ডিসেম্বরের সেই দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যাকবের সামনে নিয়াজি। পাশে জেনারেল রাও ফরমান আলী, মেজর জেনারেল জামশেদ, রিয়ার অ্যাডমিরাল শরিফ, এয়ার কমোডর ইমাম। তাদের পাশে নাগরা। ঠিক বাঁ পাশে দাঁড়িয়ে আছেন ভারতীয় কর্নেল খারা।

জ্যাকব আত্মসমর্পণের কাগজটা বের করলেন। এই হলো চুক্তিপত্র।

সবাই চুপ করে আছে।

জ্যাকব টেবিলে কাগজ রাখলেন। সেটা কেউ পড়ছে না।

জ্যাকব বললেন, ‘কর্নেল খারা। এটা পড়ে শোনাও।’

খারা পড়তে লাগলেন:

পূর্ব রণাঙ্গনে ভারতীয় ও বাংলাদেশ বাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ, লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে পাকিস্তান পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ড বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানের সকল সশস্ত্র বাহিনী নিয়ে আত্মসমর্পণে সম্মত হলো। পাকিস্তানের সেনা, নৌ, বিমানবাহিনীসহ সব আধা সামরিক ও বেসামরিক সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে এই আত্মসমর্পণ প্রযোজ্য হবে। এই বাহিনীগুলো যে যেখানে আছে, সেখান থেকে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কর্তৃত্বাধীন নিয়মিত সবচেয়ে নিকটস্থ সেনাদের কাছে অস্ত্রসমর্পণ ও আত্মসমর্পণ করবে।

এই দলিল স্বাক্ষরের সঙ্গে সঙ্গে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ড লেফটেন্যান্ট জেনারেল অরোরার নির্দেশের অধীন হবে। নির্দেশ না মানলে তা আত্মসমর্পণের শর্তের লঙ্ঘন বলে গণ্য হবে এবং তার পরিপ্রেক্ষিতে যুদ্ধের স্বীকৃত আইন ও রীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আত্মসমর্পণের শর্তাবলির অর্থ অথবা ব্যাখ্যা নিয়ে কোনো সংশয় দেখা দিলে, লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার সিদ্ধান্তই হবে চূড়ান্ত।

লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা আত্মসমর্পণকারী সেনাদের জেনেভা কনভেনশনের বিধি অনুযায়ী প্রাপ্য মর্যাদা ও সম্মান দেওয়ার অঙ্গীকার ঘোষণা করছেন এবং আত্মসমর্পণকারী পাকিস্তানি সামরিক ও আধা সামরিক ব্যক্তিদের নিরাপত্তা ও সুবিধার অঙ্গীকার করছেন। লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার অধীন বাহিনীগুলোর মাধ্যমে বিদেশি নাগরিক, সংখ্যালঘু জাতিসত্তা ও জন্মসূত্রে পশ্চিম পাকিস্তানি ব্যক্তিদের সুরক্ষাও দেওয়া হবে।’

 (জগজিৎ সিং অরোরা)

লেফটেন্যান্ট জেনারেল

জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ

পূর্ব রণাঙ্গনে ভারত ও বাংলাদেশ যৌথ বাহিনী

১৬ ডিসেম্বর ১৯৭১

 (আমির আবদুল্লাহ খান নিয়াজি)

লেফটেন্যান্ট জেনারেল

সামরিক আইন প্রশাসক অঞ্চল বি

অধিনায়ক পূর্বাঞ্চলীয় কমান্ড (পাকিস্তান)

১৬ ডিসেম্বর ১৯৭১

 রাও বললেন, ‘বাংলাদেশ বাহিনী কেন? এটা তো আমরা মানি না।’

জ্যাকব বললেন, ‘এটা মানানোর জন্যই তো যুদ্ধ। আপনারা না মানলে আমি বাংলাদেশ বাহিনীকে ছেড়ে দেব। আপনারা কি চান মুক্তিবাহিনী হেডকোয়ার্টারে ঢুকে পড়ুক? তারা ঢুকতে চাইছে। আমি তাদের ধমক দিয়ে এসেছি।’

নিয়াজি বললেন, ‘কথাটা তো আত্মসমর্পণ নয়। যুদ্ধবিরতি।’

জ্যাকব বললেন, ‘এটা দিল্লি থেকে পাঠানো হয়েছে। আপনাদের মানতে হলে এর প্রত্যেকটা অক্ষর মানতে হবে। অসম্মানের কিছু নেই। আমিও সোলজার আপনিও সোলজার। জেনেভা কনভেনশন অনুসারে মর্যাদা পাবেন।’

নিয়াজি চুপ করে রইলেন।

 প্রথমা প্রকাশন থেকে বেরোনো রক্তে আঁকা ভোর উপন্যাসে ইতিহাসকে উপজীব্য করে আনিসুল হক এঁকেছেন মুক্তিযুদ্ধের  টুকরো টুকরো ছবি। বিভিন্ন বই ও সূত্র থেকে পাওয়া তথ্যের সঙ্গে কল্পনা মিশিয়ে লেখা হয়েছে এই আখ্যান। সেই বই থেকে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের অবিস্মরণীয় ঘটনাবলি...

তারপর বললেন, ‘এখনো আমার ৩০ হাজার সৈন্য আছে। আমি যুদ্ধ করব।’ (মিথ্যা কথা। কুড়িয়ে বাড়িয়ে কয়েক হাজারও হয় না। তা-ও তাদের হাতে অস্ত্রশস্ত্র নেই)

জ্যাকব বললেন, ‘বাইরে রাস্তায় ১৫ হাজার মুক্তি দাঁড়িয়ে আছে। কাদের সিদ্দিকীর দল তৈরি। তারা ভারতে ট্রেনিংপ্রাপ্ত নয়। তারা বিপজ্জনক।

‘সৈন্যরা আমাদের চারপাশ ঘিরে রেখেছে। আমরা প্রথমে শুরু করব এয়ার অ্যাটাক। ওকে। আপনি যদি বলেন যুদ্ধের মাধ্যমে সমাধান করবেন, আমরা তা-ই করব। আমরা এখন চলে যাব। মুক্তিবাহিনী সদর দপ্তরে ঢুকবে। তারা দাউদকান্দি থেকে এসেছে, তারা টঙ্গী দিয়ে ঢুকেছে, তারা ভৈরব দিয়ে এসেছে, তারা সাভার দিয়ে এসেছে। তারা বুড়িগঙ্গা দিয়ে আসছে। হাজার হাজার। মুক্তি...’

সবাই চুপ।

‘আমি আধা ঘণ্টা সময় দিলাম। সিদ্ধান্ত নিন। আপনাদের সবার পরিবার আছে। সন্তানেরা আছে। ভেবে বলুন।’

আধা ঘণ্টা পেরিয়ে গেল। কেউ কোনো কথা বলছে না।

জ্যাকব বললেন, ‘আপনারা চুপ করে আছেন। তার মানে আপনারা আমাদের ডিড মেনে নিচ্ছেন। ডিল ফাইনাল।’

জ্যাকব কাগজ তুলে নিলেন।

নিয়াজি বললেন, ‘আমাদের নিরাপত্তার কী হবে?’

‘ভারতীয় সৈন্যরা আপনাদের প্রহরা দেবে। তার আগপর্যন্ত আপনারা আপনাদের পারসোনাল অস্ত্র নিজেদের কাছে রাখবেন।’

নিয়াজির দুচোখ দিয়ে জল গড়াতে লাগল।

বাকি পাকিস্তানি জেনারেলরাও কাঁদতে লাগলেন।

বকর এসে বললেন, ‘দুপুরের খাবার রেডি। চলুন মেসে যাই।’

 অক্টোবরে কসবায় যুদ্ধক্ষেত্রে দুই চোখের মাঝখানে নাকের ওপরে কপালে গুলি লেগেছে ২ নম্বর সেক্টরের কমান্ডার মেজর খালেদ মোশাররফের।

খালেদ মোশাররফ যখন লক্ষ্ণৌ হাসপাতালে, তাঁর যোগ্য সহযোগী মেজর এ টি এম হায়দার চলে এসেছেন ঢাকায়। মেজর হায়দার ডিসেম্বরের ৮ তারিখেই নির্দেশ দিয়েছেন, ২ নম্বর সেক্টরের ঢাকা গেরিলারা কেউ ঢাকা ছাড়বে না। রাস্তায় রাস্তায় যুদ্ধ হতে পারে। তোমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে। বালু নদের পারে ছিল তাদের বাহিনী। সাভারের গ্রামে ছিল নাসির উদ্দীন ইউসুফের দল। তাদের কমান্ডার মানিকের মৃত্যুর পর নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুই কমান্ডার। সাভার-ঢাকার রাস্তায় ঢাকামুখী পাকিস্তানি মিলিটারিদের অ্যাম্বুশ করে তাঁরা ছত্রখান করে দিচ্ছিলেন। ২ নম্বর সেক্টরের হাজার হাজার মুক্তিযোদ্ধা ১৬ ডিসেম্বর ঢাকার রাস্তা ভরে ফেলে। রাস্তায় যদিও কারফিউ, কিন্তু ‘মুক্তি’, ভারতীয় বাহিনী, পাকিস্তানি মিলিটারি—সবাই রাস্তায় চলাচল করছিল। নিয়াজি আগেই নির্দেশ দিয়েছিলেন যুদ্ধ পরিত্যাগ করতে। মানেকশ নিজেও যুদ্ধবিরতি সকাল ৯টা থেকে বাড়িয়ে বিকেল ৩টা পর্যন্ত করে দিয়েছিলেন।

মেজর হায়দারের গায়ে লম্বা একটা লেদার জ্যাকেট। এটা তিনি কিনেছিলেন পশ্চিম পাকিস্তানের লান্ডিকোটাল মার্কেট থেকে। তিনি ১৬ ডিসেম্বর সকাল থেকেই ঢাকায় ব্যস্ত। ব্রিগেডিয়ার সাবেগ সিংকে নিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গেলেন। এটা রেডক্রসের এলাকা। নো ওয়ার জোন। ভেতরে গভর্নর মালিকসহ অনেকেই আশ্রয় নিয়েছেন। সামনে মুক্তিযোদ্ধারা ভিড় করে আছে। জনতা উত্তেজিত। এর মধ্যে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে থেকে পদত্যাগী গভর্নর ডা. মালিকের সঙ্গে দেখা করে বের হলেন জেনারেল রাও ফরমান। মুক্তিবাহিনী, যাদের অনেকের পরনে লুঙ্গি, হাতে স্টেনগান, তাঁকে মেরে ফেলতে চায়। তার সঙ্গে যুক্ত হয়েছে উৎসুক জনতা। তারা চিৎকার করছে, রাও ফরমান আলীকে আমাদের হাতে দাও। সে খুনি।

ব্রিগেডিয়ার সাবেগ সিং বললেন, ‘খবরদার। যুদ্ধবিরতি চলছে। ওরা সারেন্ডার করবে। নো মোর ওয়ার।’

হায়দার বললেন, ‘যুদ্ধ নয়, শান্তি।’

রাও ফরমান আলী বাংলা জানতেন। তিনিও বললেন, ‘যুদ্ধ নয়, শান্তি।’

রাস্তায় হাজার হাজার মানুষ। হাজার হাজার মুক্তিবাহিনীর ছেলে। সবার হাতে রাইফেল। তারা চিৎকার করছে: ‘তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ।’ তারা স্লোগান দিচ্ছে: ‘তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব।’ হঠাৎ জনতার নজরে পড়ল ইন্টারকন্টিনেন্টালের পাশেই রেডিও অফিস। সেখানে একটা পাকিস্তানের পতাকা উড়ছে। জনতা কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ঢুকে গেল সেখানে। মুহূর্তে নামিয়ে ফেলল পাকিস্তানের পতাকা।

বাংলাদেশের পতাকা উড়িয়ে দিল তারা ঝটপট। তখন ১৬ ডিসেম্বরের দুপুর। ঝকঝকে রোদ্দুরে সবুজের মধ্যে লাল, লালের মধ্যে হলুদ বাংলাদেশের মানচিত্র নিয়ে পতাকাটি পতপত করে উড়তে লাগল।

হায়দারের পাশে এসে দাঁড়াল ইন্টারকন্টিনেন্টালের কাছেই বাড়ি ছিল যার, সেই জহিরউদ্দিন জালাল। হায়দার তাকে বললেন, ‘তোমরা আমার সঙ্গে থাকো।’ হায়দার আর সাবেগ সিংয়ের সঙ্গে জালাল আরও দুজন তরুণ গেরিলা অস্ত্র হাতে পাশাপাশি চলতে লাগল। তারা জিপ নিয়ে ছুটে গেলেন বিমানবন্দরে। হেলিকপ্টারে নামলেন জেনারেল জ্যাকব।

তাঁরা নিয়াজির সদর দপ্তরে চলে গেলেন।

দুপুর ১২টা পর্যন্ত ডেমরায় যুদ্ধ করছিলেন মেজর কে এম সফিউল্লাহ। ভীষণ যুদ্ধ। শেষে পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করে। সফিউল্লাহ ভীষণ ক্লান্ত। এই সময় ৫৭ মাউন্টেন ডিভিশনের ব্রিগেডিয়ার সাবেগ সিংয়ের কাছ থেকে খবর এল, নিয়াজি সারেন্ডার করবে, তিনটায় এয়ারপোর্টে থাকতে হবে। চারটায় রমনা রেসকোর্সে। ডেমরা থেকে এয়ারপোর্টের রাস্তায় তখনো পাকিস্তানি বাহিনী গোলাগুলি করছিল। মেজর সফিউল্লাহ আত্মসমর্পণকারী কমান্ডার খিলজিকে সঙ্গে নিয়ে গাড়ি করে এয়ারপোর্টের দিকে রওনা দেন। কে ফোর্সকে বলেন রমনায় ৪টার মধ্যে হাজির থাকতে।

গোলাগুলির মধ্যেই সফিউল্লাহ বিমানবন্দরে হাজির হন তিনটার আগেই।

বেলা তিনটার দিকে সাবেগ সিং এবং মেজর হায়দার আবার গেলেন বিমানবন্দরে। এর দায়িত্ব এরই মধ্যে ভারতীয় সেনাবাহিনী নিয়ে নিয়েছে। জালালদের নিয়ে মেজর হায়দার ও সাবেগ সিং বিমানবন্দরে ঢুকলেন। ১৫-২০টা হেলিকপ্টার নামল। জেনারেল অরোরা, তাঁর স্ত্রী, এ কে খন্দকার হেলিকপ্টার থেকে নামলেন। জনতা ছুটে গেল ফুলের মালা নিয়ে। তাঁদের মাল্যভূষিত করা হলো বিপুলভাবে। কাদের সিদ্দিকী দাঁড়িয়ে ছিলেন এদিকটায়, তাঁকে দেখে মিসেস অরোরা দৌড়ে এলেন, জড়িয়ে ধরে বললেন, ‘তোমার বিয়ে কিন্তু আমি দেব। পাত্রী আমি ঠিক করব।’

বিমানবন্দরে জেনারেল নিয়াজি তাঁদের অভ্যর্থনা জানালেন। জ্যাকব তো সঙ্গে ছিলেনই। বিমানবন্দর পর্যন্ত আসতেও তাঁদের বাধার মুখে পড়তে হয়েছে। রাস্তায় রাস্তায় মুক্তিবাহিনী আটকাচ্ছিল। ভাগ্যিস সঙ্গে শিখ সৈন্য ছিল। তার পাগড়ি দেখে মুক্তিবাহিনী ছেড়ে দিচ্ছিল।

অরোরা গাড়িতে উঠলেন। সঙ্গে মিসেস অরোরা। নিয়াজি আর এয়ার ভাইস মার্শাল দেওয়ান এক গাড়িতে উঠলেন। জ্যাকবকে আরেকটা গাড়িতে উঠতে হলো। সবার সামনের গাড়িতে সাবেগ সিং আর মেজর হায়দার। শিখ থাকলে মুক্তিরা ছেড়ে দেয়। আর হায়দারের চেহারায় বাঙালিত্বের ছাপ স্পষ্ট। গাড়িবহর সোজা চলছে রেসকোর্স ময়দানের দিকে।

