আমি মেশিনঘরের রিসিপশনিস্ট
দিনের বেশির ভাগ সময় মানুষ নিজেকে দেখতে পায় না। অন্যের চোখে তার বুঝে নিতে হয় নিজেকে। ভাগ্যিস সে নিজেকে দেখতে পায় না। দেখতে পেলে বুঝত যে নিজের কাছে আমরা কতটা অদেখা। এই যে বিচলিত মানুষ, এই যে অস্থির মানুষ যখন গভীর অপেক্ষারত অবস্থায় পা নাচায়, এদিক–ওদিক তাকায়, দাঁত দিয়ে নখ কাটে, সে কি জানে তাকে দেখতে কেমন লাগে? বড় বড় শ্বাস, শুকিয়ে যাওয়া ঠোঁট, আর অস্থির দৃষ্টিতে কী ভীষণ অসহায় দেখায়, মানুষ যদি নিজের সে চেহারা দেখতে পেত! দেখতে না পাওয়াই ভালো। নিজেকে পুরোটুকু দেখে ফেললে জীবনের পেছনে এমন করে ছুটে কি আর ভাল লাগবে? সকালে আয়নায় দেখা কিংবা লুকিয়ে জানালার কাচে কিংবা বাথরুমের আয়নায় একঝলক নিজেকে দেখা—আমি যে আমিই নই, এটা যে আমরা মনে রাখি না কিংবা সচেতনভাবে ভুলে যাই, এটা ভালো। সামনে তাকাতে ইচ্ছা করে। নিজেকে বড় সুন্দর লাগে।
এই যেমন আমি। আমি কিন্তু প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা, মানুষের এমন বিচিত্র চেহারা দেখি। অস্থির মানুষ, অসহায় মানুষ, অপেক্ষায় মানুষ, আশায় মানুষ। কত রকম মানুষ। কিন্তু আমি যখন তাদের দেখি, তখন আমাকে দেখতে কেমন লাগে, আমি তা জানি না। জানে ওপারে বসে থাকা মানুষগুলো, যারা আমাকে দেখছে।
আমি যে কাজটি করি, তাতে মানুষ দেখা অন্যতম। আমি একটি বড় ঘরের মাঝবরাবর একটি চেয়ারে বসে মানুষ দেখি। সামনে থাকে গোটা ছয়েক কাঠের টেবিল। প্রতিদিন আট–নয় ঘণ্টা। এটিই আমার চাকরি। আমি একজন রিসিপশনিস্ট।
আমি কোনো ডাক্তারখানা কিংবা বিউটি পারলারের রিসিপশনিস্ট নই। কোনো বড় করপোরেট কিংবা জ্যোতিষী ব্যবসার রিসিপশনিস্টও নই।
আমি একটি মেশিনঘরের রিসিপশনিস্ট। মেশিনঘর শুনলেই প্রথমে মনে হয় পানির পাম্পের মেশিন। কিন্তু আমি এমন কোনো সহজ সাধারণ মেশিনঘরের রিসিপশনিস্ট নই। আমি সেই মেশিনঘরের রিসিপশনিস্ট, যে মেশিনে মানুষের স্বপ্ন তৈরি হয়। স্বপ্ন তৈরির মেশিন।
স্বপ্ন তৈরির মেশিন! যে মানুষেরা কাজ খুঁজে বেড়ায়, যে মানুষেরা কাজে ক্লান্ত, কিছুটা অকাজের কাজ চায়, তারা এ মেশিনঘরের ক্লায়েন্ট।
জীবনানন্দ দাশ নাকি বলে গেছেন, ‘পৃথিবীতে নেই কোনো বিশুদ্ধ চাকুরি।’ শুদ্ধ আর অশুদ্ধকে নিয়ে ভাববার যুগ বোধ হয় এটি নয়। মনের মতন চাকরি খোঁজে সবাই। কেউ চায় ক্ষমতা, কেউ অর্থ, কেউ সুনাম, কেউ দুর্নাম কিংবা সাধারণ জীবনের ন্যূনতম খুঁটি। এদের সবার জন্য মেশিনঘর, যে মেশিনঘরের আমি রিসিপশনিস্ট।
এ মেশিনঘরের খবর সবার জানা নেই। তাহলে তো পৃথিবীর সবচেয়ে বড় আসর এখানেই হতো। সপ্তাহে তিন দিন গুটি কয়েক মানুষ আসে। একই মানুষ কোনো দিন দ্বিতীয়বার আসেনি। কারণ এ মেশিন দ্বিতীয়বার একই মানুষের ইচ্ছা পূরণ করে না। যারা আসেন, তারা কোথা থেকে খোঁজ পান, আমি জানি না। আমার সেটি জানবার এখতিয়ার নেই। যদি জানতে চাই, আমার চাকরি থাকবে না।
আমার চাকরি দরকার। কৌতূহল মুহূর্তের চাহিদামাত্র। জীবনের তাগিদে আমি কৌতূহলকে ত্যাগ করি।
