যে ওমর খৈয়ামকে আমরা চিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওমর খৈয়াম (জন্ম: ১৮ মে ১০৪৮, নিশাপুর, ইরান মৃত্যু: ৪ ডিসেম্বর ১১৩১, নিশাপুর, ইরান)
ওমর খৈয়াম (জন্ম: ১৮ মে ১০৪৮, নিশাপুর, ইরান মৃত্যু: ৪ ডিসেম্বর ১১৩১, নিশাপুর, ইরান)

কবিতার জন্ম নির্দিষ্ট কোনো কালে হয়। যিনি কবিতা লেখেন, তিনি ওই কালে কোনো এক সমাজের মানুষ। সেসব কবিতার অধিকাংশই হারিয়ে যায়। যেগুলো টিকে থাকে, সেগুলোর পরবর্তী সময়ে ভিন্ন পাঠ তৈরি হয়। মাঝেমধ্যে সেই পাঠ এমনই ভিন্ন হয় যে মূল কবিও সেগুলো চিনতে পারবেন কি না সন্দেহ হয়। ওমর খৈয়ামের কবিতা এর জলজ্যান্ত উদাহরণ।

ওমর খৈয়াম জন্মেছিলেন ১০৪৮ সালে আজকের দিনে। মৃত্যু ১১৩১ সালে। পারস্যের নিশাবুরে জন্ম। জগৎজুড়ে কবি হিসেবে খ্যাত। এডওয়ার্ড ফিটজেরাল্ডের অল্প কয়েক পৃষ্ঠার অনুবাদ ১৮৫৯ সালে প্রকাশিত হওয়ার আগেও প্রাচ্যের জ্ঞানজগতে খৈয়াম ভালোভাবেই পরিচিত ছিলেন। তবে সে পরিচয় ছিল গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী আর দার্শনিক হিসেবে। তাঁর কবিতাগুলো পাঠ করা হতো দর্শনের বয়ান হিসেবে। খৈয়াম নিজেও সেই ভেবেই লিখেছেন। গণিত আর জ্যোতির্বিজ্ঞানের পাঠে যখন পদ্ধতির ক্লান্তি ভর করত, তখন তিনি তাঁর আজকে বিখ্যাত চার লাইনের কবিতাগুলো লিখে গেছেন। দর্শনের পাঠ তৈরি করে গেছেন তিনি কবিতার মধ্য দিয়ে। ভিটগেনস্টেইন পরে একদম নির্দিষ্ট করেই বলে গিয়েছিলেন যে, 'কবিতা আসলে কেবল কবিতার ধরনেই লেখা উচিত।' খৈয়াম তাঁর দর্শনের ভাবনা লিখলেন রুবাই ধরনে। একবচনে রুবাই, বহুবচনে রুবাইয়াত। মানে চতুষ্পদী। যে ভাবনাগুলো খৈয়ামের মনে দর্শন বা পদ্ধতিভিত্তিক বিজ্ঞানের আওতায় তাৎক্ষণিক এসে ধরা দিত না, সেগুলোকেই তিনি কবিতায় লিখে রাখতেন।

কাজী নজরুল ইসলামের ওমর খৈয়াম
কাজী নজরুল ইসলামের ওমর খৈয়াম

খৈয়াম কেবল রুবাই লিখলেন কেন? এর কারণ ছিল। ফারসি ভাষায় নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য নির্দিষ্ট করা কবিতার ধরন আছে। যদি দীর্ঘ কাহিনি ধরনের কবিতা লিখতে চান, তাহলে মসনবি। সেটা লিখে গেছেন মাওলানা জালালুদ্দিন রুমি। প্রেম-বিরহের জন্য গজল। কারও প্রশংসা করবেন, তবে কাসিদা। আর যদি দর্শন নিয়ে লিখতে চান, তাহলে রুবাই। রুবাইয়ের চলন এর জন্য খুব লাগসই। লেখা হবে চার লাইনে। প্রথম দুই লাইনে অন্ত্যমিল থাকবে। তৃতীয় লাইনের শেষে অন্ত্যমিল মুক্ত। আবার চতুর্থ লাইনে প্রথম দুই লাইনের মতো মিল থাকবে। প্রথম দুই লাইনে মূল বিষয়ের অবতারণা করা হবে। অন্তমিল সেই বিষয়ের ঐক্য ধারণ করবে। তৃতীয় লাইনে কবি বা দার্শনিক তাঁর সেই ভাবনা তুলে ধরবেন, যা তিনি পদ্ধতিগত আলোচনা বা চর্চায় উত্তর পাচ্ছেন না। চতুর্থ লাইনের অন্ত্যমিলের মধ্য দিয়ে তৃতীয় লাইনের সমস্যা নিয়ে কবির নিজের কথা থাকবে। আর তা প্রথম দুই লাইনে বলা আলোচনার জমিনের সঙ্গে যোগ হবে। এর ইঙ্গিত বহন করবে চতুর্থ লাইনের অন্ত্যমিল।

