হুমায়ূন আহমেদের চিঠি ও তার অন্তরালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর ১৯৪৮—১৯ জুলাই ২০১২)। প্রতিকৃতি: মাসুক হেলাল
হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর ১৯৪৮—১৯ জুলাই ২০১২)। প্রতিকৃতি: মাসুক হেলাল
>

আশির দশকে এক তরুণী চিঠি লিখেছিল হুমায়ূন আহমেদকে। হুমায়ূনও জবাব দিয়েছিলেন সেই চিঠির। এরপর তাঁদের মধ্যে শুরু হলো পত্রালাপ। কী ছিল সেই সব চিঠিতে? 

রোজী আমাকে কোনো চিঠি লেখেনি। লিখেছে হুমায়ূন আহমেদকে। নন্দিতলেখক হুমায়ূন আহমেদ তখন বাংলাদেশের কলেজগামী মেয়েদের হার্টথ্রব হয়ে উঠেছেন। তাই যে মেয়ে হুমায়ূন আহমেদের সঙ্গে চিঠি-চালাচালি করেছে, সে আমাকে চিঠি লিখবেই-বা কেন? অবশ্য লিখতেই পারত।

হুমায়ূন আহমেদকে নিয়ে কিছু বলার আগে রোজীকে নিয়ে একটু বলি। সে ছিল আমার বস খান সাহেবের মেয়ে।

আশির দশকের অস্থির সময়। দেশে সামরিক শাসন। আমি সে সময় চাকরি নিয়েছি সিলেটের একটি স্বায়ত্তশাসিত করপোরেশনে। নগরের একটু বাইরে চমৎকার একটা জায়গায় করপোরেশনের আবাসিক এলাকা। সেখানেই থাকি। তখন এখানকার নিরাপত্তা কর্মকর্তা ছিলেন আবদুল হালিম বাবলু। শুধু হালিম সাহেব নন, তাঁর স্ত্রীও আমাকে খুবই ভালোবাসতেন। একদিন তিনি বললেন, আমার জন্য পাশের বিল্ডিংয়ে কারও মন দুরু দুরু হওয়ার আভাস পাচ্ছেন তিনি। বোঝা গেল, ভাবি রোজীকে ইঙ্গিত করলেন।

রোজীর বই পড়ার কথা আমি জানি। এর মধ্যে আমার কাছ থেকে কিছু বই চেয়ে নিয়েছে, পড়ে ফেরত দিয়েছে। তার সঙ্গে কয়েক দফা বই লেনদেন করেছি।

এর মধ্যে জানা গেল, বিটিভিতে এইসব দিনরাত্রি ধারাবাহিক লিখে তরুণ-তরুণীদের মন জিতে নেওয়া লেখক হুমায়ূন আহমেদ সপরিবার সিলেটে সফর করছেন। মাজারভক্ত ছিলেন হুমায়ূন। নানা কারণে তাঁর সঙ্গে আমার সংযোগটা ছিল আগে থেকেই। সেই সূত্রে একদিন আবদুল হালিম সাহেবকে নিয়ে হুমায়ূন আহমেদের সঙ্গে শাহজালাল (রা.)-এর মাজারে উপস্থিত হলাম আমি। হুমায়ূনও তাঁর ছেলেবেলার শহরে এসে উদ্বেলিত। বাল্যবন্ধু শঙ্করের সঙ্গে তাঁর দেখা হলো। তখনো নুহাশের জন্ম হয়নি। গল্প করতে করতেই জানালেন, একটি পুত্রের জন্য তাঁর মনে হাহাকার আছে। মানত করেছেন, আজমির সফর করবেন।

তত দিনে গল্প-উপন্যাসে হুমায়ূন কিশোর-যুবক-তরুণ-তরুণীদের মনোজগতের কথা একের পর এক সহজ করে লিখে চলেছেন। আর সে সময় আমি যেখানে থাকতাম, সেখানে রোজীই ছিল এসব বইয়ের প্রথম পাঠক। তার কাছ থেকে নিয়ে আমিও পড়ি।

বদলির চাকরি, তাই একসময় রোজীরা চলে গেল আরেক শহরে। হালিম সাহেবরাও চলে গেলেন। আমিও চলে এলাম মার্কিন মুলুকে। মোটকথা, যার যার জীবনের নৌকা ভাসতে থাকল বন্দর থেকে বন্দরে।

কিন্তু রোজী কেন আমাকে কোনো চিঠি লেখেনি, সেটি বুঝতে পারলাম হুমায়ূন আহমেদের মৃত্যুর পর। কারণটা ছিলেন স্বয়ং হুমায়ূন আহমেদ।

রোজীকে লেখা হুমায়ূন আহমেদের একটি চিঠি
রোজীকে লেখা হুমায়ূন আহমেদের একটি চিঠি

২০১২ সালে নিউইয়র্কে যখন হুমায়ূনের ক্যানসারের চিকিৎসা চলছিল, তখন সংবাদকর্মী হিসেবে তাঁর স্বাস্থ্যের খবরাখবর পত্রিকায় পাঠাতে হতো আমাকে।

২০১২ সালের ১৯ জুলাই সবাইকে কাঁদিয়ে চলে গেলেন হুমায়ূন। এরপর নগরীর জ্যামাইকা এলাকায় ফিউনারেল হোমে নন্দিত এই লেখকের শেষ গোসলটি করানোর সৌভাগ্য হয়েছিল আমার। মনে আছে, সে সময় তাঁর আঙুল ছুঁয়ে দেখেছিলাম, যে আঙুল দিয়ে তিনি ক্রমাগত লিখেছেন, লিখে সময়কে জয় করেছেন এবং আমাদের থেকে তরুণীদের তাঁর প্রতি মনোযোগী করে তুলতে পেরেছেন।

হুমায়ূন আহমেদ মারা যাওয়ার পর রোজীর সঙ্গে আবার যোগাযোগ হলো সামাজিক যোগাযোগমাধ্যমের বদৌলতে। এ সময় বাংলাদেশের এক নগরীর ‘কাজল বধূ’ রোজী আমাকে হুমায়ূনের সঙ্গে তাঁর চিঠিপত্র বিনিময়ের কথা জানান এবং আমার অনুরোধে কয়েকটি চিঠিও পাঠিয়ে দেন। চিঠিতে কী লেখা আছে, তার সব কি আর বলা যাবে? তবে প্রাপকের অনুমতি নিয়ে সেসব চিঠির কিছু অংশ এখানে তুলে ধরছি।

রোজীকে লেখা এক চিঠিতে হুমায়ূন লিখেছেন, ‘লেখকের যে ছবিটি তারা ভাবে, বাস্তবে দেখে লেখক মোটেই সে রকম নয়। অতি সাধারণ একজন মানুষ। কড়া মেজাজের রাগী রাগী চেহারার একজন লোক।’

অন্য চিঠিতে রোজীর উদ্দেশে করে তাঁর লেখা, ‘তুমি জানতে চেয়েছ তোমার মতো বয়সী মেয়েদের এত কথা কেমন করে জানলাম। আসলে আমি খুব অল্প বয়সের একটি মেয়েকে বিয়ে করেছিলাম। সে তখন ক্লাস টেনে পড়ত। তাকে আমি খুব কাছে থেকে দেখার সুযোগ পেয়েছি। সেই সুযোগ ব্যবহার করেছি গল্প-উপন্যাসে। লেখকদের তৃতীয় নয়ন থাকে বলে লোকজন বলে। এটা ঠিক নয়। তাদেরও দুটি চোখ। গল্প-উপন্যাস সে দুটি চোখ দিয়ে চোখে দেখে সংগ্রহ করতে হয়।

ভালো থাকো ও সুখে থাকো।’

আরেকটি চিঠিতে জানা জানা গেল, চট্টগ্রামে যাচ্ছেন লেখক। যাওয়ার আগে দেওয়া চিঠিতে লিখেছেন, ‘বর্ষায় সমুদ্র কেমন দেখায়, তা জানার জন্যই এ ভ্রমণ। চট্টগ্রাম যে কদিন থাকব, সে কদিন তুমি (ইচ্ছে করলে) আমার সাথে সব সময় থাকতে পারো, প্রাইভেট সেক্রেটারী হিসেবে(মৈত্রেয়ী দেবী তাই করেছেন) হা হা হা।

‘ভয় নেই। ঠাট্টা করছি। তোমার বাসায় কী করে যেতে হয়, তার একটা ম্যাপ এঁকে পাঠাও। তোমাদের কি টেলিফোন আছে?

আমার সাথে থাকবে আমার স্ত্রী, তিন কন্যা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের m.s.c ক্লাসের ২২ জন ছাত্র। তাদের সবাইকে নিয়ে রাতদুপুরে তোমার বাসায় এসে যদি বলি, “থাকতে দাও”, তাহলে কেমন হয়? ভয় নেই, ভয় নেই।’

হুমায়ূন আহমেদের মৃত্যুর আগে এ ঘটনা জানতে পারলে চিঠি দেখিয়ে তাঁকে হয়তো বলতে পারতাম, আপনার সঙ্গে চিঠি-চালাচালি করছে বলেই রোজী আমাকে চিঠি লেখেনি, স্যার!

আজ বড় জানতে ইচ্ছা করে, তখন কী বলতেন হুমায়ূন আহমেদ?