হা হতোস্মি ‘টু’ অন্ধের যষ্ঠি

এখন চলছে লকডাউন। স্বার্থপরতাও প্রকট হচ্ছে এখন। আগে যে চোখের ভাষা পড়তে গেলে মনঃকষ্ট হতো বলে পকেটে হাত যেত, সেই চোখ থেকে এখন নিজের চোখ সরিয়ে নেওয়া হয় অবলীলায়। কারণ, উপকারের ভাঁড়ার শূন্যের পথে। এই লেখায় তুলে ধরা হয়েছে এ সময়ের বাস্তবতা।

লকডাউন এখন বাস্তবতাছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আচ্ছা, আজ থেকে ১২-১৪ মাস আগে কারও মুখ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঢাকা থাকলে আপনার কেমন বোধ হতো? অথবা ধরুন, কিছু খাওয়ার আগে কাউকে জীবাণুনাশক তরল ওরফে স্যানিটাইজার দিয়ে হাত সাফ করে নিতে দেখলে আপনি কী ভাবতেন?
এটা নিশ্চিতভাবেই বলা যায়, আর যা-ই হোক, একে ঠিক স্বাভাবিক বলে মেনে নিতেন না। কেউ কেউ হয়তো একে দেখতেন সাবধানতার অতিশয়োক্তি হিসেবে। কোনো কোনো ঠাট্টাপ্রবণ ব্যক্তি হয়তো মশকরার নহর বইয়ে দিতেন। অথচ এখন এসবই আমাদের ভাইরাসের ভয়ে সদা চঞ্চল মনকে আশ্বস্ত করে।
যদিও মুখের ওপর বাঁধন জাতিগতভাবে আমাদের পোষায় না, বেফাঁস কিংবা মুখের ওপর কথা বলার অভ্যাস আমাদের অনেকেরই আছে। আবার সেই সঙ্গে আছে চিলের ওপর কান চুরির অপবাদ দেওয়ার চেষ্টা। তবে প্রয়োজন মনে হলে, রাজা-উজির মারার পাশাপাশি একেবারে কায়দা বুঝে মুখে কুলুপ আঁটতেও আমরা পটু। মানে, একেবারে বৈচিত্র্যের সুষম মিশ্রণ যাকে বলে। ওরস্যালাইন বানানোর বিজ্ঞাপনের মতো করে বললে, নিখুঁত ‘ঘুঁটা’!

তো এমন ভূখণ্ডে যখন নতুন ভাইরাস এল, তখন তা মানুষ ও জীবাণু—উভয় পক্ষের জন্যই নতুন অভিজ্ঞতা বৈকি। প্রাথমিকভাবে এটি হয়ে এল কর্মব্যস্ত ও সংগ্রামমুখর জীবনের অহেতুক অবসর হিসেবে। এই দেশের কিছু শ্রেণির মানুষের অহেতুক অবসর ভালোই লাগে। জীবনটাকে যাপনের মধ্যে নানা ব্যস্ততা থাকে। কারও থাকে উঁচু থেকে উঁচুতে ওঠার শখ। কেউ আবার মই বেয়ে উঠতে উঠতে মাঝামাঝি রাস্তায়ই হাঁপিয়ে যান। আর কারও মই-ই থাকে না। ফলে মইয়ের পাশে দাঁড়িয়ে থেকে অন্যের ওপরে ওঠা নিবিষ্ট মনে প্রত্যক্ষ করা ছাড়া তাঁদের করার কিছু থাকে না।

সে যাক গে। আসল কথায় আসি। ভাইরাসের আগমনের শুরুর দিনগুলোয় ‘অপরাধী’র কণ্টকাকীর্ণ ছবি ঢেঁড়া পিটিয়ে প্রচার করা হলো। যদিও তার আচার-ব্যবহার সম্পর্কে তখন বিস্তারিত কিছু জানা সম্ভব ছিল না। তাই অনাহূত-অপরিচিত অতিথি ভালোবাসা পেল না। পেল ভয়, আতঙ্ক আর কৌতুকমিশ্রিত উপেক্ষা।

এখনো মনে আছে, ভাইরাসের ছোবলে প্রথম আক্রান্ত হওয়ার খবর শোনার মুহূর্তটি। অনিশ্চিত আশঙ্কায় মনটা কুঁকড়ে গিয়েছিল। আর প্রথম মৃত্যু আমাদের দিয়েছিল ত্রস্ত-ব্যস্ত অনুভূতি। তখন প্রতিটি মুখে ছিল অন্যের মুখ ঢেকে রাখার আকুতি। ওদিকে চিলে নিতে থাকল কান, পাওয়া যেতে থাকল উড়ো খবর। সেই খবরগুলো রঙিন ছিল, ভয়ের ছিল এবং কিছু ক্ষেত্রে ছিল যুক্তিকে অবলীলায় ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়ার ক্ষমতাসম্পন্ন।

এসবেরই ফাঁকে এসে যায় ঘরে থাকার অব্যর্থ নিদান। স্বল্প পরিচিত যখন শত্রু হয়ে দাঁড়ায়, তখন কিছুটা তফাতে থাকাই যে ভালো, সে তো প্রমাণিত সত্য। আগে চেনাজানাটা হোক। জীবনে এল নতুন নতুন শব্দ। কোয়ারেন্টিন, লকডাউন, প্যানডেমিক ইত্যাদি ইত্যাদি। শুরু হলো ঘরবন্দী জীবনের কাল।

যদিও কোয়ারেন্টিন বা লকডাউন হঠাৎ বৃষ্টির মতো টুপ করে আমাদের জীবনে আসেনি। কালজয়ী লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর অমর সৃষ্টি শ্রীকান্তের জবানিতে অনেক বছর আগেই কোয়ারেন্টিনের সঙ্গে বাঙালির পরিচয় করিয়ে দিয়েছিলেন। উপন্যাসে রেঙ্গুনে যেতে গিয়ে শ্রীকান্ত লোকমুখে শুনেছিল ‘কেরেন্টিন’ শব্দটি। পরে জানতে পারে, ‘কথাটা quarantine’, আর প্লেগের ভয়ে শহর থেকে ৮-১০ মাইল দূরে বর্মা গভর্নমেন্ট কুঁড়েঘর বানিয়ে দশ দিনের জন্য থাকার ব্যবস্থা করে রেখেছে।
দিনের হেরফের হলেও কোয়ারেন্টিন ও রোগ নিয়ে বাঙালির মনে বিরূপ মনোভাব এখনো বজায় আছে এবং তা বোঝার জন্য গত এক বছরে দেশে প্রকাশিত বিভিন্ন খবরে চোখ বুলালেই বোঝা যায়।

লকডাউনের প্রহরে
ছবি: প্রথম আলো

কোয়ারেন্টিন বা আক্রান্ত হওয়ার পর ঘরবন্দী জীবন যদিও সুখকর অভিজ্ঞতা নয়, তবুও অন্যের কথা ভেবে হলেও সেটি মেনে নেওয়া জরুরি বটে। পৃথিবীজুড়ে যখন মহামারি ঘোষিত হলো, তখন আমরা বুঝতে পারলাম, বিশ্বায়িত দুনিয়ায় আমরাও ক্ষতিগ্রস্তের কাতারে নাম লেখাতে চলেছি। বাংলা সাহিত্যে মহামারি নানা রূপে আগেও এসেছে। তখন তা ছিল কলেরা বা প্লেগের ‘মড়ক’। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বদৌলতে প্যানডেমিক বা এনডেমিকের এই দেশীয় সংস্করণ পেয়েছিল বাঙালি। সেই মড়ক বা মারির সঙ্গে জড়িয়ে থাকত ‘মন্বন্তর’ শব্দটিও। কারণ এই বঙ্গে মারি ও মন্বন্তর সব সময়ই একে–অন্যের সহচর হিসেবে আবির্ভূত হয়ে এসেছে।

এবারের করোনা মহামারিও তা থেকে রেহাই দিল না। শুরুর কয়েকটা দিনে আমরা বাজার–মার্কেটে অবস্থাপন্ন গেরস্তদের উদ্দাম কেনাকাটা প্রত্যক্ষ করি। এরা বেশির ভাগই ছিলেন মই বেয়ে ওপরে ওঠা ও উঠতে চাওয়া মানুষ। ঘরবন্দী শুরুর কয়েকটা দিন অবসর উপভোগ করার সুযোগ পেয়েছিলেন তারা। হয়তো ভেবেছিলেন খেয়েদেয়ে আয়েশে দিনটা পার হয়ে যাবে। তাই বাজারে লাগল জট। জিনিসের দামেও তখন সুযোগসন্ধানীরা আর লাগাম দিতে চাইলেন না। ঝোপ দেখতে পেলে কোপ মারতে চাওয়া এখানকার জাতীয় অভ্যাস। ওদিকে দিন এনে, দিন খায় মানুষের তখন নাভিশ্বাস পরিস্থিতি। তবে সব কিছুর পর সবার মনে উদ্বেগই ছিল বেশি। ছিল ‘হায় হায়’ পরিস্থিতি। মৃত্যু ও আক্রান্তের সংখ্যার তুলনামূলক বৃদ্ধি মনের ভেতর যে আবহ তৈরি করত, সেটিকে সবিস্তার প্রকাশ করা যায় ‘হা হতোস্মি’ শব্দবন্ধে।

শ্বাসের আকাল হলো আরও কটা দিন পর। তখন বাড়ির বাইরে গেলেই চোখে পড়ত মানুষের বাড়িয়ে দেওয়া রিক্ত হাত। সেই হাত শূন্য থাকলেও, চোখগুলোয় ছিল রাজ্যের কথা। সেসব চোখ পড়া যেত না। পড়তে গেলেই যে দুনিয়ার বিষণ্ণতা ভর করত মনে। হয়তো কখনো এড়াতে না পেরে পকেটে যা ছিল, তা দেওয়া হতো। কিন্তু তা–ও তো অনিঃশেষ নয়।

শ্বাসের আকাল হলো আরও কটা দিন পর। তখন বাড়ির বাইরে গেলেই চোখে পড়ত মানুষের বাড়িয়ে দেওয়া রিক্ত হাত। সেই হাত শূন্য থাকলেও, চোখগুলোয় ছিল রাজ্যের কথা। সেসব চোখ পড়া যেত না। পড়তে গেলেই যে দুনিয়ার বিষণ্ণতা ভর করত মনে। হয়তো কখনো এড়াতে না পেরে পকেটে যা ছিল, তা দেওয়া হতো। কিন্তু তা–ও তো অনিঃশেষ নয়।

প্রাসঙ্গিকভাবে গত বছরের রোজার ঈদের একটি ব্যক্তিগত ঘটনা বলি। ঠিক ইফতারের পর একদিন। অফিসের কাজ করছিলাম ঘরে বসে। হঠাৎ ফোন বেজে উঠল, পরিচিত জন। তবে শুধুই দেনা-পাওনার সম্পর্ক। কল রিসিভ করে কুশল বিনিময়ের পর বুঝতে পারলাম, তিনি কিছু বলতে চাচ্ছেন। শেষে জানালেন, গ্রামের বাড়িতে কিছু টাকা পাঠানো খুব দরকার। নইলে ঈদের দিনও না খেয়ে কাটাতে হবে বাড়ির লোকদের। তবে হ্যাঁ, তিনি ঠিক সাহায্য চাননি। ধার চেয়েছিলেন। বোঝা যায়, কারও কাছে ধার চাইলেও তখন তা সহজে জুটছিল না। হয়তো অনিশ্চিত আয়ের মানুষদের ধার দেওয়া কেউ আর নিরাপদ মনে করতেন না।

মইয়ের নিচে দাঁড়িয়ে থাকা মানুষের প্রতি মইয়ের মাঝামাঝি গিয়ে হাঁপিয়ে যাওয়া মানুষের কিছুটা সহানুভূতি সব সময় এই অঞ্চলে পরিলক্ষিত হয়ে আসছে। কারণ, হাঁপিয়ে যাওয়া মানুষেরা জানে, পা হড়কালে ওই নিচে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর পাশেই তো দাঁড়াতে হবে। অনিশ্চিত ভবিষ্যতের প্রতিবেশীকে আসলে অবহেলা করা যায় না।

অবশ্য এই জটিল অর্থনীতির পৃথিবীতে সহমর্মিতা ক্ষণস্থায়ী। কারণ পুঁজিবাদী অর্থনীতি আমাদের শিখিয়ে দিয়েছে, সহমর্মিতা ততক্ষণই দেখাবে যতক্ষণ সংগতি আছে। এই অর্থনৈতিক ব্যবস্থা এতই ক্রূঢ় যে চাইলেও আপনাকে অপরিসীম দয়া দেখানোর সুযোগ দেবে না। এক না একসময় আপনার হাত-পা বেঁধে ফেলা হবে। নিরুপায় হয়ে তখন নিজের জন্য অর্থ সঞ্চয় করা শুরু করে দেবেন আপনি এবং সেই সঙ্গে হয়ে যাবেন স্বার্থপর।

এই স্বার্থপরতা এখন প্রকট হচ্ছে। আগে যে চোখের ভাষা পড়তে গেলে মনঃকষ্ট হতো বলে পকেটে হাত যেত, সেই চোখ থেকে এখন নিজের চোখ সরিয়ে নেওয়া হয় অবলীলায়। কারণ, উপকারের ভাঁড়ার শূন্যের পথে। দুদিন পর সাহায্য দেওয়া হাত সাহায্য চাওয়ার তালিকায় নাম লেখাতে পারে যে! তাই সীমিত, কঠোর বা সর্বাত্মক—বিধিনিষেধ যে প্রকারেরই হোক না কেন, এখন বেশির ভাগ মানুষ অন্ধের যষ্ঠী নিয়ে বাঁচার পথ ধরেছে। অবলম্বনগুলো এখন ক্রমেই ‘একমাত্র’ হয়ে উঠছে। হা হতোস্মি এখন রূপ নিয়েছে অন্ধের যষ্ঠিী আঁকড়ে ধরায়। জীবন ও জীবিকা—দুটোই সেখানে সমান গুরুত্বের। আর মাঝেমধ্যে একটি ছাপিয়ে যায় অপরটিকে।

মহামারির এই বাস্তবতা আমাদের অনেকের জীবনেই নতুন। তবে তা–ই বলে প্রাচীন এই ভূলোকে এমন বাস্তবতা আগেও হয়েছে ঢের। গল্প শুনেছি আমরা, কিন্তু দেখা হয়নি চক্ষু মেলিয়া। সাহিত্যেও মহামারির প্রতিফলন দেখা গেছে। খ্রিষ্টপূর্ব সময়ের আছে ‘দ্য ইলিয়াড’ বা ‘ওডিপাস রেক্স’। রেনেসাঁর কাছাকাছি সময়ে পাওয়া যায় দ্য ডেকামেরন, বলা যায় দ্য ক্যান্টারবুরি টেলসের কথা। আর শেকস্‌পিয়ার স্বয়ং তো আছেনই। তাঁর ‘কিং লিয়ার’, ‘ম্যাকবেথ’–এ পাওয়া যায় বিউবোনিক প্লেগের বিয়োগান্তক পরিণতি।

লকডাউনের প্রহরে
ছবি: প্রথম আলো

রোমিও–জুলিয়েটের গল্পেও মেলে মহামারির কালো ছায়া। জুলিয়েটের সাজানো মৃত্যুর খবর রোমিওর কাছে তো পৌঁছালই না, বরং বার্তাবাহককে কোয়ারেন্টিনে যেতে হলো বলে। এবারও কত রোমিও–জুলিয়েটের স্বপ্ন এই মহামারি ছারখার করে দিল! সেই অদেখা ছবিও একদিন নিশ্চয়ই দৃশ্যমান হবে। হয়তো কারও হৃদয় নিংড়ানো বেদনা ফুটে উঠবে কোনো ছবি বা কবিতার পঙ্‌ক্তিতে।

শেষটায় বরং ভবিষ্যতের দিকে তাকানো যাক। প্রখ্যাত লেখক জ্যাক লন্ডনের লেখা উপন্যাস ‘দ্য স্কারলেট প্লেগ’ প্রকাশিত হয়েছিল ১৯১২ সালে। তাতে ২০৭৩ সালের প্রেক্ষাপটে এক বৃদ্ধ দাদু উত্তর প্রজন্মকে শুনিয়েছিলেন মহামারি রেড ডেথের গল্প। সেই মারিতে ধ্বংস হয়ে যাওয়া অতীতের কাহিনি সবিস্তার বর্ণনা করেছিলেন প্রধান চরিত্র জেমস হাওয়ার্ড স্মিথ। তাতে মৃত্যু যেমন ছিল, তেমনি ছিল অতীত ও ভবিষ্যতের মেলবন্ধন।

করোনার মহামারিও একদিন যাবে। যার আসা আছে, তার যাওয়া থাকবেই। সেদিন হয়তো নতুন কোনো শিশুকে গল্পে গল্পে জানাতে হবে মারির কথা। ঠিক যেভাবে আজ আমরা বুঝি বিউবোনিক প্লেগ বা ব্ল্যাক ডেথের বিভীষিকা, সেভাবেই হয়তো একদিন শিশুরা শুনবে মাস্ক পরে ঘুরে বেড়ানোর ঘটনা।

‘প্রত্যাশার প্রতিশ্রুতি’-তে কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ লিখেছিলেন,
‘…হাত ধরো, আমি একটি সঠিক নিশ্চয়তা
এনে দেব সন্ত্রাসের দৈনন্দিন উঠোনে। …’
হাত ধরার সেই আশায়ই চলুন দিন গোনা যাক।