শিক্ষককে কাছ থেকে দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২ জুন প্রয়াত হলেন বিশিষ্ট নজরুলগবেষক ও অভিধানবিদ অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল কাইউম। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশিত হলো এই লেখা। তাঁর ছাত্র এবং পরবর্তীকালে সহকর্মী মহাম্মদ দানীউল হক এ রচনায় তুলে এনেছেন একজন নিবিষ্ট শিক্ষকের প্রতিচ্ছবি
মোহাম্মদ আবদুল কাইউম
মোহাম্মদ আবদুল কাইউম

চলে গেলেন আর একজন আদর্শ শিক্ষক ব্যক্তিত্ব, আমাদের প্রিয় শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল কাইউম (৮৯), ১২ জুন সকালবেলায়। জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহর প্রত্যক্ষ শিক্ষায় যিনি শিক্ষার্থী-জীবনে এবং শিক্ষকতাকালে এক আদর্শ জ্ঞানচর্চার দৃষ্টান্ত রেখে গেছেন। অথচ প্রচারবিমুখ এবং আজীবন অত্যন্ত সৎ, সংযত জীবনযাপনে তিনি রেখে গেছেন এক বিপুল শিক্ষার্থী-অনুবন্ধন। আমরা তাঁর ছাত্র হতে পেরে জেনেছি শিক্ষা কাকে বলে—পুঁথিগত বা পাঠ্যক্রম-শিক্ষার বাইরেও আছে শিক্ষণীয় সম্ভার।

তাঁকে প্রথম কোথায় দেখেছি তা আমার আজও স্পষ্ট মনে আছে। তৎকালীন বাংলা একাডেমির সেই পুরোনো ভবনটির উত্তর দিকের নিচ তলার ঘরটিতে, জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র সম্পাদনায় চলছিল ‘আঞ্চলিক বাংলা অভিধান’-এর কর্মযোগ। আমরা কজন চট্টগ্রাম থেকে এসেছিলাম তাঁর দর্শনে, সেখানে একদিকটার টেবিলে খুব মনযোগ দিয়ে সংকলনের কাজ করছিলেন একজন, একহারা গড়নের যে যুবক, তাঁর নাম জানা গেল মোহাম্মদ আবদুল কাইউম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাঁর প্রত্যক্ষ ছাত্র হওয়ার সৌভগ্যের কথা তো তখন আমার কল্পনায়ও আসার কারণ ছিল না।

মেহেদিবাগের সরকারি সেই ছোট বাসায় প্রয়োজনীয় আসবাবের সমাবেশ ছাড়িয়ে বইপত্রে ঠাসা। তার মধ্যে ডুবে থাকা মোহাম্মদ আবদুল কাইউম সারের সঙ্গে আমার প্রত্যক্ষ পরিচয় যখন ঘটে, তখনই আমি বুঝতে পারি, মৃদু অথচ স্পষ্টভাষী, উচ্চবাচ্য না করলেও তিনি সত্যিকার একজন শিক্ষক ব্যক্তিত্ব, যা আমাকে আকৃষ্ট করেছিল। একটা ভালো ফলের প্রচেষ্টায় আমি যখন পড়াশোনার ব্যাপারে সামান্য পাঠকল্প পেলেই আকৃষ্ট হই, তখন কাইউম স্যার আমাকে ক্ষণিক সাক্ষাতেই বেশ উদ্দীপ্ত করেছিলেন। সত্যি যেদিন সম্মান ডিগ্রিতে একটা ভালো ফল করার পর তাঁর সঙ্গে দেখা, সদালাপী কাইউম স্যার আমাকে জানালেন, লেগে থাকলে আমি নাকি বাংলা ভাষা-সংশ্লিষ্ট পঠন-পাঠনে ভালো করতে পারব। এ কথা যদিও আমার অন্য শিক্ষকেরাও বলে থাকতেন কিন্তু কাইউম স্যারের তত্ত্ব-বিবেচিত প্রায়োগিক প্রাক-ভাবনা আমাকে একটা রূপকল্প চিন্তা করতে অনুপ্রাণিত করেছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি যে পরবর্তীকালে আমার জ্যেষ্ঠ সহকর্মী হয়ে আসবেন, সে-ও যেন ছিল এক ভবিতব্য নির্ধারিত কিছু।

কাইউম স্যার আমাদের পড়াতেন বাংলা ভাষার ইতিবৃত্ত এবং বিশেষ করে পাণ্ডুলিপি পাঠ ও পাঠ সমালোচনা। শেষোক্তটিতে আমার আগে কোনোই প্রবেশ ছিল না। তিনি আমাকে দেখিয়ে দিয়েছিলেন বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগের ভান্ডারের চাবিখানি। মধ্যযুগের বাংলা সাহিত্যভান্ডারে যে কী অসাধারণ রত্নরাজি লুকিয়ে আছে, তার দর্শন ও অনুভব আমার হতো না কাইউম স্যারের প্রত্যক্ষ সহায়তা ছাড়া; এবং আমার পুনঃপুনঃ অনুসন্ধিৎসুকে যদি তিনি অসীম ধৈর্য নিয়ে পরিবৃত্ত না করতেন। আবার ড. মুহম্মদ শহীদুল্লাহর প্রত্যক্ষ ছাত্র হিসেবে তাঁর কাছ থেকে পাওয়া ভাষাতত্ত্ব জ্ঞানসূত্র দিয়ে কাইউম স্যার আমার ভাষাবিষয়ক অনুবেদনকে থিতু করতে সাহায্য করেছিলেন।

অত্যন্ত মেধাবী না হয়েও কী করে শিখন-শিক্ষণে সফল হওয়া যায়, সফল শিক্ষক হওয়া যায়, তাঁর কাছ থেকে একটা উদাহরণ আমার তখনই প্রাপ্ত হয়েছিল বলে এখন আমি বুঝতে পারি। আমার সুদীর্ঘকালের সফল শিক্ষকতার কুশীলবদের মধ্যে অন্য শিক্ষকদের সঙ্গে কাইউম স্যার তাই অন্যতম।

মোহাম্মদ আবদুল কাইউমের বিখ্যাত বই ‘চকবাজারের কেতাবপট্টি’
মোহাম্মদ আবদুল কাইউমের বিখ্যাত বই ‘চকবাজারের কেতাবপট্টি’

কর্মজীবন শুরুর আগে তাঁর কাছ থেকে যে একটা কার্যকর সহায়তা পেয়েছিলাম তা হলো, এমএ পরীক্ষার সাফল্যের পুরস্কারস্বরূপ একটা বিদেশি বৃত্তির আবেদনের বিষয়ভিত্তিক মুসাবিদার কৌশল সম্পর্কে জানা। কাইউম স্যার সোয়াসে (লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ) ড. বোলটনের তত্ত্ববধানে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন; ওখানকার রীতিনীতি, একাডেমীয় সংগতি এবং বাংলা বিভাগের বোলটন সাহেবের রুচি ও মেজাজ সম্পর্কে ভালো জানতেন। সে অনুযায়ী স্যারের কাছ থেকে জেনে নিয়ে আমি একটা গবেষণা-প্রস্তাবনা ও প্রকল্পসহ ভর্তির আবেদন পাঠাই; এবং অত্যন্ত অল্প সময়ের মধ্যে আমার প্রার্থিতা গৃহীত হয়। এর মধ্যে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেলে তখন আমার আর সোয়াসের গবেষণায় যাওয়া হয়নি, কিন্তু পরবর্তী পর্যায়ে আমেরিকা থেকে ডিগ্রি করে ফেরার পথে লন্ডনে কদিনের যাত্রাবিরতিতে আমি বিশেষ করে বোলটন সাহেবের সঙ্গে সময় নিয়ে দেখা এবং আলোচনা করতে গিয়েছিলাম; দেখলাম কাইউম সারের কথা প্রায় ৯০ ভাগই ঠিক। উত্তরকালে সোয়াসেই পোস্ট গ্র্যাজুয়েট গবেষণার সময় বুঝেছি, কাইউম স্যার কী রকম খুঁটিনাটি ব্যাপারেও অতি সতর্ক হয়ে গবেষণার কাজটিতে এগিয়েছেন। ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে হ্যালেহেডের বাংলা ব্যাকরণ (আ গ্রামার অব বাংলা ল্যাঙ্গুয়েজ) গ্রন্থের প্রথম সংস্করণটির মূল কপিটি হাতে নিয়ে আমার সবার আগে কাইউম স্যারের কথাই মনে হয়েছে: তিনিও নিশ্চয়ই এই মূল্যবান দলিলটি হাতে নিয়ে পড়েছেন, বহুবার খুলে দেখেছেন।

আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাঁর সহকর্মী হতে পারব, এমন একটা সম্ভাবনা দেখা গিয়েছিল আমার পাস করার পরপর, কিন্তু আমি প্রায় অনির্ধারিত এবং অকস্মাৎই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়ে ফেলি। তাই কাইউম স্যারকে বিভাগে পেয়ে আমি স্বভাবতই আনন্দিত হয়েছিলাম। এবার নতুন করে আবার তাঁকে চেনার পালা। সহকর্মী হিসেবে তিনি আমাকে যে সাহচার্য, সুযোগ, সম্মান ও অবশ্যই স্নেহ দিয়েছেন তা আমার শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা, পারঙ্গমতা এবং একাডেমীয় ব্যক্তিত্ব গঠনে ভূমিকা রেখেছে বৈকি। সেই তরুণ বয়সে বিশেষ করে বিদেশ থেকে ডিগ্রি করে ফেরার পর কী করে দেশীয় এবং পাশ্চাত্য জ্ঞানকলার মেলবন্ধনে শিক্ষকতায় এগিয়ে যাওয়া যায়, এ নিয়ে আমি প্রায়ই স্যারের সঙ্গে আলাপচারিতায় উপকৃত হতাম। আমার তখনকার কিছু কিছু ভাষাবিজ্ঞানবিষয়ক নবতর জ্ঞানমূলক ধারণা ও লেখনীর প্রাথমিক পাঠক হতেন কাইউম স্যার। কারণ এই দিকটাতে বিভাগের আর অন্যদের উৎসাহ এবং বনিয়াদি প্রজ্ঞা যেন তাঁর মতো সুপ্রচুর ছিল না। কাইউম স্যারই আমাকে ‘প্ররোচনা’ দিয়ে বাংলা ভাষার ইতিবৃত্ত তথা বাংলা ভাষার ইতিহাস-জাতীয় কোর্সগুলো নতুন পদ্ধতি ও বিন্যাসে পড়াতে উৎসাহিত করেন। তাঁর হাতে লেখা নোট দেখে ড. মুহম্মদ শহীদুল্লাহর পড়ানো উদাহরণগুলোকে শনাক্ত করাও এক অভিজ্ঞতা বটে। আমার ওই সময়কার বইয়ের পাণ্ডুলিপি তিনি আগ্রহভরে চেয়ে নিয়ে পাঠ করেছেন, পরামর্শ ও উৎসাহ দিয়েছেন। কিছু ব্যাপারে আমরা একমত হতে পারিনি, কিন্তু তিনি আমার বক্তব্য পরিত্যাগ করতে বলেননি কখনো।

ঢাকার ইতিবৃত্ত ঐতিহ্য ও সংস্কৃতি
ঢাকার ইতিবৃত্ত ঐতিহ্য ও সংস্কৃতি

কাইউম স্যার বিভাগের শিক্ষাকালের মাঝখানে হঠাৎই কিছুকালের জন্য বিদেশে চলে গেলে তাঁর একাধিক অসমাপ্ত কোর্স পড়ানোর ভার পড়ে আমার ওপর। আমি সে দায়িত্ব যথাযথ পালন করতে পেরেছিলাম বলে তিনি ফিরে এসে আমাকে ধন্যবাদ দেন। তাঁর অনুপস্থিতিতে আরও একটা ব্যাপার ঘটে, একেবারেই তাঁর অজ্ঞাতে। বাংলা একাডেমি আমাকে নির্বাচন করে দায়িত্ব দেয় একটা জীবনীগ্রন্থ লিখে দেওয়ার জন্য। পঞ্চাশ-ষাটের দশকের পূর্ব পাকিস্তানের সুপরিচিত বেতার-ব্যক্তিত্ব, সুলেখক এবং রুচিমান প্রকাশক মোহাম্মদ কাসেম সাহেবের জীবনী ও সাহিত্য বিষয়ে গবেষণার শুরুতেই আমি আবিষ্কার করি যে তাঁর সুযোগ্য পুত্র আর কেউ নন, আমাদের কাইউম স্যার। প্রথম ভেবেছিলাম তাঁকে না জানিয়ে, বিরক্ত না করেই আমি কাজটি যত দূর পারি করে ফেলব। কিন্তু কিছুটা এগোবার পরই বুঝতে পারি মোহাম্মদ কাসেম সাহেবের কর্মময় জীবন ও সাহিত্যসাধনা, মানবিকতা বোধ, কষ্টের সংগ্রাম প্রভৃতি সবকিছুকে সংক্ষেপে তুলে ধরতে হলে তাঁর ব্যক্তিজীবনের মূল জায়গাটির অনুসন্ধান প্রয়োজন। অতএব স্যার বিদেশ থেকে ফিরে এলে তাঁর শরণাপন্ন হতেই হলো। অত্যন্ত নিরপেক্ষভাবে, পারিবারিক সমর্থন এবং দুর্লভ-দুষ্প্রাপ্য রচনা, পত্রপত্রিকা, বইপত্র এমনকি চিঠিপত্র দিয়ে কাইউম স্যার ও তাঁর পিতৃপরিবার যেভাবে আমার অনুরোধ-অত্যাচরকে প্রশ্রয় দিয়েছেন, তাতে স্যারকে ধন্যবাদ দেওয়ার ধৃষ্ঠতা আমার হয় না; আমি শুধু তাঁর স্নেহময়ী মাতার কাছে পরোক্ষ কৃতজ্ঞতা জানাতে পারি।

আসলে ঠিক এই সময়কালটিতে কাইউম স্যারকে, বিশেষ করে এই পরিবারটিকে আমার খুব কাছে থেকে দেখার ও নতুন করে চেনার সুযোগ হয়েছে। ওই জীবনীগ্রন্থটি হাতে নিলে এখনো আমার মনে পড়ে তাঁর মিরপুরের বাসায় স্যারের আম্মার সঙ্গে একান্তে বসে মোহাম্মদ কাসেম এবং তাঁদের সন্তানদের মানুষ হয়ে ওঠার গল্প, মধ্যবিত্ত ঘরে অনেক কজন সদস্যের পরিবারে মোহাম্মদ কাইউমের মতো বড় সন্তানের সংযমী জীবনের চলচ্ছবি: প্রকাশক-সাহিত্যিক কাসেম সাহেব সময়মতো নিখুঁত বইটি ছাপিয়ে বের করার জন্য নিজেই প্রুফ সংশোধনের কাজটি করছেন রাত জেগে, বড় ছেলে মেঝের ওপর বসে পাণ্ডুলিপি থেকে পড়ে শোনাচ্ছে, গৃহিণী এসে হারিকেনটি বদলে দিয়ে যাচ্ছেন তেল ফুরিয়ে যাওয়ার আগে। আমাদের এসব গল্পের মধ্যে কিন্তু কাইউম স্যার কখনোই এসে শিক্ষকসুলভ তদারকি করেননি।

ছেলেবেলা থেকে মুদ্রণ এবং প্রকাশনার সঙ্গে কাইউম স্যারের প্রত্যক্ষ ও নিবিড় পরিচয় থাকায় তাঁর কাছ থেকে বেশ তাৎক্ষণিক পরামর্শ ও সহায়তা পাওয়া যেত। তাঁরই প্ররোচনায় ও উৎসাহে আমার ভাষাতত্ত্ববিষয়ক প্রথম বইটি সুন্দরভাবে প্রকাশিত হয়। তাঁর নিজের সব বইয়ের প্রকাশনায়ও সৌকর্য এবং নির্ভুলতা কাইউম স্যারের একটা বিশেষ বৈশিষ্ট্য।

কিন্তু সত্যভাষণের খাতিরে বলা যায়, অধ্যাপক মোহাম্মদ আবদুল কাইউমের সবকিছুই সবাই একরকমভাবে পছন্দ করতে পারতেন না। তাঁর ব্যক্তিত্বের মাঝে দু-একটা দিক সম্ভবত ছিল, যার কারণে তিনি সুবিপুল জনপ্রিয় ব্যক্তি হয়তো হয়ে উঠতে পারেননি। কিঞ্চিৎ নিভৃতচারী এবং স্বল্পভাষী বলেই বোধ হয় তিনি তথাকথিত ‘পাবলিক ফিগার’ হয়ে ওঠেননি। তিনি শুধু তাঁর শিক্ষকতায় পবিত্র দায়িত্ব, নিজের অধিকারের ক্ষেত্রের গবেষণায় আত্মনিয়োগ, পরিচিতজনের শুভানুধ্যায়ী এবং পারিবারিক বন্ধনের মধ্যে থাকতে চেয়েছেন। বিশ্ববিদ্যালয় বা জাতীয় পর্যায়ে উচ্চতর পদ ও পদবিতে তাঁর আগ্রহ ছিল না। মানবিক আচার-আচরণে নির্বিরোধ তিনি থাকতে চেয়েছেন, বহুসংখ্যক বন্ধু ও মেলামেশার চক্র তাঁর ছিল না। কিন্তু ছিল কখনো প্রায় শিশুসুলভ দৈবাৎ আচরণ। যারা ঠিক বুঝতে পারত না তারা স্বভাবতই তাঁর প্রতি বাড়তি উৎসাহ বজায় রাখতে পারত না।

তাঁর ছাত্রজীবনের নিকট-বন্ধু, বিভাগের আর এক শিক্ষক জনাব মুহাম্মদ ফারুক সাহেব তাঁকে ঠিক বুঝতেন এবং অন্যদের বোঝাবার চেষ্টা করতেন। কাইউম স্যারের ঘরে বসে ওঁদের দুজনের একান্ত আলাপচারিতায় কখনো-কখনো আমারও প্রবেশের সুযোগ ঘটত।

একদিন স্যার আমাকে একটা গুরুত্বপূর্ণ লেখা দেখতে দিলেন। আমি একটু সময় নিয়ে দেখে আবার তাঁর ঘরে গিয়ে ফেরত দিয়ে এলাম। দ্রুত বেরিয়ে আসার সময় মনে হলো, স্যার ওটা আলাপের কোন ফাঁকে, তাঁর টেবিলের পাশের র‌্যাকে, কোথায় যেন রাখলেন। দুদিন পরে আমাকে জরুরি তলব দিয়ে রীতিমতো তিরস্কারের ভঙ্গিতে জানতে চাইলেন, কেন ওটা আমি ফেরত দিইনি। আমি যতই বলি, স্যার, আমি অবশ্যই ফেরত দিয়েছি। ফারুক স্যারের সঙ্গে তখন আপনি গল্প করতে করতে পাশে কোথায় যেন রাখলেন। স্যার কিছুতেই আমার কথা মানছেন না। ফারুক স্যারকে ডেকে আনলাম। এতে তিনি আরও ক্ষিপ্ত হলেন, যদিও ফারুক স্যারও বোঝাবার চেষ্টা করছেন, ‘দ্যাখ্ কাইউম, আমারও মনে হয় দানীউল তোকে কী যেন একটা দিয়ে গেল, তুই পাশেই বোধ হয় কোথাও রাখলি।’ তবু কাইউম স্যার (প্রায় শিশুদের মতোই আমার ওপর অসন্তুষ্ট) উষ্মা-প্রকাশক কণ্ঠে আমাকে যেভাবে যা-যা বলে গেলেন, তেমনটি কোনো দিনও ঘটেনি। মনটা খুব খারাপ হয়ে গেল। ঢাকার গাড়ি ছেড়ে দেওয়ার আগে শুধু বলতে পেরেছিলাম, স্যার, কালকে সকাল থেকে আপনার রুমে আবার খুঁজে দেখব। কিন্তু পরের দিন তিনি বিভাগে এলেন না। মনের ভারটা আমার যায়নি। তার পরের দিন ঢাকা থেকে ক্যাম্পাসে এসেই আবার আমাকে ডেকে পাঠালেন। আবার এক প্রস্থ অস্বস্তিকর পরিস্থিতির মোকাবিলা করার জন্য তাঁর রুমে যেতেই বললেন, ‘একটু চা খাওয়াতে পারো? তুমি তো বিভাগে তোমার ঘরে নিজে চা বানিয়ে থাকো।’

দ্বিধান্বিত চিত্তে কিছুক্ষণ পর চা নিয়ে ওনার ঘরে গেলাম।

 : ‘আমি তো শুধু চা চেয়েছি, আবার এটা কেন?’ বললেও তিনি সঙ্গে থাকা নোনতা বিস্কুট তুলে নিলেন।

তারপর যা বললেন, যা করলেন, তাতে আমি এক নতুন কাইউম স্যারকে আবিষ্কার করলাম। পকেট থেকে চিরুনি বের করে মাথায় বুলাতে বুলাতে (ওটা তাঁর একটা প্রিয়-কৃত্য ছিল) আশ্চর্য সুন্দর হাসি দিয়ে বললেন:

: ‘দানীউল, আমার বড় একটা ভুল হয়ে গেছে। তোমার ওপর সেদিন মিছেই রাগ করেছি। ওটা যে আমি একটু পরেই ব্রিফকেসে ভরে ফেলেছি, ওটা যে খবরের কাগজের ভাঁজে লুকিয়ে ছিল, আমি খেয়ালই করতে পারিনি। খেলতে-টেলতে গেলে ও রকম হয়ে যায় না মাঝে-সাঝে ! তুমি কিছু... মানে, কিছু মনে কোরো না...’

চায়ে চুমুক দিয়ে একটু হেসেই বললেন, ‘হুঁ, চা-টা আজকে তো বেশ বানিয়েছ। কিসের পাতা? ইংলিশ অলগোরের মতো লাগছে (অনাবিল হাসিতে বেশ শব্দ হলো)... দু-একটা ভুল আসলে ভুল না। কী বলো?’

আমি অবাক হয়ে চেয়ে থাকি কাইউম স্যারের দিকে। নতুন করে শিখলাম, অনিচ্ছাকৃত ভুলের অকপট স্বীকারোক্তি কী করে করতে হয়, সবাই তা করতে পারে না। পারলে সত্যিকার সম্পর্ক কখনো অটুট না থেকে পারে না।

শেষ বয়সে মোহাম্মদ আবদুল কাইউম
শেষ বয়সে মোহাম্মদ আবদুল কাইউম

কাইউম স্যারের কাছ থেকে আরও অনেক কিছু শিখেছি। খাস ঢাকাইয়া হওয়া সত্ত্বেও কী করে পরিশীলিত বাংলাভাষী হওয়া যায়, ছাত্রজীবনে আবৃত্তি ইত্যাদির অনুশীলন ও কৃতিত্বকে কী করে পরবর্তী জীবনের বাচন-সৌকর্যে কাজে লাগানো যায়, তিনি তার এক চমৎকার উদাহরণ। এমএ ক্লাসে একদিন তিনি বিদ্যাসাগরের গদ্য থেকে উদাহরণ দিতে গিয়ে ‘প্রভাবতি সম্ভাষণ’ থেকে পড়ে শোনাচ্ছিলেন। মনে হচ্ছিল যেন বিদ্যাসাগর নিজেই পাঠ করছেন। টিভিতে তিনি মাঝেমধ্যে ভাষা-সংস্কৃতিবিষয়ক সুন্দর অনুষ্ঠান করতেন। কলকাতার এক অধ্যাপক তাঁর একটা অনুষ্ঠান দেখে খুব প্রশংসা করে বললেন, ‘এমন সহজ আর সুস্পষ্ট করে বাংলার লোকসংগীতের বাদ্যযন্ত্রের ওপর উনি অনুষ্ঠানটি উপস্থাপন করেছেন, বুঝতে পারি ওঁর ছাত্ররা কেমন উপযুক্ত শিক্ষকের কাছে শিখতে পারে!’ সবিনয়ে অথচ গর্বের সঙ্গে জানালাম, আমি তাঁর একজন প্রত্যক্ষ ছাত্র বটে।

তাঁর কাছ থেকে আগেই শিখেছিলাম, সাফল্যের কৃতিত্ব-কথনে কাউকে অভিনন্দিত করতে হলে নিজের চেয়েও তাঁকে প্রধান করে নিতে হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এমএ পরীক্ষায় আমরা তিনজন প্রথমবারের মতো প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হতে পারার কৃতিত্বে বিভাগের তরফ থেকে একটা সংবর্ধনার আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে কাইউম স্যার এমনটি বলেছিলেন যে, ‘শিক্ষকের শীর্ষ-আনন্দ তখনই হয় যখন তাঁর শিষ্য তাঁকে ছাড়িয়ে যায়।’ অথচ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় স্যারের কৃতিত্বও সে সময়কার এক ইতিহাস।

তাঁর ৮৬তম জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি, ‘কালস্রোত’ নামীয় স্মরণিকায় আমার একটা লেখা দিতে পেরেছিলাম। তাতে বলতে পেরেছিলাম, কী করে এক প্রকৃত শিক্ষকের কাছ থেকে পুঁথিগত শিক্ষার বাইরেও মানুষ হওয়ার শিক্ষা লাভ করা যায়। আমার আত্মশ্লাঘা যে, লেখাটি পড়ে কাইউম স্যার নিজে আমাকে ফোন করে জানিয়েছিলেন যে ওটি তাঁর ভালো লেগেছে, অকপটতার জন্য। তাঁর কণ্ঠের সেই শংসাবচনের আনন্দধ্বনি আমি এখন যেন শুনতে পাচ্ছি!

আমরা ভাগ্যবান যে কয়েকজন প্রকৃত শিক্ষক-ব্যক্তিত্বকে আমরা পেয়েছিলাম—কতটুকু তাঁদের কাছ থেকে শিখতে পেরেছিলাম সে হিসেব এখনো করে উঠতে পারিনি বোধ হয়। তাঁকে ছাড়িয়ে যাওয়া ? সে তো আমার সীমানায় নয়! কিন্তু তিনি যা পেতে পারতেন আমরা বাংলাদেশিরা জীবদ্দশায় তাঁকে তা বোধ হয় দিতে পারিনি।

অন্য আলো অনলাইনে লেখা পাঠানোর ঠিকানা: [email protected]