হেডস্যারের মেয়ের চোখে বঙ্গবন্ধু
>বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষক ছিলেন গোপালগঞ্জের নরেন্দ্রনাথ দাশগুপ্ত। তাঁর মেয়ে ইলা দাশগুপ্তের সঙ্গেও পরিচয় ছিল বঙ্গবন্ধুর। এ লেখায় আছে বঙ্গবন্ধু সম্পর্কে ইলা দাশগুপ্তের স্মৃতিচারণা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আনুষ্ঠানিক শিক্ষাজীবন শুরু হয় টুঙ্গিপাড়া গিমাডাংগা স্কুলে। পরবর্তীকালে তিনি গোপালগঞ্জের সতীনাথ অ্যাকাডেমিতে ভর্তি হন। সেই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন নরেন্দ্রনাথ দাশগুপ্ত। দেশভাগের পর নরেন্দ্রনাথ সপরিবার কলকাতায় চলে যান। ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম রাষ্ট্রীয় সফরে কলকাতা আসেন। সেদিন দৈনিক যুগান্তর পত্রিকা বঙ্গবন্ধুর সফরের ওপর একটি ক্রোড়পত্র প্রকাশ করে। নরেন্দ্রনাথের মেয়ে ইলা দাশগুপ্ত সেখানে স্মৃতিচারণা করেন। সেই নিবন্ধের নাম ছিল ‘কাছের মানুষ মুজিব’। ওই নিবন্ধটির আলোকে বঙ্গবন্ধুর কৈশোরের একটা চিত্র পাওয়া যায়।
ইলা দাশগুপ্তের লেখা থেকে জানা যায়, বঙ্গবন্ধু ছিলেন স্কুলের ফুটবল টিমের দুর্ধর্ষ সেন্টার ফরোয়ার্ড। তিনি লিখেছেন, ‘তাঁর কথা ভাবতেই আমার চোখের সামনে ভেসে ওঠে ফর্সা লম্বা জার্সি আঁটা এক ছিপছিপে খেলোয়াড়ের চেহারা। গোপালগঞ্জের সতীনাথ অ্যাকাডেমি স্কুল টিমের তিনি দুর্ধর্ষ সেন্টার ফরোয়ার্ড। তাঁর কাছ থেকে কেউ কোনো দিন বল কেড়ে নিতে পারেনি। এ ছাড়া অন্যান্য খেলাধুলায় ছিল তাঁর সহজাত নৈপুণ্য।’
ছোটবেলা থেকে নেতৃত্বগুণ স্পষ্ট ছিল বঙ্গবন্ধুর মধ্যে। ইলা লিখেছেন, ‘ছেলেবেলা থেকেই দল গঠনে নেতৃত্ব করা তাঁর স্বভাবের বৈশিষ্ট্য ছিল। জনতাকে চালনার শক্তি নিয়েই তিনি জন্মেছেন। মনে পড়ে স্কুলের বাৎসরিক স্পোর্টসের সময় সমস্ত কিছু সংগঠনের দায়িত্ব তিনি নিজের কাঁধেই তুলে নিতেন। সমবেত সেই শহর-ভেঙে-পড়া বিরাট জনতাকে তিনি একাই নিয়ন্ত্রণ করতেন অক্লান্তভাবে। তখন তিনি স্কুলের ছাত্র, ফুটবল খেলার দলের ক্যাপ্টেন। অন্য টীমকে হারিয়ে দিয়ে তাঁর স্কুল লাভ করল “চ্যাম্পিয়ন শীল্ড”।'
সে সময় বঙ্গবন্ধুর চোখে ভবিষ্যতের দীপ্তি দেখতে পেয়েছিলেন তাঁর শিক্ষকেরা। তার প্রমাণ মেলে ইলার ভাষ্যে, ‘বিজয়েরর আনন্দে দেখাতে গেলেন প্রধান শিক্ষককে। হিপ-হিপ-হুররে, হিপ-হিপ-হুররে সোল্লাসে চীৎকার করতে করতে দল থেকে এগিয়ে এসে মুজিবর বললেন, “স্যার, আমরা জিতেছি, এই যে আমাদের শীল্ড।” “আমি খুব খুশি হয়েছি তোমাদের জয়লাভে কিন্তু এর চেয়েও বেশি খুশি হবো জীবনে চলার পথে কোনও কঠিন সংগ্রামে যদি জয়ী হতে পারো।”—প্রধান শিক্ষক তাঁর প্রিয় ছাত্রের ভিতর যেন সেদিন ভবিষ্যতের উজ্জ্বল সম্ভাবনা দিব্যদৃষ্টিতে দেখেছিলেন।’
বঙ্গবন্ধুর ভেতরে অসাম্প্রদায়িক চেতনার জন্ম হয়েছিল সেই শৈশব থেকে। যুগান্তর-এর ওই নিবন্ধে ইলা লিখেছেন, ‘মুজিবর প্রায় আমাদের বাড়ি আসতেন বাবার কাছে, ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে যেতেন। স্যার বলে বাইরে থেকে ডাক শুনলেই বুঝতাম তিনি এসেছেন। বিজয়া দশমীর দিন তাঁকে মিষ্টিমুখ না করিয়ে ছাড়া হতো না। আমার মার কাছেও তাই তিনি ছিলেন পুত্রবৎ।
স্নেহাস্পদ।’

বঙ্গবন্ধুর গোপালগঞ্জ শহরে কাটানো সময়গুলো একটা বর্ণনা পাওয়া যায় ইলার লেখা থেকে, ‘মুজিবুর রহমান বয়সে আমার চেয়ে অনেক বড় হলেও সেই ছোট্ট শহরে আমাদের সকলের দৈনন্দিন জীবনধারায় ছিল আশ্চর্য মিল। বাবা পড়াতেন স্কুলে তাঁর ছাত্রদের ইংরাজি সাহিত্য। আমরাও ছেলেবেলায় বাবার সাহচর্য গভীরভাবে পেয়েছি ইংরেজি সাহিত্যের মাধ্যমে। আর একটা জিনিশ কোনো দিনই ভুলতে পারব না, নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কেটে কেটে এগিয়ে যাওয়া, খেলাচ্ছলে সাঁতার প্রতিযোগিতা, সাঁতারের রকমারী কসরৎ দেখানো—এর চেয়ে বেশি আনন্দের কিছু ছিল নাকি জানা নেই। সকল পাড়ার ছেলেরা দল বেঁধে আর মেয়েদেরও সঙ্গিনী জুটিয়ে স্নান করতে যাওয়া গোপালগঞ্জের চিরদিনের ট্র্যাডিশন ছিল। চলন্ত স্টীমারের দোলা লাগাত নদীর জলে, সেই ঢেউয়ে দোল লাগত নদীর জলে, সেই ঢেউয়ে দোল খেয়েছি কত সাঁতার কেটে কেটে। এ আনন্দের স্বাদ আমরা যেমন পেয়েছি, ঠিক একইভাবে উপভোগ করেছেন আজকেরই এই বিশ্ববরেণ্য শেখ মুজিবর রহমান। ছেলেবেলার বহু আনন্দের মধ্যে এই ছিল এক বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতা। এইভাবে সহজ ও সরলভাবে আমাদের মতো মুজিবরও তাঁর শৈশব কৈশোরের দিনগুলি কাটিয়েছেন।’
সূত্র: জয়দীপ দের প্রকাশিতব্য বই ‘বঙ্গবন্ধুর কলকাতা জয়’ থেকে।
অন্য আলোয় লেখা পাঠানোর ঠিকানা: [email protected]