
‘তোমার সঙ্গে নায়লার সম্পর্কটা কী?’
ব্রাজিল-কলম্বিয়ার খেলা দেখেছি রাত জেগে। ভোর-সকালের দিকে চোখে ঘুমটা লেগে এসেছে কি আসেনি, তখনই এসে হাজির শাহরিয়ার। এমন জোরে ধাক্কা দিচ্ছিল দরজায়, যেন আগুন লেগেছে কোথাও। ঘুমজড়ানো চোখে দরজা খুলে বললাম, ‘এক কোণে একটা কলবেল আছে, চোখে পড়েনি তোর?’
আমার প্রশ্নের উত্তর দেওয়ার যেন সময় নেই তার, উল্টো প্রশ্ন করল, ‘তোমার সঙ্গে নায়লার সম্পর্কটা কী?’
একটু থতমত খেয়েছিলাম প্রথমে, সামলে নিয়ে বললাম, ‘কেন, ছাত্রী-শিক্ষকের সম্পর্ক।’
‘তার বেশি কিছু না?’
‘না।’
‘তুমি কি শিওর যে তুমি নায়লার প্রেমে পড়নি?’
প্রচণ্ড বিরক্ত হয়ে বললাম, ‘শিওর।’
এবার অধিকতর বিরক্তিকর একটি প্রশ্ন করল সে, ‘কেন পড়নি?’
‘মানে?’
‘মানে, প্রাইভেট টিউটর হিসেবে ওর বাসায় তোমার অবাধ যাতায়াত। তুমি সপ্তাহে তিন দিন দুঘণ্টা করে ওর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাও...।’
‘তোর কি ধারণা সপ্তাহে তিন দিন আমি দুঘণ্টা করে সময় কাটাতে যাই? ওর বাবা আমাকে মাসে মাসে বেতন দিয়ে...।’
‘না না, তুমি ওভাবে নিচ্ছ কেন?’ গলার স্বরটা একটু নরম হয়ে এল ওর, ‘আমি বলতে চাচ্ছি, এ রকম অসাধারণ সুন্দরী মেয়ে তো আর হাটে-বাজারে সচরাচর দেখা যায় না..., ধরো অন্ধকারের মধ্যে একটা লকলকে আগুনের শিখা দেখলে পতঙ্গ, আই মিন পোকামাকড় উড়ে এসে পড়বেই...তুমি কেন...?’
‘কারণ, আমি পোকামাকড় না।’
‘নায়লা তোমার প্রেমে পড়েনি তো?’
‘না।’
‘কী করে শিওর হচ্ছ, তুমি তো এমন কিছু ফেলনা নও।’
‘তোর কী ধারণা ওইটুকু বোঝার সাধ্য বা ক্ষমতা আমার নেই?’
এবার শাহরিয়ার প্রায় উদ্ভ্রান্তের মতো বলল, ‘তাহলে কার? কার প্রেমে পড়ল নায়লা?’
‘নায়লা প্রেমে পড়েছে, এ কথা কে বলল তোকে?’
‘ও নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে—ইন আ রিলেশনশিপ।’
‘তাহলে পড়েছে। তাতে তোর-আমার কী করার আছে?’
‘কী করার আছে মানে? আমি খুন করে ফেলব, নায়লার পাশে যাকে দেখব, তাকে খুন করে ফেলব আমি।’
আমি একটু হাসলাম, তারপর দার্শনিকের মতো উদাসীন কণ্ঠে বললাম, ‘প্রেমিককে খুন করে কি প্রেমকে হত্যা করা যায়?’
‘জানি না। তবে খুন আমি করব। হেলাল হাফিজের কবিতা পড়নি—কিছু কিছু প্রেম আছে প্রেমিককে খুনি হতে হয়..., আমি খুনি হয়ে যাব।’
‘উরে বাব্বা, এত দূর? কবে হলো? নায়লার সঙ্গে আমিই তো পরিচয় করিয়ে দিলাম তোকে...তাও তো মাস তিনেকের বেশি হবে না। এর মধ্যে বঙ্গোপসাগরে এত পানি গড়াল?’
