রবি অনুরাগিনীরা

রবীন্দ্রনাথের ভক্ত ও অনুরাগিনীদের মধ্যে কয়েকজন মুসলমান মেয়ের কথা জানা যায়। তাঁদের মধ্যে সারা তৈফুর (১৮৮২–১৯৭১), মাহমুদা খাতুন সিদ্দিকা (১৯০৭–৭৭),শামসুন্নাহার মাহমুদ (১৯০৮–৬৪), সুফিয়া কামাল (১৯১১–৯৯), জাহান–আরা (১৯১৩–৮২) জেব–উন–নিসা জামান (১৯২৬) ও ফিরোজা বারী স্বনামখ্যাত। স্বল্প পরিচিতাদের মধ্যে রয়েছেন রাহাত আরা ইসলাম (১৯১০–৪৯) ও তাঁর কন্যা ফিরদৌস করিম (জ. ১৯২৬), আমিনা মোজহার, সৈয়দা হাসনা আরা ও মমতাজ বেগম। মমতাজ জসীমউদ্দীনের নবপরিণীতা; তাঁদের বিয়েতে কবি আশীর্বাদপত্র দেন। তাঁদের মধ্যে জাহান–আরা, সুফিয়া এন হোসেন (পরে কামাল), রাহাত আরা, মাহমুদা খাতুন সিদ্দিকা ও ফিরোজা বারী কবির সঙ্গে সাক্ষাৎ-পরিচয়ের সুযোগ পেয়েছেন।
সারা তৈফুর, জাহান–আরা, শামসুন্নাহার, সুফিয়া, মাহমুদা খাতুন সিদ্দিকা, জেব–উন–নিসা, রাহাত আরা, ফিরদৌস করিম, আমিনা মোজহার ও মমতাজ বেগমকে কবি চিঠি লিখেছিলেন। অবশ্য রাহাত আরা ও আমিনাকে লেখা চিঠি এখন লুপ্ত। সুফিয়া ও ফিরোজাকে কবি নিজের বই স্বাক্ষর করে উপহার দিয়েছিলেন। রাহাত আরা, সুফিয়া, মাহমুদা ও জেব–উন–নিসা চারণ করেছেন তাঁদের কবি–স্মৃতি। এই রবিভক্ত ও অনুরাগিনীদের সঙ্গে কবির অন্তরঙ্গতার পরিচয় উন্মোচিত হয়েছে রবীন্দ্রনাথের কবিতা ও চিঠিপত্রে এবং কবিকে লেখা তাঁদের পত্রালিতে। তবে এসব উপাদান বেশির ভাগই লুপ্ত। তার কারণ, আমাদের প্রতিবেশী সমাজে পারিবারিক কাগজপত্র সংরক্ষণের যে ধারা প্রচলিত, বাঙালি মুসলমান শিক্ষিত উচ্চ ও মধ্যবিত্ত পরিবারেও এ বিষয়ে আমরা উদাসী। আমাদের সৌভাগ্য, রবীন্দ্রনাথকে লেখা চিঠিপত্রের একটি বড় অংশই শান্তিনিকেতনে বিশ্বভারতীর রবীন্দ্রভবন আর্কাইভসে সংরক্ষিত। সুফিয়া কামাল, শামসুন্নাহার মাহমুদ, জেব–উন–নিসা জামাল, ফিরদৌস করিম, মোমতাজ বেগম, আমিনা মোজহার, মাহমুদা খাতুন সিদ্দিকা, সৈয়দা হাসনা আরা, জাহান–আরা চৌধুরী প্রমুখের কবিকে লেখা চিঠি ও কজনের প্রশান্ত–কবিতা এবং কবির লেখা কয়েকটি চিঠি ও কবিতার অনুলিপি কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে আর্কাইভসে নথিবদ্ধ হয়েছে।
