সেদিন বৃষ্টির রাতে কমলাপুর স্টেশনের সামনে আমার একচল্লিশ বছরের জীবন একদম বদলায়ে গেল। আমি আমার চেম্বারের শাটার ফালায়ে, মোটা তালাগুলি কষে লাগায়ে, চাবিটা আমার প্যান্টের ভেতরের গোপন পকেটে রেখে বাসাবোর দিকে হেঁটে যাচ্ছি। তখন এক জায়গায় দেখলাম অনেক লোকজন, হই-হুল্লোড়, চিৎকার-চেঁচামেচি। কাছে গিয়ে দেখি ট্রেন-বাস মুখোমুখি সংঘর্ষ হইছে। ট্রেন বামদিকে কাত হয়ে পড়ে আছে, বাস ডানদিকে কাত হয়ে পড়ে আছে। বাসের সামনের কাচ ভেঙে ড্রাইভারের মাথার ঘিলু বের হয়ে ওইখানেই লেগে আছে। পাশের জানালায়ও রক্তাক্ত অবস্থা। কারও হাত–পা ঝুলতেছে, কারও পুরা বডিই থেঁতলানো। ভালো করে দেখার আগেই এক ভদ্রগোছের লোক মুখের কাছে লাঠি নিয়ে বিড়বিড় করতে করতে আমার কাছে এসে লাঠি আগায়ে দিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, আপনি তো ঘটনার সময় এখানে ছিলেন। কী দেখেছেন?
আলোতে আমার চোখ ঝলসায়ে গেল প্রথমে। এইটা রিপোর্টার। তার হাতে মাইক্রোফোন। রিপোর্টারের পেছনেই বিশাল ক্যামেরা হাতে ক্যামেরাম্যান। আমি প্রথমে গলা খাঁকারি দিয়ে গলাটা ঠিক করে নিলাম। চেম্বার বন্ধ করার আগেই চুল আঁচড়াইছিলাম, কিন্তু আবার হাত দিয়ে নিশ্চিত হয়ে নিলাম। তারপর বললাম, বাসের ড্রাইভার বেপরোয়াভাবে চালাচ্ছিল। সে সুস্থ অবস্থায় ছিল না। অবশ্যই গাড়ি চালানোর আগে কোনো মাদক খেয়েছে। এ জন্য ট্রেন তাকে বারবার হর্ন দেওয়ার পরেও সে ট্রেনটাকে গিয়ে ধাক্কা দেয়। অনেক লোক হতাহত…
কথাটা শেষ করতে দিল না রিপোর্টার। মাইক্রোফোন মুখ থেকে কেড়ে নিয়ে নিজেই বলতে শুরু করল, রিচার্ড, আপনি শুনছিলেন একজন প্রত্যক্ষদর্শী বলছিলেন কীভাবে এই ভয়ংকর দুর্ঘটনাটি ঘটল।
এইদিকে আমার দেরি হয়ে যাচ্ছে। দশটায় জি বাংলায় ‘কে আপন, কে পর’ শুরু হবে। সিরিয়ালে এখন টানটান উত্তেজনা। দীপু কি কাজের মেয়ে রাধাকে বিয়ে করবে? আমি জোর কদমে বাসার দিকে আগালাম।
গলির মাথায় নুরুলের চায়ের দোকানে পোলাপানের ভিড়। দুইটা গোল্ড লিফ কিনে বাসায় ঢুকব, তাই দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম। নুরুল আমাকে দেখে ভীষণ খুশি হয়ে গেল।
বলল, ছার, ছার, আপনারে টিভিত দেখছি, ছার, এই শার্টটাই তো পরা আছিলেন। কী সুন্দর লাগতেছিল আপনারে ছার!
সামনে দাঁড়ানো পোলাপান সব একঝটকায় হাতের সিগারেট ফেলে দিয়ে বলল, হ হ, ইনিই তো।
আমি খুশিতে ভাষা হারায়ে ফেললাম। বাসায় ঢুকলাম, দেখি বাসায়ও বিরাট হইচই। আমার দুই মেয়ে রুমকি, ঝুমকি দৌড়ায়ে এসে চিৎকার করতে করতে বলল, আব্বা, আপনারে টিভিতে দেখছি, আব্বা, আপনারে টিভিতে দেখছি! আল্লাহ, এইমাত্র দেখলাম! আম্মার কাছে ছবি আছে।
আমি শার্ট খুলতে খুলতে মনের খুশি খুশি ভাবটা লুকায়ে ফেললাম। দুই বোন হাত–ধরাধরি করে দাঁড়ায়ে আমার দিকে অবাক চোখে তাকায়ে আছে। তাদের আব্বাকে টিভিতে দেখাইছে! কী গর্বের ব্যাপার!