রাস্তায় মানুষ। রাস্তায় মুক্তিবাহিনী। রাস্তায় চিৎকার জয় বাংলা। রাস্তায় আনন্দ। রাস্তায় অশ্রু। আকাশে-বাতাসে জয়ধ্বনি। মানুষ ছুটছে রেসকোর্সের দিকে।

হায়দার নামলেন গাড়ি থেকে। সঙ্গে জালাল আর একজন মুক্তি। হায়দার বললেন, ‘জালাল, যাও, একটা টেবিল, দুটো চেয়ার নিয়ে এসো।’

জালাল ছুটল ঢাকা ক্লাবে। মুক্তি দেখে অবাঙালি ড্রাইভার ভয়ে কাঁদতে লাগল। জালাল বলল, ‘ভয় নাই, দুইটা চেয়ার আর একটা টেবিল দাও।’ দুইটা কাঠের চেয়ার আর একটা কাঠের টেবিল পাওয়া গেল। সেগুলো তিনজনে ধরাধরি করে শাহবাগের রাস্তায় আনার সঙ্গে সঙ্গে জনতাই ধরাধরি করে চেয়ার-টেবিল পৌঁছে দিল রেসকোর্সে।

হায়দার নিয়াজির বাঁ পাশে। নিয়াজির ডানে অরোরা। সবার সামনে তাঁরা। পেছনে আরও আরও অফিসার। তাঁরা বড় বড় পা ফেলে রেসকোর্সের চেয়ার-টেবিল পাতা জায়গাটায় গেলেন। পৌনে পাঁচটার পৌষের রোদ এসে পড়ল হায়দারের মুখে। তাঁকে দেখতে লাগছিল একটা দেবদূতের মতো।

পাকিস্তানি সৈন্যদের একটা দল অরোরাকে গার্ড অব অনার দিল।

টেবিলে বসলেন অরোরা আর নিয়াজি। পেছনে দাঁড়িয়ে জ্যাকব, বিমানবাহিনীর মার্শাল দেওয়ান, ভাইস অ্যাডমিরাল কৃষ্ণান, এ কে খন্দকার। জ্যাকব দেখলেন, কাগজে লেখা: ‘ইনস্ট্রুমেন্ট অব সারেন্ডার। টু বি সাইনড অ্যাট ১৬৩১ আওয়ারস আইএসটি।’ ঘড়ির দিকে তাকিয়ে জ্যাকব দেখলেন ৪টা ৫৫।

নিয়াজি ও অরোরা সাইন করলেন। নিয়াজি তাঁর ব্যাজ খুলে অরোরাকে দিলেন। একটা রিভলবার তুলে দিলেন অরোরার হাতে। তাঁর চোখে টপ টপ করে জল ঝরছে।

ঠিক সামনে থেকে সেই দৃশ্য দেখলেন মেজর সফিউল্লাহ।

জেনারেল নাগরা একটা মাইকে সামনে দাঁড়ানো সারি সারি পাকিস্তানি সৈন্যদের বললেন, ‘তোমাদের ওপরে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। তোমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। মর্যাদার সঙ্গে তোমাদের ট্রিট করা হবে।’

 পাকিস্তানি সৈন্যরা সার বেঁধে দাঁড়িয়ে ছিল। তারা বেল্ট খুলে ফেলে। গায়ের পোশাক প্যান্টের ভেতর থেকে বের করে। তারা হাতের অস্ত্র মাটিতে রাখে। তারা সবাই কাঁদছিল।

আর চারদিকে মুক্তিযোদ্ধা ও জনতা জয় বাংলা চিৎকারে আকাশ-বাতাস প্রকম্পিত করে তোলে। এত মানুষ কোথায় ছিল এই ঢাকায়।

জনতা চিৎকার করে বলে, ‘নিয়াজিকে আমাদের হাতে ছেড়ে দাও।’

জয় বাংলা, জয় হিন্দ, শেখ মুজিব জিন্দাবাদ, ইন্দিরা গান্ধী জিন্দাবাদ স্লোগানে মুখর তখন রমনার আকাশ-বাতাস।

ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমি তখন রমনার গাছের ডালে ওড়ে আর গেয়ে ওঠে:

জয় বাংলা বাংলার জয় হবে হবে হবে হবে নিশ্চয়...