পত্রপ্রাপিকা একজনের অভিজ্ঞতার যে বিবরণ পরবর্তীকালে আমাকে চিঠিতে লিখেছেন, তা রীতিমতো লোমহর্ষক। সদ্য পরিণীতা পঞ্চদশী ফিরদৌস করিম চিঠি হারিয়ে ফেলেছিলেন। চার দশক পর আমি রবীন্দ্রভবন থেকে ওই চিঠির অনুলিপি খুঁজে পেয়েছি—আমার চিঠিতে এ তথ্য জানতে পেরে তিনি এতই আবেগাপ্লুত ও অভিভূত হয়ে পড়েন যে তাঁর মৃদু হার্ট অ্যাটাক হয়ে এক মাস হাসপাতালে ছিলেন।
রবীন্দ্রনাথ ও আলোচ্য নারীদের পারস্পরিক সম্পর্কের মধ্যে প্রীতি ও অন্তরঙ্গতার পরিচয় বিধৃত উভয়ের কবিতা–চিঠিপত্রে।
তৎকালের কলকাতার সাহিত্য–সংস্কৃতি মহলে সুপরিচিতা অতি রূপসী তরুণী জাহান–আরা চৌধুরী সম্পাদিত 'রূপ–রেখা' (নামটি কবির দেওয়া) পত্রিকার সূচনা সংখ্যায় রবীন্দ্রনাথ 'মূল্যশোধ' কবিতায় লেখেন:
তোমার কালো চুলের বন্যায়
আমার দুই পা ঢেকে দিয়ে বলেছিলে
তুমি আমার রাজা,
তোমাকে যা দিই—
তোমার রাজকর যে তার চেয়ে অনেক বেশি
আরো দেওয়া হলো না
কেননা, আর যে আমার নেই
বলতে গেলে তোমার দুই চোখ দিয়ে জল পড়েছিল।
জাহান–আরা এই কবিতার প্রেরণা—এ কথা দাবি করলে তা হবে কষ্টকল্পনা। তাঁকে এক চিঠিতে কবি বলেন:
সেদিন তোমার কথা শুনে বড় আনন্দ পেয়েছি,...সেদিন তোমার কাছ থেকে আমি যেন সমস্ত বাংলাদেশের মেয়েদের হাতের অর্ঘ্য পেয়েছি।
ভক্ত–অনুরাগিনীদের কাছে লেখা চিঠিতে কবির পরিহাস-মধুর মনোভাব ধরা পড়েছে এভাবে—
সুফিয়া এন হোসেনকে (পরে কামাল) শান্তিনিকেতন থেকে চিঠিতে রবীন্দ্রনাথ বলেন:
তুমি রেঁধে খাওয়াতে চেয়েছ, সেই কথাটি আমি এই দূরে থেকেও মনে রাখব। তুমি ভুলবে বলে আশঙ্কা করছি।
বগুড়ার স্কুলছাত্রী জেব–উন–নিসা দাদু সম্বোধন করে রবীন্দ্রনাথকে এক পত্র লিখেছিল:
তোমাকে 'দাদু' বলে ডেকে ধন্য হলুম। তুমি আমার দাদু হবে ত? এ্যাঁ? কি বলো?
