স্মৃতির টুকরো বর্তমানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইলেম ড্যাফো ভ্যান গগের ভূমিকায়
উইলেম ড্যাফো ভ্যান গগের ভূমিকায়

এমদাদ ভাইয়ের কথা মনে পড়ে। শীর্ণকায় কালোমতন এক যুবক। সারা শরীর তাঁর বাংলাদেশের মানচিত্র হয়ে আছে। বসতেন পুরোনো বাংলাদেশ ব্যাংকের সামনে চট, প্লাস্টিক—যখন যা পেতেন, তার ওপর বই, পত্রিকা নিয়ে৷ আমাদের ভাসমান জীবনের শুরুর ভাড়া বাসাটি ছিল সতীশ বাবু লেনের এক দালানের পঞ্চম তলায়, যার সোজা সামনে রাস্তার অন্যপাশের গলিটা পেরিয়ে গেলেই হরিজন সম্প্রদায়ের বসতি, বসতির পাশ ঘেঁষে ডানে হাঁটলে পড়ে অধুনালুপ্ত এক গ্রন্থাগার, আবদুর রহমান স্মৃতি পাঠাগার, রাস্তাটা অবশ্য একই নামে এখনো রয়ে গেছে। আমার শৈশবে কত বই না পড়েছি! রবার্ট ব্লেকের গোয়েন্দা চরিত্র।

পাশেই এখন সম্রাট হোটেল, আগে ছিল এক টিকিটে দুই ছবির রমরমা বিকেলের রঙ্গম সিনেমা, দুটো সিনেমায় মানবজাতির দুই রকম অস্তিত্বের খেলা। এখন শুধুই সম্রাট হোটেল, সভ্যতার গ্রন্থাগার ও সিনেমা হলের চেয়ে বেশি হোটেল দরকার৷ সেসব পেরিয়ে রাস্তার উল্টো দিকের ফুটপাথে বাংলাদেশ ব্যাংকের পুরোনো ভবনকে পটভূমি করে তিনি বসতেন৷ অল্প পয়সায় দুষ্প্রাপ্য বই পেতাম। মাঝে মাঝে দুজন মিলে হোটেলে তরকারি-ভাত খেতাম। এমনকি সেখানে দু-একবার বসে বইও বিক্রি করেছি। আমরা এলাকা পাল্টেছি, দার্শনিক গোছের যুবকটিকে মনে পড়ে, বলেছিলেন, অনেক দিন পড়ুয়া কেউ মরছেন না শহরে।

জিজ্ঞাসু তাকাতেই বললেন, সরলভাবেই, না মরলে বই পাই কোথায়? এখন আরেকজন ফুটপাথের ফুল বললেন, তিনি তরকারি বিক্রি করেন, গ্রামে চলে গেছেন৷ তিনি কেমন আছেন জানতে ইচ্ছে করে। 

ডিয়ার এডিটর
ডিয়ার এডিটর

এই করোনা মারির বৈশ্বিক গৃহবন্দিত্বের আর হাত ধুতে ধুতে চামড়া খসখসে করে ফেলবার ক্রান্তিকাল শেষ হলে খসখসে চামড়া মসৃণ করবার ক্রিম মাখব কেউ কেউ—এই অসময়ে পুরোনো এলাকাটিকে মনে পড়ে। এই নতুন এলাকায় কেবল কনজিউমার গুডসের দোকান৷ জিইসির এ দিকটায় শহর বেড়ে উঠেছে বেশিদিন হয়নি৷ কেননা, পুরোনো স্থাপত্য নেই কোনো। কেবল বহুতল, ওভারব্রিজ আর গুচ্ছের খাবার দোকান নিয়ে তো মানুষ বাঁচতে পারে না। জীবনে কর্ণফুলী নদী ছিল, চকিতে শুশুক দেখার বিস্ময় ছেলেবেলায়। আধঘণ্টা হাঁটলে পুরোনো গির্জা, যিশুর চোখের কারুণ্য৷ জলিলগঞ্জের পুরোনো জমিদারবাড়ির স্থাপত্য, যার খানিক পরেই কর্ণফুলী। খ্রিষ্টান কবরস্থানের শুনশান নীরবতা। হয়তো গির্জার ঘণ্টার গম্ভীর শব্দ হৃদয়ের ভেতরে আস্তে আস্তে নেমে যাওয়া অনুভব করতে করতেই জীবনের প্রথম কবিতার লাইন পেয়েছিলাম। একজন সদ্য-কিশোরের কথা ভাবি। ঘুমভাঙা শেষরাতে জ্যোৎস্নার জলে নিজেকে ভেসে থাকতে দেখে যে বিস্মিত হয়, পাড়ার কিশোরীকে বই দেওয়ার সময় আঙুল ছুঁয়ে গেলে ভালো লাগে কেন বুঝি না, আকাশ আরেকটু নীল। বাংলাদেশ টেলিভিশনের নায়িকা হাত ধরাধরি করে দিগন্তের দিকে হেঁটে গেলে মা তখন চোখের ওপর শাড়ির আঁচল ফেলে দিতেন৷ তখনো মায়ের কোলে শুয়ে টেলিভিশন দেখা। সে সদ্য কিশোরকে খুব মনে পড়ে। বিপন্নতার সময়।

লেখার সূত্রে, আমার অক্ষরমালায় নিজেকে খুঁজে পেয়ে কেউ কেউ জীবনে এসেছেন—বন্ধু, বড় ভাই, বড় বোন—দেখেছি, রক্তসম্পর্কের চেয়ে আত্মার সম্পর্ক অধিক টেকসই। তেমনই একজন, নিউইয়র্কে থাকেন, আমার ঋতুদি, ভাগ্যিস জুকারবার্গ জন্মেছিলেন, তাই আমরা পরস্পরকে খুঁজে পেলাম। বাংলাদেশের মানুষ। ওখানেই সেটল করেছেন৷ কথা বলে বুঝি, প্রবাসেও বাংলা অক্ষরের প্রতি আমর্ম টান যায়নি। তিনি, কথায় কথায়, আমার বলাতে দুটো বই পাঠালেন। জোসেফ পারিসি আর স্টিফেন ইয়ংয়ের সম্পাদিত 'ডিয়ার এডিটর'—চিঠিপত্রে হ্যারিয়েট মনরো সম্পাদিত কিংবদন্তি কবিতাকাগজ 'পোয়েট্রি'র ইতিহাস। ২০০৩-০৪ সালে বইটির কথা শুনি, অগ্রজ সম্পাদক, লেখক আবু হাসান শাহরিয়ারের কাছে। ষোলো বছর সময় লাগল বইটার নাগাল পেতে। একজন ব্যর্থ নাট্যকার, সংশয়াচ্ছন্ন কবি, পায়ের তলায় মাটি পেতে রীতিমতো যুদ্ধ করে যাওয়া ফ্রিল্যান্স লেখক হ্যারিয়েট মনরো যখন 'পোয়েট্রি' পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত নিলেন, তাঁর বয়স প্রায় একান্ন৷ এইটুকু তথ্য জেনে আমি কিছুদিন চুপচাপ আমার বারান্দায় বসে ছিলাম। মনে জোর কত তীব্র থাকলে এমন হতে পারে ভেবে বিস্মিত হয়েছিলাম। কবিসম্প্রদায় সাধারণত হন অসহিষ্ণু, যত ভেতরে যাই দেখি তিনি, মনরো কী সাবলীলভাবেই না কবিদের পরিচর্যা করছেন! নিজের চারাজীবনে যে বৃষ্টির জলের অভাব ছিল, সেই জলটুকু হয়ে ঝরে পড়েছেন কবিতায় আক্রান্ত ও বিপন্ন নাগরিকদের যাপনে। ছয় শটির মতো চিঠি আছে, করোনাকালে বসে বসে নিজের অনুবাদচর্চার জন্যই কয়েকটা ধীরে ধীরে অনুবাদ করছি। অনলাইনে কবিদের জীবন সম্পর্কে আরেকটু জানার চেষ্টা করছি। ঋতুদি আমায় আরেকটা বই উপহার দিলেন লকডাউনের ঠিক আগে আগে, অগুনতি চকোলেট আর বই, করোনাক্লান্ত চীন এড়িয়ে নাকি ইস্তাম্বুলের ওপর দিয়ে উড়ে এসেছে। আহা! ইস্তাম্বুল, অর্ধেকটা করে ইউরোপ আর এশিয়া। তো, সেই বইটির নাম হচ্ছে 'আন-এব্রিজড জার্নাল অব সিলভিয়া প্লাথ'—প্লাথের দুই বছর বয়সের শিশুছবি দেখে জলে চোখ ভরে আসে—তাঁর একাধিক ডায়েরি তো টেড হিউজই নষ্ট করেছিলেন। মনে পড়ে, একবার ফুটপাথে দশ টাকায় প্লাথের একমাত্র উপন্যাস 'বেলজার' কিনেছিলাম, পেপারব্যাক। খানিকটা প্লাথচর্চাও হচ্ছে এই অনন্ত অবসরে।

সিলভিয়া প্লাথের জার্নাল
সিলভিয়া প্লাথের জার্নাল

মিউজিয়াম অব মডার্ন আর্ট সেই ১৯২৯ সালে আলফ্রেড এইচ বারকে (জুনিয়র) কেন্দ্র করে গড়ে উঠেছিল। প্রথম বছরেই ৭ নভেম্বর থেকে সাত ডিসেম্বর পর্যন্ত এক মাসব্যাপী চিত্রকলা প্রদর্শনী হয়েছিল চার মহান শিল্পীকে নিয়ে। পল সেজান, পল গঁগ্যা, ভিনসেন্ট ভ্যান গঘ আর স্যুরাট, জর্জেস পিয়েরে স্যুরাট। প্রদর্শনীর ক্যাটালগ ডাউনলোড করা যায়। রোমাঞ্চ হয় এটি ভেবে যে, সেই ১৯২৯ থেকে বর্তমান পর্যন্ত প্রায় প্রতিটি প্রদর্শনী মাউসের এক ক্লিকে দেখা সম্ভব, যদি সময় থাকে। একদিন মোমায় সামনাসামনি দাঁড়িয়ে ভ্যান গঘের 'স্টারি নাইটস' দেখবার কপাল হবে নিশ্চয়ই। আর কোনো উচ্চাশা নেই।

পঙ্কজ চক্রবর্তীর কাব্যগ্রন্থ `বিষণ্ণ দূরের মঠ`
পঙ্কজ চক্রবর্তীর কাব্যগ্রন্থ `বিষণ্ণ দূরের মঠ`

কোনো কারণ ছাড়াই 'এট ইটারনিটিজ গেট' ফিল্মের উইলেম ড্যাফোকে মনে পড়ল, ভ্যান গঘ চরিত্রে কম অভিনেতা তো দেখলাম না! কাছাকাছি সময়ে তিনটে সিনেমা দেখেছিলাম তাঁর, গেল বছর; একই ড্যাফো পিয়েরে পাওলো পাসোলিনি (পাসোলিনি), আবার টি এস এলিয়ট (টম অ্যান্ড ভিভ) আর ভিনসেন্ট ভ্যান গঘ (এট ইটারনিটিজ গেট)—আর কোন সমকালীন অভিনেতা এতজন গ্রেট পরিচালকের সঙ্গে কাজ করেছেন? উত্তর আমার জানা নেই।

মূলত ঘরে থাকা মানুষ আমি। এই মারিকালে এই থাকাটুকু একটা গম্ভীর ইংরেজি নাম পেল—কোয়ারেন্টিন। লেখাটা শেষ করি, সম্প্রতি পড়া পঙ্কজ চক্রবর্তীর প্রথম কাব্যগ্রন্থ 'বিষণ্ণ দূরের মঠ' দিয়ে। 'ধূসর মুখের ছায়া প্রদক্ষিণ হলো/ জেনেছি বিশ্বাসঘাতক, করুণার অপভ্রংশ স্বর/ দিন যে বৃথাই যায়, কতদূরে সরে গেছি ভাবো/ উজ্জ্বল মেঘের রঙে বাসযোগ্য পড়ে আছে ঘর।'