আবিরের গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

দুপুরে ভাত খাওয়ার সময় আম্মু জানিয়েছে, ভাত সে রাঁধলেও ভাত হয় চাল থেকে। আবির আম্মুকে প্রশ্ন করে, ‘আম্মু, তুমি চাল রান্না করতে পারো?’
‘নারে বাবা, চাল রান্না করা যায় না!’
আবির ভেবে পায় না, গরুর মাংস চুলায় দিয়ে রান্না করলেও সেটা গরুর মাংস থাকে, কিন্তু চাল রান্না করলে কীভাবে ভাত হয়?
ধান থেকে চাল হয়—এ কথা মায়ের মুখে শুনে সে ভীষণ অবাক হয়, ‘আচ্ছা আম্মু, তুমি ধান রান্না করতে পারো?’
‘বেশি কথা বোলো না, চুপচাপ খেয়ে নাও। খাওয়ার সময় কথা বলতে নেই।’
আবির চুপচাপ খেতে থাকে। কারণ, মায়েরা প্রশ্নের উত্তর না পারলে ধমকা-ধমকি করে। বাবাকে পাশে বসে হাসতে দেখেও সে বিরক্ত। বড়রা আসলে কিচ্ছু জানে না।

২.
স্কুলে ভর্তি হবার পর থেকে আবির ভাবার সময় পায় না। হোমওয়ার্ক করতে করতে খেলার সময়ই থাকে না। আজ ছুটির দিন, তাই পড়ালেখা নেই। বাবাকে টিভি দেখতে দেখে এগিয়ে যায় সে, ‘আচ্ছা আব্বু, ধান কি কম্পিউটারে হয়?’
ছেলের কথা শুনে বাবা হেসে ফেলেন, ‘নারে বাবা, ধান হয় খেতে।’
‘খেত কে রান্না করে?’
‘খেত কেউ রান্না করে না, এটা আল্লাহর দান। আমাদের কৃষকেরা সেখানে ফসল ফলায়। ধান ফলায়।’
‘ধানগাছ কি অনেক বড় বড়?’
‘না বাবা, ছোট ছোট।’
‘আব্বু, খেতে কি সব হয়?’
‘হ্যাঁ, সব হয়।’
‘খেত কোথায় আছে?’
‘গ্রামে।’
আবিরের মন খারাপ হয়ে যায়। সে কখনো গ্রামে যায়নি। দাদি মাঝেমধ্যে শহরে বেড়াতে এলে গ্রামের গল্প বলে। সেখানে নাকি সকালে মোরগ সবাইকে ঘুম থেকে ডেকে তোলে। কী মজা! অথচ আবিরকে সকালে ঘুম থেকে ডেকে তোলে মা। সে আরও শুনেছে, শীতে খেজুরগাছে রস হয়। সেই রস দিয়ে চিতই পিঠা খায় সবাই। মা চিতই পিঠা রান্না করতে পারে না, দাদি পারে। আবিরের একটা চাচাতো ভাই আছে তার বয়সী, নাম রতন। গ্রামে থাকে। দাদির কাছে শুনেছে, রতন সাঁতার কাটতে পারে, গাছে চড়তে পারে। অথচ সে কিচ্ছু পারে না। এই ভেবে তার মন আরও খারাপ হয়। ভয়ে ভয়ে বাবাকে বলে, ‘বাবা, আমি গ্রাম দেখতে যাব।’ বাবা তাকে কথা দেয়, এবার শীতে সে আবিরকে গ্রামে নিয়ে যাবে।

৩.
দাদির কাছে শুনেছে, গ্রামে নদী আছে। নদীতে মাছ থাকে, নৌকা চলে, আবার গোসলও করা যায়। গ্রামে গেলে সে নদীতে গোসল করবে। কিন্তু আবির জানে, মা এখানে ঝামেলা বাধাবে। সে কিচ্ছু করুক, এটা মা চায় না। শুধু শুধু ভয় পায়। ইতিমধ্যে মা ঝামেলা লাগিয়েও ফেলেছে। সে গ্রামে যাওয়ার বিপক্ষে। কারণ, গ্রামে নাকি এখন অনেক শীত। এমন শীতে গ্রামে গেলে আবির অসুস্থ হয়ে যাবে। বাবা মাকে বোঝানোর চেষ্টা করছে, ‘দেখো, কিচ্ছু হবে না। সামনের সপ্তাহে আমারও ছুটি। কটা দিন ঘুরে আসি।’
ওদিকে মা একদম চুপ। টুপ করে বাবাকে একটা চুমু খেতে ইচ্ছা করছে আবিরের। তার বাবা পৃথিবীরে সবচেয়ে ভালো বাবা। অনেকক্ষণ চুপচাপ থাকার পর মা কথা বলে, ‘ঠিক আছে। কিন্তু তোমার ছেলেকে কথা দিতে বলো, সে যেন একা একা নদীর পাড়ে না যায়।’
আবির খুশি মনে কথা দেয়। যদিও মনে মনে স্থির করে রেখেছে, নদীতে গোসল করবে। এ জন্য দাদির সাহায্য লাগবে। মা দাদিকে ভয় পায়। বাবাও। দাদি রাজি হলে আর কোনো সমস্যা হবে না।

৪.
আজ আবিরের জীবনে সবচেয়ে খুশির দিন। মা-বাবার সঙ্গে আজ প্রথম সে গ্রামের বাড়িতে যাচ্ছে। রতনের কাছে সাঁতার শিখতে হবে, গাছে চড়াও শিখতে হবে। দাদির কাছে শুনেছে, বাড়িতে অনেকগুলো বরইগাছ আছে। সবাই ঘুমিয়ে গেলে লুকিয়ে লুকিয়ে গাছে উঠে বরই পাড়বে বলে ঠিক করেছে। মা-বাবাকে নানা ধরনের প্রশ্ন করছে। এত প্রশ্নের উত্তর দিতে দিতে তারাও বিরক্ত।
‘আচ্ছা বাবা, গ্রাম কি অনেক বড়?’
‘হ্যাঁ, বাবা অনেক বড়।’
‘ঢাকা থেকেও বড়?’
‘হ্যাঁ, গ্রাম ঢাকা থেকেও বড়।’
‘তাহলে ঢাকা কেন বাংলাদেশের রাজধানী?’
আবিরের মা আবার ছেলেকে ধমক দেয়, ‘চুপ করে ঘুমাও, গ্রামে গেলে দেখতে পাবে। আরও অনেক দেরি আছে।’
ধমক শুনে মন খারাপ হয় না। মা উত্তর পারেনি বলে ধমক দিয়েছে, তাই আবির চুপচাপ বসে থাকে। কিন্তু বাবাকে হাসতে দেখে সে আবার বিরক্ত হয়। গাড়ির জানালা দিয়ে যত দূর দেখা যায়, বাবা বলেছে সেগুলো সব গ্রাম। গ্রাম দেখতে দেখতে সে ভাবে, বড়রা আসলেই খুব বোকা হয়। নইলে কি আর গ্রাম ফেলে শহরে থাকত? বড় হয়ে সে একা একা গ্রামে চলে আসবে। তখন কেউ বকাবকি করতে পারবে না।