হলো বরিশালের মানুষ। একটা ইগো তাদের কাজ করবেই। আমরা যারা বরিশাইল্লা, বিষয়টা আমাদের জন্য সহজ কিন্তু বাইরের অনেকেই হয়তো এটা ধরতে পারবে না। যেমন ধরা যাক বরিশালের মানুষের মধ্যে দেশপ্রেম সব সময় খুব উঁচু। মনে হবে বুঝি রোম সভ্যতার পরই বরিশালের স্থান। জোয়ান বুড়া সবাই বরিশালের নামি ব্যক্তিত্বদের নাম মুখস্থ করে বসে আছে। একটু জিজ্ঞেস করলেই বরিশালের কৃতী সন্তানদের নাম মুখস্থের মতো বলে দেবে। আরেকটা কথা বলব, আমাদের সময় ছাত্রমহলে প্রেমে ব্যর্থ যুবকদের বেশ কদর ছিল। তাদেরকে কেমন জানি একটু হিরো হিরো মনে হতো। আর সে কারণেই বরিশালের সব যুবক নিজেদের রোমিও ভাবত। বুকের মধ্যে ভালোবাসা মাখিয়ে তারা চিঠির সঙ্গে ইটের টুকরা বেঁধে প্রেমিকার উদ্দেশে ঢিল দিত। আর সেই ঢিল কখনো কখনো প্রেমিকার সামনে না পড়ে তার বাবার সামনে পড়লে তো বুঝতেই পারছেন কী দুরবস্থা! তবে আমরা সেই সব বীর যুবককে নিয়ে গর্ব করতাম। বলতে গেলে প্রেম বিষয়টা বরিশালের একটা ঐতিহ্যের মধ্যে পড়ে।'

আমি আবার তার গ্রন্থপাঠে মগ্ন হলাম। বরিশালের প্রেমিকের ভাষায়, 'হ্যারে দেইখ্যা ত পেরথমেই লাভে পড়িয়া গেলাম। হ্যার পর নদীর ধারে দুই দিন “ফলো” করলাম। তিন দিনের দিন একটু আন্ধার হইতেই ফোকাস মারলাম।'

তপন রায়চৌধুরী
তপন রায়চৌধুরী

বলার অপেক্ষা রাখে না রসসমৃদ্ধ রচনার স্বাদ নিয়ে আমরা আবার হেসে মাটিতে লুটোপুটি শুরু করে দিলাম। তপনবাবু কিন্তু নির্বিকারভাবে তাঁর কথা বলেই যাচ্ছেন। তাঁর ভাষায় বরিশালে প্রেম হলো অনেক তপস্যার বিষয়। অতএব প্রেমকে নিয়ে হাসিতামাশা করা যাবে না। আমি আবার তাঁর গ্রন্থের পৃষ্ঠা ওলটাই এবং আরেকটি মোক্ষম নিদর্শন খুঁজে পাই।

'কীর্তিপাশা গ্রাম থেকে ভুডি মিয়াঁ নামে এক পলিতকেশ বৃদ্ধ প্রায়ই শহরে আসত—এক করুণ আর্জি নিয়ে এবং বাবুদের দরবারে ফয়সালার আশায়। ভুডির বালিকা বধূ তার সঙ্গে ঘর করতে নারাজ, তার তরুণ বৈমাত্র্যেয় ভাইকে নিকাহ করতে চায়। সজল নয়নে ভুডি এই শোকগাথা বাবুদের শোনাত। উপসংহারে বলত, “মআরাজ, এই হইলে আমার হিস্টিরিয়া,” বাবা বলতেন, “ভুডি, তোর কি ভীমরতি ধরছে? তুই ওর জ্যাডার বয়সী, ওরে কি ঘরে রাখতে পারবি? ও চাইতে আছে, দে না তালাক দিয়া। শান্তিতে থাকবি হ্যান্।” ভুডি এই নিষ্ঠুর উপদেশ শুনে হাউ হাউ করে কেঁদে উঠত। “এয়া কইরেন না হুজুর। অরে আমি কোলে-পিডে কইরা মানুষ করছি।”

আবার হাসির ঢল। এদিকে হাতে সময়ও কম। তাড়াতাড়ি শেষ করতে হবে। তাই কায়দা করে পরিবেশটাকে একটু অন্য দিকে ঘুরিয়ে দিলাম।

আপনার 'বাঙালনামা' গ্রন্থে আপনি দেশভাগ নিয়ে অনেক কথাই বলেছেন। তা ছাড়া হিন্দু-মুসলমান সম্পর্ক নিয়ে অনেক কথা উঠে এসেছে। হিন্দু-মুসলমান সম্পর্কটা নিয়ে আপনি কী ভাবেন?

লেখকের সঙ্গে তপন রায়চৌধুরী]
লেখকের সঙ্গে তপন রায়চৌধুরী]

স্বাভাবিকভবেই আমার এ ধরনের গুরুগম্ভীর প্রশ্নে আমাদের আনন্দ-আড্ডায় একটা ছেদ পড়ল। কিন্তু তপন রায়চৌধুরীকে দেখে মনে হলো তিনি যেন এ ধরনের প্রশ্নের অপেক্ষায় ছিলেন। 'দেখুন, আমরা বলি ব্রিটিশরা হিন্দু-মুসলমানদের মধ্যে একটা বিবাদের দেয়াল তুলে দিয়ে গেছে। আমি কিন্তু এটা বিশ্বাস করি না। ব্রিটিশ আসার আগেও হিন্দু-মুসলমানদের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল। আসল বিষয়টা হলো ধর্ম মানেই এমন। সবাই বলে “আমারটাই শ্রেষ্ঠ।” এই ধর্মীয় কারণে আমাদের পরস্পরের সাম্য অনেকটুকুই নষ্ট হয়েছে। দেশভাগের কোনো ফসল আমরা পাইনি। দেশভাগের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উত্তর ভারতের মুসলমানদের। এখন পর্যন্ত সেখানে মারামারি-কাটাকাটি লেগেই আছে। আমি কিছুদিন আগে পাকিস্তান গিয়েছিলাম। ভাবতেই পারবেন না, আমি সেখান থেকে তাদের কী যে ভালোবাসাটা পেয়েছি! একটা পাঞ্জাবির দোকানে চা খাচ্ছিলাম। চা খাওয়ার পর এর বিল দিতে যাব। এই দেখে পাঞ্জাবি চায়ের স্টলের মালিক আমাকে কিছুক্ষণ তিরস্কার করলেন। তারপর চায়ের বিল দিতে আমাকে নিবৃত্ত করলেন। আমরা তখন কেউ ভাবিনি যে আমি হিন্দু আর উনি মুসলমান। কথা হলো সাধারণ মানুষের ভালোবাসায় কে হিন্দু আর কে মুসলমান, এই সব নেই। ধর্মকে মানুষ ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্যে। আমরা এই সাধারন সেই দুর্ভোগ কাঁধে বয়ে বেড়াই। মানুষের প্রতি মানুষের ভালোবাসাকে স্তব্ধ করে দেওয়ার জন্য এই ধর্মকে ব্যবহার করা হয়েছে। এই সত্যটা তো একদম জলের মতোই পরিষ্কার।'