রোদের ঘ্রাণ বাতাসের রং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা, নিয়ত বদলের মধ্য দিয়ে চলেছে যে মহা নগর
ঢাকা, নিয়ত বদলের মধ্য দিয়ে চলেছে যে মহা নগর

১. এই ঢাকা

এককালে অন্য দেশের দূতাবাসগুলো ঢাকা মহানগরের নানা জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে ছিল। মার্কিন দূতাবাস মতিঝিলে ছিল। ইউসিস প্রথমে তোপখানা রোডে, তার পরে দিলকুশার জীবন বীমা টাওয়ারে ছিল। পল্টনের কাছে বাইসেন্টিনিয়াল হল ছিল। ধানমণ্ডির ২ নম্বর রোডে ভারতীয় হাইকমিশন ছিল। একই রাস্তায় গ্যেটে ইনস্টিটিউটও ছিল। জিগাতলাতে ছিল ভুটানের দূতাবাস। সিদ্ধেশ্বরীতে এখন যেটা স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, সেটা ছিল সোভিয়েত দূতাবাস। মগবাজারের মোড়ের গ্যাস স্টেশনের পাশের প্লটটাতে ছিল গণচীনের দূতাবাস। নিউ ইস্কাটনে এখন যেটা সিঙ্গারের অফিস, সেটা ছিল ফরাসি দূতাবাস। সেটা থেকে একটু পূর্বে হাতের ডান দিকে ছিল পাসপোর্ট অফিস, আর একটু উত্তরে এখন যেখানে একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স বানানো হয়েছে, সেটা ছিল ফরাসি অতিথিশালা। গুলশানে শুটিং ক্লাবের কাছে ছিল বেলজিয়ান দূতাবাস, কুয়েত দূতাবাস। ধানমণ্ডি ৬ নম্বর রোডে সোভিয়েত কালচারাল সেন্টার আর ৮/এ-তে পারসিয়ান কালচারাল সেন্টার ছিল। এখন নিরাপত্তা কমেছে, আস্থা কমেছে, সাবধানতা বেড়েছে। ফলে কূটনীতিকরা তাঁদের জন্য নির্ধারিত জায়গায় চলে গেছেন। দুনিয়ার সব জায়গাতেই অনাস্থা বেড়েছে, ফলে অনেক দেশেই কূটনীতিকরা ডিপ্লোম্যাটিক এনক্লেভে থাকেন। তা যেখানে কূটনীতিকদের ভালো লাগে, নিরাপদ বোধ করেন, সেখানে তাঁরা চলে যান, তাতে আমাদের কী! একই পাড়ায় থাকলেও তাঁরা তো আর আমাদের মতো সাধারণের প্রতিবেশী হন না। তাই তাঁরা ভিন্ন কোথাও চলে গেলেও আমার শূন্য লাগে না। শুধু এটুকু মনে হয়—পাড়াটার দাম একটু কমল, বলার মতো একটা ল্যান্ডমার্ক কমল। কিন্তু আমার শূন্য লাগে, যখন নিয়মিত যাতায়ত করা বা প্রতিদিন দেখা দোকানগুলো উঠে যায়।

আশির দশকের শেষভাগে ঢাকায় ‘পিজা…’নামের একটা ফাস্টফুডের দোকানের চেইন গড়ে উঠেছিল। যতদূর জানি এগুলোর মালিক অভিন্ন নয়, তবে অভিন্ন একটা রসুই থেকে কিছু খাবার সব কটি দোকানে যেত। দোকানগুলোর একেক পাড়ায় নাম ছিল একেক রকম। যেমন, কলাবাগানে পিজা লেক, হাতিরপুলে পিজা প্যালেস, নিউ ইস্কাটনে পিজা গার্ডেন ইত্যাদি। দোকানগুলোর সাজ প্রায় একই প্রকারের ছিল। সামনে কাচের দরজার দুপাশে পেঙ্গুইন আকৃতির দুটো বিন ছিল। দোকানের চেয়ার-টেবিলগুলো ছিল খুব নিচু, মোটামুটি হাঁটু ভাঁজ করে বসতে হতো। সেখানে লোকে পিৎজা নয়, বার্গার খেতে যেত। সেখানকার পিৎজা ছিল আসলে গোল আকারের মোটা পাউরুটির ওপরে মাংসের কিমা, টমেটো সস, মেয়োনিজ, টমেটো, মটরশুঁটি, পেঁয়াজ ইত্যাদির একটা ক্বাথ দেওয়া। সেখানকার বার্গারের প্যাটিটা সাধারণত রুটি ভাজার তাওয়ায় ভেজে শসা, টমেটো, লেটুস পাতা সহযোগে দেওয়া হতো। ওভাবে ধোঁয়া-ওঠা প্যাটি ভাজা দেখলে আমার জন স্টেইনবেকের ‘গ্রেপস অব র‌্যাথ’-এ হাইওয়ের পাশের বার্গার জয়েন্টের দৃশ্যের কথা মনে পড়ত। স্বল্প ব্যয়ে খাবারসহ দীর্ঘক্ষণ বসে গল্প করার সুযোগ থাকায় এই দোকানগুলো কমবয়সী যুগলদের কাছে জনপ্রিয় ছিল। তখন আমারও বয়স কম ছিল।

পিজা চেইনের সবচে জনপ্রিয় দোকান ছিল হাতিরপুলের ‘পিজা প্যালেস’। পিজার আরও দশটা দোকানের মতো এটাও উঠে গেছে বহু বছর আগে। কিন্তু নিউ ইস্কাটনের টিএমসি বিল্ডিংয়ের নিচে ‘পিজা গার্ডেন’দোকানটা এখনো আছে আগের ‘পিজা…’চেইনের দুঃস্বপ্নকে ধারণ করে। তখন এদিকটাতে সবচে বেশিসংখ্যক ফাস্টফুডের দোকান সম্ভবত হাতিরপুল এলাকায় দেওয়া হয়েছিল। কারণ, নতুন চালু হওয়া ইস্টার্ন প্লাজাকেন্দ্রিক একটা বাজার গড়ে ওঠা। মি. বার্গার, নাহার গার্ডেন, বিথিস চটপটি, হেরিটেজ পিজা, শরমা হাউস, কেবাশিশ, সুমি’স হটকেক, বিগ বাইট ……অনিঃশেষ তালিকা। অনেকগুলোর নাম আর মনে নেই। হয়তো সেগুলোর যাঁরা মালিক ছিলেন, তাঁরাও দুঃস্বপ্নের মতো সেগুলোর নাম ভুলে গেছেন। টিকে আছে ‘বিগ বাইট’, যা আমার জন্য স্রেফ একটা ফাস্টফুড শপ নয়, এটি আমার জীবনেতিহাসের অচ্ছেদ্য অংশ। যদি সম্ভব হয় তাহলে কোনো দিন বিগ বাইট নিয়ে পূর্ণদৈর্ঘ্যের লেখা লিখব।

টিকে থাকা আর বন্ধ হয়ে যাওয়া অনেক দোকানের গল্প বলতে চাই, যখন যেটার কথা মনে পড়বে তখন। তবে যে পাড়ার দোকানগুলোর গল্প সবচে ভালো বলতে পারব, সেগুলোর গল্প বলব আগে। তবে সেটা আজ নয়, অন্য কোনো একদিন।

২. পথের শুরু

এই পথ দিয়ে আমি ধীরে হাঁটব, তাতে যত সময় লাগে লাগুক। এই পথে আমি প্রথম হেঁটেছি অপাপবিদ্ধকালে। আমার যৌবনের উন্মেষ ঘটেছে, পরিণতি পেয়েছে এর সীমারেখায়। একজন অনুল্লেখযোগ্য মানুষের জীবনের উল্লেখযোগ্য সময়ের সাক্ষী এই পথ। সেটা এখন আগের মতো আর নেই, যেমন কোনো কিছুই আগের মতো থাকে না। তাতে কী! স্মৃতিরা আছে বিগত দিনের রোদের ঘ্রাণ আর বাতাসের রং নিয়ে।

