
বিশ্বাস বাড়ির মানুষজন বংশানুক্রমে খুন হয়। ওই যে মৃদুল বিশ্বাস, ওর বাপ খুন হয়েছিল, দাদা, এমনকি পরদাদাও খুন হয়েছিল। একবারে পরিষ্কার নির্ঝঞ্ঝাট খুন। খুব কাছে থেকে মাথায় গুলি করে খুনি দৌড়ে পালিয়ে গিয়েছিল। আমাদের শহরে এমনই হয়, আপনি হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশে টং-দোকানের সামনে পাতা বেঞ্চে বসে মানুষজন পিরিচে ঢেলে সুড়ুৎ সুড়ুৎ শব্দ করে কনডেন্সড মিল্কের ঘন চা খাচ্ছে, সেই সময় কেউ হয়তো খুব ক্যাজুয়াল ভঙ্গিতে বলবে, ‘এই শুনছিস, একটু আগেই এখানে একটা মার্ডার হয়ে গেছে।’
চা পানরত মানুষেরা তখন একটু থামবে। একজন ঠোঁট উল্টে বলবে, ‘ও। আচ্ছা। গত পরশুও তো একজন মইল্লো...’
আপনি একটু সামনে এগোলেই হয়তো দেখবেন গুলি খাওয়া মৃতদেহটি মুখ থুবড়ে মাটিতে পড়ে আছে। তার বয়স হয়তো ৩৫ থেকে ৪০, আপনি অনুমান করবেন আর ভাববেন, লোকটা মরে গেছে, কিন্তু বাস্তবিক অর্থে মৃত মানুষটির মস্তিষ্ক তখনো সচল। মানুষ মারা যাওয়ার পরও প্রায় ১০ মিনিট পর্যন্ত তার মস্তিষ্ক সচল থাকে, জানেন তো? জীবনের শেষ লড়াইটা করার চরমতম মুহূর্তে মস্তিষ্কের স্মৃতিকেন্দ্র কাজ শুরু করে, চিরতরে নিঃশেষ হয়ে যাওয়ার আগে মৃত মানুষটার সুন্দর ঘুমন্ত স্মৃতিগুলো জেগে ওঠে।
স্মৃতি কি সহজিয়া গান, নাকি ঘন নীল বর্ণ পাখি; স্মৃতি কি বর্তমান না ভবিষ্যৎ, নাকি মনের ভেতর লুকিয়ে থাকা ছেঁড়া-খোঁড়া কিছু ছবি। স্মৃতির ভেতর থেকে কে যেন কোমল গলায় ডেকে ওঠে নাম ধরে। ‘মা, ওটা নিশ্চয়ই মা’। কার যেন অস্পষ্ট মুখ দেখা যায়, বাতাসে ভেসে আসে কারও গায়ের শীতল সুগন্ধ।
মা বলেন, ‘খোকা, সাবধানে থাকিস কেউ তোর খাবারে যেন আবার বিষ মিশিয়ে না দেয়!’
‘কে বিষ মেশাবে, আম্মা?’
‘কেন, তোর সৎমা? সম্পত্তির লোভে যদি তোকে মেরে ফেলতে চায়, কার মনে কী আছে কে জানে?’
‘দেখো মা, কেউ আমার খাবারে বিষ মিশায় নাই কিন্তু আমি মারা যাচ্ছি, আমার হৃৎপিণ্ড তার কাজ থামিয়ে দিয়েছে, আমার রক্তপ্রবাহ থেমে যাচ্ছে, আমি এখন নিষ্প্রাণ পথের ধুলায় নিঃসম্বল পড়ে আছি মা, ছোটবেলার মতো তুমি একবার আমাকে কোলে তুলে নাও, আমাকে বাঁচাও।’ মা তখন হাওয়ায় শাড়ি উড়িয়ে পরির মতো ডানা মেলে নেমে আসেন, ছোটবেলার মতো তাঁর খোকাকে কোলে তুলে নেন। বুকের মধ্যে চেপে ধরে শাড়ির আঁচলের আড়ালে লুকিয়ে ফেলেন, যেন সত্যিই সে এক তুলতুলে ছোট্ট শিশু। মায়ের কোলের উষ্ণতায় মানুষটি আরাম-আনন্দে ঘুমিয়ে পড়ে। আর যেন এক ছায়াভরা শ্যামল স্বপ্ন দেখে সে। অনেকেই ছিল সেই স্বপ্নে। বন্ধুরা ছিল, প্রেমিকাও ছিল। কোনো এক খোলা মাঠে পড়ন্ত বিকেলের মিষ্টি রোদে পিঠ ঠেকিয়ে ওরা পাঁচজন বসে ছিল গোল হয়ে। গিটার বাজিয়ে গান গাইছিল মিলন। সবাই চিৎকার করে ঠোঁট মিলাচ্ছিল তার সঙ্গে, ‘সে যেন আসে না আমার দ্বারে তারে বলে দিয়ো।’ সবার হাতে মুচমুচে ঝালমুড়ির ঠোঙা। এরই মধ্যে নূপুর অসাবধানতায় মুড়ির সঙ্গে একটা ঝাল মরিচে কামড় দিয়ে ফেলেছে। এখন ঠোঁট কামড়ে ‘উঁহু উঁহু’ করছে বেচারি, দুই হাত সমানে ওপরে-নিচে নাচাচ্ছে, কপাল কুঁচকে আছে, চোখ দুটোতে পানি টলমল করছে, কান্না চাপতে গিয়ে লাল হয়ে উঠেছে ফরসা মুখটা। দেখতে কী যে সুন্দর লাগছে ওকে! ঝাল কমানোর জন্য রুমা পাশ থেকে পানির বোতল এগিয়ে দিল ওর দিকে। ঢক ঢক করে পানি খেয়ে, মুখ মুছে নূপুর শান্ত হলো একটু, গান বন্ধ হয়ে গিয়েছিল আগেই। এবার আবার গিটারের তারে হাত বুলিয়ে টুং টাং ঝংকার তুলল মিলন।
বিকেলের রোদ মরে সন্ধ্যা আসি আসি করছে। সেই আলো-ছায়ায় নূপুর হঠাৎ পেছন ফিরে তাকাল, একেবারে চোখাচোখি হলো দুজনের। হাসল নূপুর, ‘এসে গেছিস, তবে আয়, তোর অপেক্ষাতেই ছিলাম...’
বন্ধুরা সব হই হই করে এগিয়ে এসে তাকে ঘিরে ধরল। সেই বন্ধুরা, যারা ২১ বছর আগে পিকনিকের বাস উল্টে খাদে পড়ে একসঙ্গে মরে গিয়েছিল।