লকডাউন, আমাদের গ্রাম ও একটা জোলাভাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাকালের বিরুদ্ধসময়ে জীবন তো চলে, সেই জীবনে হাসি-আনন্দের আস্বাদও নেয় মানুষ। গ্রামীণ চড়ুইভাতির ছবিটি ফেসবুক থেকে সংগৃহীত।
করোনাকালের বিরুদ্ধসময়ে জীবন তো চলে, সেই জীবনে হাসি-আনন্দের আস্বাদও নেয় মানুষ। গ্রামীণ চড়ুইভাতির ছবিটি ফেসবুক থেকে সংগৃহীত।
>গ্রামকে আমি প্রথমবার চোখ মেলে দেখার সুযোগ পেয়েছি এই লকডাউনে। আসলে এখন অন্তর্জালের জীবনে এত অভ্যস্ত হয়ে গেছি যে মানুষ এখনো মায়ার বন্ধনে একে-অপরের সঙ্গে এত নিবিড়ভাবে থাকে, সেটা নিজের চোখে দেখে বিশ্বাস হয় না।

আমি বড় হয়েছি একটা মফস্বল শহরে। গ্রামে, মানে দাদুর বাড়িতে শুধু দুই ঈদে এসেছি সব সময়। এ ছাড়া বিয়ের মৌসুমে। বছরে খুব বেশি হলে ১৪-১৫ দিন আমরা সাধারণত বাড়িতে থাকি। বাড়িতে থাকতে আমরা ছোটরা সব সময়ই বেশ পছন্দ করি। দাদা-দাদু, চাচা-চাচিরা মাথায় তুলে রাখেন। প্রত্যেকবার ছুটি শেষে মা-বাবার সঙ্গে দিন-কষাকষি করি। একটা ঘণ্টা বেশি থাকার জন্য সে কী তর্ক-বিতর্ক। লকডাউনের কল্যাণে (!) এই প্রথমবার প্রায় এক মাস বাড়িতে আছি আমরা। প্রথমে শহরে বাসাতেই ফিরেছিলাম, কিন্তু এরপর নিশ্বাস নেওয়ার স্বার্থে আর ঈদ সামনে রেখে চলে এলাম বাড়িতে। এমন একটা সময় এলাম যখন চারদিকে চলছে ধানের কাজ। পুরোটা সময় ধরেই দেখছি ধান কাটা হচ্ছে, নেওয়া হচ্ছে, শুকানো হচ্ছে, তোলা হচ্ছে, সেদ্ধও করা হচ্ছে।

এই প্রথমবার উপলব্ধি করলাম, কতটা কষ্ট ধানের কাজে। আমরা আট ভাই-বোন বাড়িতে। দাদা-দাদু, চাচা-চাচি সবাই একসঙ্গে সারা দিন ধানের কাজ করছেন। পাশাপাশি তিন বেলা এত মানুষের জন্য রান্নার যজ্ঞ তো আছেই। খুবই জমজমাট ব্যাপার। করোনা এখনো গ্রামে হানা দেয়নি। বাইরে থেকে কারও আসা-যাওয়ার কোনো ঘটনাই নেই। কাজেই সবাই এখনো নিশ্চিন্ত।

এর মধ্যে গেল শনিবার বেশ হইচই শুনলাম, জোলাভাতি হবে। জোলাভাতি মানে কিনা পিকনিক। কোথাও কোথাও চড়ুইভাতিও বলে। এই জোলাভাতি কিন্তু ছোটদের ছেলেমানুষি জোলাভাতি না। রীতিমতো দশ গৃহস্থ একসঙ্গে এক ডেকচিতে রান্না করে উঠানে মাদুর পেতে খাওয়াদাওয়া। জানলাম, এটা প্রত্যেক বছরের শীতকালীন আয়োজন। কিন্তু এবার লকডাউনে সবাইকে একসঙ্গে পাওয়া গেছে বলে এখনই করে ফেলা হবে। এ যে কী বিশাল ব্যাপার, প্রথমে আমি ঠিক বুঝে উঠিনি।

আমাদের বাড়ির সামনের দিকটায় শুধু নেটওয়ার্ক পাওয়া যায় বলে আমি যাবতীয় অনলাইন কাজকর্ম সেখানে বসে বসে করি। সোমবার বিকেলে একটা লাইভ নিয়ে যখন আমি ব্যস্ত, তখন দেখলাম পাশের বাড়ির চাচি আর ছোট ভাইবোনেরা দল বেঁধে এসেছেন। আমার মা-চাচিরাও ঘর থেকে বের হয়ে সবাই কলাগাছের কাছে জড়ো হয়েছেন। প্রথমে মহা ধুমধামের সঙ্গে ‘বগলি’ আর কাঁচা কলা সংগ্রহ করা হলো। এরপর দেখলাম সবাই লাইন ধরে রাস্তার দিকে যাচ্ছেন। ১০-১২ জন গ্রাম্য বধূ একত্রে লাইন করে কোথাও যাচ্ছেন, দৃশ্যটা খুব চমকপ্রদ। আমি বাচ্চা পোলাপানের মতো তাঁদের পেছন পেছন গেলাম। দেখলাম, তাঁরা এখানে-সেখানে যার যত সবজিখেত আছে সেগুলোতে টহল দিচ্ছেন। টুকটাক শাক-লতাপাতা সংগ্রহ করছেন। তারপর সবার দ্বারে গিয়ে চাঁদা তোলা হলো। বাজারে যত পদের সবজি পাওয়া যায়, সবই খরিদ করা হলো।

মঙ্গলবার সকাল থেকে শুরু হলো এলাহি কারবার। ঘরে ঘরে গিয়ে চাল-তেল সংগ্রহের জন্য একটা টিম বের হলো। পুকুর থেকে মাছ তুলে এনে দিলেন ভাইয়েরা। বাচ্চারা সেই মাছ দেখে মহা আমোদ পেয়ে একটা বালতিতে নিয়ে তাতে পানি দিল।

জ্বালানি টিম রওনা হলো লাকড়ি, দুর্বা, শুকনো পাতা সংগ্রহ করতে। কাটাকুটি টিম কাজ শুরু করেছে সকাল সকালই। একেবারে ছোট ছোট বাচ্চাদের পাঁচ-ছয়জনের টিম গ্রামের ডেকোরেটরের বাড়ি থেকে বড় ডেকচি নিয়ে এল। উঠানে গর্ত করে আগুন দেওয়া হলো। এরপর দেখলাম, সেই আগুনে ডেকচি চাপিয়ে প্রথমে মসলা নিয়ে সেজো চাচি খালি কৌটা দিচ্ছেন। তারপর একে একে প্রায় ৫০ পদের সবজি-মাছ সেখানে দেওয়া হতে থাকল এবং পালা করে চাচিরা সবাই সেটা ঘুঁটতে থাকলেন। ছোট ভাইবোনেরা নানাভাবে আগুন উসকে দিতে থাকল। আমরা যেহেতু সব সময় বাড়িতে ‘অতিথি’র মর্যাদা ভোগ করেছি, তাই আমাকে দিয়ে আগুন দেওয়ানো হবে, রান্না করানো হবে ইত্যাদি ইত্যাদি নানা আলোচনার পরও মূলত ধরে নিয়ে যাওয়া হলো শুধু বসে থাকার জন্য। ৫ মিনিট বসে থেকে আমি দরদর করে ঘামতে লাগলাম। তাড়াতাড়ি ফোন বের করে তাপমাত্রা দেখলাম ৩৪ ডিগ্রি। কিন্তু মনে হচ্ছে ৪৩ ডিগ্রি। এক ফোঁটা মেঘ নেই কোথাও। চড়া রোদে তিন-চার ঘণ্টা ঘুঁটা দেওয়ার পর পাঁচন যখন বড় ডেকচির মুখ পর্যন্ত, তখন মোটামুটি শেষ হলো রান্নার কাজ। এর মধ্যে বাটাবাটি টিম কাঁঠালের গোটা আর আলুর ভর্তা তৈরি করে ফেলেছে।

চিরাচরিত গ্রামীণ নিয়মে বাড়ির পুরুষদের আগে পাত পেড়ে যত্ন করে খাওয়ানো হলো। ক্ষুধায় আমরা যখন হয়রান পেরেশান, তখন প্রায় চারটার দিকে আমাদের খাওয়ার ডাক এল। আমরা ঘরের চেয়ার, মোড়া আর প্লেট নিয়ে দৌড় দিলাম খাওয়ার জন্য। উঠানে একটা টেবিল পাতা হয়েছে। পাশে মাদুর। আমাদের মতো ‘অতিথি’ জাতের মানুষদের টেবিলে বসিয়ে বেশ আদর-যত্ন করা হলো। ভর্তার ঝালের কুপোকাত করার ক্ষমতার সুযোগ নিয়ে আমার চাচাতো ভাই আমার বোনকে ঠান্ডা খাওয়ানোর লোভ দেখিয়ে বাজি ধরে ভর্তা খাওয়াল। বাজির ভর্তা খেয়ে তার চোখের পানি আর বাঁধ মানে না। তাই দেখে গর্বে ভর্তা প্রস্তুতকারকের যেন অনেকক্ষণ পা পড়ল না মাটিতে।

আমাদের খাওয়া শেষ হয়ে যাওয়ার পর মায়েরা মাদুরে গোল হয়ে বাচ্চাকাচ্চা নিয়ে বসলেন। তাঁদের চারপাশে মোড়ায় বসলেন দাদুরা। সারা দিন প্রচণ্ড গরমে অমানুষিক পরিশ্রম করার পরও কাউকে একটুও ক্লান্ত মনে হলো না। সবাই যেন রান্না শেষে গোসল সেরে নতুন জামাকাপড় পরে উৎসবে এসেছেন!

আমার সব সময় মনে হয়, যে শহরে বড় হয়েছি সেখানে আমি বিলং করি না। কখনো কোথাও ফেরার হলে আমি গ্রামেই ফিরতে চাই। কিন্তু গ্রামকে আমি প্রথমবার চোখ মেলে দেখার সুযোগ পেয়েছি এই লকডাউনে। আসলে এখন অন্তর্জালের জীবনে এত অভ্যস্ত হয়ে গেছি যে মানুষ এখনো মায়ার বন্ধনে একে-অপরের সঙ্গে এত নিবিড়ভাবে থাকে, সেটা নিজের চোখে দেখে বিশ্বাস হয় না। এই অস্থির সময়ে জীবন অন্য রকম হয়ে গেছে, পাল্টে যাচ্ছে বাস্তবতা, পরিপার্শ্ব আর জীবনের মানে। এর মধ্যে জীবনের স্পর্শ নেব বলে আমরা এখনো বসে থাকি।

অন্য আলো অনলাইনে লেখা পাঠানোর ঠিকানা: [email protected]