খৈয়ামের রুবাই পাঠ করা হয়েছে প্রাচ্যে দর্শন হিসেবেই। আর তা কোনো নির্দিষ্ট দার্শনিক রূপ হিসেবে নয়, বরং জগৎ-সংসার নিয়ে অসমাধিত প্রশ্নের উপস্থাপন হিসেবে। কবিতার পাঠ কাল আর সমাজের রূপসাপেক্ষে বদলায়। ফিটজেরাল্ড প্রথমে মাত্র ৭৫টি রুবাই নিয়ে একটা পুস্তিকা বের করলেন। সেটা লোকচক্ষুর আড়ালেই পড়ে রইল। এই দিকে প্রথম নজর পড়ল আদি রাফায়েল ঘরানার চিত্রকরদের। শুধু আগে থেকে সমাজের ঠিক করে দেওয়া মানদণ্ডে জগৎকে দেখার ক্ষেত্রে তাঁদের আপত্তি ছিল। বেচা-কেনার ব্রিটিশ সমাজে যা হৃদয়কে স্পর্শ করে যায় কিন্তু শিল্পে ধরা পড়ে না, তা তুলে আনতে চাইতেন এই ঘরানার শিল্পীরা। আর এর সজীবতা তুলে আনতে ব্যবহার করতেন উজ্জ্বল রং আর অসংখ্য ডিটেইল। ফিটজেরাল্ডের খৈয়ামে তাঁরা সেই সরাসরি হৃদয়ের কথা পেলেন। ভিক্টোরিয়ান ইংল্যান্ডে তা ঢাকা পড়ে ছিল চাপিয়ে দেওয়া নৈতিকতার বেড়াজালে।

এডওয়ার্ড ফিটজেরাল্ডের ওমর খৈয়াম
এডওয়ার্ড ফিটজেরাল্ডের ওমর খৈয়াম

১৮৮০ সালের মধ্যে ফিটজেরাল্ডের ওমর খৈয়াম ইংরেজিভাষী দুনিয়ায় খুবই জনপ্রিয় হয়ে গেল। ইংল্যান্ড আর আমেরিকায় অগুন্তি 'ওমর খৈয়াম ক্লাব' গড়ে উঠল। এগুলো খৈয়ামের আদলে ইংরেজিতে রুবাই লেখা শুরু করল।

এদিকে ফিটজেরাল্ড যে রুবাই অনুবাদ করলেন, তা ছিল তাঁর সময়ের ইংরেজ মেজাজের আদলে। বেছে নিয়েছেন সেই কবিতা, যেগুলো তাঁর স্বদেশি মানুষের কাছে সহজে অর্থ তৈরি করতে পারে। সেই প্রয়োজনে কখনো একটা কবিতা ভেঙে একাধিক রুবাই তৈরি করেছেন। কখনো একাধিক রুবাই জুড়ে দিয়ে একটা তৈরি করেছেন। আর ফারসি কবিতায় ব্যবহৃত উপমা যেসব অর্থ বহন করে, সেগুলো হয়ে গেল সরাসরি। সাকি, শরাব, শরাবখানা ইত্যাদি ফারসি রূপক আশ্রয় হারিয়ে অনাথ হয়ে গেল। ফলে ওমর খৈয়াম হয়ে গেলেন তাঁদের ভাষায় 'এপিকিউরিয়ান'। 'নগদ যা পাও হাত পেতে নাও'—এই হয়ে গেলেন আমাদের দার্শনিক খৈয়াম।

আ্যডাম স্মিথ সংগ্ৰহের একটা প্রাচীন দুর্লভ ওমর খৈয়ামের অনুবাদ
আ্যডাম স্মিথ সংগ্ৰহের একটা প্রাচীন দুর্লভ ওমর খৈয়ামের অনুবাদ

প্রথম বিশ্বযুদ্ধের আগে ভিক্টোরিয়ান আমলের ইংরেজ জগৎ ধাক্কা খাচ্ছিল। যুদ্ধের বীভৎসতায় এত দিনের তৈরি করা সাদা মানুষদের শ্রেষ্ঠত্বদের ধারণা টুকরা হয়ে গেল। দুনিয়াজুড়ে উপনিবেশ গড়ে কালো আদমিদের ভার বহন করছিল দয়া করে সাদা মানুষ। এখন যুদ্ধের ময়দানে দেখা গেল এই মহত্ত্বের খোলসের আড়ালে আছে অকৃত্রিম হিংস্রতা। এপিকিউরাসের পোশাক পরানো নগদ ভোগ করা আর দুনিয়া যে মায়ার খেলা মাত্র—এই কথা বলা ইংরেজ ওমর খৈয়াম এলেন আশ্রয় হয়ে। প্রথম বিশ্বযুদ্ধের বাংকারে তরুণ সৈনিকেরা পকেটে রাখতেন ওমর খৈয়ামের ফিটজেরাল্ডের করা রুবাইয়াৎ। এই ক্ষণই যে একমাত্র সত্য—এ কথা তাঁরা খৈয়ামের কাছ থেকে জেনে স্বস্তি পেতেন।

এই প্রেক্ষাপট ধরে ইংরেজি অনুবাদের হাত ধরে ওমর খৈয়াম বাংলাতেও এলেন। কান্তিচন্দ্র, নরেন্দ্রনাথ ইংরেজি থেকে অসাধারণ বাংলা অনুবাদ করলেন। পরে মূল হতে কাজী নজরুল ইসলাম সুন্দর অনুবাদ করলেন। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ অনুবাদ করলেন। তবে আমরা যে খৈয়ামকে চিনি, সে কবির চেহারার বড় অংশ সেই ফিটজেরাল্ডেরই আঁকা। প্রাচ্যের দর্শনের নিষ্ঠাবান পাঠ না প্রতিষ্ঠিত হলে এতেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে।