কবর: ঈমান নূর শামসুদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মখবুল মহবগঞ্জের সবচেয়ে পুরোনো এবং বড় কবরস্থান একা পাহারা দেয়। সারা রাতই জেগে থাকে। বিশেষ করে নতুন কবর হলে বেশি সতর্ক থাকতে হয়। একটু সুযোগ পেলেই শিয়াল কবরে হানা দেয়। তবে তার বয়স হয়েছে। ইদানিং চোখে মনে হয় কমও দেখছে সে। এ জীবনে কত লাশ নামতে দেখল, চোখই আর কত সহ্য করবে। চোখ কচলায় মখবুল। পৌষের শীতে সবকিছু আরও যেন ঝাপসা হয়ে আসে।

হই হই। হাঁক পাড়ে মখবুল। চেয়ারম্যানের মায়ের কবর হয়েছে সন্ধ্যায়। মখবুল তাই আজ একটু বেশি সতর্ক। আশপাশেই শিয়াল ঘুরঘুর করছে। মাঝেমধ্যে অদ্ভুত কুঁইকুঁই শব্দে জানান দিচ্ছে। নতুন লাশ নামলেই শিয়ালের ডাক পালটে যায়। মখবুল গলার তাবিজের পুঁটলিটা একবার চেপে ধরে। ষাট বছরের পরিচিত গোরস্থান। তবু মাঝেমধ্যে বুক কাঁপে। গোরখোদক হিসেবে কাজ শুরু করে মখবুল এখন শুধুই পাহারাদার।

হই হই। মখবুল ডাক দেয় আবার। হাতের লাঠি তুলে একবার চেয়ারম্যানের মায়ের কবরের দিকটা ঘুরে আসার সিদ্ধান্ত নেয়। হাতে পাঁচ ব্যাটারির টর্চ। চেয়ারম্যান আজকে দিয়ে গেছে পাহারা দেবার জন্য, অন্য দিন হলে লন্ঠনই ভরসা ছিল। কবরস্থানের পাশের বাঁশঝাড় থেকে হু হু শব্দ তুলে কাঁপিয়ে দিয়ে যায় পৌষের বাতাস। মলিন চাদরের ভেতর কিছুটা গুটিয়ে যায়। দীর্ঘদিন শরীরের ভার টেনে চলে পা দুটো ছেচড়িয়ে এগুতে থাকে। প্রতিটি কবর তার চেনা। বামে রহিমের বউ, পাশে সুরুজের ছোট মেয়ে, উলটা দিকে কলিম। প্রতিটি কবরের দিকে তাকালেই মুখগুলো ভেসে উঠে। কবরের ভেতরে শুয়ে তাকে নিশ্চয় শুনতে পায়, দেখতে না পেলেও। নিজের মনে কথা বলে সে।

কলিম বাই, বাতাস দেখছোনি। দেখবা কেমনে, মাটির তলে গরম বুঝি।

মিরাজের মা, তোমার ব্যাটায় তো বিয়া বইছে। মাশাল্লাহ পরির লাহান মাইয়া। আমারে একখান লুঙিও দেছে।

কাঁপতে কাঁপতে চেয়ারম্যানের মায়ের কবরে পৌঁছে যায় মখবুল। চারপাশে ঘুরে ঘুরে লাইট মারে। একপাশে কি গর্তমতো দেখা যায়? শিয়ালে কি মুখ দিয়েছে নাকি? আগরবাতি আর সোঁদা মাটির গন্ধে ভরে আছে চারপাশ। মাটিতে বসে পড়ে মখবুল। পাশ থেকে কিছুটা মাটি তুলে গর্ত বুজিয়ে দেবার চেষ্টা করে। পেছনে অদ্ভুত শব্দে শিয়াল ডেকে চলে একনাগাড়ে। কিছুক্ষণ বসে থাকে মখবুল। পরম মমতায় কবরের মাথার দিকে হাত বুলাতে থাকে। অতি আপন কেউ যেন শুয়ে আছে এইখানে। ষাট বছর আগে হারিয়ে যাওয়া কোনো প্রিয় মানুষ। দূরে সরে যাওয়া মিষ্টি একটা মুখ ভেসে ওঠে কল্পনায়। বিড়বিড় করে মখবুল।

আইলা তুমি আমার কাছে, শেষ পজ্জন্ত আইলা?

[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected] [email protected]]