কবির সস্নেহ মধুর জবাব:
দাদু সম্ভাষণে তুমি আমাকে আত্মীয় সম্বন্ধের বন্ধনে বাঁধতে চেয়েছ, সে আমি উপেক্ষা করতে পারি নে।...আমার কবিতা তোমার ভালো লাগে, সেই ভালো লাগার সম্বন্ধ টিকে থাকবে।
মেয়েরা কেমন কবিভক্ত ছিলেন ও তাঁকে আপনজন ভাবতেন, তার স্বাক্ষর আছে সদ্য পরিণীতা ফিরদৌস আরার আবেগময় অকপট পত্রে:
আমাদের বিয়ে এই গত (১৯৪০) November মাসের এগারো তারিখে হয়েছে। আমাদের দুজনের মধ্যে ছিল শৈশবের পবিত্র প্রেম, যাকে বলে Pure childhood love। আমরা উভয়ে উভয়কে ভালবেসেছিলাম প্রথম দেখাতেই—Love at first sight। আমার বয়স তখন মাত্র চার বছর। সংসারের ও সমাজের শত বাধা বিঘ্ন এড়িয়ে আমাদের শুভ মিলন হয়েছে বলে আমরা যে কত সুখী, তা এক আপনার কবি–মনই বুঝতে পারে।

বাঙালি মুসলমান মহিলাদের মধ্যে প্রথম রবীন্দ্রপ্রাপক সম্ভবত নুরুন নাহার সারা তৈফুর (১৮৮২–১৯৭১)। তাঁর আগে অন্য কোনো মুসলমান নারীর কবির সঙ্গে পত্রযোগাযোগ ঘটে থাকলেও সেই ইতিহাস এখন বিস্মৃত। ১৯১৭ সালে—শতবর্ষ আগের আলোচ্য চিঠিটি সারা তৈফুরকে লেখা। সারা ১৯১৭ সালে ঢাকা থেকে 'স্বর্গের জ্যোতি' নামে হজরত মুহম্মদ (স.)-এর একটি কিশোরপাঠ্য ছোট জীবনী প্রকাশ করেন। বইটি ঢাকার ইসলামিয়া প্রেস থেকে মুহাম্মদ ইব্রাহীম মুদ্রণ করেন আর প্রকাশ করেন সৈয়দ এম এম বায়েজিদ, মোস্তফা হাউস, সৈয়দ গোলাম মোস্তফা লেন, ঢাকা থেকে। বেঙ্গল লাইব্রেরি অব ক্যাটালগ সূত্র এটি ১০+৭০ পৃষ্ঠার বই, 'ইনটেনডেড ফর চিলড্রেন'। বইয়ের ৫ম মুদ্রণ প্রকাশ করে ঢাকার বাংলা একাডেমি ১৯৬৪–তে। বই প্রকাশের চার বছর আগে রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছেন; ফলে তরুণ সাহিত্যযশঃপ্রার্থীরা নিজেদের বই উপহার পাঠাতেন কবিকে। কবিও স্নিগ্ধ সৌজন্যে প্রাপ্তিস্বীকারপত্র দিতেন। 'স্বর্গের জ্যোতি:' পেয়ে কবি তরুণী গ্রন্থকর্মীকে যে সপ্রশংস চিঠি লেখেন, তা আমরা দেখিনি; তবে বইয়ের বিজ্ঞাপনে কবির মন্তব্যের অংশ উদ্ধৃত হয়েছে মৌলবি মুজিবর রহমান সম্পাদিত 'দ্য মুসলমান' পত্রিকায় (কলকাতা, ২৫ অক্টোবর ১৯১৮ ও পরের কয়েক সংখ্যায়)। লেখিকার পুরো নাম ছিল নুরুন নাহার সারা খাতুন; সারা তৈফুর নামে বইটি প্রকাশ পায়। তিনি ছিলেন পুরাতত্ত্ববিদ 'গ্লিমসেস ফ্রম ওল্ড ঢাকা' (১৯৫২) বইয়ের লেখক সৈয়দ মোহাম্মদ তৈফুরের (১৮৮৫–১৯৭২) স্ত্রী ও এ কে ফজলুল হকের ভাগনি। 'স্বর্গের জ্যোতি:' সম্পর্কে কবির অভিমত:
আপনার 'স্বর্গের জ্যোতি:' গ্রন্থখানি পাঠ করিয়া আনন্দিত হইলাম, ইহার ভাষা ও রচনা সুন্দর হইয়াছে। বাংলা ভাষায় এরূপ গ্রন্থের অভাব ছিল, আপনি তাহা দূর করিয়াছেন।
বুলবুল পত্রিকার অন্যতম সম্পাদক শামসুন্নাহার (মাহমুদ)-কে কবি সুদীর্ঘ পত্রে তৎকারের হিন্দু–মুসলমান সম্প্রদায়ের জটিল পরিস্থিতিতে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেন। হিন্দু–মুসলমানের বিরোধ বিষয়ে কবির বক্তব্য:
আত্মবিচ্ছেদ ও ভ্রাতৃবিদ্বেষে দেশের হাওয়া যখন বিষাক্ত হয়ে উঠেছে, সেই পরম দুর্যোগের দিনে নিষেধের বাণী যে কোথাও ধ্বনিত হতে পারল, একে আমি শুভ লক্ষণ বলে মনে করি।
শামসুন্নাহারের 'শিশু শিক্ষা' (১৯৩৯) বইয়ের প্রার্থিত 'ভূমিকা'র বদলে কবি লেখেন:
তোমার সকল রচনাকেই আমি অন্তরের সঙ্গে প্রশংসা করে থাকি। কী ভাষায়, কী মননশক্তিতে, কী সরসতায় তোমার লেখা যে বিশিষ্টতা লাভ করেছে আমি তার প্রশস্তিবাদ তোমাকে পাঠাই।
সুফিয়া কবির সান্নিধ্যে এসেছিলেন। তিনি চারণ করেছেন সেই স্মৃতি:
কবির জন্মদিনে আমি একটা কবিতা লিখে তাঁকে পাঠিয়ে দিই। কদিন পরেই তিনি জোড়াসাঁকোর বাড়ীতে আমাদের নিমন্ত্রণ করলেন। আমি ও আমার স্বামী নেহাল হোসেন কবিগুরুর কাছে গেলাম। তিনি আমায় খুব উৎসাহ দিলেন। আমার স্বামীকে বললেন আমায় সহযোগিতা করতে ও প্রেরণা দিতে। আসার সময়ে 'গোরা' উপন্যাসখানি আমায় উপহার দিলেন। সেখানে স্বহস্তে লিখে দিলেন—
শ্রীমতী কল্যাণীয়া সুফিয়া খাতুনকে
স্নেহ উপহার দিলাম।
শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর
৭ই আশ্বিন ১৩৩৬
প্রয়াণের আড়াই বছর আগে, সম্ভবত 'সাঁঝের মায়া' (১৯৩৮) কাব্য উপহার পেয়ে কবি সুফিয়াকে উৎসাহব্যঞ্জক এই ক্ষুদ্র চিঠি লেখেন:
তোমার কবিতা আমাকে বিস্মিত করে। বাংলা সাহিত্যে তোমার স্থান উচ্চে এবং ধ্রুব তোমার প্রতিষ্ঠা।
তার আগে সুফিয়াকে এই পত্রকাব্য লিখে দেন:
ওঁ
আলমোড়া
কল্যাণীয়াসু,
বিদায় বেলার রবির পানে
বনশ্রী যে অর্ঘ্য আনে অশোক ফুলের করুণ অঞ্জলি
আভাস তারি রঙীন মেঘে
শেষ নিমেষে রইবে লেগে
রবি যখন অস্ত যাবে চলি।

দক্ষিণবঙ্গের অজপাড়াগাঁয়ের চতুর্থ শ্রেণির মাদ্রাসাছাত্রীও রবীন্দ্রনাথের ভক্ত ও অনুরাগিনী ছিল, তার হদিস আছে ১৩৪৭ সনের এই ছোট চিঠিতে। কবির কাছে তাঁর ভক্তদের কোনো চিঠিই তুচ্ছ ছিল না। এই মামুলি চিঠিও রবীন্দ্রভবন আর্কাইভসে সংরক্ষিত। তবে চিঠির উত্তরের অনুলিপি নথিতে গরহাজির। কবির জবাব চট্টগ্রামের দৈনিক 'পূর্বকোণ'-এ প্রকাশ পেয়েছিল, কিন্তু সংগৃহীত হয়নি। বাকেরগঞ্জের (বরিশাল) স্বরূপকাঠি আকলম আহমদিয়া জুনিয়র মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী কুমারী আমিনা মোজহার যে চিঠি পাঠিয়েছিল, ১৯৪০–এর ৪ঠা জুন কবি তার উত্তর দিয়েছিলেন বলে চিঠির ওপরে বাঁ কোনায় উল্লেখ আছে—Replied by Gurudev। মাদ্রাসার ওই তালেবে এলেম সম্বোধনহীন ছোটো চিঠিতে লিখেছিল:
আপনি আমাকে চিনেন না। কিন্তু আমি আপনাকে চিনি। বাংলা বইয়ের মধ্যে আপনাকে দেখেছিও। আপনি আমাদের ছোট ছেলেমেয়েদের খুব ভালবাসেন। আবার আমরা চিঠি লিখলে উত্তরও নাকি দেন। তাই আমি চিঠি লিখছি। উত্তর দিবেন কিন্তু। আচ্ছা আপনাকে কী বলে ডাকব?
রাহাত আরা ছিলেন খান বাহাদুর সিরাজুল ইসলামের স্ত্রী। তিনি কবির ডাকঘর ও কিছু গল্প–কবিতা উর্দুতে তরজমা করেছিলেন। স্বামীসহ তিনি কবির সঙ্গে দেখা করেছিলেন। তাঁকে লেখা রবীন্দ্রপত্র কালের গর্ভে হারিয়ে গেছে। তবে কন্যা ফিরদৌসের চিঠিতে তার উল্লেখ পাই:
আজ [১৯৪১] ১৫ বৎসর আগের কথা—আমি তখন মায়ের কোলে—তখন আপনার হয়ত মনে নেই আমার মা (Mrs Rahat Islam) আপনাকে দু-এক খানা চিঠি লিখেছিলেন আপনার কাছে। বিষয়টা ছিল আপনার লেখা 'ডাকঘর' তর্জমা। যা-ই হোক, আপনি যে তার উত্তর দিয়েছিলেন, বড় হয়ে সেটি পেয়ে আজও সযত্নে আমার অতি প্রিয় Treasure স্বরূপ রেখেছি। মা ও বাবা কলকাতায় আপনার সঙ্গে দেখাও করেছিলেন (সাক্ষাতের উল্লেখ আছে ১৯২৮–এ রাহাত আরার উর্দুতে লেখা ডায়েরিতে)।
রবীন্দ্রনাথকে যে তাঁর ভক্ত–অনুরাগিনীদের কত ধরনের সংগত–অসংগত আবদার শুনতে হতো, তার নমুনা মাহমুদা খাতুন সিদ্দিকাকে লেখা এই পত্র:
তোমার কবিতাটি 'পরিচয়'–এর সম্পাদকের কাছে পাঠাই। আশা করি তাঁরা ছাপবেন। কিন্তু সম্পাদকীয় বিচারবুদ্ধির ওপর আমার কোনো হাত নেই, একথা নিশ্চিত জেনো। দেখেছি তাঁরা অনেক ভালো লেখাকেও বর্জন করে থাকেন, তার পরিচয় পেয়েছি।
বলাবাহুল্য, 'পরিচয়' সম্পাদক সুধীন্দ্রনাথ দত্ত ছাপেননি।
শান্তিনিকেতনের তৎকালে ছাত্রী, প্রখ্যাত আমলা ও সংস্কৃতিচর্চার পৃষ্ঠপোষক এম এ বারীর স্ত্রী চট্টগ্রামে রবীন্দ্রশতবার্ষিকীর অন্যতমা উদ্যোক্তা (পরে জিয়াউর রহমানের উপদেষ্টা পরিষদের সদস্যা) ফিরোজা বারীকে রবীন্দ্রনাথ দুটি চরণ লিখে 'চয়নিকা' বই উপহার দিয়েছিলেন, তার বিবরণ দিয়েছেন চিত্রনিভা চৌধুরী:
...গ্রীষ্মের ছুটিতে আমার বন্ধু ফিরোজা বারী শান্তিনিকেতন ছেড়ে একেবারে চলে যাচ্ছিল। যাওয়ার শেষ মুহূর্তে ওর মনে হয়েছে—গুরুদেবের হাতের কোনো লেখা তো নেওয়া হলো না। সেই দিনই বিকেলে আমি ওকে নিয়ে গুরুদেবের কাছে গেলাম। তখন ফিরোজা গুরুদেবের কাছে দুই লাইন কবিতা প্রার্থনা করল। গুরুদেব শুধু হাসলেন, কিছুই বললেন না। আমাদের মনে বড় আঘাত লাগল। আমরা ক্ষুণ্ন মনে তাঁর ঘর হতে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ মাঠ-ঘাট ঘুরে সন্ধ্যার সময় স্ত্রীসদনে ফিরলাম। এসে যা দেখলাম, বিস্ময়ে অভিভূত হয়ে পড়লাম।
গুরুদেব একজন লোক দিয়ে পাঠিয়ে দিয়েছেন, একখানা নূতন 'চয়নিকা' বই, ফিরোজার জন্য। তার প্রথম পৃষ্ঠায় দুলাইন কবিতা লিখে—
হও তুমি সবাকার প্রিয়..
মাধুর্য্যে সংসার তব কর রমণীয়।
কবিতাসহ নতুন বইখানা পেয়ে আমরা আনন্দে দিশেহারা হয়ে পড়লাম। আর ফিরোজা তো আনন্দে লাফাতে লাগল। (চিত্রনিভা চৌধুরী, স্মৃতিকথা, কলকাতা ২০১৫, পৃ ১৪)।
পাবনার তৎকালের জেলা কানুনগো সৈয়দ মাহবুব আলীর কেয়ারের ঠিকানা থেকে (সম্ভবত কবির শেষ জন্মদিনে তারিখবিহীন) একটি দুছত্রের নোট লিখে কবির সচিবকে অনুরোধ করেন কবিগুরুকে তাঁর এই নিরাভরণ শুভকামনা পাঠ করে শোনাতে:
শুভ কামনা
শুভ বৈশাখ মাস এসেছে। বাঙ্গালীর এই নূতন বৎসর। এই মাসের ২৫শে তারিখে আমরা আমাদের কবিগুরু রবিঠাকুরকে পেয়েছিলাম। আজ সেই দিনটিকে স্মরণ করে প্রার্থনা করছি, 'হে সর্ব্ব শক্তিমান খোদাতালা, তুমি আমাদের কবিগুরুকে নিরোগ করিয়া দীর্ঘায়ু করো।'
যাহার প্রতিভায় আজ আমরা গৌরবান্বিত, তাহারই নূতনতম মিলনমন্ত্রে ভারতবাসী হিংসা-দ্বেষ পরিত্যাগ করিয়া একতাবন্ধনে বদ্ধ হউক। স্নিগ্ধ শান্তি নামিয়া আসুক।
বিনীতা
সৈয়দা হাসনা আরা
অখ্যাত মফস্বলবাসিনীর এই বার্তাটিও অকিঞ্চিৎকর বিবেচিত হয়নি। রবীন্ত্রভবন মহাফেজখানায় আজও সযত্নে সংরক্ষিত।
আট-নয় দশক আগে বাঙালি মুসলমান রক্ষণশীল পরিমণ্ডলে থেকেও রবীন্দ্রানুরাগিনীরা কবির প্রতি যে ভালোবাসা ও প্রীতির অর্ঘ্য প্রদান করেন, তা উপেক্ষণীয় নয়।
(এই প্রতিবেদনের তথ্য গৃহীত হয়েছে 'রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ' বই থেকে)