আলু তুললে কী হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুবায়ের বাজার থেকে ঘেমেনেয়ে এসে ধুপ করে থলেটা রান্নাঘরের মেঝেতে রাখলেন। অমনি থলের ফাঁক দিয়ে দুটো পটোল লাফিয়ে পড়ল। পটোল দুটো তিনি যেই তুলতে যাবেন, অমনি ছোট মেয়ে টুনি দৌড়ে এল, ‘খবরদার! পটোল তুলবে না, বাবা!’

জুবায়ের একটু কুঁজো হয়ে ছিলেন, মেয়ের কথায় সোজা হয়ে গেলেন। বললেন, ‘কেন রে, মা? পটোল তুললে কী হয়?’

টুনি ডাগর চোখ দুটো গোল গোল করে বলে, ‘পটোল যে তোলে, সে মারা যায়! তিথি মিস বলেছেন, পটোল তোলা মানে মারা যাওয়া।’

একটু থেমে টুনি আবার বলে, ‘ভাইয়াও সেদিন বলেছে, মাছ চোর হুলো বিড়ালটা পটল তুলেছে। কাজেই তুলবে না।’

টুনির কথা শুনে জুবায়ের হো হো করে হাসেন। মেয়ের ভুল ভাঙানোর চেষ্টা করেন, ‘দুর, পাগলি! পটোল তুললে কেউ মরে না। ওটা তো কথার কথা।’

টুনি ঘাড় বাঁকা করে বলে, ‘না, মিস বলেছেন!’

বুয়া আন্নির মা এসে বলে, ‘আইচ্ছা, খালুর পটোল তোলন লাগত না। আমিই তুলি।’

টুনি বলে, ‘তুমিও কিন্তু মরবে!’

আন্নির মা হি হি করে হেসে বলে, ‘আমি মরতাম না। গরিব মাইনষের মরণ এত্ত সোজা না!’

টুনি দেখে, বুয়া সত্যিই মরল না। সে জানতে চাইল, ‘বুয়া, পটোল তুলেও মরলে না কেন?’

‘গরিব মাইনষের জানডা খুব কঠিন গো, মা! এক্করে কই মাছ! কই মাছের পরান! ধড়ফড় করে, তবু মরে না!’

বুয়ার কথা ঠিক কি না, তা জানতে বাবাকে খোঁজে টুনি। তিনি এর মধ্যে গোসলখানায় ঢুকেছেন। বাবার শার্ট ইস্তিরি করছেন মা। তাঁকে গিয়ে বলে, ‘আচ্ছা মা, গরিবদের প্রাণ নাকি কই মাছের?’

মা বলেন, ‘এখন এত ঘ্যান-ঘ্যান করিস না, বাপু। কাজ করতে দে।’

টুনি আর জোরাজুরি করে না।

গোসল সেরে ঝরঝরে মনে খেতে বসেন জুবায়ের। টেবিলে খিচুড়ি-ডিম বাড়া আছে। খেয়ে অফিসে যাবেন। সারা দিনের জের। হাপুস-হুপুস খেতে থাকেন তিনি। টুনি এসে জানতে চায়, ‘আচ্ছা বাবা, গরিবের প্রাণ নাকি কই মাছের?’

‘হতে পারে।’

‘তাহলে আমাদের প্রাণ কিসের?’

জুবায়ের বলেন, ‘মানুষের প্রাণ অনেক রকমের হয়।’

‘আমার প্রাণ কিসের, বাবা?’

‘তোরটা সোনার! সোনার প্রাণ!’

বাবার এ উত্তরে খুব খুশি টুনি। দ্বিগুণ উৎসাহ নিয়ে জিজ্ঞেস করে, ‘আচ্ছা বাবা, পটোল তুললে তো মরে যায়, ঢ্যাঁড়স তুললে কিছু হয় না?’

‘জানি না রে, মা!’

‘আলু তুললে?’

মা এসে বলেন, ‘এই মেয়ের কোনো কাজ নেই। কেবল প্রশ্ন আর প্রশ্ন! আর শুধু ঝামেলা পাকানো!’

খাওয়া শেষ করে ফিটফাট হয়ে অফিসের দিকে রওনা হন জুবায়ের। পথে টুনির ফোন আসে, ‘তুমি কিন্তু বলে গেলে না, বাবা?’

‘কী?’

‘আলু তুললে কী হয়!’

‘আচ্ছা, এসে বলব।’

অফিসেও স্বস্তি পান না জুবায়ের। মায়ের মোবাইল থেকে লুকিয়ে ফোন করে টুনি, ‘কই, বললে না বাবা, আলু তুললে কী হয়?’

‘আলু তুললে খাওয়া হয়। আর কিছু হয় না।’

‘কে বলল?’

‘এসে বলব। শুধু বলবই না, দেখাবও।’

বাবার অপেক্ষায় সময় গোনে টুনি।

কাজের ফাঁকে ফাঁকে নিজের ল্যাপটপে আলু খোঁজেন জুবায়ের। ইন্টারনেট থেকে আলু সম্পর্কে অনেক কিছু জেনে নেন। আলু কীভাবে চাষ হয়, কীভাবে খেত থেকে তোলা হয়, কীভাবে আলু খাওয়া হয়—সব।

এদিকে এক পশলা ভারী বৃষ্টিতে রাস্তাঘাট সয়লাব। জলমগ্ন রাস্তায় রিকশায় করে বাসায় ফিরতে থাকেন জুবায়ের। এক জায়গায় গর্ত। নোংরা পানিতে গর্ত কি আর দেখা যায়? ওতে একটা চাকা পড়তেই ভয়ানক রকম দুলে উঠল রিকশা। জুবায়ের উড়ে গিয়ে পড়লেন রাস্তার পাশে। নোংরা পানিতে পোশাক আর জুতো তো গেলই, কপালটাও ঠুকে গেল কংক্রিটে। মাথায় বোঁ বোঁ লাটিমের চক্কর। হাত দিয়ে দেখেন কপালের এক পাশে নাড়ুর মতো গোল শক্ত একটা কিছু।

তিরিক্ষি মেজাজ নিয়ে বাসায় ফেরেন জুবায়ের। সবাই হায় হায় করে ছুটে আসে। টুনি অবাক—বাবার এ কী হাল! সে বোকার মতো বলে, ‘বাবা, তোমার এমন বেশ কেন? কপালে ওটা কী?’

জুবায়েরের মুখে তেতো হাসি ফোটে। বলেন, ‘ওই যে ইন্টারনেট থেকে আলু তুলেছি, ওটা এখন কপালে উঠে গেছে! তুই না জানতে চেয়েছিলি, আলু তুললে কী হয়। এই দেখ, আলু তুললে কপালে আলু ওঠে!’