শুভ জন্মদিন
সেলিম আল দীন এবং কিছু স্মৃতিসংকেত
সেলিম আল দীনের ৭২তম জন্মবার্ষিকী আজ। এ লেখায় প্রয়াত এই নাট্যকারের প্রিয়তম ছাত্রদের একজন হাবিব জাকারিয়া উল্লাস স্মৃতিচারণা করেছেন তাঁর শিক্ষককে নিয়ে।
আমাদের আগে জন্মানো মানুষেরা আমাদের জন্য কী করতে পারেন? এই ভবসংসারে? এগুলো বেশ গোছানোই থাকে সভ্যতা বিকাশের চমৎকার দৃষ্টান্ত হিসেবে। সবাই জানে। মানুষ জন্মাবার পরে তার যথেষ্ট যত্নআত্তির প্রয়োজন হয়, পায়ও বটে। পরিবারের নানা রকম সামর্থ্যভেদে সেই আদর-যত্নের ফারাক ঘটে, কিন্তু একেবারে বঞ্চিত হবার দৃষ্টান্ত কম। এরপর সমাজ আছে, আছে রাষ্ট্র। সবকিছুই আমাদের জন্য নিরাপত্তা আর প্রযত্নের হাত বাড়িয়ে রেখেছে। এই আরামের বিষয়ে স্রেফ চিন্তা করতেই আশ্চর্য লাগে। তারপর হঠাৎ, বয়সকালে কোনো একদিন, নিজেকে নিয়ে একটু ভাববার সময় হলে যদি খুঁজে না পাওয়া যায়, এই যে আমি, আমিটা কেমন? আমি জানি না। বিপত্তিটা তখনই ঘটল, যাকে বলে মহাবিপর্যয়। এটা মেনে নেওয়া কঠিন।
তো সেলিম আল দীন একবার শিক্ষক হিসেবে তাঁর শিক্ষার্থীদের ইয়েটসের ‘পারগেটরি’ নাটকটি অনুবাদ করতে দেন। অনুবাদ করতে গিয়ে শিক্ষার্থীরা আবিষ্কার করে বাবার বোঝাবাহী একজন বিরক্ত সন্তান আর এক স্বৈর বাবাকে। যে বাবা নিজের বাবাকেও খুন করেছেন এবং নাটকের শেষে নিজের সন্তানকেও খুন করেন। দুই খুনের মাঝখানে অবশিষ্ট থাকেন এক খুনি বাবা এবং সেই বোঝাটা। এই গল্পটা তরুণ শিক্ষার্থীর মনে কী সংবাদ পাঠায়?
একাধারে একটা দুঃসংবাদ এবং একটা সুসংবাদ। দুঃসংবাদটা না বলি। সুসংবাদটা এই যে নিজস্ব অস্তিত্ব ও স্বাতন্ত্র্য নিয়ে বিকশিত হওয়াটা দরকার এবং সেটা মোটেই সহজ নয়। মানসিকভাবে খুন হবার ঘটনাটা কতটা ঘটে গেল বা আদৌ ঘটল কি না, সেই জিজ্ঞাসার শুরুটা এখান থেকেই হতে পারে। আমাদের আগে জন্মানো একজন মানুষ এই গুরুতর সংবাদটা আমাদের কাছে পৌঁছে দিতেই পারেন। এমনকি যৌথ অস্তিত্বের প্রশ্নেও ব্যক্তি অস্তিত্বের সেই শঙ্কা-সতর্কতা থেকে মুক্তি নেই। যখন একটি জনপদ প্রত্যক্ষ-পরোক্ষভাবে উপনিবেশকবলিত হয়, যে জনপদের স্বকীয় জীবনব্যবস্থা রয়েছে, যে জীবনব্যবস্থা নিয়ে তাদের যথেষ্ট তৃপ্তি রয়েছে। সেখানে কেন হানা? কোন যুক্তিতে-অধিকারে? কেবল শব্দার্থ দিয়েই তো স্বাধীনতাকে কিছুটা বোঝা যায়। তবু তো হত্যা চলে—কদাচিৎ শারীরিক, আর মিছরির ছুরিতে চলছে তো চলছেই সুবিস্তৃত-নির্বিকার মানসিক হত্যাকাণ্ড। শিক্ষক সেলিম আল দীন এই গুরুতর বার্তাটা দেন। এতে তাঁর গুরুভার কমে আসে।
প্রথমবার প্রকাশিত হলে একুশে বইমেলায় সেলিম আল দীনের ‘নিমজ্জন’ নাটকটি সম্ভবত তিন কপি বিক্রি হয়েছিল। তত দিনে তিনি ৫০ পেরিয়ে গেছেন। এর মধ্যে পৃথকভাবে প্রকাশের জন্য ‘কেরামতমঙ্গল’ নিয়ে এক বিখ্যাত প্রকাশনা সংস্থায় গেলেন। প্রকাশক বইটি প্রকাশে রাজি হলেন না। গ্রাম থিয়েটারের কার্যক্রম স্তিমিত হয়ে আসছে। ঢাকায় নতুন নতুন টেলিভিশন চ্যানেল হচ্ছে। সময়টা বদলে যাচ্ছে। বদলগুলো ঋতুবদলের মতো নয়, ঋতুর আসা এবং মিলিয়ে যাওয়া তিনি ঠিক টের পেতেন। কিন্তু এই বদল যেন মেট্রোরেল। তিনি কি তৈরি ছিলেন? মেনে নিয়েছিলেন? মেনে নেওয়ার কথা কেন আসছে? তিনি কি এমনটা দেখেছিলেন ১৯৭২ সালে? ভেবেছিলেন?
প্রথমবার প্রকাশিত হলে একুশে বইমেলায় সেলিম আল দীনের ‘নিমজ্জন’ নাটকটি সম্ভবত তিন কপি বিক্রি হয়েছিল। তত দিনে তিনি ৫০ পেরিয়ে গেছেন। এর মধ্যে পৃথকভাবে প্রকাশের জন্য ‘কেরামতমঙ্গল’ নিয়ে এক বিখ্যাত প্রকাশনা সংস্থায় গেলেন। প্রকাশক বইটি প্রকাশে রাজি হলেন না। গ্রাম থিয়েটারের কার্যক্রম স্তিমিত হয়ে আসছে। ঢাকায় নতুন নতুন টেলিভিশন চ্যানেল হচ্ছে। সময়টা বদলে যাচ্ছে। বদলগুলো ঋতুবদলের মতো নয়, ঋতুর আসা এবং মিলিয়ে যাওয়া তিনি ঠিক টের পেতেন। কিন্তু এই বদল যেন মেট্রোরেল। তিনি কি তৈরি ছিলেন? মেনে নিয়েছিলেন? মেনে নেওয়ার কথা কেন আসছে? তিনি কি এমনটা দেখেছিলেন ১৯৭২ সালে? ভেবেছিলেন?
যা হোক, একদিকে টিভিতে নাটক লিখছিলেন নিয়মিত, সিনেমার বিষয়ে আগ্রহ বাড়ছিল, আবার ঘরে ফিরে দিনলিপিতে নিজেকে নিয়ে বিরক্তিও প্রকাশ করছিলেন। তাঁর সেই মানস-পরিস্থিতি ও অস্বস্তি নিয়ে উত্তর প্রজন্ম চাইলে ভাবতে পারে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ে শেক্সপিয়ার-মার্লোবিষয়ক ক্লাসের ফাঁকে হঠাৎ অতীশ দীপঙ্করের স্মৃতি, জাহাঙ্গীরনগরের অদূরে বংশাই নদে বিকেলে নৌকায় অতীশ দীপঙ্কর, ২০০৩ সালে, তাঁর মনে হচ্ছিল। এরপর হ্রদের তীরে শুকনো মেহগনিপাতা জড়ো করে আগুন জ্বালালে সন্ধ্যা অধিকার করে সময়। তাঁর একুশে পদক পাবার বছর কয়েক আগে, সেদিন, হ্রদের অপর দিকে কুঁড়েঘরে টিমটিমে আলো জ্বলে। বলেন তিনি, ওটা যেন এক চিরকুমার প্রাইমারি স্কুলমাস্টারের ঘর, দুয়ারে একটা সাইকেল, ঘরে টিমটিমে হ্যারিকেনের আলো, মাস্টার আলোয় বসে বই পড়ছেন এবং সেই স্কুলমাস্টারের জীবনকে তিনি ঈর্ষা করেন। কেমন অদ্ভুত কথা!
একবার মানিকগঞ্জের গোলাইডাঙায়, কালীগঙ্গা নদীতে নৌকায় ঘুরে, তীরবর্তী মেলা দেখা শেষে রাতে হাকিম আলী গায়েনের পুত্র গাজির গানের আসর বসিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ে নাটক লিখতে শিখছে—এমন একদল শিক্ষার্থী জীবনে প্রথম এমন ঘটনা দেখে হতভম্ব। কী অবিরাম নাচ-গান-কাহিনির প্রবাহে বয়ে চলেছেন একজন শিল্পী, সন্ধ্যা বেয়ে বয়ে যাচ্ছে গভীর রাত্রির দিকে। স্বভাবতই শিক্ষার্থীদের বিশ্বনাট্যজ্ঞানের অহং তখন ঝরে যাচ্ছে ঝুরঝুর বালির মতো—এক অদ্ভুত বিমোক্ষণ! এমন সময় সেলিম আল দীন ফিসফিস করে ডাকেন। সবাই তাকায় তাঁর দিকে। তিনি তাকান আকাশের দিকে, তাঁর সঙ্গে সবাই। দেখা যায় একটা বিমান উড়ে যাচ্ছে মৃদু শব্দে, মিটিমিটি আলো জ্বেলে। বিশেষ কিছু নয়, এলিয়েনেশন। সেলিম আল দীন দুষ্টুমির একটা হাসি দিয়ে আবার চোখ ফেরান আসরে, সঙ্গে সবাই।
এখন সেলিম আল দীনের রচনাবলি পাওয়া যায়। সেখানে ভ্রমণের আনন্দ-উপলব্ধি ভিন্ন। এ লেখায় তার সামান্য আভাস দেওয়াও সম্ভব নয়। কেবল সেলিম আল দীন কেন, সব লেখকই পঠিত হোক। মঞ্চ-টেলিভিশন-সিনেমা হল হয়ে উঠুক উৎসবমুখর। সব ব্যক্তিগত ও যৌথ অস্তিত্ব হোক স্বাধীন। শুভ জন্মদিন সেলিম আল দীন।