শিক্ষকের মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত নজরুল বিশেষজ্ঞ ও অভিধানবিদ অধ্যাপক মোহাম্মদ আবদুল কাইউমকে নিয়ে লিখেছেন তাঁর ছাত্র।
মোহাম্মদ আবদুল কাইউম
মোহাম্মদ আবদুল কাইউম

নব্বইয়ের শুরুতে স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছি বাংলা সাহিত্যে পড়ব বলে। কবি হতে হলে সাহিত্যে পড়া জরুরি, এমন একটা উদ্ভট বিশ্বাস কেন জানি কবিতা লেখার শুরুতেই, কৈশোরে তৈরি হয়েছিল। ফলে সে সুযোগ যেন কিছুতেই না হারাই, সে জন্য প্রথমে ঢাকা কলেজে বাংলা বিভাগেও ভর্তি হয়ে থাকলাম। জনবিশ্ববিদ্যালয়গুলোতে তখনো ভর্তি পরীক্ষা শুরু হয়নি। শুরু হওয়ার পরই মূলত বাংলা বিভাগগুলোকে মাথায় রেখে আবেদন করতে শুরু করলাম। বিজ্ঞান বিভাগের ছাত্র হওয়ার পরও ‘ক’ ইউনিটগুলোতে না দিয়ে ‘ঘ’ ইউনিটগুলোতে আবেদন করলাম। একসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হলো। ‘ঘ’ ইউনিটে টিকলাম। পরীক্ষায় বাংলা বিষয়ে নম্বর ওপরের দিকে আছে। স্বপ্ন প্রায় ধরা দিতে চলেছে। শুধু মৌখিক পরীক্ষা পার হতে পারলেই হয়।

মৌখিক পরীক্ষার বোর্ডে আছেন অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল কাইউম, ড. সৌদা আক্তার আর সেলিম আল দীন স্যার। আমার হাতের কাগজপত্র হাতে নিয়ে সেলিম আল দীন স্যার বললেন, এ তো কবি! একটা কবিতা পড়েও শোনালেন। ‘শূন্য’ নামে আমার কাঁচা হাতের লেখা কবিতাটি।

শূন্যের মূল্য কত?

শূন্য মানে নেই।

মূল্য কিসের

যা নেই তার আবার।

অথচ শূন্য থেকে সৃষ্টি মহাশূন্যের, পৃথিবীর…

সেলিম আল দীন স্যার পড়ে বললেন, কবিতাটির দর্শন দারুণ কিন্তু স্টাইল সেকেলে!

এই সেকেলের জন্যই কি না, জানি না বোর্ডের বাকি দুজন গম্ভীর হয়ে গেলেন। কাইউম স্যার মুখ শুকনো করে বললেন, কবিদের তো বাবা আমরা বিভাগে নেব না!

আমার মুখ ম্লান হয়ে গেল।

: কেন স্যার?

: এরা ভর্তি হয়েই কোথায় কোথায় ঘুরে বেড়ায়, ক্লাস করে না। তারপর পরীক্ষার তারিখ পড়লেই এসে পরীক্ষা পেছানোর আন্দোলন করে! না বাবা, তোমাকে নেব না।

আমার মনে হলো স্বপ্ন হাতের মুঠোয় ধরা দিয়ে ফসকে গেল। মরিয়া হয়ে বললাম, স্যার, আমি তো কবিতা শুধু নয়, গদ্যও লিখি। ক্লাস করব স্যার।

স্যার আরও গম্ভীর হয়ে পাশে বসা সৌদা আপার মতামত চাইলেন। আপাও স্যারের সঙ্গে মাথা নেড়ে সায় দিলেন। তারপর তিনজনই মিটি মিটি হাসতে থাকলেন। আমি ব্যর্থতার গ্লানি নিয়ে বের হয়ে এলাম। পেছনে পেছনে সেলিম আল দীন স্যার এলেন। তিনি সম্ভবত সে বোর্ডের নিয়মিত সদস্য ছিলেন না বা ধূমপান করতে বের হয়েছিলেন। বের হতে হতে পিঠ চাপড়ে বললেন, যা পাগলা তোরে না নিলে কারে নেবে!

আমার স্বপ্ন পূরণ হলো।

স্যার ঢাকা থেকে ক্যাম্পাসে আসা-যাওয়া করতেন। বয়সও হয়েছিল। ক্লান্ত থাকতেন। একদিন দরজা খুলে প্রবেশ করে দেখি, স্যার চেয়ারগুলো জোড়া দিয়ে তার ওপর শিশুর মতো ঘুমিয়ে পড়েছেন। জেগে উঠে খুবই লজ্জা পেলেন। যেন একটি বুড়ো শিশু তার পিতার কাছে ধরা পড়ে গেছে।

ক্লাস শুরু হলো ‘এরশাদ ভ্যাকেশন’-এর পরে। দেখি বাংলা বিভাগের একদম প্রবেশপথ বরাবর রুমেই সেই স্যার, মানে কাইউম স্যার বসেন। তিনি আমাদের প্রথম বর্ষেই ক্লাস পেলেন। সম্ভবত ১০৪ নম্বর কোর্স। নাম ‘ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ’। ক্লাস শুরু হওয়ার পর জানলাম, ঠিক এই নামেই স্যারের একটা বই আছে। স্যার সে বই ধরেই পড়াতে শুরু করলেন। খুবই খটোমটো বিষয়। ভাষার শৃঙ্খলাবিষয়ক বই। নিরস। আর একজন কবির জন্য তো অবশ্যই অপছন্দের। কিন্তু স্যারের ক্লাস পছন্দ হয়ে গেল। অন্য তরুণ শিক্ষকদের ক্লাসে যেমন আমাদের চমক দেওয়ার একটা চেষ্টা থাকত, এমনকি হায়াৎ মামুদ স্যারের অবধি সে নেশা ছিল, কাইউম স্যারের সে রকম কোনো চেষ্টাই নেই। তিনি খুব ধীর-স্থির, শান্ত পায়ে ক্লাসে আসতেন। আরও শান্ত, স্থিরভাবে ভাষার নিয়মগুলো বলতেন। শেখানোর কোনো তাড়া ছিল না। যেন অনন্ত সময় তাঁর হাতে। হয়তো ভর্তি পরীক্ষার কৃতজ্ঞতাবোধ থেকেই একসময় তাঁর রুমে যাওয়া-আসা শুরু করলাম। তখন আবিষ্কার করলাম, তাঁকে বাইরে থেকে যেমন নিরস লাগে, ভেতরে তিনি একদমই বিপরীত। আলাপে তাঁর অদ্ভুত কৌতুকবোধ আছে। তিনি সরাসরি কোনো কিছুই উত্তর দেন না। দেন ঘুরিয়ে। মজা করে। তখন তাঁর চোখগুলোও কৌতুকবোধে অদ্ভুত রকম চকচক করতে থাকে। আর মৃদু হাসির আভা সারা মুখে ছড়িয়ে পড়ে। সে কৌতুকবোধের অন্য রূপের সঙ্গেই ভর্তির মৌখিক পরীক্ষার সময় মুখোমুখি হয়েছিলাম।

স্যার ঢাকা থেকে ক্যাম্পাসে আসা-যাওয়া করতেন। বয়সও হয়েছিল। ক্লান্ত থাকতেন। একদিন দরজা খুলে প্রবেশ করে দেখি স্যার চেয়ারগুলো জোড়া দিয়ে তার ওপর শিশুর মতো ঘুমিয়ে পড়েছেন। জেগে উঠে খুবই লজ্জা পেলেন। যেন একটি বুড়ো শিশু তার পিতার কাছে ধরা পড়ে গেছে। উঠে বসে বললেন, এসো এসো। শরীর খারাপ লাগছিল। তারপর অনেকক্ষণ গল্প করলেন। কিন্তু তাঁর লজ্জাভাবটি কিছুতেই গেল না। বড় বড় অফিসে সিনিয়রদের রেস্টের জন্য আলাদা ব্যবস্থা থাকে। তাঁরা দুপুরে রেস্ট নেন। এটা দোষের কিছু না। কিন্তু এটা যেন শিক্ষকদের করতে নেই। আমি স্যারের প্রতি খুবই মায়া বোধ করলাম।

পাস করে বের হওয়ার পর শিক্ষকদের অনেকের সঙ্গে যোগাযোগ থাকলেও স্যারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। এর মূল কারণ স্যারের চর্চার বিষয়। তিনি সে বিষয়ে এ দেশের অন্যতম সেরা পণ্ডিত ছিলেন। বিশেষত অভিধান ভাবনায়। প্রায় সময় পত্রপত্রিকায় স্যারের সেসব বিষয়ের প্রবন্ধ পাঠ বা অনুষ্ঠানে সভাপতিত্বের সংবাদ পড়তাম। বিশেষত বাংলা একাডেমির একুশের বইমেলার সেমিনারের কোনো কোনো অধিবেশনে তিনি থাকতেনই। আর স্যারের সঙ্গে প্রতিবছর একবারই দেখা হতো। সেটাও বাংলা একাডেমির বার্ষিক সাধারণ সভায়। দেখতাম তিনি তাঁর স্বভাবজাত ধীর পায়ে একাডেমি চত্বরে ঘুরছেন। গিয়ে সালাম দিয়ে কথা বলতাম। স্যারের মুখটা কৌতুকবোধে তেমনই উজ্জ্বল হয়ে উঠত। সারা মুখে আনন্দের আভা ছড়িয়ে পড়ত।

স্যারের সে কৌতুক হাসিমাখা মুখখানা আর দেখতে পাব না। আমার স্বপ্ন পূরণ করে দেওয়া দুজনের একজন সেলিম আল দীন স্যার আগেই চলে গেছেন। কাইউম স্যার ১২ জুন সকালে চলে গেলেন।

বিদায় স্যার। আমার স্বপ্ন পূরণের কৃতজ্ঞতার বিনিময়ে মাবুদ যেন আপনাকেও কৌতুকভরে বরণ করে নেন।

 

অন্য আলো অনলাইনে লেখা পাঠানোর ঠিকানা: [email protected]