‘ঠাট্টা কোরো না, স্বপন ভাই। খোদার কসম, নায়লার মতো মেয়ে ইহজীবনে আমি আর দেখি নাই। ওকে না পেলে...।’ এবার সত্যিই করুণ, এমনকি কিছুটা বিধ্বস্ত দেখাল ওর চেহারা।
এ কথা ঠিক, নায়লা, মানে আমার ছাত্রীটা দেখতে খুবই সুন্দরী। ফরসা দেহবর্ণ, পানপাতার মতো মুখ, কালো ও গভীর কিন্তু চঞ্চল দুটি চোখ। দীর্ঘাঙ্গীর সোজা ঝরঝরে চুল নেমেছে কোমর ছাপিয়ে। একবার তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নেবে, এমন পুরুষ জগৎসংসারে বিরল। কিন্তু মাথাটা একদম খালি। ঘিলু-মগজ কিছু আছে বলে মনে হয় না। বিএ পরীক্ষায় পাস নম্বরের চেয়ে বিরাট ব্যবধানে অকৃতকার্য হয়েছে। এমন এক সুন্দরী গাধাকে পিটিয়ে মানুষ বানানোর দায়িত্ব আমার কাঁধে পড়েছে বলে আমি মহা বিরক্ত। তা ছাড়া কথাবার্তা বলার ধরনটাও মোটেই ওর দৈহিক সৌন্দর্যের সঙ্গে মানানসই নয়। শিক্ষকের সামনেই যে মেয়ে কথায় কথায় ‘হালার পুত, ‘পুংটা’, ‘মাল’, ‘মামু’, ‘সেইরাম’—এসব শব্দ উচ্চারণ করতে পারে, তার রুচি নিয়ে প্রশ্ন তো তোলাই যায়। নেহাত কিছু টাকার দরকার না পড়লে এই টিউশনি আমি কবে ছেড়ে দিতাম। শাহরিয়ারের সঙ্গে নায়লাকে পরিচয় করিয়ে দিয়েছিলাম আমি। আমরা দুজনেই পড়ি মেডিকেল কলেজে। আমার এক বছরের জুনিয়র শাহরিয়ার। জুনিয়র হলেও বন্ধুর মতো। একদিন নায়লার বাসায় ইফতারের দাওয়াত দিয়েছিলেন ওর মা। হোস্টেলে কী খায় না খায়, একবেলা ভালো-মন্দ খাবে বলে আমি সঙ্গে নিয়ে গিয়েছিলাম শাহরিয়ারকে। কোন দুঃখে যে নিয়ে গিয়েছিলাম, আজ সেই ছেলে খুনি হতে চায়।
‘আচ্ছা ঠিক আছে তুই যা, আমি খোঁজ নিয়ে দেখি ব্যাপারটা কী।’ বলে আপাতত বিদায় করলাম শাহরিয়ারকে।
পরদিন পড়াতে বসে দোনোমনা করে নায়লাকে জিজ্ঞেস করেই ফেললাম, ‘তুমি কি কারও প্রেমে পড়েছ, নায়লা?’
অদ্ভুত সুন্দর হাসিতে মুখ ভরিয়ে নায়লা বলল, ‘আপনি স্যার মুরব্বি মানুষ, বলতে লজ্জা লাগে...।’
মনে মনে বললাম, ‘ন্যাকামি!’
‘তবু বলে ফেলি স্যার, আমি ওই পাবলিকরে, মানে আপনার দোস্ত শাহরিয়ারকে ভালোবেসে ফেলছি।’
আমি একটু চমকে উঠলাম। আমার প্রতিক্রিয়া দেখেই কি না জানি না, বলল, ‘একখান জটিল মাল স্যার আপনার দোস্ত। কফি খাওনের দাওয়াত দিছিল একদিন, গেলাম। কফি খাইতে খাইতে একখান কবিতা হুনাইল—তোমার চোখ যেন সমুদ্রের নীল...। এই কবিতা নাকি আমারে নিয়া লিখছে, স্যার। আমি তো বুইঝ্যালাইছি, মামু গোঁত্তা খাইছে। তয় কী বলব স্যার, আমি নিজেও এক্কেবারে ফিদা। আপনার লাহান খোট্টা টাইপের মানুষের দোস্ত এমুন রোমান্টিক!’
‘হুম্ম্, ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাসটা তাহলে ওই রোমান্টিককে নিয়ে?’
বিগলিত হাসি, আরক্ত মুখ, বলল, ‘জি স্যার।’
টিউশনি থেকে ফিরে এসে সব কথা জানালাম শাহরিয়ারকে। খুশিতে আমাকে জড়িয়ে ধরে চকাস চকাস চুমু খেয়ে ফেলল দুই গালে। প্রায় চিৎকার করে বলল, ‘আমাকে মাল বলেছে? হা হা হা...মামু বলেছে? হা হা হা...।’
আশ্চর্য, প্রেমিককে মাল আর মামু বলে সম্বোধন করতে আগে কখনো শুনিনি। আবার এ রকম সম্বোধন শুনে প্রেমিকের এমন উচ্ছ্বসিত প্রতিক্রিয়াও দেখিনি কোনো দিন।