ইতি রনো: সেঁজুতি বড়ুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তুতি নিয়েই রনো আজকে লাইভে আসে। যদিও গলায় জোর নেই। শুষ্ক কাশি গলা পেঁচিয়ে ধরে। তবু মুঠোফোনে হাসিমুখে বলতে থাকে, দর্শক, ব্যাচেলরদের জন্যে আমার আজকের রান্না—মসুর ডাল দিয়ে ঢ্যাঁড়স!

অমনি কমেন্টে হাস্যোজ্জ্বল হয় ইরাবতী, আজকে হলুদ বেশি দিয়ো, রনো!

সঙ্গে সঙ্গেই নিঝুমের কমেন্ট দৃশ্যমান হয়, বেশি দিয়ো না, প্লিজ!

অন্য মুঠোফোনে তখন মায়ের মেসেজ, সাবধানে থাকিস, বাবা।

মেসেজটা দেখে স্বস্তি পায়। ফিরে আসে রান্নায়, এখন অল্প পানি দিয়ে মসলা, ডাল-ঢ্যাঁড়সগুলো কষাচ্ছি...

হঠাৎই কাশিটা আবারও পেঁচিয়ে ধরে। সে ছিটকে দূরে পড়ে।

কমেন্টে, ইরাবতী আরও হাস্যোজ্জ্বল, রান্না পুড়ে ছাই! কোথায়?

ভিডিওতে লেখা ভেসে ওঠে—

রনো আর নেই

[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected], [email protected]]