রুমকির মা এসে লুঙ্গিটা আগায়ে দিল।
বলল, দশটা তো বাইজা গেল, সিরিয়াল যায় গা।
আমি লুঙ্গি পরে সোফায় গিয়ে বসলাম। অনবরত ফোন বাজতেছে। কাছের আত্মীয়, দূরের আত্মীয়, বন্ধুবান্ধব, রোগী, পাশের দোকানের লোকজন—সবাই ফোন করে এক কথা বলে, ‘টিভিতে দেখছি।’ সিরিয়াল দেখার বারোটা বাজল।
সকালে ঘুম থেকে উঠে দেখি রুমকির মায়ের ফোনে আমার ছবি। আমি টিভিতে কথা বলতেছি, সেইটা তুলে রাখছে, আবার ওয়ালপেপারও দিছে। বারো বছরের বিবাহিত জীবনে এই প্রথম মনে হইল রুমকির মা আমাকে একটু হইলেও ভালোবাসে।
চেম্বারে গিয়েও একই কাহিনি। সবাই জানতে চায়, কালকে কী হইছিল। টিভিতে আমাকে কত সুন্দর দেখায়। আমি কত সুন্দর করে বললাম কথাগুলি, আমার মতন ভালো ওরা কেউ বলতে পারে নাই, এমনকি রিপোর্টারের চেয়েও ভালো আমি বলছি—সবাই বলল আমাকে।
সেই দিন মাথার টর্চের আলোতে এক রোগীর দাঁতের মাড়িতে রুট ক্যানেল করতে করতে আমার মনে হইল, এই যে আমি এত কিছু জানি, এ নিয়ে একটা বই লিখলে, কত রিপোর্টার আমার ইন্টারভিউ নিত!
সারা রাত ঘুম হয় নাই। এপাশ–ওপাশ করলাম আর কল্পনায় টেলিভিশনে ইন্টারভিউ দিলাম। সকালে নাশতা খেয়েই লিখতে বসে গেলাম। বইয়ের নাম মানুষ হওয়ার পদ্ধতি। বইটি একদিনেই লেখা।
ছাপার জন্য একদিন গেলাম বাংলাবাজার। খুঁজতে খুঁজতে এক প্রকাশককে পাওয়া গেল। প্রকাশনীর নাম মোরগা প্রকাশনী। প্রকাশক ইয়াং ছেলে। বই ছাপতে চাই শুনে বলল, দাদা, এইটা কিসের বই?
আমি গলা খাঁকারি দিলাম। সুন্দর কণ্ঠে বললাম, গল্প, উপন্যাস, কবিতা নয়। এটি নয় প্রবন্ধ, নয় কাব্যগ্রন্থ। এটি মৌলিক জ্ঞানের বই। এ নষ্ট, ঘুণে ধরা সমাজকে পথে আনার জন্য আমার এ বই। এখানে আমি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে সেরা নির্যাসগুলো তুলে এনেছি। বর্ণনা করেছি কীভাবে মানুষ হওয়া যায়। কীভাবে ছাত্রজীবনে পড়াশোনায় মনোযোগ দিতে হবে, সংসারজীবন কাটাতে হবে কীভাবে, কীভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কী করলে মানুষ জীবনে সফল হবে, এমনকী কমলাপুর রেলস্টেশন থেকে কালোবাজারির খপ্পরে না পড়েই কীভাবে ভালো সিটের টিকিট কাটা যায়, সে কৌশলও আছে আমার বইয়ে।
আমার বক্তৃতা শেষ হলে মোরগা প্রকাশক চশমা খুলে কাচ মুছতে মুছতে বলল, দাদা, বইটা তো খুব ভালোই মনে হচ্ছে। তবে অনেক দেরি করে ফেললেন। এখন বই ছাপতে অনেক খরচ পড়ে যাবে। কিছু খরচাপাতি যদি দিতে পারেন, তাহলে এই বইমেলাতেই ছাপার ব্যবস্থা করার চেষ্টা করতে পারি।
মোরগা টাকা চাইল—ত্রিশ হাজার। আমি আমার প্রেসক্রিপশন ছাপি যেইখানে, পল্টনের সেই ছাপাখানার ছেলেটাকে ফোন করলাম।
মুস্তাফিজ খুব কাজের লোক। ও বলল, মাহবুব ভাই, আপনে বইয়ের ফন্ট প্রেসক্রিপশনের ঠিকানার মতো ছোট করে ছাপেন। ছয় ফর্মার মধ্যে হইলে দুই শ কপি বই দশ হাজার টাকায় ছাপতে পারবেন। আপনার জন্য আমি কাগজ আর কালির পয়সাই রাখব।
দুই.
বই এক তারিখেই ছাপা হইল। ছিয়ানব্বই পৃষ্ঠার মধ্যে বই করতে গিয়ে আমার বাগান পরিচর্যার কৌশল–সংক্রান্ত লেখাটা ফেলে দিতে হইল। তা–ও সুন্দর বই-ই হইল। মুস্তাফিজ সুন্দর একটা কাভার করে দিল আমার ছবিসহ। বড় হরফে আমার নাম—ডা. মাহবুবুর রহমান।
প্রতিদিন বইমেলায় আমার বই নিয়ে যাই। মানুষকে অনুরোধ করি বইটা কিনতে। বিশেষ করে ইয়াংদের। কিন্তু ওদের কোনো আগ্রহই নাই ভালো বইয়ের প্রতি। প্রেমের গল্প, উপন্যাস কিনতে লাইন ধরে এ যুগের ছেলেমেয়েরা। একজন প্রবীণ মানুষের প্রতি কোনো শ্রদ্ধাবোধও নাই! কী জামানা আসল! সে যাক। আমার টার্গেট বইমেলায় আসা হাজার হাজার সাংবাদিক। ওদের একটা ইন্টারভিউ দিয়ে আমার বইয়ের মর্ম দেশবাসীকে জানাতে পারলে সবাই আমার বই কিনতে হুমড়ি খেয়ে পড়বে। আমি জানি।
কিন্তু রিপোর্টারগুলা বড় ত্যাঁদড়। আমি জনে জনে গিয়ে গিয়ে কতই বললাম, আমার বইটা একটু দেখেন, এইটা এই বইমেলার সেরা বই।
কোন প্রকাশনী? ওরা জিজ্ঞেস করে।
বলি, আমি সেলফ পাবলিকেশন। আমার এই বইটা একবার দেখায়ে দেন, প্লিজ।
ছেলে রিপোর্টারগুলি কথা বলে, নাম জিজ্ঞাসা করে। আর প্রতিদিন বলে, আজকে চ্যানেলের মালিকের বন্ধুর ইন্টারভিউ নিতে হবে ভাই। আরেক দিন আসেন।
মেয়ে রিপোর্টারগুলি ঘুরেও তাকায় না। বইমেলায় আসে শাড়ি পরে, কপালে টিপ দিয়ে। মেকআপ দেখলে মনে হয় আজকে ওদের বিয়া। চুলগুলা হিল্লাবিল্লার মতো করে, ওপরে গম্বুজের মতো ফুলায়ে, নিচে মোটা ভ্রু এঁকে ফরফর করে মেলার মাঠে হাঁটে। যেন ওরা মানুষ না, আকাশ থেকে নেমে আসা ভিনদেশি প্রাণী।
একদিন দেখলাম ওই টিভিটা, যেইটা আমার সাক্ষাৎকার নিছিল। সেই টিভির লম্বা লাঠি হাতে নিয়ে ভিনদেশি প্রাণী দাঁড়ায়া দাঁড়ায়া লেখকদের সাক্ষাৎকার নিচ্ছে।
আমি মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালাম। সে আমাকে দেখেও দেখল না। গম্ভীর মুখে মূর্তির মতন দাঁড়ায়া থাকল। তারপর হঠাৎই হাসি হাসি মুখ করে বলতে শুরু করল, ‘দর্শক স্বাগত প্রাণের বইমেলায়…’
সঙ্গে সঙ্গে আমি ক্যামেরার সামনে চলে গেলাম।
বললাম, আপা, আমার এ বইটা দেখান। আমার এ বইটা বইমেলার সেরা…
কথা শেষ হওয়ার আগেই আমার শার্ট ধরে টান দিয়ে আমাকে কে যেন সরায়ে দিল।
ওয়্যারলেস হাতে এক ছেলে আমাকে বলল, এইটা কী করলেন আপনি? এইখানে লাইভ হচ্ছে, আপনে বোঝেন না?
আমি মাফ চাইলাম। বললাম, বাবা, আমার বইটা একটু দেখাইতে দাও। আমি দাঁতের ডাক্তার। আমার চেম্বার কমলাপুর। তোমার আর তোমার ফ্যামিলির সব চিকিৎসা ফ্রি। আমি কষ্ট করে প্রতিদিন বইমেলায় আসি। বউ–বাচ্চা টেলিভিশনের সামনে বসে থাকে আমাকে দেখবে বলে। আত্মীয়স্বজনেরা অপেক্ষা করে। মানসম্মান আর কিছু থাকল না বাবা আমার। আমাকে একটা সুযোগ দাও। দেখো আমার এইটা কত ভালো বই।
আমি ওকে একটা বই উপহার দিলাম। ছেলেটা ভালো। ওর নাম শাহীন। বলল, আংকেল, আমাকে বলে তো কোনো লাভ হবে না। আপিকে বলেন। উনি কিন্তু আজকে আপনার ওপর খেপে আছে। আপনি উনাকে একটা বই দেন।
মেয়েটার প্রোগ্রাম শেষ হইলে আমি ওর কাছে গিয়ে মাফ চাইলাম। আমার বইটা দিয়ে বললাম, আম্মাগো, একটাবার আমাকে সুযোগ দিয়েন। বইটা টাকা ধার করে বের করছি শুধু একটা ইন্টারভিউ দেব বলে। দুই মেয়ের স্কুলের বেতন-ভর্তি, সংসারের চাপ...আমি ছাপোষা মানুষ। আপনি একবার পড়ে দেখেন কত ভালো বই এটা!
মেয়েটা তার বিলাইয়ের মতো চোখ আমার দিকে তাক করে বলল, কী নিয়ে লেখা এটা?
আমি গলা খাঁকারি দিলাম। বলতে শুরু করলাম, এইটা গল্প, উপন্যাস, কবিতার বই নয়। মৌলিক জ্ঞানের গ্রন্থ।
মেয়েটা আর শুনল না। হাঁটা দিল। আমিও ওর পেছন পেছন হাঁটতে শুরু করলাম। বললাম, আম্মা, আমি কোন দিন আসব ইন্টারভিউ দিতে?
মেয়েটা কোনো দিকে না তাকায়ে আগের মতো জোরে জোরে হাঁটতে হাঁটতে বলল, আমি জানাব।
কেমন ফালতু মেয়ে! সে আমাকে জানাবে কীভাবে? সে কি আমার ফোন নাম্বার জানে? সে কি আমার বাসায় গিয়ে জানাবে? মিডিয়ার সবগুলো মেয়ে দুই নাম্বার!
আমি ওর পিছু পিছু গেলাম। শুনলাম ওর নাম নন্দিতা। নন্দিতা একটা স্টলের সামনে গিয়ে থেমে গেল। আমার বইটা খুলল। তারপর দুই পৃষ্ঠা উল্টেপাল্টে বইটা পাশের ময়লা ফেলার ঝুড়িতে ফেলে দিল।
কী নির্দয়! নিষ্ঠুর! নির্মম!
আমি নন্দিতার পিছু ছাড়ি নাই। প্রতিদিন যাই। মেয়েটা দেখেও দেখে না। বলে, জানাব, জানাব।
তিন.
১৪ ফেব্রুয়ারি। রুমকি–ঝুমকি বলল মেলায় যাবে। ওদের মা, আমি আর ওরা—সবাই মিলে বইমেলার দিকে রওনা হলাম। গেট দিয়ে ঢোকার আগেই মা-মেয়ে ফুলের চাকতি কিনে মাথায় পরে ফেলল। অনেক দাম।
রুমকি বলল, আমরা লেখকের মেয়ে, আমরা আনন্দ করব না!
