ইচ্ছেরা বাঁচে : প্রদীপ আচার্য
তেইশ মার্চ দীপ্তির নোটিশটা পাবার পর থেকে দুজনের চেনা গলি, সিঁড়ি, করিডোরকে আরও অচেনা করতে ব্যস্ততা বাড়ানোর সুযোগ খুঁজছি। হয়তো খামের ভেতরের শব্দগুলো আমাদের ছয় বছরের দাম্পত্যের ইতি টানার চূড়ান্ত বার্তাই বয়ে এনেছে।
স্বপ্নকে নিয়ে দীপ্তি ঘর ছেড়েছে দুমাস। যাবার আগে দীপ্তির বলা শেষ কথা ছিল, যথেষ্ট হয়েছে, আর ফিরব না।
উকিলকে ফোনে বললাম ডির্ভোসের ড্রাফট কপি করতে। ‘ঘরে থাকো, ঘরেই বাঁচো’ স্লোগানের আজ চার দিন।
সকালে দীপ্তির ফোন। স্বপ্ন কথা বলল মায়ের কোলে বসে। না খোলা খামটা খোলার জন্য অস্থির লাগলেও হাত উঠল না।
শেষে কৌতূহলের কাছে হার মানলাম। তা ছাড়া এ খাম তো খুলতেই হবে!
খুলতেই, অপার বিস্ময়! স্বপ্নের বার্থ সার্টিফিকেটের কপি। পেছনে লেখা, মনে আছে, তুমি বলতে, কয়েকটা শব্দ শোনার জন্য খুব লড়াই করতে ইচ্ছে করে?
দেয়ালে টাঙানো আমাদের যুগল ছবিতে স্থির চোখ আমার ঝাপসা এখন, বুকের ভেতর কী যেন গড়িয়ে যাচ্ছে চুপিসারে।
[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected] [email protected]]