আমারও কিছু কথা ছিল: সরকার মামুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অফিস শেষে রোজ একই স্টপেজ থেকে বাসে উঠি। প্রায় সবারই মুখ চেনা হয়ে গেছে। গোলগাল চেহারার মেয়েটা এখান থেকেই ওঠে। এই পিক আওয়ারে বাসে সিট পাওয়া যায় না। প্রচণ্ড ভিড়। ঠেলেঠুলে উঠতে হয়। আমি উঠি আরও তিন স্টপেজ আগে। ঠিক এর এক স্টপেজ আগে থেকে বাস ছেড়ে আসে। আমার স্টপেজ পর্যন্ত কিছু সিট ফাঁকা থাকেই।

মেয়েটা উঠেছে। আমি সাহস করে ডাকি, এই যে বসুন এখানে৷ সিট ছেড়ে দিয়ে উঠে দাঁড়াই, আমার হাতের খাবারের বাটির ব্যাগটা ধরিয়ে দিই তার হাতে৷ আড়চোখে দেখে কেউ কেউ। আমি দাঁড়িয়ে রই। তার পাশে যে লোক ছিল, সে নেমে গেলে বসি তার পাশে। কথা হয় না তেমন। একটা দুটো কথায় তার কণ্ঠ কেমন ভারী, মনে হচ্ছিল চশমার ফাঁক দিয়ে দেখা যাওয়া চোখও কেমন ছলোছলো।

এটুকু জানতে পারলাম, একটা কথা কেন্দ্রে কাজ করে সে, মানে কল সেন্টারে, এদিকেই অফিস।

অফিসের নাম-ঠিকানা জানা হয় না। তবে কানে একটা কথা বাজছে: এ কাজ ভালো লাগে না। সারা দিন কথা বেচতে হয়।

বাস ওর গন্তব্যে আসতেই নেমে গিয়েছিল।

এর পর আর কোনো দিন দেখা হয়নি সেই গোলপনা মুখের মেয়ের সাথে। আমারও কিছু কথা ছিল, বলা হল না। তবে এখনো তারে খুঁজি ভিড়ের বাসে।