মজার ব্যাপার হলো, আমার চাকরিও এ মেশিনের মাধ্যমে। মেশিনের কাছে ইচ্ছা প্রকাশ করেই যদি চাকরি পেলাম তো রিসিপশনিস্টের চাকরি কেন? রাজা হলেই তো পারতাম? কিন্তু এ মেশিন হুট করে কাউকে যেমন–তেমন চাকরি দেয় না। বহু প্রশ্নাদি করে, যাচাই–বাছাই করে, তবেই চাকরি হয়। তাই যার ভিখারি হবার যোগ্যতা, সে রাজা পদটি পাবে না। মেশিন বড় নিরপেক্ষ।
আমি বিএ পাস। কোনোরকমে। যে সময় চাকরি খুঁজছি, বাঁ হাঁটুতে সমস্যা ছিল। একটা অপারেশন হয়েছে। বসে থাকবার চাকরি দরকার। অপারেশনের কারণে আগের চাকরিটি গেছে। একদিন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম। রাস্তার ধার ধরে। মেহেদীর কমলা রং দিয়ে সাদা চুল রঙিন করা এক লোকের সঙ্গে আমার চা-বিড়ির দোকানে পরিচয় হয়েছিল। লিকার চা এবং এক খিলি পানের সঙ্গে অনেক গল্প হয়েছিল। এবং কমলা রঙের চুলের মানুষটি আমাকে নিয়ে এসেছিল এ মেশিনঘরে।
বলেছিল, ‘যাও ভেতরে, দেখো, বোঝো।’
মেশিনঘর। বাইরে থেকে দেখলে মনে হয় কারও কোনো নিজস্ব বাড়ি। আধা খোলা কলাপসিবল গেট। ঢোকার মুখে একচিলতে জায়গায় বাগানবিলাসহ গাছ দুটি, কয়েক পা এগোলে জৌলুসহীন একতলা দালানের সঙ্গে লেপ্টে আছে মানানসই বুড়ো মানিপ্লান্টগাছ। ডান দিকে দরজা। ঢুকলে ডাক্তারখানার মতন এক রিসিপশন ঘর। ১০-১৫টা চেয়ার আর রিসিপশনিস্টের বসার জায়গা। আর ভেতরের এক দরজা দিয়ে ঢুকলে মেশিনঘর। অনেকটা এক্স-রে রুমের মতন। আটকানো থাকে। যার সিরিয়াল আসে, সে দরজা ঠেলে ঢোকে শুধু।
মেশিনঘরের ভেতরের চিত্র খুব সাধারণ। চার কোনা রুম, হলদে দেয়াল, একটা মেশিন—অনেকটা জুয়া খেলার মেশিনের মতন। আর বসবার জন্য একটি চেয়ার। ভীষণ ঠান্ডা ঘর। প্রয়োজনের চেয়ে বেশি ঠান্ডা। আর বাড়তি কোনো সরঞ্জাম নেই এই রুমে। মেশিনের স্টার্ট বোতাম টিপলে বিভিন্ন প্রশ্ন আসে স্ক্রিনে, বোতাম টিপে টিপে হ্যাঁ–না উত্তর দিতে হয়। সব উত্তর মিলিয়ে মেশিন একটি ছোট্ট চিরকুট বের করে তার মুখের ফাঁকা পকেট থেকে। সেখানে বাংলায় টাইপ করা থাকে চাকরি জুটল কি না, কিংবা কী চাকরি, কোথায় চাকরি।
আমি যেদিন প্রথম গিয়েছিলাম, সেদিন মেশিনঘরের বাইরে একজন রিসিপশনিস্ট ছিল। ষাটোর্ধ্ব একজন মানুষ। সবুজ পাঞ্জাবি পরে আছে। রিসিপশনে পাঞ্জাবি পরে একজন বসে আছে দেখতে পাওয়ায় হয়তো তার কথা আমার স্পষ্ট মনে আছে। তার কাঁচাপাকা জুলফি, চুলগুলো কলপ দেওয়া, কালো। একটু বেশিই কুচকুচে কালো। তো কলপ যখন চুলে দিল, জুলফিতে নয় কেন? তাকে দেখে আমার এই কথাটাই প্রথম মনে হয়েছিল। আমি গিয়ে তাকে আমার নাম বলেছিলাম। সে বলেছিল, ‘বসেন, ৩ নম্বর সিরিয়াল।’ রুমে আমরা ছিলাম পাঁচজন। কেউ আমাকে প্রশ্ন করেনি, আমি কেমন করে এখানে এলাম। আমিও কাউকে প্রশ্ন করিনি। আমি রিসিপশনিস্টের উল্টো দিকের কাঠের চেয়ারে বসে অপেক্ষা করছিলাম। যতবার চোখ পড়েছিল, রিসিপশনিস্ট হেসেছিলেন, পরিমিত কিন্তু আন্তরিক হাসি।
এখন যখন আমি রিসিপশনের চেয়ারে বসে অপেক্ষারত মানুষগুলোর দিকে তাকিয়ে হাসি, তার মতন পরিমিত আন্তরিক একটি হাসি হাসার চেষ্টা করি। কে জানে, সে হাসি দেখতে কেমন লাগে? কে জানে, হয়তো অপেক্ষারত মানুষগুলো আমার আঁকাবাঁকা দাঁতের হাসি দেখে মনে মনে ভাবে, ‘হায়নার হাসি’ কিংবা ‘দেঁতো হাসি’ অথবা অর্থহীন হাসি বা নিরীহ গরিবি হাসি?
