একটি ফটোর গল্প

২০১২ সালের ২৯ মে। মঙ্গলবার। মঙ্গলবারে ঢাকা দক্ষিণের দোকানপাট বন্ধ থাকে। বসুন্ধরা সুপার মলও বন্ধ। বাইরের গেটে ব্যারিকেড। সুমসাম সবকিছু। আমি বসুন্ধরা মলের গেটের সিঁড়ির কাছে গাড়ি থেকে নামছি। দেখি, ফাঁকা মার্কেটের সামনে একটা সাদা মাইক্রোবাস থেকে নামছেন হুমায়ূন আহমেদ। সঙ্গে শাওনসহ তাঁর স্বজনেরা। এগিয়ে গিয়ে সালাম দিলাম। তিনি, হুমায়ূন আহমেদ আমার হাত ধরলেন। এ অবস্থায় আমরা উঠলাম লিফটে। আটতলায় সিনেপ্লেক্সে যাব।
হুমায়ূন আহমেদের সর্বশেষ ছবি ঘেঁটুপুত্র কমলারএকটা বিশেষ প্রদর্শনী হবে। হুমায়ূন স্যার তাঁর নিকটজনদের নিয়ে দেখবেন। লিফট থেকে নামলাম। ছবির প্রযোজক ফরিদুর রেজা সাগর ভাই এগিয়ে এলেন।
এই যে ছবিটা, এটা সেই সময়ের। ছবিতে হুমায়ূন স্যারের সঙ্গে সাগর ভাইকেও দেখা যাচ্ছে।
হুমায়ূন স্যার জোর করে সামনের সারির আসনে বসালেন। আমি কখনো সামনের সারিতে বসি না। হুমায়ূন আহমেদ লিখেছিলেন, বিয়েবাড়িতে খেতে বসার সময় বসতে হয় তিন নম্বর আসনে। রেজালার বাটি এই আসনের সামনে থাকে। আর আমি একটা প্রবাদবাক্য সব সময় মেনে চলি, এমন কাজ কোরো না, কেউ বলে ‘ছোট’, এমন আসনে বোসো না, কেউ বলে ‘ওঠো’। কিন্তু হুমায়ূন স্যার ছাড়লেন না। ফ্রন্ট রোতে জোর করেই বসিয়ে রাখলেন।
স্যারের একটা কথা আমার ভালো লাগে। অন্তত দুই দিন তিনি আমাকে কাছে ডেকে বসিয়ে বলেছেন, ‘আনিস, তুমি আমার কাছে বসো। আনিস লেখক, ও বুঝবে।’ একদিন ফরিদুর রেজা সাগর ভাইয়ের বাসার দাওয়াতের অনুষ্ঠানে। আরেক দিন ঢাকা ক্লাবে ওস্তাদ আলী আকবর খানের বাদনের অনুষ্ঠানে। ‘আনিস, কাছে আসো। ও লেখক, ও বুঝবে...’
হুমায়ূন আহমেদ স্যারের ক্যানসার। শোনার পর খুব কান্না পেয়েছিল। স্যার যখন নিউইয়র্ক যাবেন, তার প্রাক্কালে আলীম আজিজ-সহকারে স্যারের বাসা ‘দখিন হাওয়া’য় গিয়েছিলাম। স্যারকে বলেছিলাম, আর দশ বছর বাঁচুন, তাহলেই হবে। এখন মারা গেলে আমাদের প্রকাশনা, নাটক, চলচ্চিত্রের যে ক্ষতি হবে, তা আমরা সামলাতে পারব না। তিনি বললেন, ‘চাইছ যখন এক হাজার বছরের আয়ু চাও, দশ বছর কেন?’
স্যার নিউইয়র্ক থেকে প্রথম আলোর জন্য লেখা পাঠাতেন ‘নিউইয়র্কের আকাশে ঝকঝকে রোদ্দুর’ নামে। ক্যানসারের চিকিৎসা নিতে নিতে আমার জন্য নিউইয়র্ক থেকে কৌতুকের বই পাঠালেন। তাতে তাঁর অটোগ্রাফ: ‘আনিসুল হক, তোমার রসিকতাগুলো পানসে হয়ে যাচ্ছে। ফরেন হেল্প নাও। হুমায়ূন আহমেদ, ২৯.১১.১১।’
এখন স্যারের ক্যানসার প্রায় সেরে উঠেছে। তিনি আবার নিউইয়র্ক যাবেন। একটা অপারেশন হবে। তিনি ভালো হয়ে যাবেন, এটাই আমাদের আশা। এখন হচ্ছে ঘেঁটুপুত্র কমলার প্রদর্শনী।
প্রদর্শনী শেষে আমাকেও বক্তৃতা দিতে হলো। আমি তখনো বলেছি, এখনো বলেছি, ছবিটা খুব পরিচ্ছন্ন। একটা জটিল বিষয়কে তিনি অত্যন্ত দক্ষতা আর পরিমিতিবোধের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।
এই প্রদর্শনীর পর স্যার নিউইয়র্ক চলে গেলেন। যখন ফিরলেন, তখন ঘনঘোর বর্ষা। ঢাকা শহরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে বাংলাদেশের কোটি পাঠকের হৃদয়ে। শহীদ মিনারে তিনি গেলেন, বাংলাদেশ ভেঙে পড়ল।