ওরা জানে না আমার বই এক কপিও বিক্রি হয় নাই।
সেদিন কপাল ভালো। আমি সেই রিপোর্টারকে পেয়ে গেলাম, যে কমলাপুরে আমার ইন্টারভিউ করছিল। আমি তার হাত চেপে ধরলাম, বললাম, বাবা রে, তুমি তো আমার ইন্টারভিউ করছিলা। তোমার চ্যানেলের নন্দিতা আমার দিকে ফিরেও তাকায় না। তুমি ওকে বলো না আমার বইটা এক সেকেন্ড দেখাতে! আমার মেয়েগুলার সামনে আমার মানসম্মান বাঁচাও।
আমার চোখে পানি চলে আসছিল। ছেলেটা একঝটকায় আমার হাত ছাড়ায়ে নিল। তারপর জোরে ডাক দিল, নন্দিতা, এদের ভক্সপপ নাও।
নন্দিতা শুধু আমার ইন্টারভিউই নিল না, রুমকি–ঝুমকি, এমনকি ওদের মায়েরও ইন্টারভিউ নিল। ওরা কী বলবে বুঝতে পারতেছিল না, নন্দিতাই ওদের এক লাইন করে শিখায়ে দিল।
রুমকি বলল, হুমায়ূন স্যারের বই কিনতে এসেছি। অনেক ভালো লাগছে।
ঝুমকি বলল, আমি ঠাকুরমার ঝুলি কিনেছি। আরও কয়েকটি বই কিনব।
ওদের মায়ের লাইন, মেয়েদের নিয়ে মেলায় এসেছি ওদের পসন্দের বই কিনতে।
রুমকির মা পছন্দের বলতে পারে না, বলে পসন্দের। এক লাইন পাঁচ-ছয়বার বলতে হলো ওর।
আমার কোনো সমস্যাই হয় নাই। এমনভাবে বক্তৃতা দিলাম, যেন আমি হরহামেশাই টেলিভিশনে কথা বলি। পনেরো মিনিট ধরে বললাম আমার বই, এই নষ্ট সমাজ, নষ্ট রাজনীতি নিয়ে। কীভাবে মানুষ হতে হবে বললাম স্পষ্ট স্বরে।
নন্দিতাকে জিজ্ঞাসা করলাম, কখন দেখাবেন এইটা?
ও বলল, সাতটা, নয়টা, এগারোটার নিউজে।
তখন পাঁচটা বাজে। আমরা দ্রুত বাসায় ফিরে গেলাম। রিকশাওয়ালা হারামজাদা সুযোগ বুঝে দেড় শ টাকা ভাড়া চাইল। তবুও।
আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, রুমকি-ঝুমকির গানের টিচার—সবাইকে ফোন করে বললাম, খবর দেখো।
সাতটার নিউজ শুরু হলো।
রুমকি বলল, হুমায়ূন স্যারের বই কিনতে এসেছি।
ঝুমকি বলল, আমি ঠাকুরমার ঝুলি কিনেছি।
ওর মাকে দেখাল না। দেখাল না আমাকেও।
নয়টার নিউজ শুরু হলো।
রুমকি বলল, হুমায়ূন স্যারের বই কিনতে এসেছি।
ঝুমকি বলল, আমি ঠাকুরমার ঝুলি কিনেছি।
ওদের মা বলল, ছেলেমেয়েদের নিয়ে মেলায় এসেছি ওদের পসন্দের বই কিনতে।
আমি নাই।
আত্মীয়স্বজন, রুমকি–ঝুমকির বন্ধুবান্ধব—সবাই ফোন করল। বলল, সবাই ওদের টিভিতে দেখছে। ওরা টিভির ছবি তুলল। ভাত খাইল। তারপর কথা বলতে বলতে ঘুমায়ে গেল।
এগারোটার খবর। রুমকি-ঝুমকি, ওদের মা, বইমেলা—কিছু নাই। আমিও নাই। আমার মনে হলো, আমাকে নিশ্চয়ই বারোটায় দেখাবে। আমি ভাত খাই নাই, বাথরুমে যাই নাই। যদি আমাকে দেখায়!
বারোটায় খেলার খবর। তবু বসে থাকলাম। একটার খবর, দুইটায় টক শো পুনঃপ্রচার, তিনটার খবর—কোথাও আমি নাই।
টেলিভিশন বন্ধ করে শোবার রুমে ফিরে আসলাম। মশারি উল্টায়ে ঘুমাতে যাব, এমন সময় রুমকির মায়ের হাসি হাসি ঘুমন্ত মুখের দিকে আমার চোখ পড়ল। এই ঘুমে বেহুঁশ মানুষটার হাতে ওর মোবাইল। সেখানে খুব হালকা আলোতে মাথায় ফুল পরা একটা ছবি আবছা দেখা যায়।
আমি মোবাইলটা নিয়ে একটা সুইচে জোরে চাপ দিলাম, মোবাইল জ্বলে উঠল। ওয়ালপেপারে বদলায়ে গেছে। আমার ছবি আর নাই। সেখানে রুমকির মায়ের ছবি। বইমেলায় মাথায় ফুলের চাকতি পরে টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছে।