'ছায়ানট'-এর মুগ্ধ পৃষ্ঠপোষক ছিলেন দেবেশ রায়

বিশিষ্ট সাহিত্যিক দেবেশ রায় আর নেই। গত বৃহস্পতিবার ভারতীয় সময় রাত ১০টা ৫০ মিনিট নাগাদ উত্তর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
১৯৩৬ সালে অবিভক্ত বাংলার পাবনা জেলার বাগমারায় জন্মগ্রহণ করেন দেবেশ রায়। উত্তরবঙ্গেই তাঁর বেড়ে ওঠা। সেখানেই গড়ে ওঠে বামপন্থী রাজনৈতিক মতাদর্শের ভিত। তাঁর লেখায় বারবার ফিরে এসেছে উত্তরবঙ্গ—কখনো পটভূমি হয়ে, কখনো চরিত্র হয়ে। রাজনৈতিক কারণে উত্তরবঙ্গের সমাজ-অর্থনীতি-রাজনীতি ছিল তাঁর নখদর্পণে। জলপাইগুড়িতে প্রাথমিক শিক্ষার পাঠ শেষ করে তিনি ভর্তি হন ওই শহরের আনন্দচন্দ্র কলেজে। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন। ১৯৫৯ সালে তিনি আনন্দচন্দ্র কলেজেই অধ্যাপক হিসেবে যোগ দেন। পরে কলকাতা ‘সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস’-এ ফেলো হিসেবে ছিলেন এক দশকের বেশি সময়। সেখানে তাঁর গবেষণার উল্লেখযোগ্য ফসল আঠারো শতকের বাংলা গদ্য এবং উপনিবেশের সমাজ ও বাংলা সাংবাদিক গদ্য।
দেবেশ রায়ের প্রথম প্রকাশিত উপন্যাস যযাতি। তিস্তাপারের বৃত্তান্ত উপন্যাসের জন্য তিনি ১৯৯০ সালে সাহিত্য আকাদেমি পুরস্কার পান। ওই উপন্যাসটির মূল্যায়ন করে বিশিষ্ট সমাজতাত্ত্বিক শিবনারায়ণ রায় বলেছিলেন, ‘দেবেশ নিবিষ্টচিত্ত নিপুণতায় প্রায় একটি মহাকাব্য লিখেছেন, যা একই সঙ্গে উপন্যাস এবং সমকালীন ইতিহাস, কিন্তু ঐতিহাসিক উপন্যাস নয়।’ আরেকটি মহাগ্রন্থ বরিশালের যোগেন মণ্ডল লেখার আগে তথ্য সংগ্রহের কাজে দীর্ঘদিন বরিশাল ছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল চষে বেড়িয়েছেন। বাংলাদেশের সঙ্গে তাঁর ছিল প্রাণের সম্পর্ক। দেবেশ রায়ের সম্পাদনায় (ভূমিকাসহ) বেরিয়েছিল বাংলাদেশের ১২ জন তরুণ কথাসাহিত্যিকের ১২টি ছোট উপন্যাসের সংকলন দ্বাদশ নভেলা। দুই বাংলার নবীন সাহিত্যিক ও সাহিত্যকর্মীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক ছিল শেষ দিন পর্যন্ত।
দেবেশ রায়ের সাহিত্যসৃষ্টির মধ্যে আরও কয়েকটি উল্লেখনীয় নাম উদ্বাস্তু, নিরস্ত্রীকরণ কেন, কলকাতা ও গোপাল, সময় অসময়ের বৃত্তান্ত, শরীরের সর্বস্বতা, তিস্তাপুরাণ ইত্যাদি। তিনি কখনো চেনা ছকের সাহিত্য রচনা করেননি। বাংলা সাহিত্যে ছকভাঙা আধুনিক ঔপন্যাসিক হিসেবে ছিল তাঁর পরিচিতি। বহু সাহিত্য পত্রিকার সম্পাদনা করেছেন দেবেশ রায়। সংবাদ সাময়িকী প্রতিক্ষণ-এর সম্পাদনার সঙ্গে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ১৯৭৯ সাল থেকে এক দশক তিনি পরিচয়-এর মতো একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন।
রাজনীতি জীবনের গোড়ার দিকে তিনি কলকাতায় শ্রমিক আন্দোলনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। শিল্প ও সংগীতের সঙ্গে নিয়ত গভীর যোগ ছিল তাঁর। বাংলাদেশের ‘ছায়ানট’-এর মুগ্ধ পৃষ্ঠপোষক ছিলেন দেবেশ রায়।