লেখকদের সঙ্গে যত ঘটনা–২৭: কবি রবিউল হুসাইনকে মনে পড়ে

কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক ঢাকা শহরে এসেছিলেন আশির দশকে রংপুর থেকে, পণ করেছিলেন লেখক হবেন। প্রখ্যাত লেখকদের অনেক মজার ঘটনার তিনি সাক্ষী। এই নিয়মিত কলামে তিনি বিখ্যাত মানুষদের জীবনের মজার ঘটনাগুলোর স্মৃতিচারণা করেন। অন্য আলো ডটকমে এটি প্রতি মঙ্গলবার প্রকাশিত হচ্ছে।

রবিউল হুসাইনের ছবি অবলম্বনে গ্রাফিকস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি রবিউল হুসাইন ভাইয়ের সঙ্গে কবে, কীভাবে প্রথম দেখা হয়েছিল, মনে পড়ে না। কিন্তু মনে হয় যেন জন্ম-জন্মান্তর ধরে তিনি আমার বড় ভাই। আশির দশকে যখন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন শহীদ স্মৃতি হল থেকে গ্রিন রোডে আলাউদ্দিনের মিষ্টির দোকান পেরিয়ে গ্রিন সুপার মার্কেটের পেছনের গলির শেষ মাথায় গেলে শহীদুল্লাহ অ্যাসোসিয়েটসে পৌঁছে যাওয়া যেত। দোতলায় রবিউল হুসাইনের কক্ষ। আর্কিটেক্টের রুম যেমন হয়। দু-চারটা কাগজের তৈরি ভবনের মডেল। অফিসের আরেক কোণে হয়তো ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের সেই টেবিল, যাতে স্কেল ইত্যাদি সংযুক্ত। আমার অত কম বয়সে এত বড়, এত খ্যাতিমান মানুষটার কাছে কেন যেতাম? অবশ্যই চাঁদা নিতে, প্রধানত বিজ্ঞাপনের আকারে। কোনো কবিতাপত্র বেরোবে কিংবা বুয়েটের সমাপনী স্মরণিকা কিংবা কোনো আত্মীয়র শিক্ষাসফর ম্যাগাজিনে বিজ্ঞাপন লাগবে, তো চলো যাই স্থপতি রবিউল হুসাইনের কাছে। তিনি কারও না কারও কাছ থেকে বিজ্ঞাপন জুটিয়ে দিতেন। কিন্তু রবিউল হুসাইনই কেন? কারণ, তিনি বুয়েটের বড় ভাই। কারণ, তিনি কবিতা লেখেন। কিন্তু সবচেয়ে বড় কারণটা ছিল, তিনি মানুষ হিসেবে ভালো, একটু বেশিই ভালো, ‘না’ করতে পারতেন না।
আরেকটা দৃশ্য আমার খুব মনে পড়ে। বুয়েটের বড় ভাই মোজাম্মেল বাবু, বন্ধু কবি তারিক সুজাত আর বড় ভাই শিল্পী ইউসুফ হাসানের পেছন পেছন আমি ধানমন্ডি ৪ নম্বরের মাঠের কাছে একটা দোতলা অফিস ভবনের বারান্দায় হাঁটছি, রবিউল হুসাইনের কাছে যাচ্ছি, শিল্পী কাজী হাসান হাবিবের প্রদর্শনী হবে অথবা তাঁর স্মরণে কিছু একটা করা হবে।

ষাট দশকের চার কবি—রবিউল হুসাইন, বেলাল চৌধুরী, রফিক আজাদ ও হাবীবুল্লাহ সিরাজী—এঁরা সবাই মিলে ছিলেন একটা চতুষ্কোণ। বছর কয়েকের ব্যবধানে চারজনই বিদায় নিলেন। এঁদের মধ্যে রবিউল হুসাইন চলে গেলেন ৭৬ বছর বয়সে, ২০১৯ সালের ২৬ নভেম্বর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সকালবেলা পৃথিবীকে বিদায় জানান তিনি। আমি তাঁর ২২ বছরের ছোট। তার মানে যখন কুড়ি বছর বয়সে আমি তাঁর কাছে যেতাম, তিনি ছিলেন ৪২। এত পিচ্চি একটা ছেলেকে তিনি যে পাত্তা দিতেন, তা তাঁর মহানুভবতা।

১৯৮৭ সালে জাতীয় কবিতা উৎসব হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি গমগম করত। আমরা গণতান্ত্রিক আন্দোলন করছি। তারই অংশ হিসেবে হচ্ছে কবিতা উৎসব। অবশ্যই এর খরচ তোলার প্রধান ভার রবিউল হুসাইনের।

রবিউল ভাই ছিলেন মাটির মানুষ। কিন্তু তাঁর পোশাক-আশাকে একটা বৈশিষ্ট্য ছিল। একটা পশমি কোট, কালো প্যান্ট, পায়ে জুতা আর কাঁধে ঝোলানো মাফলার তাঁকে অনন্য করে রাখত। পাইপ টানতেন। জুলফি বড়। জুলফিতে সাদার আঁচড়। বড় সুদর্শন মানুষটিকে আরও সুন্দর করত তাঁর অমায়িক ব্যবহার।

তিনি চিত্রকলা নিয়ে লিখতেন। কবিতা লিখতেন। একদিন তাঁর একটা কবিতা পড়ে তাঁকে ফোন করলাম, ‘রবিউল ভাই, আপনার এই কবিতা দারুণ হয়েছে।’ কবিতার বিষয় হলো, এক মধ্যবয়সী নারী, যাঁর ছেলেপুলে বড় হয়ে গেছে, সকালবেলা বেরিয়েছেন রিকশায়, রাস্তার মোড়ে এক বখাটে ছেলে তাঁকে দেখে চোখ টিপেছে। মহিলার মিশ্র প্রতিক্রিয়া নিয়ে কবিতাটা ভালো লাগল আমার। এই নিয়ে বেশ খানিকক্ষণ দুই ভাই গল্প করলাম।

স্থপতি এনামুল করিম নির্ঝর তাঁর একটা গল্পের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। নির্ঝর ভাই বলেছিলেন, ‘তুমি জানো, বাংলাদেশের সবচেয়ে ক্রিয়েটিভ মানুষের নাম রবিউল হুসাইন। তুমি জানো না তাঁর মাথায় কী উদ্ভট উদ্ভট আইডিয়া খেলা করে। তিনি একটা গল্প লিখেছেন, পুরোটা ক্যাসেট প্লেয়ারের রিউইন্ড করার মতো। মানে, শেষ লাইনটা সবার আগে লিখেছেন। ধরা যাক এমন, সকাল সাতটায় তিনি মারা গেলেন। পৌনে সাতটায় তিনি নাশতা করেছেন। সাড়ে ছটায় তিনি দাঁত ব্রাশ করেছেন। ছটায় ঘুম থেকে উঠেছেন। তার আগের ৭টা ঘণ্টা ঘুমিয়েছিলেন। রাতে ১১টায় ঘুমাতে যাওয়ার আগে তিনি ঘুমের ওষুধ খেয়ে নিয়েছেন। এইভাবে মাতৃগর্ভে প্রবেশ করে গল্প শেষ হবে। বুঝতে পারছ?’

আমি হা হয়ে গেলাম। সময় তো কেবল একদিকে যেতে পারে না। অন্য দিকেও যেতে পারে। সেটা ব্যবহার করে গল্প লেখা এই বাংলাদেশে কেবল স্থপতি রবিউল হুসাইনের পক্ষেই সম্ভব ছিল।

সব ছাপিয়ে মনে হয়, খুব ভালো একজন মানুষ ছিলেন রবিউল ভাই। ভিড়ের মধ্যেই সাধারণত তাঁর সঙ্গে দেখা হতো, হয়তো শহীদ মিনারে, কোনো গুণী মানুষকে শেষ শ্রদ্ধা জানানোর আয়োজনের ভিড়ে, চোখ পড়লেই ডাকতেন, ‘এদিকে আসো।’

রবিউল ভাই একদিন আদেশ করলেন, ‘শোনো, অমুক প্রকাশককে একটা পাণ্ডুলিপি দিবা।’ আমি বললাম, ‘জি দেব।’

ঢাকা শহরে এখন অল্প কয়েকজন বড় ভাই আছেন আমার, যাঁদের কথামাত্রই আমার জন্য হুকুম। আমি সামরিক কায়দায় সেসব হুকুম পালন করি। রবিউল ভাই ছিলেন আমার তেমনই বড় ভাই।

বছর চারেক আগে একবার তিনি বললেন, ‘শোনো, বঙ্গবন্ধু জাদুঘরের বৈঠক ছিল, প্রধানমন্ত্রী তো তোমার “আলো-আঁধারের যাত্রী” বইটা নিয়ে অনেকক্ষণ কথা বললেন। তিনি খুব পছন্দ করেছেন বইটা। শোনো, আমার তখন খুব গর্ব হলো।’
আমি বললাম, ‘আপনি কী বললেন?’

আমি বলেছি, আনিস তো আমাদেরই ছেলে, আমাদের ছোট ভাই।
আমি খুব খুশি হলাম। বললাম, ‘মোর নাম এই বলে খ্যাত হোক, আমি রবিউল ভাইয়ের লোক।’

রবিউল হুসাইন
ছবি: সংগৃহীত

রবিউল হুসাইন বাংলাদেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে সব সময় ছিলেন, সবার আগেই থাকতেন, কিন্তু নেতা হতে চাইতেন না। তিনি ‘পদাবলী’ নামের কবিতা সংগঠন করেছেন, অবশ্যই জাতীয় কবিতা পরিষদ করতেন, স্থপতি ইনস্টিটিউটের সভাপতি ছিলেন এবং স্থপতি মাজহারুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশের নিজস্ব স্থাপত্য রীতি এবং ঐতিহ্য নির্মাণ ও বিনির্মাণের একজন অগ্রণী কর্মযোদ্ধা ছিলেন। ছিলেন শিল্পের সমালোচক এবং পৃষ্ঠপোষক। ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি। সর্বশেষ বোধ হয় দেখা হয়েছিল ২০১৮ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে, মুক্তিযুদ্ধ জাদুঘরের শিশু-কিশোর সমাবেশে।

কিন্তু সব ছাপিয়ে মনে হয়, খুব ভালো একজন মানুষ ছিলেন রবিউল ভাই। ভিড়ের মধ্যেই সাধারণত তাঁর সঙ্গে দেখা হতো, হয়তো শহীদ মিনারে, কোনো গুণী মানুষকে শেষ শ্রদ্ধা জানানোর আয়োজনের ভিড়ে, চোখ পড়লেই ডাকতেন, ‘এদিকে আসো।’ নতুন কিছু করতেন। হয়তো এক আঙুল দিয়ে স্যালুট করতেন, কখনো দুই আঙুল দিয়ে হ্যান্ডশেক করতেন। মেরিনাকেও ডাকতেন, ‘এদিকে আসো, দুই আঙুল দিয়ে হ্যান্ডশেক করো। আজকে থেকে এটা চালু হলো।’

এনামুল করিম নির্ঝর ঠিকই বলেছেন, তিনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে সৃজনশীল আইডিয়ার মানুষ। ষাটের দশকে তাঁরা একটা পত্রিকা করতেন, নাম ছিল ‘না’। কবি শিহাব সরকার এ বিষয়ে একটা লেখায় লিখেছেন, ‘রবিউল ভাইয়ের জীবনযাপন, তাঁর চিন্তাপ্রণালি, সর্বোপরি জীবনকে তাঁর দেখার ভঙ্গি ছিল সম্পূর্ণ আলাদা। শিল্প-সাহিত্যকেন্দ্রিক “না” আন্দোলনের একজন সক্রিয় সদস্য হিসেবে তাঁর সাহিত্যযাত্রা। ষাটের দশকে ঢাকার বুয়েট ছিল ওই আন্দোলনের কেন্দ্রবিন্দু। পরবর্তীকালে যে স্থাপত্যকলাকে তিনি পেশা হিসেবে বেছে নিয়েছিলেন, সেখানে প্রমাণ করেছেন, তিনি অন্যদের চেয়ে আলাদা। যেখানে তাঁর সমসাময়িক মানুষেরা ক্রমে চোখ মেলেছেন বাইরের দুনিয়ার দিকে, আন্তর্জাতিকতাবাদকে বেছে নিয়েছেন শৈলী হিসেবে, সেখানে রবিউল ভাই নিজেকে স্থিত করেছেন স্বদেশের মাটিতে। তাঁর শেকড় প্রোথিত ছিল বাঙালি ঐতিহ্যের এক গভীর স্তরে। আবার দেশীয় বাস্তবতা ও পটভূমিতে বিশ্বস্ত থেকেও কখনো কখনো তিনি চোখ রেখেছেন বহির্বিশ্বে। ইমারতের বাইরে ও ভেতরে সুপরিসর স্পেস ও প্রাকৃতিক আলোর ব্যবস্থা রাখার ভেতর দিয়ে তিনি তাঁর স্বাতন্ত্র্য প্রমাণ করেছেন। তাঁর ভেতর সব সময় সক্রিয় ছিল প্রথাবিরোধী কবিতা আন্দোলনের বোধ ও কবিসত্তা। “না” গোষ্ঠীর সাহিত্য আন্দোলনের সঙ্গে তাঁর অন্তরাত্মার যোগাযোগ না থাকলে আমরা পেতাম না স্থপতি রবিউল হুসাইন বা আন্দোলনে যুক্ত “কবি রবিউল”কে।

রবিউল হুসাইনের সঙ্গে আনিসুল হক
ছবি: সংগৃহীত

“না” গোষ্ঠীর মুখপত্র-শিল্পসাহিত্যকেন্দ্রিক বিভিন্ন স্লোগান ও প্রকরণে এবং অঙ্গসজ্জায় অনিয়মিতভাবে প্রকাশিত বুলেটিন বা ইশতেহারটি শুরু থেকেই তাঁকে পৃথকভাবে চালিত করেছিল। তখন তাঁর নাম ছিল শুধুই রবিউল। লিখতেন কবিতা ও গল্প।’
রবিউল ভাই নিঃসঙ্গ ছিলেন। একবার বাথরুমে পড়ে গিয়ে সারা রাত সেখানেই ছিলেন, অচেতন। পরে হাসপাতালে নেওয়া হলে বেঁচে ফিরে আসেন। এরপর তাঁকে প্রায় নিরামিষ জীবন যাপন করতে হয়েছে।

কিন্তু মুখের হাসিটি তাঁর শেষ দিন পর্যন্ত অনির্বাণ ছিল। প্রাণের শক্তির যে ভরভরন্ত রূপ ছিল তাঁর জীবনযাপনে, তা মলিন হয়নি।

সাদা জুলফি, মুখে হাসি, কোটে দামি টোব্যাকোর সুগন্ধ, মাথার মধ্যে দেশপ্রেম আর কিলবিল করা আইডিয়া, কবিতার, শিল্পের, স্থাপত্যের—আমার স্মৃতিতে এ-ই হলেন রবিউল হুসাইন, এই চিত্রকল্পই স্মৃতিতে চির অটুট রইবে।

আজ থেকে ৩০ বছর আগে লেখা রবিউল হুসাইনের ‘এক সেকেন্ডে মাত্র চার ফুট’ নামের একটা কবিতা দিয়ে এই রচনা শেষ করি:
‘মানুষেরা নাকি এক সেকেন্ডে চার ফুট হাঁটতে পারে সাধারণত

বারো কোটি মানুষ আমরা
আমরা সবাই একসঙ্গে হাঁটলে মোট আটচল্লিশ কোটি ফুট
অর্থাৎ ষোলো কোটি গজ, তার মানে
এক সেকেন্ডে প্রায় নব্বই হাজার নয় শ দশ মাইল
এগিয়ে যেতে পারি

স্বাধীনতা পাওয়ার পর বিশ বছর পার হয়ে গেছে
অথচ আমরা সবাই একই জায়গায় একই বিন্দুতে
দাঁড়িয়ে দাঁড়িয়ে দৌড়িয়ে মরছি সব সময়
এক ইঞ্চিও অগ্রসর হতে পারছি না

ইতিমধ্যে বঙ্গবন্ধুকে ভুলতে বসেছি
জয় বাংলা নামক দীপ্র বজ্রনির্ঘোষ ভুলতে বসেছি
সাতই মার্চের অতন্দ্র স্বাধীনতার ডাক ভুলতে বসেছি
ভাসানীর আস্‌সালামুআলাইকুম ভুলতে বসেছি
পাকসেনা, রাজাকার, আলবদর, আলশামসদের
অমানুষিক অত্যাচারের কথা ভুলতে বসেছি
আমাদের মা-বোনদের
ধর্ষিত হবার কথা ভুলতে বসেছি

‘প্রতিটি বাঙালি মেয়েকে গর্ভবতী করে
খাঁটি পাকিস্তানি সন্তানের জন্ম দেব’—শুয়োরের বাচ্চাদের
সেই রক্তে-আগুন-জ্বালানো সব কথা ভুলতে বসেছি
আমরা মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের কথা ভুলে গেছি
আমরা স্বাধীনতা যুদ্ধের কথা ভুলে গেছি

আসলে এত ভুলোমন নিয়ে
স্বাধীনতা রক্ষা করা যায় না

তা হলে স্বাধীনতাকে কীভাবে রক্ষা করা যায়?
সেকেন্ডে মাত্র চার ফুট খানিক এগিয়ে গেলেই
একে রক্ষা করা যায়

আসুন স্বাধীনতা যুদ্ধকে বুকের মাঝখানে রেখে তাই একসঙ্গে
আমরা সবাই এক সেকেন্ডে চার ফুট পথ এগিয়ে যাই

বন্ধুগণ, এক সেকেন্ডে মাত্র চার ফুট খুব বেশি কিছু নয়।’