কে জানে! কিন্তু আমি জানি, আমি যখন হাসি, তখন সবুজ পাঞ্জাবি পড়া, সেই মানুষের চেহারা মনে পড়ে। তার কাঁচাপাকা জুলফি। পরিমিত হাসির সেই আগের রিসিপশনিস্ট। মেশিনঘরে আমার চাকরির জোগাড় হয়েছিল সেই দিনই। যখন কাজ শুরু করি, সেই আগের রিসিপশনিস্টকে দেখিনি। সে কি আগেই জানত, তার জায়গায় নতুন লোক আসবে? অথবা সে অন্য কোথাও চলে গেছে? কিন্তু তার সেদিনের সে হাসি তো বিদায়ের ছিল না। ছিল তাড়াহীন এক স্থির হাসি, পরিমিত আর আন্তরিক হাসি। সে যে পরদিন থেকে আসবে না, সে কি জানত? কে জানে! তার সঙ্গে তো আমার আর কখনো দেখা হয়নি।
এই কাজের সূত্র ধরে আমার যে কত রকম মানুষ দেখা হলো। আসলে দেখা হয় মানুষের চোখ। রিসিপশনে বসে মানুষের চোখ–বরাবরই চোখ যায়। কত রকম চোখ, কত তাদের আখ্যান! চকচকে চোখের মানুষ—যেন হীরার কুচিমাখা আশার আলোয় ধাঁধানো চোখ। হতাশার খটখটে তাপে শুকিয়ে যাওয়া বৃষ্টিহীন চোখ, হাসির বুদ্বুদে খেলা করা চোখ, ক্লান্ত চোখ, ভ্রান্ত চোখ। কত রকম চোখ। আমি সেসব চোখ পড়ি, দেখি। চোখের অধিকারে কোন মানুষ, তাকে মনে রাখে হয় না আলাদা করে।
দু–একজনকে মাঝেমধ্যে মনে থাকে না, তা তো নয়। এই যেমন বেশ মনে আছে, গোঁফওয়ালা সুখী চেহারার মানুষটিকে। তার মূল বৈশিষ্ট্য ডান নাকের পাশের বড়সড় তিলটি। এই তিলটি তাকে মনে রাখতে সাহায্য করে। তাকে হয়তো ভুলেই যেতাম, যদি না তাকে দেখার দুদিন পর পত্রিকায় তার ছবিটি না দেখতাম।
পত্রিকার শেষ পাতার বাঁ দিকের কোনায় লোকটির ছবি। এক বাড়িতে ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে। প্রভাবশালী এক ব্যক্তির বাড়িতে ডাকাতির চেষ্টা। এ জন্য পত্রিকায় ছবি। নাহলে হয়তো ছাপা হতো না তার ছবিখানা। আমি ভাবলাম অন্য কথা। তবে সে মেশিনঘরে এসেছিল কেন? মেশিন বুঝি তার খামে ভরে দিয়েছিল চিরকুট, ‘তুমি ডাকাত হবে’? নাকি মেশিনঘরের বরাতে কিছু মেলেনি বলে শেষমেশ ডাকাতি? কে জানে? আমি অত জানি না। আমার মাস শেষে টাকা আসে। যা আসে, তা নিয়মিত, পর্যাপ্ত, আমার চলে যায়। দেশে পরিবারকেও পাঠাতে পারি। স্ত্রী আর চার বছরের পুত্র থাকে দেশের বাড়ি। ছেলে আরেকটু বড় হলে শহরে নিয়ে আসব ওদের। এখন দাদাবাড়ি–নানাবাড়ি মিলিয়ে ছেলে ভালো আছে। ছেলের মা–ও শহরের ব্যাপারে অনাগ্রহী। ফাঁপর লাগে। যাক আরও কিছুদিন যাক, ওদের নিয়ে আসব।
মেশিনঘরের সুপারভাইজার লোকমান সাহেব মাস শেষে খামে করে আমার বেতনের টাকা বুঝিয়ে দেন। ব্যতিক্রম হয় না। এই মেশিনঘরের মালিক ব্যস্ত মানুষ। দিনে কখনো আসেন না। প্রয়োজনে লোকমান সাহেব গিয়ে তার বাসায় কিংবা তার অন্য অফিসে মিটিং করে আসেন। আর মালিক এলেও রাতে অন্য কাজ সেরে ঘুরে যান। তখন আমি তো আর অফিসে থাকি না। কাজে যোগ দেওয়ার পর, এক–দুবারই মালিকের সঙ্গে দেখা হয়েছে। সে অর্থে ঝেড়ে কেশে কোনো কথা হয়নি। ‘ঠিক করে কাজ করো, মন দিয়ে কাজ করো’—উত্তরে আমার ‘জি স্যার’ গোছের কথা হয়েছে মাত্র। বলতে গেলে লোকমান সাহেবই আমার বস। উনি নির্ঝঞ্ঝাট মানুষ। আর আমার কাজ তো এমন আহামরি কঠিন নয়। শিখিয়ে–বুঝিয়ে দেওয়ার পর আমি এসব নিজেই সামলাতে পারি। ঈদ, পূজা, সরকারি ছুটিতে মেশিনঘর বন্ধ থাকে। আগেই নোটিশ দিলে ছুটি পাওয়া যায় তিন থেকে পাঁচ দিনের। অমন সময় লোকমান সাহেব রিসিপশন সামলে নেন। তো এমন আরামের কাজ ছেড়ে দেওয়ার কোনো সুদূর পরিকল্পনা আমার আপাতত নেই।
এই যে আমার কোনো তাড়া নেই, ছেড়ে যাওয়ার কোনো অস্থিরতা নেই, এই ভাবনাগুলো এলোমেলো ভাবি, আমি যখন প্রতিদিন কাজ থেকে বাড়ি ফিরি, তখন। আমার কাজের জায়গা থেকে বের হলেই সরু গলি। দুজন মানুষ পাশাপাশি হাঁটতে পারে, তেমন প্রস্থের গলি। গলি থেকে বের হলে একটি অফিসার্স কলোনির নিজস্ব রাস্তা। সেই রাস্তায়ও ভিড় নেই তেমন, সঙ্গে লাগোয়া পার্ক। সাধাসিধে পার্ক। যেমন হয় আরকি। সকালে মর্নিং ওয়াক পার্টি, দুপুরে অলস আর বেকারের দলের শুয়ে–বসে থাকা, দুপরের রোদ পড়তির সময়ে প্রেমিক যুগল, বাদাম ভাজা-ভুট্টা পোড়া, শিশুদের নিজের ছন্দে দাপাদাপি খেলা এবং ইভিনিং ওয়াক পার্টি। আমি সেই তথাকথিত পার্কের পথ ধরে হাঁটতে হাঁটতে, বাড়ি ফিরতে ফিরতে, ভুট্টা পোড়ায় কামড় দিতে দিতে এসব তাড়াহীন ভাবনা ভাবি।
আমি সেদিনও হাঁটছিলাম। থামার কোনো মতলব ছিল না, যদি না পেছন থেকে ডাক না আসত, হাঁটার ছন্দে বাঁধা পড়ল কেমন যেন। ‘এই যে শোনেন। এই ভাই এই এই।’
পেছন ফিরে তাকিয়ে দেখি, একজন। বয়স বোঝার উপায় নেই, একটা ওড়নায় মাথা ঢাকা, ওড়নার খুঁট দিয়ে মুখটা চেপে রেখেছে। তার সাদা-কালো ফুলওয়ালা সালোয়ার কামিজটাই চোখে পড়ল। আমি পিছিয়ে যাই আমার গন্তব্য থেকে। তার দিকে এগিয়ে হাঁটি। চার পা হেঁটে তার সামনে মুখোমুখি দাঁড়াই।
বলি, ‘বলেন।’ তাড়াহীনভাবেই বলি। তাড়াহীন ভাবনারা আমাকে আচ্ছন্ন করে রেখেছিল তখনো।
‘আপনার মোবাইল আছে?’
বাপ রে, সেধে পড়ে ছিনতাইকারীর পাল্লায় পড়লাম? চারপাশে তাকাই। দূরে কিছু মানুষ হাঁটছে। তো ছিনতাইকারী ধরলে তো আর কেউ এগিয়ে আসবে না—ভেবে হতাশ কণ্ঠে বললাম, ‘কেন?’
‘একটা ফোন করব ভাই। প্লিজ খুব দরকার।’
আমি তাকিয়েই থাকি। মোবাইল দেওয়া অনুচিত হবে, খুবই অনুচিত। দৌড় দেব নাকি?
‘আমার মোবাইলের ব্যালান্স শেষ। ড্রাইভার কই গাড়ি রেখেছে, খুঁজে পাচ্ছি না। এই দেখেন, আমার কাছেও মোবাইল আছে। আমি চোর না।’
‘না না, আমি তো চোর বলিনি।’
ঢোক গিলি। মোবাইলটা বের করব? কম দামি মোবাইল আমার, কিন্তু বড় প্রয়োজনীয়। প্রায়ই এই–সেই ঝামেলা হয়। পাড়ার দোকানে মেরামত করে সারিয়ে নিই। এটা হারালে শিগগিরই কেনা হবে না।
‘আজব, আপনি আমারে বিশ্বাস করলেন না? জানেন, আমি কে? আমি চোর না। দেখেন আমি কে!’ ওড়নার খুঁট সরে মুখ থেকে।
আমি চমকে উঠি। খুব চেনা চেহারা তো। আরে, একে তো আমি চিনি। নামও তো জানি। সুলতানা। ইনি এখানে? কী তাজ্জব ব্যাপার!
তার নাম সুলতানা, আমি জানি। কিন্তু তাকে কীভাবে চিনি এবং কই দেখেছি, এই মুহূর্তে কেন আমার মাথায় আসছে না কে জানে?
‘আপনি আমাকে চিনতে পেরেছেন?’ মহিলা নিজেই প্রশ্ন করে।
‘সুলতানা?’ আমি কাঁপা কাঁপা চোখের পাতা ফেলে এবং তার চেয়েও কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করি।
‘হু, সুলতানা। আপনি আমার ছবি দেখেননি কোনো?’
‘ছবি? কোন ছবি?’
