অবিশ্বাস: রেহানা পারভিন
দুটো হিরের আংটিসহ মোট ছয়টি আংটি ওড়নার মধ্যে বেঁধে গোসল সেরে বেরিয়ে এসেই ঘটনাটা বেমালুম ভুলে গেলাম।
যখন মনে পড়ল, তখন তন্নতন্ন করে খুঁজেও পেলাম না কোথাও।
বুয়া প্রতিদিন কাপড় কাচার পর পানি প্যানের মধ্যে ঢেলে দেয়। চমকে উঠে ভাবলাম, ওড়নার গিঁট আলগা হয়ে পানির সঙ্গে চলে গেছে, নাকি...
দ্বিতীয় সন্দেহটাই বেশি বাস্তবসম্মত, হয়তো...
এটা বিশ্বাস করার বড় কারণ, প্রায় পঁচিশ বছরের বেশি সময় ধরে কাজ করা বুয়া গতকাল থেকেই অনুপস্থিত।
অবিশ্বাস আরও জোরালো হলো যখন, বস্তিতে গিয়ে দেখলাম, একটা নোংরা পুঁতিগন্ধময় বিছানায় শুয়ে জ্বরে কাতরাচ্ছে বুয়া। ওই অবস্থায় আংটির শোক ভুলে ওর জন্য ওষুধপথ্য কিনে দিয়ে বাড়ি ফিরলাম।
বুয়া কাজে ফিরে এল ঠিক পনেরো দিন পর, সকালে। আমি মুখ-চোখ শক্ত করে আছি। বুয়া খেয়াল করল না।
হঠাৎ পাশের ঘরের লন্ড্রির ঝুড়ি থেকে আমার ওড়না হাতে বেডরুমে ঢুকল বুয়া। ওড়নার এক প্রান্তের গিঁট খুলে আমায় দেখিয়ে বলল, এগুলো কি সোনার আংটি, আপা?
[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected], [email protected]]