ষাটের দশকের ঢাকা
ষাটের দশকের ঢাকা

এই পথের পশ্চিম প্রান্তের নাম বাংলামোটর আর পূর্ব প্রান্তের নাম মগবাজার মোড়। দৈর্ঘ্যে মোটামুটি এক কিলোমিটার। বাংলামোটরের নাম ‘বাংলামোটর’কী করে হলো, সেটা নিয়ে লেখক মাহমুদ রহমানের একটা চমৎকার লেখা আছে। তাঁর লেখা পড়ার আগে সে ইতিহাস আমি জানতাম না। আমি কখনো বাংলামোটর (আদতে পাক মোটর) দেখিনি, দেখার প্রশ্নই ওঠে না। তবে তার জায়গায় গড়ে ওঠা পেট্রল পাম্পটা দেখেছি, সেটা বন্ধ হয়ে যেতেও দেখেছি। তার পাশ দিয়ে ঢুকে যাওয়া গলিটা দেখেছি, যেখানে নতুন ঢাকার ভেতরে এক টুকরো পুরোনো ঢাকা স্বর্গচ্যুত অপ্সরার মতো পূর্বাপর ভুলে স্থাণু হয়ে ছিল। সেখানকার বাতাসে কুট্টি বাংলার সাথে কুট্টি উর্দু ভেসে আসত। সেই রাস্তার ভেতরে ‘মিরপুর কাবাব’নামের একটা দোকান ছিল, যারা অনেকগুলো পরতওয়ালা, সোনালিরঙা, নরম, চার কোনা পরোটা বানাত। এই শহরের পরোটার আকার খুব ব্যতিক্রম ছাড়া চার কোনা হয় না, পরতওয়ালা বা সোনালিরঙা তো হয়ই না।

গলিটার শেষ মাথায় হাতিরঝিলে যাবার পথ জুড়ে বিশাল বস্তি গড়ে উঠেছিল। ফলে গলিটা দিয়ে নূরনগরের রাস্তার শেষ প্রান্তে থাকা বিশাল মাঠ, যেখানে আজ বিয়ামের বিশাল কমপ্লেক্স গড়ে উঠেছে, সেখানে যাওয়া যেত না। সেই মাঠে দাঁড়ালে নোংরা পানি আর কচুরিপানায় ভর্তি হাতিরঝিলের বুক চিরে যাওয়া রেললাইনের পাশে এক পায়ে দাঁড়িয়ে থাকা তালগাছগুলোর ফাঁকে এফডিসি আর সাপ্তাহিক ‘হলিডে’পত্রিকার অফিস দেখা যেত। চিরতরে হারিয়ে যাওয়া কামারপাড়ার জায়গায় গড়ে ওঠা পাঁচ তারকা হোটেলটার পেছন দিকের সুইমিং পুলের কিয়দংশও দেখা যেত। কখনো কোনো কোনো অতি আশাবাদী মানুষ মাঠে দাঁড়িয়ে সুইমিং পুলের দিকে বাইনোকুলার তাক করত। হাতির ঝিলের দুই পাশ কোনো দিন উদ্ধার হবে, এই এলাকার মানুষ এমনটা কখনো ভাবতে পারেনি। তবু তা হয়েছে—অনেক দুঃস্বপ্নকে গুঁড়িয়ে দিয়ে, অনেক আশা নিয়ে।

এই পথের দুই পাশের গলিগুলোর নাম কারও না কারও নামে—নূরনগর, গাউসনগর, দিলু রোড, ইসমাইল লেন ইত্যাদি। কোথাও আবার প্রতিষ্ঠানের নামে—টাটা সাউন্ডের গলি, দুই হাজারের গলি, মুক্তিযোদ্ধা সংসদের গলি। ইসমাইল লেনের আবার অনেকগুলো নাম আছে—ইসমাইল লেন, ইস্কাটন গার্ডেনের গলি, ইস্কাটন সবুজ সংঘের গলি, লেডিজ ক্লাবের গলি, হানি লোফের গলি। এসব গলির মধ্যে দিলু রোড সবচে দীর্ঘ আর জটিল। আজ সেই পথে বা অন্য কোনো গলির ভেতরে ঢুকব না।

বাংলামোটর থেকে পূর্বমুখী পথটা ধরে মগবাজারের দিকে যেতে গেলে পেট্রল পাম্পের উল্টো দিকে ‘মাসুম হোটেল’নামের রেস্টুরেন্টটা এখনো আছে। এটা টিকে থাকার কোনো দরকার ছিল না। খাবারের নিম্নমানে এই রেস্টুরেন্টটির সঙ্গে পাল্লা দিতে যে কাউকে অনেক কাঠখড় পোড়াতে হবে।

পেঁয়াজু খাবারটার নামে পেঁয়াজ থাকলেও এই শহরের পেঁয়াজুতে পেঁয়াজ খুঁজে পাওয়া যায় না। তার বদলে আলু, মুলা, গাজর, শাকের ডাঁটা—এমন হেন কিছু নেই যে তাতে দেওয়া হয় না। অথচ পেঁয়াজ দিয়ে বানানো ছোট আকারের মচমচে পেঁয়াজুর মতো মুখরোচক খাবার খুব কম আছে। পেট্রল পাম্পটা ছাড়িয়ে পূর্ব দিকে কয়েক শ ফুট হাঁটলে যে জায়গাটা হয়, সেখানে একসময় রাস্তার ওপরে চার চাকার ভ্যানের ওপর অমন সত্যিকারের পেঁয়াজু বানানো হতো। ভালো জিনিস তো, তাই দোকানটা বেশি দিন টেকেনি। পেঁয়াজুর ভ্যানের পাশে একটা বড়, গভীর সসপ্যানে আনোয়ার ডিম, ছোলা, ঘুগনি আর আলু ভুনা নিয়ে বসতেন। আমি আনোয়ারকে জিজ্ঞেস করতাম, ‘আনোয়ার ভাই! আলু আর ডিমগুলো এমন টকটকে লালচে হলুদ রঙের করেন কী করে?’

উত্তরে আনোয়ার একেকবার একেক উপায়ের কথা বলতেন। আমি বাসায় ফিরে প্রায়ই সেভাবে চেষ্টা করতাম, কিন্তু কখনো সফল হইনি। লবণ-পেঁয়াজ-কাঁচা মরিচ-ভাজা মরিচ-শশা-টমেটো-গুঁড়া মসলা-টক জল মেশানো আনোয়ারের ডিম-আলু-ঘুগনি-ছোলার মিক্স যে খায়নি, তাকে বোঝানো সম্ভব নয় এর স্বাদ কী অপার্থিব! দুম করে একদিন আনোয়ার হারিয়ে যান। কেউ বলেন ‘সৈদি গেছে’, কেউ বলেন ‘ইটালি গেছে’, কেউ বলেন ‘লছ দিয়া দ্যাশে গ্যাছে গা’। সত্যটা কী, সেটা আর কখনো জানতে পারিনি। যেমন জানতে পারিনি টিএমসি বিল্ডিংয়ের নিচে ‘পিজা গার্ডেন’-এর সামনে বসা চিতই পিঠাওয়ালা, যিনি চালের গোলার সাথে ডিম-পেঁয়াজ-মরিচ-মসলা-লবণ মিশিয়ে ঝাল পিঠা বানাতেন, তিনিও কোথায় হারিয়ে গেলেন! হারিয়ে গেছে সড়ক বিভাজকে থাকা বট আর অশ্বত্থের গাছগুলো, রাস্তার দুপাশের সামনে লনওয়ালা একতলা-দোতলা বাড়িগুলো, ফরাসি আর চীনা দূতাবাস, পাসপোর্ট অফিস আর ‘সাপ্তাহিক ২০০০’।