‘আরে, আমার সিনেমা দেখেননি? আপনি তো মনে হচ্ছে আমাকে ঠিক করে চেনেন না। নাম জানেন শুধু।’
এই রে, এ তো সিনেমার নায়িকা! আমি এর ছবি দেখি পত্রিকায়। মাঝে কী কাহিনি হলো যেন তার নামে, সব পত্রিকায় খবর এল। পড়ে দেখা হয়নি। আর আমার সিনেমা–টেলিভিশন দেখা হয় না তেমন। এই মহিলার কোনো সিনেমা দেখিনি। শুধু পত্রিকার কল্যাণে চিনি।
‘জি, আমার সিনেমা দেখা হয় না তেমন। কিন্তু আমি আপনাকে চিনি। মোবাইল নেন। এই যে।’
মোবাইল সেদিন ঠিকঠাকই ফেরত পেয়েছিলাম। সিনেমার নায়িকা প্রথম সামনাসামনি দেখার মাদকতা নিয়ে বাড়ি ফিরেছিলাম। কাউকে বলিনি। বলার মতন আশপাশে কেউ ছিলও না। আর কিছু ঘটনা ঘটে যায়, যার গল্প বলে ফেললে ঘটনাকে কম আকর্ষণীয় মনে হওয়া শুরু হয়। তাই এসব ভেবে কিংবা তেমন কিছু না ভেবেই কাউকে আর বলা হয়নি আমার প্রথম নায়িকা দেখার গল্প।
কিন্তু তিন দিন পর যখন ঘটনাটি ঘটল, না বলে আর উপায় ছিল না। বউকেই জানালাম দেশে ফোন করে। বউ প্রথম ঘটনা শুনে বিহ্বল। বিহ্বলতা সামলে সব ঘটনা শুনে বলল, ‘সাবধান, এই মহিলার কিন্তু ঝামেলা আছে। টিভি–পত্রিকায় খবর আসছে।’
ঘটনা হলো তিন দিন পর, এক অচেনা নম্বর থেকে ফোন এল। ছুটির দিন। এক বাড়িতে তিনজন মিলে থাকি আমরা। তিনটি ছোট কামরার এক বাড়ি। সঙ্গে একচিলতে বারান্দা। আর কমন বাথরুম। রান্না আর ঘর ঝাড়পোঁছ করার জন্য এক লোক আসে সকালে। বাকি কাজ যে যার নিজেরটাই করে। তো সেদিন ছিল ছুটির দিন। আমি আমার সারা সপ্তাহের কাপড় ধোয়া, মশারি ওঠানো ধরনের খুচরা নানা কাজে ব্যস্ত ছিলাম। অচেনা নম্বরের ফোনটা ধরলাম। আমার কাছে কেউ তেমন ফোন করে না। যারা করে, তাদের আমি চিনি, নম্বরও। আর অচেনা নম্বরের বেশির ভাগই তো কাস্টমার কেয়ার, নইলে রং নম্বর।
কিন্তু এই নম্বর অচেনা ছিল না মোটেও। বরং আমার জীবনের আরও কত রকমের হুজ্জতির শুরুও বটে। অচেনা ফোনকল। ওপাশ থেকে নারীকণ্ঠ বলল, ‘চিনতে পারছেন কি?’
কেমনে চিনি। আমার সস্তা ফোনে কি ক্যামেরা–ট্যামেরা ফিট করা আছে যে বুঝব!
‘না। কে আপনি?’ কাঠ কাঠ গলায় উত্তর দিই।
‘আমি সুলতানা।’
‘কোন সুলতানা’ বলেই মনে হলো এ নিশ্চয়ই নায়িকা সুলতানা। সুলতানার কণ্ঠ মনে রাখার মতন। মিহি গলা নয়। খসখসে।
ফোনের ওই পাশের কণ্ঠও খসখসে।
ওই পাশ থেকে সুলতানা বলে, ‘ওই যে সেদিন পার্কে? আমি নায়িকা ছিলাম।’
ও নায়িকা ছিল? এখন নাই নাকি। কিন্তু এই প্রশ্ন আর করলাম না।
বরং বললাম, ‘জি বলুন।’
‘খুব বিপদে পরে আপনাকে ফোন দিয়েছি। আপনার কথা মনে হলো। আপনিই পারবেন সাহায্য করতে। প্লিজ প্লিজ।’
এই রে। আমি কী সাহায্য করব, এত বড় নায়িকা কে? কই গেল তার নায়ক আর চেলা–চামুণ্ডারা?
আমি বললাম, ‘আমি?’
‘জি, প্লিজ প্লিজ, এত কথা বলার সময় নাই। আপনি বিকাল চারটায় একটু পার্কে আসুন।’
‘আপনি আমার নম্বর পেলেন কোথায়।’
‘আরে সেদিন আপনার নম্বর থেকে আমার ড্রাইভারকে কল করলাম না! আপনার নম্বর ড্রাইভারের থেকেই নিয়ে রেখেছিলাম। মনে হয়েছিল আপনাকে কাজে লাগবে।’
‘কী কাজ?’
‘আহা, সেইটা বলব বলেই তো ডাকছি। আসছেন তো?’
হ্যাঁ–সূচক উত্তর দিয়ে ফোন রেখে আমি ভাবলাম আমি কেন রাজি হলাম?
আচ্ছা যদি আমার কাছে টাকা ধার চায়? আমার কাছে তো এখন দেওয়ার মতন কোনো টাকা নেই। ভেবেই হাসি পেল। চাকায় ঘোরা জীবনে টাকা ছাড়া আর যেকোনো প্রয়োজন হতে পারে, এটা আমার মাথায় ছিল না। অত বড় মানুষ, আমার কাছে টাকা চাইবে? কেন? চিন্তা নাকচ করে দিলাম। কিন্তু বুঝলাম, বেশ একটা ‘কী করি কী করি, সময় কাটে না’ গোছের অস্থিরতা আমাকে পেয়ে বসল।
এমন কেন ভাব হচ্ছে, বুঝলাম না। ইতিমধ্যে যেমন–তেমন করে হাতের কাজ শেষ করে খেয়েদেয়ে সাড়ে তিনটা বাজিয়ে, হেঁটে হেঁটে চারটার উদ্দেশে পার্কে রওনা দিলাম।
ঘটনা যা ঘটল, তা আমায় ভাবাল। পার্কে পৌঁছানোর প্রায় ১৫ মিনিট পর সুলতানা এল। মাথার হালকা ঘোমটার খুঁট মুখে চেপে রাখা। পার্কের কোনায় দুটো ঝুমকো জবার গাছ। তার পাশে যে সিমেন্টের বেঞ্চি, তাতে আমরা দুজন বসলাম। কথা বলতে গেলে মুখ থেকে কাপড় সরিয়ে ফেলতে হলো। চোখে পরে নিলেন নীল রঙের রোদচশমা। কেউ যাতে না চেনে, সে জন্য হয়তো। অবশ্য আশপাশে কেউ তাকাচ্ছেও না আমাদের দিকে। কারও ভাবনায় আসবে না, এখানে বসে আছেন নায়িকা সুলতানা।
সুলতানা অস্থিরভাবে কথা বলেন। তার গলার স্বর খসখসে। তারপরও শুনতে ভালো লাগে। কিন্তু আমার একটা হালকা অস্বস্তি হচ্ছিল। তার চোখ দেখতে না পাওয়ার অস্বস্তি। সে যখন চোখ ঢেকে ফেলল, আমি বুঝলাম এই মানুষটির সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে তার চোখ জোড়া। আমার মেশিনঘরে দেখা প্রতিদিনের চোখগুলো নয়। এ চোখ অন্য রকম, জ্বলজ্বলে, কথা বলে।
সে হাত নেড়ে বোঝাল অনেকক্ষণ, আমাকে ডাকার হেতু। একটি খাম আমাকে পৌঁছে দিতে হবে। তার গাড়ি করে, একজনের অফিসে। আমি অবাক। আমি কেন? আপনি বা আপনার ড্রাইভার? কিংবা আরও কোনো লোকজন? মনে মনে বললাম, কোথায় তোমার চেলা–চামুণ্ডা এবং নায়কেরা?
সুলতানার রাখঢাক নেই। সপ্রতিভ। হবেই। সফল মানুষ। হারানোর ভয় তো কিছু নেই। বলল, ‘আপনি খবর কিছু রাখেন না দেখি। আমার সাথে প্রডিউসার-ডিরেক্টরদের ঝামেলার খবর জানেন না? সবাই জানে। সবখানে বড় বড় করে খবর আসে। টক শো হলো এ নিয়ে। আমার তো কোনো কাজও নেই। আমি বা আমার ড্রাইভার গেলে ঝামেলা আছে। আপনি অপরিচিত মানুষ। কিছু বলবে না। প্রডিউসারের টাকা ফেরত দিয়ে আসেন, প্লিজ। আমার গাড়ি করে যাবেন। আমার ড্রাইভারের সঙ্গে। সে নিচে অপেক্ষা করবে, আপনি উঠে টাকা দিয়ে আসবেন। কাজ শেষে গাড়ি বাসায় নামিয়ে দেবে। এ শহরে আসলে কেউ নাই আমার, থাকলে কি আর আপনাকে...’
এই সন্ধের মুখে যখন পাখি ঘরে ফেরে, সন্ধ্যা বাতাসে সময় কেমন পাখির মতন হয়ে যায়, ছটফটে, তখন আমার কী সাধ্যি এই মাদকতাময় অনুরোধ উপেক্ষা করি।
টাকা দিয়ে এসেছিলাম এক বড় অফিসে, এক ছোট কর্মচারীর হাতে, রিসিট সাইন করিয়ে। কোনো ঝামেলা হয়নি। ফেরার সময় গাড়িকে ছেড়ে দিয়েছি। গাড়িতে আমার অনভ্যাস। হেঁটে হেঁটে আর রিকশায় বাড়ি ফিরতে ফিরতে ভেবেছি, কেন কেন? আমি কেন?
বউকে বাড়ি ফিরেই জানালাম। পাশের রুমের শাহেদ ভাই সিনেমার পোকা। সব খবর রাখে। গল্পের ছলে তার থেকে জানলাম ঘটনা, সুলতানার কেচ্ছা। বড় নায়িকা। কিন্তু খামখেয়ালি। কাজ বাদে সবকিছুতে মনোযোগ। কখনো শিডিউল ফাঁসায় তো কখনো নায়ককে ফাঁসায়। টাকা নিয়ে কাজে যায় না। এত সব ঘটনা জমতে জমতে যেদিন প্রডিউসারের সঙ্গে হাতাহাতি, সবাই মিলে একপ্রকার বয়কটই করল তাকে। একদম লেজেগোবরে অবস্থা। কাজ নেই, দুর্নাম, ঋণ ইত্যাদি ইত্যাদি।
এর পরের ফোন আসে ১০ দিন পর। এরপর আসতেই থাকে। কাজে কিংবা অকাজে। আমি আমার মেশিনঘরের কাজের ফাঁকে ধীরে ধীরে এক অদ্ভুত সময় আবিষ্কার করি, অতীতও নয়, বর্তমানও নয়, সময়টি অদ্ভুত, যে সময়ে আমি আর অন্য সময়ের মতন না। আমি গুরুত্বপূর্ণ। এ জীবনে আমরা নিজের গুরুত্ব খুঁজে ফিরি। কে না চায় গুরুত্বপূর্ণ হতে? সেই গুরুত্বপূর্ণ হবার লোভে আমি সেই অদ্ভুত সময়কে খুঁজে ফিরি। লুফে নিই।
আমি এমন এক ‘আমি’কে খুঁজে পাই, উল্টেপাল্টে দেখি, যেমন আমিকে আগে কখনো দেখিনি। এত বড় একজন নায়িকা, খসখসে গলায় যখন আমাকে গল্প বলে, অনুরোধ করে বা আদেশ দেয়, তখন সব ভালো লাগা ছাপিয়ে আরেকটি বোধ কাজ করে—নিজেকে গুরুত্বপূর্ণ ভাবার বোধ। কে বিশ্বাস করবে সুলতানাকে আমি চিনি? কে বিশ্বাস করবে সুলতানার সঙ্গে আমার প্রায়ই দেখা–সাক্ষাৎ হয়, ফোনে কথা হয়।
বউকে মাঝেমধ্যে বলি, কিংবা বউও জিজ্ঞেস করে। সরল গলায় প্রশ্ন করে, ‘তুমি কি তারে বিয়ে করবা নাকি?’
‘আমি?’
‘এত মিলমিশ করো কেন তাইলে?’
‘আমি তো বিয়ে করছিই, তোমারে। এসব কী কও।’
‘তুমি পুরুষ মানুষ, চাইলেই তো বিয়ে করে ফেলবা।’
‘কী অদ্ভুত কথা কও রেহানা?’
ভাবি আর হাসি। সুলতানার সঙ্গে বিয়ে? সুলতানাকে যে আমি চিনি কিন্তু তাকে কি আমি বুঝি? আমার পৃথিবীর কোনো অংশে সুলতানার মতন কোনো চরিত্র তো কখনো বিরাজ করেনি। আমি জানিও না তারা কেমন হয়। আমি তাই মনে হয় আগ্রহ নিয়ে বিস্ময়ে তাকে চেনার চেষ্টা করি। কিন্তু আমার পৃথিবীতেই যার বাস নেই, যার ভাবের সূত্র আমি জানি না, তার সঙ্গে ভালোবাসা তো দূরের কথা, আবার বিয়ে! বউয়ের কথায় তাই হাসি।
কিন্তু কাজের ফাঁকে, বাজারের লিস্টি করার ফাঁকে, আমার সুলতানার কথা মনে হয়, সত্যি। সেই মনে হওয়ায় এক কাঁপা কাঁপা ভালো লাগা আছে, গুরুত্ব পাবার লোভ আছে। কিন্তু প্রেম নেই। আমি কখনো প্রেম করিনি। প্রেম করার প্রয়োজন পড়েনি। কিন্তু আমি বুঝি এই অনুভূতি প্রেম নয়। এইটা এক আকর্ষণীয় অনুভূতি—অন্য পৃথিবী আবিষ্কারের মতন আকর্ষণীয় ও নতুন।
সুলতানা যেদিন আমার বউয়ের জন্য হলুদ জমিনের সবুজ পাড়ের সিল্ক শাড়ি আর বাচ্চাটার জন্য খেলনা প্লেন উপহার দিল, আমি বিব্রত হলাম। এই শাড়ি আমার অচেনা, সুলতানার মতন। আমার বউ খুশি হবে নিশ্চয়ই, কিন্তু এই শাড়ির অধিকার পেয়ে স্বস্তি পাবে কি? এই শাড়ি পরবেই–বা কোথায়? কিন্তু সুলতানাকে ‘না’ বলা অসম্ভব। আমি খেলনা আর শাড়ি গ্রহণ করেছিলাম। পরবর্তীকালে কৃতজ্ঞতাস্বরূপ এক প্যাকেট ডালমুট কিনে তাকে খেতে দিয়েছিলাম। সুলতানা হাসিমুখে অনেক ধন্যবাদ জানিয়ে সেই উপহার নিয়েছিল।
এমনই এই সম্পর্ক—অসম, অপ্রেমের এবং আকর্ষণীয়।
সেদিন সুলতানার মোবাইলের বিলটা মিটিয়ে পার্কে এলাম। সুলতানা দেখি আমার আগে এসেই বসে আছে। আজকাল আর মুখ ঢাকে না। বলল, ‘আমাকে কি একটা চাকরি দিতে পারবেন?’
আমি চমকে উঠি। ‘আপনি চাকরি করবেন?’
‘হু’
‘আপনার এত টাকা!’
‘টাকা নাই, এই যে সবার ধার শোধ করছি, আর তো টাকা নাই।’
‘তা–ও তো আপনার যে টাকা, আমরা তো সারাজীবনেও...’
‘ফ্ল্যাটটা ও নিয়ে গেছে, গাড়ি বিক্রি করে দিব।’ স্বগতোক্তি করে সুলতানা।
সুলতানা এমনই। আমাকে পাশে বসিয়ে বেশির ভাগ সময়ই স্বগতোক্তি করে। আমি শুনি। কখনো কখনো বলি।
সুলতানা বলেই যায়, ‘গাড়ি পোষা তো হাতি পোষা। গাড়ি বিক্রি করে দিচ্ছি, বাকি টাকা তাতে শোধ হয়ে যাবে। আর এই ড্রাইভার স্পাই। ওদের লোক। একে রাখা যাবে না।’
এর পর থেকে পরের বেশ কদিন সুলতানার মতন এক বড় মানুষ আমার কাছে চাকরি খোঁজে। সুলতানা তো জানেও না, আমি কী কাজ করি। কোনো দিন জানতেও চায়নি। আমার নাম, বাসার গলি চেনে। আমার বউ আর এক সন্তান—এটুকুই শুধু জানে বোধ হয়। তারপরও আমার কাছে চাকরি চাওয়ার কোনো কারণ নেই। আমাকে দেখলেই বোঝা যায়, আমি ছাপোষা মানুষ, চাকরি চাওয়া ধরনের মানুষ। চাকরি দেবার মানুষ নই।
তারপরও সুলতানার অনুরোধ ফেলা অসম্ভব। আমাকে সেদিন যখন আবার বলল, ‘আমি তো ইন্টারমিডিয়েট পাস। কোনো একটা অল্প বেতনের চাকরিও কি হয় না?’
আমি পাল্টা প্রশ্ন করি, ‘আপনি আর সিনেমা করবেন না?’
‘কিছুদিন যাক, কিছু বছর। তারপর চিন্তা করব। এখন সময় ঠিক নাই। দাদির বাড়ি আছে, পুরান ঢাকায়, নিচতলায় গিয়ে উঠব। একটা কোনোরকম চাকরি পেলে আর যেটুকু হাতে আছে, আপাতত চলে যায়।’
এরপর আমার আর কী করার থাকে! সেদিন কাজ শেষে মেশিনঘরের লোকমান সাহেবকে বলি সুলতানার চাকরির কথা। সে যে নায়িকা সুলতানা, তা চেপে যাই। লোকমান সাহেব সব শোনেন। আমি বিশ্বস্ত কর্মচারী। আমার অনুরোধ ফেলতে পারেন না। তিন সপ্তাহ পর সময় দেন সুলতানার জন্য।
সুলতানাকে খবর জানাই। কখন কোথায় যেতে হবে, সব বুঝিয়ে দিই। সুলতানার আনন্দ দেখে নিজেকে গুরুত্বপূর্ণ মনে হয়। ঠিক করি সুলতানাকে সঙ্গে নিয়েই ওই দিন মেশিনঘরে যাব। ভাবি ঠিকই। কিন্তু যা ভাবি, তা–ই কি হয়? দুদিন পর খবর আসে, ছেলেকে কুকুর কামড়েছে। ইনজেকশন শুরু হয়েছে। মায়ের জ্বর—মনে হয় ডেঙ্গু। তৎক্ষণাৎ তৈরি হয়ে বাসার উদ্দেশে রওনা দিতে গিয়ে পকেট থেকে পুরোনো ঝালাই করা মুঠোফোন মাটিতে পড়ে যায়। ভেঙে চুরমার।
ছেলের অসুখ, মায়ের ডেঙ্গু, নিজের ডায়রিয়া, গ্রামের জমিবিষয়ক জটিলতা—সব ঝড় সামলে ফিরে আসতে পাক্কা ২৫ দিন লাগে। এর মাঝে খুব হালকাভাবে সুলতানার কথা মনে হয়েছে। যোগাযোগের উপায় ছিল না, মাধ্যমও। ভাবি ফিরে এসে খুঁজে নেব।
এক সাদামাটা সকালে ফিরে আসি ক্লান্ত শরীর ও মন নিয়ে শহরে। টেবিলের ওপর আমার নামে আসা মুখবন্ধ খয়েরি খামের ভেতর একটি চিরকুট পাই।
‘আপনাকে তো খুঁজে পেলাম না। ফোনও বন্ধ। কী করে আপনাকে ধন্যবাদ জানাই। আমার চাকরি হয়ে গেছে। যে মেশিনঘরে পাঠিয়েছিলেন, সেই মেশিনঘরের রিসিপশনিস্ট।—সুলতানা।’
আমি চিরকুট হাতে অপেক্ষা করি। এক তাড়াহীন বোধ। দুপুর শেষে পথে নামি। হাঁটি। কাজ খুঁজতে হবে। আমি এখন আর মেশিনঘরের রিসিপশনিস্ট নই। আমি এবার কী হব?